ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

অভিশংসন প্রস্তাব ব্যর্থ, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী স্বপদে বহাল


অভিশংসন প্রস্তাব ব্যর্থ, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী স্বপদে বহাল

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, যা কংগ্রেসের প্রতি অবজ্ঞা করে ইরানে যুদ্ধ চালানো এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে আনা হয়েছিল। রিপাবলিকান পার্টির তীব্র বিরোধিতার কারণে এই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হয়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এই বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। কেনটাকির রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবটি এনেছিলেন। কিন্তু তার দলের অন্য কোনো সদস্যই প্রস্তাবে সমর্থন দেননি। ফলে ২১১-২০৪ ভোটের ব্যবধানে প্রস্তাবটি বিচার বিভাগীয় কমিটিতে পাঠিয়ে কার্যত বাতিল করে দেওয়া হয়।

প্রস্তাবটি বাতিল হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বস্তি প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, 'অভিশংসনের এই মনগড়া চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। একজন সত্যিকারের দেশপ্রেমিক সুবিচার পেয়েছেন।'

আরও পড়ুন: ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

অন্যদিকে, পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘটনার বর্ণনা করেন 'রাজনৈতিক প্রহসন' হিসেবে। তিনি মন্তব্য করেন, 'আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা কোনো অপরাধ বা ঘুষ নেওয়ার মতো ঘটনা নয়। রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।'

সোমবার (৯ নভেম্বর) হেগসেথের বিরুদ্ধে আইনপ্রণেতা থমাস ম্যাসি আটটি গুরুতর অভিযোগ তোলেন। ম্যাসির প্রধান অভিযোগ ছিল, পার্লামেন্টের অনুমতি না নিয়ে তিন মাসেরও বেশি সময় ধরে ইরানে যুদ্ধ পরিচালনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি, সাগরে মাদকবিরোধী অভিযানের নামে বেআইনিভাবে মানুষ হত্যার তদারকিও করেছেন তিনি।

ভোটে হেরে যাওয়ার পর ম্যাসি জানান, প্রস্তাবটি পাস না হলেও তিনি হতাশ নন, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পকে বার্তা দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। তবে আইনপ্রণেতাদের অনেকের ধারণা, এই যাত্রায় পদ বেঁচে গেলেও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের ওপর চাপ কিন্তু পুরোপুরি কাটেনি।

আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১১৭২ জন গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যালুমিনিয়ামের চকচকে হাঁড়িতে বিষাক্ত সিসা, কী বলছেন গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


অ্যালুমিনিয়ামের চকচকে হাঁড়িতে বিষাক্ত সিসা, কী বলছেন গবেষকরা

বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল ব্যবহৃত হয়ে থাকে। নতুন চকচকে হাঁড়ি কিনলে রান্না নিরাপদ— এমন একটি ধারণা অনেকের মধ্যে প্রচলিত রয়েছে। তবে নতুন একটি গবেষণায় ভয়ঙ্কর তথ্য প্রকাশিত হয়েছে। গবেষকরা জানাচ্ছেন, স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা খাবারে বিষাক্ত ধাতু সিসা মিশে যেতে পারে। বিশেষ করে নতুন হাঁড়িতে প্রথম কয়েকবার রান্না করলে খাবারে সিসা মেশার সম্ভাবনা থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ক্ষেত্রে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিং সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের সহায়তায় পরিচালিত হয়।

গবেষকরা বলছেন, বিষয়টি উদ্বেগজনক, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল ব্যবহার করেন। এসব পাত্রে রান্না করা ভাত বা খিচুড়ির মাধ্যমে পরিবারের সদস্যরা, বিশেষ করে শিশুরা, অজান্তেই সিসার সংস্পর্শে আসতে পারে।

সিসা এমন একটি বিষাক্ত ধাতু, যা চোখে দেখা যায় না এবং এর কোনো গন্ধ বা স্বাদ নেই। এটি শিশুদের মস্তিষ্কের বিকাশে ক্ষতি করতে পারে এবং তাদের শেখার ক্ষমতা ও আচরণে সমস্যা সৃষ্টি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, রক্তে সিসার কোনো নিরাপদ মাত্রা নেই।

যুক্তরাষ্ট্র ভিত্তিক জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজি সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় ২৭টি অ্যালুমিনিয়ামের হাঁড়ি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাতটি ছিল পুরোনো এবং ২০টি ছিল নতুন হাঁড়ি।

