০৩:১২ পি.এম
বিশ্বনেতারা আজ তুরস্কে শুরু হওয়া জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১ এর মঞ্চে বক্তব্য রাখবেন, যেখানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির তীব্রতার প্রেক্ষাপটে আলোচনা হবে। তবে এবারের সম্মেলনে বেশ কিছু প্রভাবশালী নেতার অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি তথ্য প্রকাশ করেছে।
তুরস্কের আন্তালিয়ায় চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহব্যাপী সম্মেলনটি শুরু হয়েছে। ইউরোপে চলমান তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো একাধিক প্রাকৃতিক দুর্যোগের পর জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের ওপর চাপ বাড়ছে।
আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
আজ এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত উচ্চপর্যায়ের অধিবেশনে কয়েক ডজন বিশ্বনেতা বক্তব্য রাখবেন। তাদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্ভুক্ত রয়েছেন।
তবে এবারের সম্মেলনে বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের নেতাদের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত থাকবেন।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেয়েন আন্তালিয়ায় আসছেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সম্মেলনে যোগ দিচ্ছেন না।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও সর্বশেষ প্রকাশিত অংশগ্রহণকারীদের তালিকায় অন্তর্ভুক্ত নয়।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার
জলবায়ু কূটনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক-ট্যাঙ্ক ই৩-জি এর বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল বলেছেন, "ইউরোপের কয়েকটি বড় দেশের নেতারা সম্মেলনে আসছেন না, এটি দুঃখজনক। এবারের কপ সম্মেলনে ইউরোপের আরও জোরালো উপস্থিতির প্রয়োজন।"
তবে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক শীর্ষ কর্মকর্তা ওয়ার্কে হুকস্ট্রা বলেছেন, "বিশ্বনেতাদের অনুপস্থিতি একেবারে অস্বাভাবিক নয়।" তিনি আরও যোগ করেছেন, "বিভিন্ন বাস্তব ও দাফতরিক কারণে কোনো কোনো নেতার পক্ষে সম্মেলনে যোগ দেওয়া সম্ভব হয় না।"
ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এবারের জলবায়ু সম্মেলন নিয়ে প্রত্যাশা খুব বেশি নয়।
ফ্রান্স সরকার জানিয়েছে, ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস হওয়ায় প্রেসিডেন্ট মাখোঁ সম্মেলনে যোগ দিচ্ছেন না। ওই দিন তিনি দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন। পাশাপাশি বৃহস্পতিবার আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনেও তার যোগ দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: উড়ার আগে এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের হুমকি, কলকাতা বিমানবন্দরে আতঙ্ক
ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পরিচালক কিয়ারা মার্টিনেলি মন্তব্য করেছেন, "বিশ্বের জ্বালানি ব্যবস্থার রূপান্তর কোন দিকে এগোবে, সে বিষয়ে প্রভাব রাখতে চাইলে বিশ্বনেতাদের জন্য এ ধরনের সম্মেলনে উপস্থিত হওয়াই ভালো সূচনা।"
তিনি আরও বলেন, "আমার আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর নেতারা অনুপস্থিত থাকায় মঞ্চে উরসুলা ভন ডার লেয়েনকে অনেকটাই একা থাকতে হবে।"
এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া ট্রাম্প ২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে জলবায়ুবিষয়ক আলোচনায় কোনো সরকারি প্রতিনিধিও পাঠাননি।
অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও সম্মেলনে যোগ দিচ্ছেন না। তার পরিবর্তে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং দেশটির প্রতিনিধিত্ব করবেন। চীনের প্রেসিডেন্ট সাধারণত কপ সম্মেলনে সরাসরি অংশ নেন না।
আরও পড়ুন: ফরিদপুরে মাদক মামলায় আব্দুল কুদ্দুস ও জুয়েল খানের কারাদণ্ড
বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণের সবচেয়ে বড় উৎস। তাই জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আলোচনায় দেশ দুটির অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কসিমা ক্যাসেল বলেছেন, "আমাদের তো লুলা আছেন।"
গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে লুলা দা সিলভার বিজয়ে জলবায়ু আন্দোলনকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন। কারণ, লুলা দীর্ঘদিন ধরে বন উজাড়ের হার কমানোর পক্ষে কাজ করে আসছেন।
কপ-৩১-এর আয়োজক দেশ তুরস্ক পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে একটি স্বেচ্ছামূলক উদ্যোগের পক্ষে প্রচার চালাচ্ছে। এ উদ্যোগের লক্ষ্য হলো, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারের ৩৫ শতাংশে বিদ্যুতের অংশীদারত্ব উন্নীত করা।
আরও পড়ুন: কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা
তবে ইউরোপীয় ইউনিয়ন জোর দিয়ে বলেছে, বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি তা অবশ্যই পরিবেশবান্ধব বা পরিচ্ছন্ন জ্বালানির মাধ্যমে উৎপাদিত হতে হবে। এ অবস্থান থেকে তুরস্কের প্রস্তাবে তেল, গ্যাস ও কয়লার ভূমিকা নিয়ে সম্মেলনে বিতর্ক তৈরি হতে পারে।
জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে ২০২৩ সালে প্রথমবারের মতো নীতিগতভাবে একমত হয়েছিল বিশ্বনেতারা। কিন্তু এরপর থেকে প্রতিবছর অনুষ্ঠিত কপ সম্মেলনগুলোতে এ লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা কঠিন হয়ে পড়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন