প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গড়াই নদীর পাংশা উপজেলার কেউয়া গ্রাম এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে কুমির ঘুরে বেড়াচ্ছে। কখনো একটি, কখনো একসাথে তিন থেকে চারটি কুমির নদীতে ভাসছে। কুমির দেখতে নদীর পাড়ে ভিড় জমাচ্ছে স্কুলের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং দূর-দূরান্তের উৎসুক মানুষ। অন্যদিকে, কুমির আতঙ্কে দিন কাটাচ্ছে গড়াই নদীর দুই পাড়ের মানুষজন।
দীর্ঘদিন ধরে গড়াই নদীতে কুমিরের উপস্থিতি থাকলেও এটি কুমির কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। ৩ মার্চ সোমবার, ফরিদ নামের এক যুবক ড্রোন ক্যামেরা নিয়ে কসবা মাজাইল ইউনিয়নের কেউয়া গ্রামের মোহনের ঘাটের তীরে অপেক্ষা করেন। ওই দিন বিকেলে তিনি কুমিরের দেখা পান। ড্রোন ক্যামেরায় ধরা পড়ে একটি বড় সাইজের কুমির। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকার উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। কুমির দেখতে আসা পাশের বড় কোলা গ্রামের সুমন জোয়ারদার জানান, "ক্যামেরা ছাড়াই কুমির দেখা যাচ্ছিল পরিষ্কার। গড়াইপাড়ের মানুষের গড়াই নদীর পানিই হল সম্বল। গোসল, জামাকাপড় ধোয়া সহ নদী পাড়ের মানুষের সব কিছুই নদীর পানির ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ কুমিরের ভয়ে নদীতে নামতে পারছে না। আমরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা চাই।"
এলাকাবাসীর ধারণা, কুমিরটি বন্যার সময় এসে এখানে আটকে পড়েছে। বর্তমানে এখানে কিছুটা পানি বেশি থাকায় কুমিরটি এই এলাকা ত্যাগ করছে না।
এ বিষয়ে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, "প্রায় দেড় মাস আগে নদীতে কুমির দেখা যায়। আমরা ভেবেছিলাম এটি চলে যাবে। কিন্তু এখন মাঝে মাঝে কুমিরটি দেখা যাচ্ছে। উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন করা হবে।"
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা জানান, "আমরা বন বিভাগকে চিঠি দিয়েছি। বন বিভাগ কার্যকরী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার বিভিন্ন স্থানে ব্যানার টানানো এবং সতর্কতামূলক মাইকিংয়ের ব্যবস্থা করেছি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন