প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টায় ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আইনমন্ত্রী বলেন, "বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। এসব ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে।"
তিনি আরও বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের জনগণকে এখনও চিনতে পারেননি। আইনমন্ত্রী উল্লেখ করেন, "বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।"
আইনমন্ত্রী সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে বলেন, "বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই। আমরা গুমের পথ ধরে হাঁটি নাই। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি।"
মন্ত্রী গণমাধ্যমকে এসব বিষয় তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, "শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে।"
আসাদুজ্জামান বলেন, "ওভারনাইট যদি মনে করেন যে আমরা সব চেঞ্জ করে ফেলতে পারবো, সেটা যেমন সম্ভব না, ঠিক একইভাবে আমাদের বিরুদ্ধে যদি কোনো রকম আমাদের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকে, সেটাও আপনারা তুলে ধরতে পারবেন।"
আইনমন্ত্রী সাংবাদিকদের অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, "সাংবাদিকদের সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। একই সঙ্গে সরকারের ভালো কাজগুলোও তুলে ধরতে হবে। তবে সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে সেটিও প্রকাশ করতে হবে। এমনকি কোনো প্রতিবেদন নিজের বিরুদ্ধে গেলেও তা প্রকাশে আপত্তি নেই।"
আইনমন্ত্রী বলেন, "সাংবাদিকতা মানুষের আস্থা ও ভরসার জায়গা। মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পায় না, তখন গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে এবং পেশাটিকে আরও সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে।"
ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, "মতভেদ ভুলে সংগঠনটিকে এগিয়ে নিতে হবে। কারও নেতৃত্ব বা পদ না থাকার কারণে সংগঠনের কোনো কর্মসূচিতে অংশ না নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত।"
তিনি ঢাকায় অবস্থানরত ঝিনাইদহের সাংবাদিকদের বছরে অন্তত এক থেকে দুটি কর্মসূচি নিজ জেলায় আয়োজনেরও আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন