সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৫ পি.এম
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে সোমবার (৩ মার্চ) গভীর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে একটি মারাত্মক অগ্নিকান্ড ঘটে। এই অগ্নিকান্ডের ফলে বাজারের ৯টি দোকান এবং তাদের মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে বাজারের গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম, প্রদীপ সেলুনসহ মোট ০৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে যায়। বাজারে আগুন ছড়িয়ে পড়ার পর আশপাশের মসজিদ থেকে মাইকিং করা হয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকান্ডে আনুমানিক ৮-৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পাওয়ার পর তারা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে যায়। ফলে ব্যবসায়ীদের প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রথম কর্মসূচি আয়োজন করেছে। মঙ্গলবার (৪ মার্চ) সকালে, দলটির নেতা-কর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।
সকাল ৮টায়, দুটি ডাবল ডেকার বাসে করে এনসিপির নেতা-কর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তাঁরা। এ সময় তাঁরা ‘মুক্তিযুদ্ধের চেতনা অমর হোক’সহ বিভিন্ন স্লোগান দেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন, "১৯৭১ সালে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তার মূলমন্ত্র ছিল সাম্য ও সামাজিক সুবিচার। কিন্তু ৫৪ বছর পেরিয়ে গেলেও সেই বাংলাদেশ এখনও বাস্তবায়িত হয়নি। আমরা সেই আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব।"
তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং একটি নতুন সংবিধানের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এজন্য আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছি, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান প্রণয়নে ভূমিকা রাখবেন।"
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় এনসিপির নেতারা রায়েরবাজার বধ্যভূমিতে যান। সেখানে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানাই। ন্যায়বিচারের মধ্য দিয়ে এই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব।"
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হলে দেশের প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর সম্ভব হবে। জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজন করা গেলে নতুন কাঠামোয় দেশ পরিচালনা সহজ হবে।"
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘যত দিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি, তত দিন যেন কেউ ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।’ তিনি বলেন, ‘খুনি হাসিনা লাশ কই ফেলেছে, তা জানা যায়নি। মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কীভাবে এই বাংলাদেশে অন্যকিছু চিন্তা করব।’
মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, সরকার ছাত্র-জনতার রক্তের ওপর এসেছে। তাদের মনে রাখতে হবে বিচার নিশ্চিত করতে না পারলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে বিশেষভাবে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে বিচার নিশ্চিত করতে হবে।
রায়েরবাজারে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। দলটি দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম বিস্তারের পরিকল্পনা করছে।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "আমরা সারা দেশে আমাদের সংগঠনের বিস্তার ঘটাবো এবং জনগণের মতামতের ভিত্তিতে নতুন প্রজাতন্ত্রের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবো।"
জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে নেতারা জানান। তাঁদের আশা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গড়াই নদীর পাংশা উপজেলার কেউয়া গ্রাম এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে কুমির ঘুরে বেড়াচ্ছে। কখনো একটি, কখনো একসাথে তিন থেকে চারটি কুমির নদীতে ভাসছে। কুমির দেখতে নদীর পাড়ে ভিড় জমাচ্ছে স্কুলের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং দূর-দূরান্তের উৎসুক মানুষ। অন্যদিকে, কুমির আতঙ্কে দিন কাটাচ্ছে গড়াই নদীর দুই পাড়ের মানুষজন।
দীর্ঘদিন ধরে গড়াই নদীতে কুমিরের উপস্থিতি থাকলেও এটি কুমির কিনা তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। ৩ মার্চ সোমবার, ফরিদ নামের এক যুবক ড্রোন ক্যামেরা নিয়ে কসবা মাজাইল ইউনিয়নের কেউয়া গ্রামের মোহনের ঘাটের তীরে অপেক্ষা করেন। ওই দিন বিকেলে তিনি কুমিরের দেখা পান। ড্রোন ক্যামেরায় ধরা পড়ে একটি বড় সাইজের কুমির। খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকার উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। কুমির দেখতে আসা পাশের বড় কোলা গ্রামের সুমন জোয়ারদার জানান, "ক্যামেরা ছাড়াই কুমির দেখা যাচ্ছিল পরিষ্কার। গড়াইপাড়ের মানুষের গড়াই নদীর পানিই হল সম্বল। গোসল, জামাকাপড় ধোয়া সহ নদী পাড়ের মানুষের সব কিছুই নদীর পানির ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ কুমিরের ভয়ে নদীতে নামতে পারছে না। আমরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা চাই।"
এলাকাবাসীর ধারণা, কুমিরটি বন্যার সময় এসে এখানে আটকে পড়েছে। বর্তমানে এখানে কিছুটা পানি বেশি থাকায় কুমিরটি এই এলাকা ত্যাগ করছে না।
এ বিষয়ে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, "প্রায় দেড় মাস আগে নদীতে কুমির দেখা যায়। আমরা ভেবেছিলাম এটি চলে যাবে। কিন্তু এখন মাঝে মাঝে কুমিরটি দেখা যাচ্ছে। উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন করা হবে।"
