ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফ্রান্সে তিন পুলিশ কর্মকর্তার বর্ণবাদী নির্যাতনের জন্য কারাদণ্ড


ফ্রান্সে তিন পুলিশ কর্মকর্তার বর্ণবাদী নির্যাতনের জন্য কারাদণ্ড

ফ্রান্সের আদালত কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজক মিশেল জেকলারকে বর্ণবাদী নির্যাতন ও মারধরের ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন। ২০২০ সালে প্যারিসে জেকলারকে মারধরের ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) আদালত বর্ণবাদকে অপরাধের গুরুতর কারণ হিসেবে বিবেচনা করে এ রায় প্রদান করে।

আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে যে, ৪৭ বছর বয়সী জেকলার ঘটনার বিষয়ে ধারাবাহিকভাবে একই বক্তব্য প্রদান করেছেন। তাঁর অভিযোগ, মারধরের সময় পুলিশ কর্মকর্তারা তাঁকে বর্ণবাদী গালাগাল করেন। আদালত আরও জানায়, পুলিশি প্রতিবেদন জাল করার বিষয়টি কর্মকর্তাদের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করেছে।

রায়ে অরেলিয়াঁ লাপেরসন (২৯) ও ফিলিপ তোন্দ্যু (৫০) প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে লাপেরসনের সাজা তিন বছর এবং তোন্দ্যুর সাড়ে তিন বছর স্থগিত রাখা হয়েছে। বাকি সাজা তাঁরা কারাভোগ করবেন। তবে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ পরবর্তীতে কার্যকর হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা

অন্যদিকে পিয়ের প্লঁতিয়েকে (৩৭) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যার চার বছর স্থগিত। তাঁকে বাকি এক বছর কারাগারের পরিবর্তে ইলেকট্রনিক নজরদারির আওতায় নিজ বাসায় সাজা ভোগ করতে হবে। তিন কর্মকর্তাকেই স্থায়ীভাবে পুলিশে চাকরি করার অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ঘটনাটি ঘটে ২০২০ সালের ২১ নভেম্বর, করোনা মহামারির সময়। প্যারিসে নিজের স্টুডিওর বাইরে পুলিশ কর্মকর্তারা জেকলারকে থামান। মাস্ক না পরার অভিযোগ তুলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ দাবি করে যে, এ সময় তিনি এক কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

তবে জেকলারের স্টুডিওর নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা তাঁকে স্টুডিওর প্রবেশপথের ভেতরে নিয়ে মারধর করছেন। এতে তাঁর মাথায় আঘাত লাগে, ঠোঁট ও মাথার ত্বকে ক্ষত হয় এবং বাহুর বাইসেপস টেন্ডন পুরোপুরি ছিঁড়ে যায়।

জেকলারের অভিযোগ, মারধরের সময় তাঁকে কয়েকবার বর্ণবাদী গালাগাল করা হয়। আদালত জানায়, মারধরের পর হাতকড়া পরানোর সময় তিনি এক কৃষ্ণাঙ্গ পুলিশ কর্মকর্তাকে এ অভিযোগ জানিয়েছিলেন। পরে থানায়, হাসপাতালে নেওয়ার পথে এবং স্বজনদের কাছেও একই অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে ভারতের অবস্থান, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা

পুলিশ কর্মকর্তারা জেকলারকে মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি তাঁদের ওপর হামলা করেন এবং তাঁদের একজনের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ভিডিও ফুটেজ তাঁদের এ বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়া ঘটনাটি আড়াল করতে পুলিশি প্রতিবেদন জাল করার দায়েও কর্মকর্তারা দোষী সাব্যস্ত হয়েছেন।

শুক্রবার রায় ঘোষণার আগে তিন কর্মকর্তাই জেকলারের কাছে ক্ষমা চান। তাঁদের মধ্যে প্লঁতিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। রায়ের পর আদালত থেকে বের হলে উপস্থিত লোকজন জেকলারকে করতালি দিয়ে স্বাগত জানান। তাঁর আইনজীবী সের্জ মানি বলেন, "এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং একজন মানুষের মর্যাদা পুনরুদ্ধার হয়েছে।"

