সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:০৯ পি.এম
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে ৩০ শতাংশের নিচে পাসের হার থাকার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। একইসঙ্গে, বোর্ড কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া জরুরি সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। সভায় অধ্যক্ষদের বিগত পাঁচ বছরের একাডেমিক ও প্রশাসনিক নথিপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, খারাপ ফলাফলের প্রকৃত কারণ উদঘাটনের জন্য অধ্যক্ষদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে। সরাসরি আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে ফলাফল উন্নয়নের পথ খোঁজা হবে। তবে, কোনো প্রতিষ্ঠানের ব্যাখ্যা গ্রহণযোগ্য না হলে প্রচলিত বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, শোকজ পাওয়া ৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলায় ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে বাইড়া মো.আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজ, যার পাসের হার ১১.১১%। এছাড়া, মোহনপুর পাবলিক কলেজে ১২.৫০%, হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজে ১২.৬৪% এবং খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৩.৫১% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
নোয়াখালীর ১৫ প্রতিষ্ঠানের মধ্যে থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ১৩.৩৩%, খলিলুর রহমান ডিগ্রি কলেজের ১৪.৫৩% এবং বাঁধেরহাট আবদুল মালেক কলেজের ১৫.৫৬% শিক্ষার্থী পাস করেছে।
চাঁদপুরের ১৩ প্রতিষ্ঠানের মধ্যে সর্বনিম্ন পাসের হার চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে, মাত্র ১০ শতাংশ। এছাড়া, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে পাসের হার ১২.৭৯%।
লক্ষ্মীপুরে ১১টি প্রতিষ্ঠানের মধ্যে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজের পাসের হার ১০.০৮%, জিল্লুর রহিম কলেজের ১১.৮১% এবং দত্তপাড়া ডিগ্রি কলেজের ১৩.৪৫% রেকর্ড করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ৫ প্রতিষ্ঠানের মধ্যে মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজের পাসের হার ১৯.৩৫% এবং কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের ২১.৬০% শিক্ষার্থী পাস করেছে।
ফেনীর ৪ প্রতিষ্ঠানের মধ্যে খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পাসের হার ১৪.২৯% এবং আলী আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৭.৩৯% দেখা গেছে।
ফল বিপর্যয়ের কারণ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অধ্যক্ষ জানিয়েছেন, মফস্বল এলাকার অধিকাংশ কলেজে ইংরেজি, গণিত, আইসিটি ও বিজ্ঞান বিভাগের দক্ষ শিক্ষকের তীব্র সংকট রয়েছে, যা ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ‘চাঁদ ট্রাভেলস’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক এইচ এম জসিম উদ্দিন চাঁদকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ড কার্যকর করা হয়। অভিযানের সময় মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর পুরানা পল্টনের ৮৭ নম্বর পল্টন টাওয়ারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘চাঁদ ট্রাভেলস’ পরিচালনাকারী জসিম উদ্দিন প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধন বা লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হন।
এছাড়া তিনি ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামক একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ বিষয়ে বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ক্ষেত্রে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে এ ধরনের প্রতারণায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই করে বিদেশ যাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন না করার আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অভিবাসন খাতে প্রতারণা রোধে বিএমইটি ও মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার প্রকাশিত হয়েছে।
আজ সোমবার বেলা ৩টায় প্রকাশিত এই ফলাফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফলের ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd/) এবং আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি পত্রের খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী ১০ লাখ ১৯ হাজার ৭৮০টি পত্রের জন্য আবেদন করেছে। এর মধ্যে ২৮ হাজার ৩৬১ জনের (১০ দশমিক ৮৩ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বাধিক ফল পরিবর্তন ঘটেছে ময়মনসিংহ বোর্ডে। এখানে ১৮ হাজার ৮৭০ জন আবেদনকারীর (৭১ হাজার ৭৬২টি পত্র) মধ্যে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যা শতকরা হিসেবে ৪৪ দশমিক ১৯ শতাংশ।
ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি পত্রের জন্য আবেদন করেছে; এর মধ্যে ৫ হাজার ৮৫৩ জনের (৭ দশমিক ১৬ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।
এছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর (৯২ হাজার ৭৭৬টি পত্র) মধ্যে ৩ হাজার ৬৫ জনের (১২ দশমিক ১৭ শতাংশ), বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর (৫৩ হাজার ৪০৯টি পত্র) মধ্যে ২ হাজার ৭৭২ জনের (২২ দশমিক ৫৫ শতাংশ), দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জন আবেদনকারীর (৮৯ হাজার ৪২০টি পত্র) মধ্যে ২ হাজার ২৪৮ জনের (৯ দশমিক ১৬ শতাংশ) এবং চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জন আবেদনকারীর (১ লাখ ১৭ হাজার ৭০০টি পত্র) মধ্যে ২ হাজার ৪৩ জনের (৭ দশমিক ৫৩ শতাংশ) ফলাফল পরিবর্তন হয়েছে।
অন্যান্য সাধারণ বোর্ডের মধ্যে যশোরে ২৬ হাজার ২৭৭ জন আবেদনকারীর (৯৭ হাজার ৬১৮টি পত্র) মধ্যে ১ হাজার ৯০৯ জনের (৭ দশমিক ২৬ শতাংশ), সিলেটে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর (৫১ হাজার ২৪৩টি পত্র) মধ্যে ১ হাজার ৩৫৩ জনের (৯ দশমিক ৩৭ শতাংশ) এবং রাজশাহীতে ৩১ হাজার ৩৬৪ জন আবেদনকারীর (১ লাখ ৯ হাজার ৯৭১টি পত্র) মধ্যে ৭৭৯ জনের (২ দশমিক ৪৮ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ১১ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ৪০ হাজার ৮৩০টি পত্রের পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন; যার মধ্যে ১ হাজার ১২৮ জনের (৯ দশমিক ৪৯ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী ২৬ হাজার ৮০৬টি পত্রের জন্য আবেদন করেছে; এর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের (২২ দশমিক ১৩ শতাংশ) ফল পরিবর্তন হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।
এতে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।
কাক্সিক্ষত ফল না পেয়ে গত ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০২৬ : ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা পাচারের উদ্দেশ্যে পানের ঝুড়িতে রাখা হয়েছিল। পুলিশ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের রাহাত্তারপুল এলাকায় ফজলুল কাদের (২৯) নামের এক কারবারিকে আটক করেছে।
আটক হওয়া ফজলুল কাদের কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আজ গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে।
এসআরবি জানায়, বেলা সাড়ে ১১টার দিকে রাহাত্তারপুলের এক কিলোমিটার এলাকায় মুনিরিয়া মার্কেটের মেসার্স হযরত মালেক শাহ নামের পানের আড়তের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআরবি-৭, চট্টগ্রামের একটি দল।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ি তল্লাশি করে সাদা কাপড়ের শপিং ব্যাগে রাখা ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এসআরবি জানায়, ফজলুল কাদের দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। তিনি মাদকসেবী ও কারবারিদের কাছে এসব ইয়াবা বেশি দামে বিক্রি করতেন।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, পানের ঝুড়িকে আড়াল হিসেবে ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। উদ্ধার করা ইয়াবাসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাস পূর্ণিমা উপলক্ষে দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা করার সময় মাঝনদীতে নৌকার ইঞ্জিন বিকল হয়ে ২৯ পুণ্যার্থী বিপদে পড়েন। দীর্ঘ সময় ধরে নদীতে ভাসতে থাকা নৌকাটির যাত্রীদের জরুরি সহায়তার জন্য আবেদন করার পর কোস্ট গার্ড তাদের নিরাপদে উদ্ধার করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত সোমবার (২৩ নভেম্বর) সকালে এই তথ্য প্রকাশ করেন।
কোস্ট গার্ড জানায়, ২১ নভেম্বর রাত ১১টার দিকে রাস পূর্ণিমা উপলক্ষে ডাংমারি ফরেস্ট অফিস থেকে প্রয়োজনীয় পাস সংগ্রহ করে পুণ্যার্থীবাহী নৌকাটি দুবলার চরের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তী দিন ২২ নভেম্বর রাত ৮টার দিকে রূপের গাং-সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে মাঝনদীতে নৌকাটি অচল হয়ে পড়ে এবং যাত্রীরা চরম বিপদের সম্মুখীন হন।
পরে, বোটে থাকা একজন পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা আউটপোস্ট দুবলার থেকে উদ্ধার অভিযান চালিয়ে লইট্টাখালী খাল এলাকা থেকে বিকল নৌকাসহ ২৯ পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