গবেষকরা এসব হাঁড়িতে সিসার পরিমাণ পরীক্ষা করেছেন। পাশাপাশি হাঁড়িগুলোতে ভাত ও খিচুড়ি রান্না করে খাবারে কতটা সিসা মিশছে, তা-ও পরীক্ষা করা হয়েছে।

ফলাফলে দেখা যায়, নতুন হাঁড়িতে প্রথমবার রান্না করা প্রতি কেজি ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম এবং খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম পর্যন্ত সিসা পাওয়া গেছে।

তুলনার জন্য বলা যায়, যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) শিশুদের খাবারে প্রতি কেজিতে সিসার সর্বোচ্চ মাত্রা ১০ মাইক্রোগ্রাম নির্ধারণ করেছে। বারবার রান্না করলে হাঁড়ি থেকে সিসা মেশার পরিমাণ কমে আসে। তবে তৃতীয়বার ব্যবহারের সময়ও নতুন হাঁড়িতে সিসা পাওয়া গেছে। এমনকি পুরোনো সাতটি হাঁড়ির মধ্যে ছয়টিতে রান্না করা ভাতেও সিসার উপস্থিতি পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, হাঁড়ি পরিষ্কার করার পদ্ধতিও সিসা মেশার পরিমাণ বাড়াতে পারে। নতুন হাঁড়ি স্টিলের তারযুক্ত মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার করলে স্বাভাবিক অবস্থার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি সিসা বের হয়। ধাতব খুন্তি দিয়ে খাবার নাড়াচাড়া করলেও সিসা নিঃসরণ বাড়ে।

বাংলাদেশে পুরোনো কাপড়ের বিনিময়ে নতুন হাঁড়ি-পাতিল নেওয়ার প্রচলন রয়েছে। স্থানীয়ভাবে তৈরি অনেক অ্যালুমিনিয়ামের হাঁড়ি পুরোনো ও ফেলে দেওয়া ধাতব সামগ্রী গলিয়ে তৈরি করা হয়। এসব ধাতুতে সিসা থাকলে তা নতুন হাঁড়িতে মিশে যেতে পারে।

এ বিষয়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট আনলিডেডের পরিচালক ড. জেনা ফোরসাইথ বলেন, ‘প্রতিদিনের রান্নায় ব্যবহৃত একটি সাধারণ হাঁড়ি কীভাবে খাবারে সিসা মেশার কারণ হতে পারে, তা বোঝার জন্য গবেষকরা হাঁড়ি ও রান্না করা খাবার—দুটিই পরীক্ষা করেছেন।’

আইসিডিডিআরবি এর সহকারী বিজ্ঞানী ড. জেসমিন সুলতানা বলেন, ‘পরিবারগুলো যত্ন করে খাবার রান্না করে। কিন্তু সেই খাবার তৈরির পাত্র থেকেই সিসা মিশে যাওয়ার ঝুঁকি থাকা উচিত নয়।

এ ব্যাপারে ড. জেসমিন সুলতানা নিরাপদ বলে পরীক্ষিত রান্নার পাত্র ব্যবহারের পরামর্শ দেন। স্থানীয়ভাবে তৈরি হাঁড়ি ব্যবহার করলে স্টিলের তারযুক্ত মাজুনি দিয়ে ঘষে পরিষ্কার না করা এবং টক বা অ্যাসিডযুক্ত খাবার রান্না না করার পরামর্শ দেন। তবে এসব নিয়ম মেনেও দূষিত হাঁড়িকে পুরোপুরি নিরাপদ করা সম্ভব নয় বলে তিনি জানান।

গবেষকদের হিসাবে, গ্রামের একটি শিশু দূষিত হাঁড়িতে রান্না করা ভাত খেলে খাবারের মাধ্যমে তার শরীরে সিসা প্রবেশের পরিমাণ যুক্তরাষ্ট্রের এফডিএর নির্ধারিত দৈনিক মাত্রার পাঁচ গুণেরও বেশি হতে পারে।

গবেষকরা মনে করেন, শুধু মানুষকে সতর্ক করলেই এ সমস্যা দূর হবে না। এ জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) রান্নার পাত্রে সিসার নিরাপদ মাত্রা নির্ধারণ ও তা নিশ্চিত করতে হবে।

তাদের মতে, হাঁড়ি তৈরির কাঁচামাল পরীক্ষা, তৈরি পণ্যে সিসা আছে কি না তা যাচাই এবং ছোট কারখানাগুলোকে নিরাপদ কাঁচামাল ব্যবহারে সহায়তা করা জরুরি।

