সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:১৪ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশটি স্থগিত করেছেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এই আদেশ প্রদান করে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আজকের আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না।
রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। রিটের পক্ষে ছিলেন কামরুন নাহার মাহমুদ, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।
এ বছর উচ্চমাধ্যমিকে যারা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। তবে এই পরীক্ষার ফল ঘোষণার আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করার বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কামরুন নাহার মাহমুদ। ওই রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে রুল জারি করেন। রাষ্ট্রপক্ষ এই আদেশ স্থগিত করার জন্য আবেদন করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলে খাবারের দাম বৃদ্ধি করা হলেও মানের উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিক্ষার্থীরা অসন্তুষ্ট হয়ে উঠেছেন। অভিযোগ উঠেছে, নতুন দামেও নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এমনকি খাবারে পোকা পাওয়ার মতো ঘটনাও ঘটছে।
শিক্ষার্থী ও হল সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর থেকে হল অফিসের নোটিশের মাধ্যমে প্রতিটি খাবারের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। এতে দেখা যায়, আগের দামের তুলনায় প্রায় প্রতিটি খাবারে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উদাহরণস্বরূপ, আগে যেখানে ডিম ও ভাতের দাম ছিল ৩৫ টাকা, সেখানে বর্তমানে ৪০ টাকা নেওয়া হচ্ছে। প্রতি শুক্রবার পরিবেশন করা চিকেন বিরিয়ানির দাম ৯০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। ভাত ও শুঁটকির দাম আগে ৩৫ টাকা ছিল, এখন সেটি ৪০ টাকা করা হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, খাবারে ছোট ৩ পিসের বেশি শুঁটকি পাওয়া যাচ্ছে না।
এছাড়া, খাবার তালিকায় পাঙ্গাশ মাছ ও ভাতের নির্ধারিত মূল্য ৩৫ টাকা উল্লেখ থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৪০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, হঠাৎ করে খাবারের দাম বৃদ্ধি হলেও খাবারের মান বাড়েনি। বরং খাবারে পোকা পাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। আবাসিক শিক্ষার্থীরা দ্রুত খাবারের মান নিশ্চিত করা এবং তালিকা অনুযায়ী ন্যায্য মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন।
শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী মিয়াদ ইসলাম বলেন, "খাবারে পোকা পাওয়া যাচ্ছে। তাদের ব্যবহারেও গা সারা ভাব। এমনকি সবগুলা খাবারের দাম বাড়ানো হয়েছে। গত সপ্তাহেও ছোট এক পিস মুরগি ৩০ টাকা করে রাখতো, এখন ৪০ টাকা। পাঙ্গাস মাছ তালিকায় নির্ধারিত ৩৫ টাকা কিন্তু আজকে ৪০ টাকা করে নিচ্ছে।"
তিনি আরও বলেন, "প্রতিটি খাবারের দাম বাড়ানো হলেও মানের কোনো পরিবর্তন হয়নি।"
খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহপরান হলের আবাসিক আরেক শিক্ষার্থী ইয়াহিন সাজিদ বলেন, "দাম যদি ৩৫ থেকে ৪০ করা হয়, স্বাদ এবং পরিমাণ দুটোই একটু বাড়ার কথা ছিল। কিন্তু কোনোকিছুই পরিবর্তন হয়নি। পরিমাণে যা আছে তাই, জাস্ট দামটা বেড়েছে।"
এ বিষয়ে শাহপরান হলের শিক্ষার্থী আরমান বলেন, "গত সপ্তাহ থেকে ডাইনিং এ হঠাৎ খাবারের দাম ৫ টাকা থেকে ১০ টাকা বেশি রাখা হচ্ছে কিন্তু সেই তুলনায় খাবারের মান কোন পরিবর্তন হয়নি।"
তিনি আরও বলেন, "হল প্রশাসন যদি খাবারের দাম বাড়াতে চায় তাহলে তাদের ভর্তুকি দেওয়া উচিত। কিন্তু দাম বাড়ানো হয়েছে অথচ খাবারের গুণগত মান ন্যূনতম বাড়েনি। উল্টো খাবারে পোকা পাওয়া যাচ্ছে। এসব বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।"
এ বিষয়ে শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "আমি গতকালও ডাইনিং ঘুরে দেখেছি শিক্ষার্থীরা অভিযোগ করেনি। আর খাবারের দাম বাড়ানো হয়নি। অন্য হলের সঙ্গে সমন্বয় করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আজকে আবার আমি হলে যাবো। বাকি দুই হলের খাবার তালিকা নিয়ে সমন্বয় করার চেষ্টা করব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভেজাল এবং নাম-পরিচয়বিহীন শিশু খাদ্য ও অন্যান্য পণ্য বিক্রির অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সোনিয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, রাশেদ গাজীকে ১০ হাজার টাকা এবং অনিল সাহা নামে অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, স্বাস্থ্য ঝুঁকির কারণে এই তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে।
অভিযানের পর ভেজাল শিশু খাদ্যসহ অন্যান্য পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