ফ্রান্সে পুলিশি নির্যাতনের অভিযোগে কর্মকর্তাদের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা তুলনামূলক বিরল। এ রায়ে নির্যাতনের ঘটনায় বর্ণবাদকে গুরুতর কারণ হিসেবে স্বীকৃতি দেওয়াকে দেশটিতে পুলিশি সহিংসতা ও বর্ণবৈষম্য নিয়ে চলমান বিতর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: হজযাত্রীদের টিকা নেওয়ার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার ধর্মঘটের কারণে বেলজিয়ামে বিমান চলাচল অচল হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


সোমবার ধর্মঘটের কারণে বেলজিয়ামে বিমান চলাচল অচল হওয়ার আশঙ্কা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘটে অংশগ্রহণ করছেন বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থার কর্মীরা। এর ফলে সোমবার বেলজিয়ামের অধিকাংশ ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ তথ্য জানায় সংবাদ সংস্থা এএফপি।

বেলজিয়ামের আকাশসীমা ও বিমানবন্দরগুলোর বিমান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্কাইস শনিবার জানিয়েছে, ২৩ নভেম্বর সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বেলজিয়ামের বিমানবন্দরগুলোতে এবং আকাশসীমায় নিয়মিত বিমান চলাচল নিয়ন্ত্রণ সেবা প্রদান করা সম্ভব হবে না।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, ‘ওই সময়ে প্রত্যাশিত কর্মী উপস্থিতি দিয়ে নিয়মিত বিমান চলাচল নিরাপদভাবে পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে না। তাই সাময়িকভাবে সংশ্লিষ্ট সেবা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে স্কাইস।’

দেশটির উচ্চ বাজেট ঘাটতি কমানোর লক্ষ্যে আগামী কয়েক বছরে ১০ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। তার সরকারের এ ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে গত কয়েক মাসে বেলজিয়ামে একাধিক ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

স্কাইস জানায়, জরুরি পরিস্থিতি এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাইট পরিচালনায় প্রয়োজনীয় ন্যূনতম সেবা চালু থাকবে।

তবে ইউরোপের স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ারের প্রধান কেন্দ্র শারলেরো বিমানবন্দর জানায়, বিমান নিয়ন্ত্রকদের ধর্মঘটের কারণে সারা দেশের সব বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণ এক দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারে না।’

ধর্মঘটের সিদ্ধান্তকে শেষ মুহূর্তের সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এর পরিণতি হবে ‘ভয়াবহ’।

দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ব্রাসেলস বিমানবন্দর জানিয়েছে, সোমবার অধিকাংশ আগমন ও বহির্গমন ফ্লাইট বাতিল করতে হবে।

রক্ষণশীল ফ্লেমিশ নেতা প্রধানমন্ত্রী ডি ওয়েভার আগামী সোমবারের মধ্যে নতুন ব্যয় সংকোচনমূলক বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছাতে জোট সরকারের অংশীদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

চলতি মাসের শুরুতে জোটের শরিকদের মধ্যে সমঝোতা না হওয়ায় তিনি পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন।

তবে বেলজিয়ামের রাজা ফিলিপ তার পদত্যাগ গ্রহণ করেননি। বরং সংকট সমাধানের জন্য তাকে আরও সময় দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গল গ্রহে বরফের বুকে রহস্যময় ‘গাছের বন’!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


মঙ্গল গ্রহে বরফের বুকে রহস্যময় ‘গাছের বন’!