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা জানান, "আমরা বন বিভাগকে চিঠি দিয়েছি। বন বিভাগ কার্যকরী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার বিভিন্ন স্থানে ব্যানার টানানো এবং সতর্কতামূলক মাইকিংয়ের ব্যবস্থা করেছি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৬৩ জনে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মশক নিধন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে মাঠে নামেন মেয়র প্রার্থী আলমগীর হোসেন এবং সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল আলম শিপলু। তারা টানা নয় দিন ধরে পৌরসভার নয়টি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন। তাদের এই উদ্যোগে শতাধিক স্বেচ্ছাসেবকও সম্পৃক্ত হয়েছেন। ফলে পৌরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
জানা গেছে, ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলেছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে পর্যায়ক্রমে পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। শুধুমাত্র মশা নিধন নয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য ছিল। কর্মসূচির আওতায় গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাতৃসদন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ডায়াবেটিস ও বক্ষব্যাধি হাসপাতাল, শিশু সদন (বালিকা), চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন স্থাপনার আশপাশে কার্যক্রম পরিচালনা করা হয়।
এছাড়া শহরের বিভিন্ন ড্রেন, ময়লা-আবর্জনাপূর্ণ স্থান, ঝোপঝাড় এবং মশার সম্ভাব্য প্রজননস্থলে স্প্রে ছিটানো হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৬৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৫১৭ জন। পৌরসভার বাসিন্দা এবং উত্তরন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শফিউল আলম বলেন, এডিস মশার বিস্তার ও ডেঙ্গুতে আক্রান্তের ঘটনায় আমরা আতঙ্কিত। এই পরিস্থিতিতে আলমগীর সিটির পক্ষ থেকে শিপলুর উদ্যোগে গত ৯ দিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমে আমরা স্বাগত জানাই।
কর্মসূচির স্বেচ্ছাসেবক শোয়েব বলেন, ৯ দিনব্যাপী মশক নিধন কর্মসূচিতে পৌরসভার ৯টি ওয়ার্ডে কাজ করেছি। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শিপলুর স্যারের উদ্যোগ দেখে অন্যরাও এগিয়ে আসলে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচির উদ্যোক্তা আলমগীর সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম শিপলু বলেন, কর্মসূচিতে ১৪টি সরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে মশক নিধন অভিযান পরিচালনার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে। এককভাবে কারও পক্ষে পৌরসভাকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব নয়। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর আলোচিত ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামেও পরিচিত, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (২৩ নভেম্বর) ভোরের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ডিবি কর্মকর্তাদের মতে, দীর্ঘদিন ধরে পুলিশ সুইডেন আসলামকে খুঁজছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধে শতাধিক অভিযোগ রয়েছে বলে গোয়েন্দাদের দাবি। এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। বিমানবন্দরে দেশত্যাগের চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে। তিনি বলেন, আসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল।
পুলিশের তথ্য অনুযায়ী, আসলামের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে ডিএমপি কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ জমা পড়েছে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। দেশত্যাগ ঠেকাতে তার পাসপোর্ট ব্লক করে রাখার কথাও জানিয়েছেন পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। প্রায় এক মাস ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল বলে ডিবির ওই কর্মকর্তা জানান।
বিভিন্ন সূত্র জানায়, আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। তবে ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানিয়েছেন, গোয়েন্দাদের প্রাথমিক তথ্য অনুযায়ী, তার চূড়ান্ত গন্তব্য ছিল মালয়েশিয়া। থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।
ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায়, সুইডেন আসলামের বিরুদ্ধে তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।
নব্বইয়ের দশকে আলোচিত সন্ত্রাসী
শেখ মোহাম্মদ আসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। নব্বইয়ের দশকে রাজধানীর আলোচিত সন্ত্রাসীদের একজন হিসেবে পরিচিতি পান তিনি। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল।
১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর একের পর এক হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ আসে। একপর্যায়ে তিনি সুইডেনে অবস্থান করেন। পরে দেশে ফিরে আসার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।
দীর্ঘ কারাভোগ ও মামলার অবস্থা
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন সুইডেন আসলাম। প্রায় ১৯ বছর কারাভোগের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ে যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেয়। মামলাটি বর্তমানে বিচারাধীন। এ মামলায় জামিন পেয়েই তিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে মুক্তি পান।
তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আদালত থেকে খালাস পাওয়ার তথ্য রয়েছে। এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। একটি মামলায় তিনি অব্যাহতি পান। অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে এসব মামলায়ও অব্যাহতি পান তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