ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ


৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এই সিদ্ধান্তের বাস্তবায়নের জন্য উপবৃত্তির অর্থ শিক্ষার্থী বা তাদের অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমনরুমের অভাবে দুর্ভোগে ছাত্রীরা

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের জন্য ১০০ শতাংশ উপবৃত্তি সর্বজনীনভাবে চালু করা হবে। অন্যদিকে, ছাত্রদের জন্য বিদ্যমান পদ্ধতিতে উপবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।

সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো হবে। এই জন্য যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকা আবশ্যক।

নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত যেসব ছাত্রীর নাম সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা ইতোমধ্যে উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খোলার প্রয়োজন নেই।

তবে উপবৃত্তি না পাওয়া ছাত্রীদের বা তাদের অভিভাবকদের নামে নতুন ব্যাংক হিসাব খুলতে হবে।

আরও পড়ুন: সলিমুল্লাহ মুসলিম হলে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুর, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে। যদি বাবা-মা কেউ জীবিত না থাকেন, তাহলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা অথবা নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।

বাবা অথবা মায়ের নামে কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে অথবা নতুন হিসাব খুললে, সেই হিসাবের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবককে আবেদনপত্রে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।

যদি বাবা-মা কেউ জীবিত না থাকেন, তবে বিকল্প অভিভাবকের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক হিসেবে যাকে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ গ্রহণের ক্ষেত্রে বিশেষ শর্ত দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বাবা অথবা মা জীবিত থাকলেই শিক্ষার্থী মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার করে উপবৃত্তির অর্থ নিতে পারবে।

আরও পড়ুন: শুধু নীতিমালা নয়, তরুণদের জন্য প্রতিষ্ঠানের প্রয়োজন: হোসেন জিল্লুর

এ ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে যাকে অভিভাবক হিসেবে উল্লেখ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন এবং তার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

নির্দেশনায় উদাহরণ দিয়ে বলা হয়েছে, বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সিম নিবন্ধন করা হলে, ওই বাবার জাতীয় পরিচয়পত্র দিয়েই তার নামে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

হিসাব খোলার সময় কেওয়াইসি (গ্রাহক পরিচিতি) ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। এ পদ্ধতির ব্যত্যয় হলে জিটুপি ব্যবস্থায় উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।

এ ছাড়া যদি কোনো শিক্ষার্থীর বাবা-মা এবং বিকল্প অভিভাবক হিসেবে উল্লেখিত আপন ভাই-বোন, দাদা-দাদি বা নানা-নানির কেউ না থাকেন, তাহলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করে প্রত্যয়নপত্র দেবেন। তথ্য এন্ট্রির সময় ওই প্রত্যয়নপত্র এইচএসপি-এমআইএসে আপলোড করতে হবে। এ ধরনের শিক্ষার্থীরা শুধুমাত্র নিজেদের নামে তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে পারবে।

আরও পড়ুন: ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য উপবৃত্তির ঘোষণা

স্কুল ব্যাংকিং হিসাব শিক্ষার্থীর নামেই খুলতে হবে। তবে শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়। এ ক্ষেত্রে শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে সংশ্লিষ্ট হিসাব হালনাগাদ করতে হবে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতিপ্রাপ্ত এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) দেওয়া ইআইআইএন নম্বরধারী শিক্ষাপ্রতিষ্ঠান এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের জন্য কর্মসূচিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি ও ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।

আরও পড়ুন: হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, শিক্ষার্থীরা আটকালেন নীলাচলের ৮ বাস

উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে [email protected] ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

নির্দেশনায় সংশ্লিষ্ট উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের বিষয়টি অবহিত করা এবং এ-সংক্রান্ত কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে বিষয়টিকে অতীব জরুরি বলে উল্লেখ করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

আরও পড়ুন: কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন তিনটি বিভাগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, নিরাপত্তা তল্লাশি জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, নিরাপত্তা তল্লাশি জোরদার

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং নিরাপত্তা তল্লাশি কার্যক্রমকে আরও কঠোর করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই নির্দেশনা গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ হেমায়েত উদ্দিন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আদালত প্রাঙ্গণের প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং প্রবেশপথে নিয়মিত নিরাপত্তা তল্লাশি ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

নতুন নির্দেশনার আওতায়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বহির্গমনের জন্য শুধুমাত্র মাজার গেট এবং বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহার করতে হবে। ন্যায় সরণি গেট দিয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে। অর্থাৎ, এই গেট দিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না।

এছাড়া, প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট সার্বক্ষণিক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজেদের পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা চাইলে তা প্রদর্শন করতে হবে।

এছাড়া, প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন হলে আগত ব্যক্তিদের তল্লাশি করার ক্ষমতা রাখবে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে এসব নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেহারা নিয়ে কটূক্তিতে সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


চেহারা নিয়ে কটূক্তিতে সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক

পাকিস্তানের অভিনেত্রী ও উপস্থাপিকা ভিনা মালিক সম্প্রতি অনলাইনে তার ওজন এবং শারীরিক গঠন নিয়ে কটূক্তির শিকার হয়ে সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দিয়ে প্রতিবাদ জানান।

একটি অনুষ্ঠানে নিজের ওজন কমানোর অভিজ্ঞতা শেয়ার করার পর ভিনা নেতিবাচক মন্তব্যের শিকার হন। এর প্রতিক্রিয়ায় তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে দেখানোর জন্য নিজের উঁচু জুতা খুলে স্বাভাবিক উচ্চতা প্রদর্শন করেন। এরপর তিনি মুখের প্রসাধনী মুছে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন।

ভিনা প্রশ্ন করেন, "প্রসাধনী ছাড়া তার স্বাভাবিক চেহারা ও গায়ের রং নিয়ে কি সংবাদমাধ্যম নতুন করে খবর প্রকাশ করবে?" এ সময় আবেগ ধরে রাখতে না পেরে তিনি কেঁদে ফেলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

অন্য একটি ভিডিও তে সমাজে নারীদের প্রতি আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তিনি প্রকাশ্যে নারীদের অপমান করা ব্যক্তিদের পরিবারের নারীদের প্রতি আচরণ কেমন, তা নিয়েও প্রশ্ন তোলেন।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনার পাশে দাঁড়িয়েছেন তার ভক্ত ও সহকর্মী তারকারা। একই সঙ্গে অনলাইনে নারীদের শারীরিক গঠন ও চেহারা নিয়ে অপমানজনক মন্তব্যের নেতিবাচক প্রভাব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

সূত্র: সামা টিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত ৩০৬ রানের বিশাল জয়, নেপাল অলআউট ২৬ রানে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


ভারত ৩০৬ রানের বিশাল জয়, নেপাল অলআউট ২৬ রানে

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ভারত তাদের প্রথম ম্যাচে নেপালকে মাত্র ২৬ রানে অলআউট করে ৩০৬ রানের বিশাল জয় অর্জন করেছে।

শুক্রবার কাতারের দোহার ইস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে তারা ৯ উইকেটে ৩৩২ রান সংগ্রহ করে।

দলের হয়ে কুমার কুশাগ্রে ও অধিনায়ক তিলক ভার্মা দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন এবং শতকের দেখা পান। কুশাগ্রে ১০২ বলে ১১৭ রান করেন। অপরদিকে, তিলক ভার্মা ১১৩ বলে ১০৭ রান করেন। দুই ব্যাটারের সেঞ্চুরির ফলে ভারত একটি বড় সংগ্রহ করতে সক্ষম হয়।

৩৩৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে। তারা মাত্র ১১.৩ ওভারে ২৬ রানে গুটিয়ে যায়। নেপালের কোনো ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারতের হয়ে বল হাতে প্রিন্স যাদব অসাধারণ পারফরম্যান্স দেখান। তিনি মাত্র ৬ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন। এছাড়া, হর্ষিত রানা ৪ উইকেট নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা সরকারের অনুমোদনে মেগা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


আর্জেন্টিনা সরকারের অনুমোদনে মেগা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রকল্প

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : শুক্রবার আর্জেন্টিনা সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির জন্য একটি বৃহৎ প্রকল্পে বিনিয়োগ আকৃষ্ট করার উদ্দেশ্যে বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে। প্রকল্পটির জন্য ২০৫০ সাল পর্যন্ত মোট ৫০০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত আর্জেন্টাইন প্রতিষ্ঠান ওয়াইপিএফ, ইতালির কোম্পানি এনি এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান এক্সআরজি যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। এটি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকল্পের আওতায় আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলের ভাকা মুয়ের্তা গ্যাসক্ষেত্র থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হবে। এই গ্যাসক্ষেত্রে দেশটির সবচেয়ে বড় গ্যাসের মজুত রয়েছে।

প্রতিবছর এখান থেকে ১ কোটি ২০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি করা হবে।

আর্জেন্টিনার অর্থমন্ত্রী লুইস কাপুতো জানিয়েছেন, ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে প্রকল্পটিতে ২ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে। ২০৫০ সাল নাগাদ মোট বিনিয়োগের পরিমাণ ৫ হাজার কোটি ডলারে পৌঁছাবে।

প্রকল্পটি সরকারের ‘বৃহৎ বিনিয়োগ প্রণোদনা কর্মসূচি’ (আরআইজিআই) এর আওতায় বাস্তবায়িত হবে। ২০২৪ সালে উদারনীতিবাদী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর সরকার এই কর্মসূচিটি চালু করে।

এই কর্মসূচির লক্ষ্য হলো কর ছাড়, বিনিময় হারসংক্রান্ত সুবিধা এবং অন্যান্য প্রণোদনার মাধ্যমে দেশি-বিদেশি বড় বিনিয়োগ আকৃষ্ট করা।

অর্থমন্ত্রী কাপুতো আরও জানান, প্রকল্পের আওতায় গ্যাস পরিবহনের জন্য একটি এবং তেল পরিবহনের জন্য আরেকটি পাইপলাইন নির্মাণ করা হবে। প্রতিটি পাইপলাইনের দৈর্ঘ্য হবে ৫২৪ কিলোমিটার (৩২৫ মাইল)।

পাইপলাইন দুটি আটলান্টিক মহাসাগর উপকূলবর্তী রিও নেগ্রো প্রদেশ পর্যন্ত বিস্তৃত হবে। সেখানে ভাসমান দুটি গ্যাস তরলীকরণ ইউনিট স্থাপন করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%