আইসিডিডিআরবি এর ড. মো. মাহবুবুর রহমান বলেন, কম দামের রান্নার পাত্রও নিরাপদ হতে হবে।

গবেষকরা জানিয়েছেন, পরীক্ষাটি সীমিত সংখ্যক হাঁড়ি নিয়ে পরীক্ষাগারে করা হয়েছে। শিশুদের শরীরে সিসা প্রবেশের পরিমাণও সরাসরি মাপা হয়নি; হিসাব করে অনুমান করা হয়েছে। তাই এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্ট আমলে জ্বালানি খাতে দুর্নীতি, অর্থনীতি ঝুঁকিতে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


ফ্যাসিস্ট আমলে জ্বালানি খাতে দুর্নীতি, অর্থনীতি ঝুঁকিতে পড়েছে

ফ্যাসিস্ট আমলে জ্বালানি ছিলো দুর্নীতির অন্যতম খাত। আমদানি নির্ভরতায় লুটপাট এবং বিশেষ বিধানের মাধ্যমে পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজ দেয়া হতো, যা দেশের অর্থনীতির জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। ২০টি কূপ খননে বাপেক্সের পরিবর্তে রুশ প্রতিষ্ঠানকে কাজ দেয়ার ফলে ২৪ কোটি ডলার বাড়তি খরচ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি খাতের সীমাহীন অনিয়ম দেশের অর্থনীতিকে ঝুঁকিতে ফেলেছে এবং রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করেছে।

অন্তর্বর্তী সরকারের সময় প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে দেখা যায়, আওয়ামী লীগের আমলে জ্বালানি খাতের অনেক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেয়া হয়েছিলো। এর ফলে গ্যাস সঞ্চালন প্রতিষ্ঠান জিটিসিএল মাশুল গুনছে। আমদানি নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় গ্যাস কেনায় বছরে ৩ হাজার কোটি টাকার লোকসানের তথ্য উঠে এসেছে শ্বেতপত্রে। স্থানীয় গ্যাস সরবরাহ বাড়ানোর পরিবর্তে আমদানি নির্ভরতায় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে, টেন্ডারের মাধ্যমে এলএনজি কেনায় ২৩টি কোম্পানি শর্ত পূরণ করলেও কাজ দেয়া হয়েছে ১২টি প্রতিষ্ঠানকে।

অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন ও জ্বালানি চুক্তি পর্যালোচনা কমিটির সদস্য ড. জাহিদ হোসেন জানিয়েছেন, প্রাইমারি এনার্জির ক্ষেত্রে জোগানের দিকে মনোযোগ দেয়া হয়নি। শুধুমাত্র এলএনজি টার্মিনাল স্থাপন ও এলএনজি আমদানি দিয়ে বিদ্যুৎ খাত এবং অন্যান্য চাহিদা মেটানোর দিকে বিগত সরকার মনোনিবেশ করেছিল। অফসোর গ্যাস এক্সপ্লোরেশনের জন্য যথাসময়ে কাজ করা হলে ফলাফল পাওয়া সম্ভব হতো। বঙ্গোপসাগরের নিচে মিয়ানমার ও ভারত গ্যাস পেয়ে গেলে আমাদের না পাওয়ার কোনো কারণ নেই।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেছেন, গ্যাস উন্নয়ন তহবিলের টাকা জাতীয় সক্ষমতা উন্নয়নে খরচ হয়নি। ২০২২ সালে গণশুনানিতে দেখা গেছে ৬৫ শতাংশ টাকা খরচ হয়নি এবং ব্যাংকে জমা রয়েছে। অভিযোগ রয়েছে, বাপেক্স গ্যাস উত্তোলন করছে না এবং কনট্রাকটরদের মাধ্যমে উত্তোলন করা হচ্ছে। বাপেক্সের আওতাধীন কোম্পানি, জায়গা, ব্লক, গ্যাস ফিল্ডগুলো উন্নয়ন করে টেন্ডার পায়।

আওয়ামী লীগ আমলে জ্বালানি খাতে অনিয়মের আরেক হাতিয়ার বিশেষ বিধান। এ আইনের আওতায় পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়। অর্থনৈতিক শ্বেতপত্র বলছে, রাশিয়ার সরকারি কোম্পানি গ্যাজপ্রমকে ২০টি কূপ খননের কাজ দেয়ার ফলে প্রতিটি কূপে বাপেক্সের তুলনায় ১২ মিলিয়ন ডলার বেশি খরচ হয়েছে। প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া অনুসরণ করলে কূপ খননে কয়েক মিলিয়ন ডলার সাশ্রয় হতো। আবার জ্বালানি সংকট বিদ্যুৎ খাতকেও বিপদে ফেলেছে।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানি খাতে অনিয়ম এবং বিদেশ নির্ভরতা অর্থনীতিকে ঝুঁকিতে ফেলেছে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ বৃদ্ধি করেছে।