মঙ্গলের লাল গ্রহে বরফে ঢাকা বিস্তৃত অঞ্চলে গাছের মতো অদ্ভুত নকশার অস্তিত্ব দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয়, বরফের চাদরে ঢাকা কোনো এলাকায় ঘন বন গড়ে উঠেছে। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এগুলো আসলে গাছ নয়। বরং বরফে ঢাকা বালুর স্তূপের ওপর কালো রেখা ও শাখা-প্রশাখার মতো আকৃতির সৃষ্টি হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (নাসা) মার্স রিকনাইস্যান্স অরবিটার মহাকাশযানের ক্যামেরায় এই বিস্ময়কর দৃশ্যটি ধরা পড়েছে। ছবিটি মঙ্গলের উত্তর মেরুর কাছাকাছি একটি এলাকায় তোলা হয়েছে। সেখানে বরফে ঢাকা বালুর স্তূপের ওপর অসংখ্য গাঢ় রঙের রেখা ছড়িয়ে রয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের শীতকালে কার্বন ডাই-অক্সাইডের বরফে ঢেকে যায় বালুর স্তূপগুলো। বসন্ত আসলে সূর্যের আলোতে সেই বরফ উত্তপ্ত হতে শুরু করে। তবে এটি পৃথিবীর মতো গলে পানিতে পরিণত হয় না। বরং সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসে রূপান্তরিত হয়। বিজ্ঞানের ভাষায় এ প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলা হয়।

এ সময় বরফের নিচে গ্যাস জমতে থাকায় চাপ বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে বরফের উপরিভাগে ফাটল তৈরি হয়। সেই ফাটল দিয়ে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসে নিচে জমে থাকা কালো বালু। পরবর্তীতে বালুগুলো ঢাল বেয়ে নিচে নেমে আসে। এইভাবে বরফের ওপর গাছের শাখা-প্রশাখার মতো অদ্ভুত নকশা তৈরি হয়।

নাসার প্রকাশিত ছবিতে একটি বালুর স্তূপ থেকে ধুলার মেঘও ওপরে উঠতে দেখা গেছে। বিজ্ঞানীদের ধারণা, হঠাৎ করে বালু ঢাল বেয়ে নিচে নেমে আসার কারণেই এই ধুলার মেঘ তৈরি হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মঙ্গলের এসব বালুর স্তূপের আকৃতিও পরিবর্তিত হয়। কিছু স্তূপের নিচের অংশ এক মঙ্গলবর্ষে সর্বোচ্চ ৪ দশমিক ৭ মিটার পর্যন্ত এগিয়ে যেতে পারে।

অর্থাৎ দূর থেকে গাছের বন মনে হলেও মঙ্গলের বরফে ঢাকা এই রহস্যময় দৃশ্যের পেছনে রয়েছে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়া। নাসার এই পর্যবেক্ষণ লাল গ্রহের আবহাওয়া, বরফ এবং বালুর গতিবিধি সম্পর্কে নতুন ধারণা প্রদান করছে।

তথ্যসূত্র: সামা টিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষায় জালিয়াতির ঘটনায় পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


পরীক্ষায় জালিয়াতির ঘটনায় পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন পদত্যাগ করেছেন, কারণ তিনি পরীক্ষায় জালিয়াতি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ঘটনায় তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।

গত সপ্তাহে, দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্বে এই জালিয়াতির ঘটনা প্রকাশ পায়।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, গত রোববার জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেছেন যে, তিনি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে প্রায় পূর্ণ নম্বর অর্জন করেছেন।

‘সুনেউং’ নামক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে এই ঘটনা সামনে আসায়, দেশজুড়ে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে।

প্রতিবছর অনুষ্ঠিত নয় ঘণ্টার এই সুনেউং পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই পরীক্ষার ফলাফল দেশটিতে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি, এমনকি ভালো জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

জালিয়াতির ঘটনা প্রকাশ পাওয়ার পর, পরীক্ষায় অসদুপায় ঠেকাতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করা এবং পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো পদক্ষেপ নেওয়া হয়।

তবে, এসব উদ্যোগের পরও জনমনে আস্থা ফিরিয়ে আনতে পারেননি শিক্ষামন্ত্রী চোই কিও-জিন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই লিখেছেন, ‘কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে জনগণের সমালোচনা থেকে নিজেকে দায়মুক্ত মনে করি না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি।’

প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

এর আগে, সোমবার পার্লামেন্টের এক শুনানিতে, পরীক্ষার দিন সম্ভাব্য জালিয়াতদের শনাক্ত করতে কর্তৃপক্ষ সক্ষম কি না, এমন প্রশ্ন করা হয় ৭২ বছর বয়সী শিক্ষামন্ত্রীকে।

জবাবে তিনি বলেন, ‘আমার বয়সের কারণে আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী নই।’

তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়া নেওয়ার কথা বলে ২৮ জনকে কক্সবাজারে ফেলে পালালো দালালরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


মালয়েশিয়া নেওয়ার কথা বলে ২৮ জনকে কক্সবাজারে ফেলে পালালো দালালরা

দালালচক্র সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ট্রলারে ৭২ জনকে নিয়ে যায়। পরে চার দিন বঙ্গোপসাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে পুলিশ ২৮ জনকে উদ্ধার করে। বাকিরা সৈকত থেকে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশ রোহিঙ্গা নাগরিক। তারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে দালালদের ১০ থেকে ১৫ হাজার টাকা করে দিয়েছিলেন বলে জানা গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা যায়, সোমবার টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট কয়েকটি মাছ ধরার নৌকায় তাদের গভীর সাগরে নিয়ে গিয়ে একটি বড় কাঠের ট্রলারে তুলে দেওয়া হয়। ওই দিন রাতে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের কাছে উপকূলে অবস্থান নেয়।

এদিকে, বৃহস্পতিবার রাতে যাত্রীদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার ব্যাপারে ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিবাদ শুরু হয়। পরবর্তীতে শুক্রবার রাতে মাঝিমাল্লারা ট্রলারটি কক্সবাজার সৈকতে নিয়ে আসেন। তারা যাত্রীদের পানিতে নেমে পালিয়ে যেতে বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ট্রলারটি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে ভিড়লে হৈচৈ শুরু হয়। এ সময় ট্রলারে থাকা নারী-পুরুষরা কোমরসমান পানিতে ঝাঁপ দিয়ে বালুচরে উঠতে থাকেন। কেউ কেউ পাশের ঝাউবাগানে ঢুকে পড়েন। নারী-পুরুষের কয়েকটি দল শহরের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৮ জনকে উদ্ধার করে। ট্রলারটি সৈকতে রেখেই মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যরা পালিয়ে যান।

উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বাসিন্দা মো. ইলিয়াছ জানান, ১৬ নভেম্বর সন্ধ্যায় টেকনাফ সৈকতের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে তাকে ও আরো ১৬ জনকে ছোট একটি নৌকায় তুলে গভীর সাগরে নিয়ে বড় আকৃতির আরেকটি ট্রলারে তুলে দেওয়া হয়। ওই ট্রলারে আগে থেকেই ৪০ জনের বেশি নারী-পুরুষ ছিলেন।

তিনি আরও জানান, ওই দিন রাতে ৭২ জন যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সেন্ট মার্টিনের কাছাকাছি গিয়ে ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এর ফলে শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজার সৈকতে ভিড়ে। ট্রলারে ১৭ জন মাঝিমাল্লা ও দালাল ছিলেন বলেও জানান তারা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, টেকনাফ থেকে ট্রলারে তুলে যাত্রীদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু বিরোধের কারণে দালাল চক্র গভীর রাতে তাদের কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সৈকত এলাকা থেকে ২৮ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু। তাদের অধিকাংশ রোহিঙ্গা। বাকিরা কক্সবাজারের টেকনাফ, বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ২৮ জনের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরে রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে এবং বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাচার কাজে ব্যবহৃত জব্দ ট্রলারটি কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। পালিয়ে যাওয়া দালালদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা কয়েকজন দালালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%