ড. জাহিদ হোসেন বলেন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরশীল। সেখানে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে কিনা, তা নিশ্চিত করা হয়নি।

ড. এম শামসুল আলম জানান, পরবর্তীতে উৎপাদন ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হয়নি। প্লান্ট বসাতে যে ব্যয় হয়েছে, তার ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় ঘাটতি দেখা দিয়েছে। ঘাটতি বৃদ্ধি পাওয়ার কারণে সরকারের ভর্তুকি বেড়েছে এবং মূল্যবৃদ্ধি ঘটেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্ট আসিফের বিরুদ্ধে দুদকের ব্রিফিংকে অবৈধ নয় বলে রুল জারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


হাইকোর্ট আসিফের বিরুদ্ধে দুদকের ব্রিফিংকে অবৈধ নয় বলে রুল জারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের পূর্বে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিং কেন অবৈধ নয়, এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

হাইকোর্ট দুদককে রুলের জবাব দিতে ৪ সপ্তাহের সময় নির্ধারণ করেছে।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ এবং বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

এর আগে, ৪ নভেম্বর এই রিটের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়েছিল।

গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিল। আদালতের অবকাশ শেষ হওয়ার পর নতুন করে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।

প্রসঙ্গত, দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক ২ ও ১৩ সেপ্টেম্বর দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণের পর আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা দিয়ে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন।

এ বিষয়ে আসিফ মাহমুদের আইনজীবী ইউসূফ আলী মন্তব্য করেন, দুদকের সংবাদ সম্মেলন সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে নতুন সামরিক অভিযানের প্রয়োজন নেই, অর্থনৈতিক চাপই যথেষ্ট: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


ইরানে নতুন সামরিক অভিযানের প্রয়োজন নেই, অর্থনৈতিক চাপই যথেষ্ট: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নেওয়া অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা ইরানের ওপর এতটাই কার্যকর হচ্ছে যে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার (১০ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।

সংবাদমাধ্যম আরব নিউজ ও সিবিএস নিউজের রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রাচ্যে দীর্ঘ আট মাস ধরে চলমান সংঘাতের সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ার প্রেক্ষাপটে রুবিওর এই বক্তব্য এসেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, সংঘাতের সমাধানে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে এবং নতুন সেনা পাঠানোর বা হামলা বাড়ানোর কোনো কারণ তিনি দেখতে পাচ্ছেন না।

রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, 'ইরানের ওপর আমাদের আরোপ করা সর্বাত্মক অর্থনৈতিক অবরোধ এতটাই ধ্বংসাত্মক ও সুদূরপ্রসারী হয়েছে যে একই লক্ষ্য অর্জনে আর বড় সামরিক অভিযানের প্রয়োজন পড়ছে না। জি-৭ সম্মেলনে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকেও আমরা স্পষ্টভাবে এ বিষয়টি বুঝিয়ে বলেছি।'

উপসাগরীয় অঞ্চল থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট 'হরমুজ প্রণালি' অবরুদ্ধ করার জন্য ইরানের প্রচেষ্টায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মার্কিন অভ্যন্তরীণ অর্থনীতিতে প্রভাব পড়ছে, যা সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধাক্কা খাওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরানের সেই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনও দেশটির সমুদ্রবন্দরগুলোতে কঠোর পাল্টা অবরোধ আরোপ করে। গত আগস্ট মাসে তেহরানকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ পঙ্গু করার লক্ষ্যে 'অর্থনৈতিক শ্বাসরোধ' নামক বিশেষ অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। বহু বছরের মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের ভঙ্গুর অর্থনীতিকে আরও চেপে ধরাই ছিল এই অভিযানের অন্যতম মূল উদ্দেশ্য।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরানের বিরুদ্ধে নেওয়া অর্থনৈতিক পদক্ষেপ প্রতিনিয়ত তাদের কোণঠাসা করছে, তাই সামরিক পদক্ষেপ এড়িয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত উদ্দেশ্য হাসিল সম্ভব হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%