ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সোমবার ধর্মঘটের কারণে বেলজিয়ামে বিমান চলাচল অচল হওয়ার আশঙ্কা


সোমবার ধর্মঘটের কারণে বেলজিয়ামে বিমান চলাচল অচল হওয়ার আশঙ্কা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : সরকারের ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘটে অংশগ্রহণ করছেন বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থার কর্মীরা। এর ফলে সোমবার বেলজিয়ামের অধিকাংশ ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ তথ্য জানায় সংবাদ সংস্থা এএফপি।

বেলজিয়ামের আকাশসীমা ও বিমানবন্দরগুলোর বিমান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্কাইস শনিবার জানিয়েছে, ২৩ নভেম্বর সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বেলজিয়ামের বিমানবন্দরগুলোতে এবং আকাশসীমায় নিয়মিত বিমান চলাচল নিয়ন্ত্রণ সেবা প্রদান করা সম্ভব হবে না।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, ‘ওই সময়ে প্রত্যাশিত কর্মী উপস্থিতি দিয়ে নিয়মিত বিমান চলাচল নিরাপদভাবে পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে না। তাই সাময়িকভাবে সংশ্লিষ্ট সেবা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে স্কাইস।’

দেশটির উচ্চ বাজেট ঘাটতি কমানোর লক্ষ্যে আগামী কয়েক বছরে ১০ বিলিয়ন ইউরো সাশ্রয়ের পরিকল্পনা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। তার সরকারের এ ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে গত কয়েক মাসে বেলজিয়ামে একাধিক ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

স্কাইস জানায়, জরুরি পরিস্থিতি এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাইট পরিচালনায় প্রয়োজনীয় ন্যূনতম সেবা চালু থাকবে।

তবে ইউরোপের স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ারের প্রধান কেন্দ্র শারলেরো বিমানবন্দর জানায়, বিমান নিয়ন্ত্রকদের ধর্মঘটের কারণে সারা দেশের সব বিমানবন্দরের কার্যক্রম সম্পূর্ণ এক দিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন।

আরও পড়ুন: এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে ভারতের অবস্থান, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়া কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারে না।’

ধর্মঘটের সিদ্ধান্তকে শেষ মুহূর্তের সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এর পরিণতি হবে ‘ভয়াবহ’।

দেশটির সবচেয়ে বড় বিমানবন্দর ব্রাসেলস বিমানবন্দর জানিয়েছে, সোমবার অধিকাংশ আগমন ও বহির্গমন ফ্লাইট বাতিল করতে হবে।

রক্ষণশীল ফ্লেমিশ নেতা প্রধানমন্ত্রী ডি ওয়েভার আগামী সোমবারের মধ্যে নতুন ব্যয় সংকোচনমূলক বাজেট নিয়ে সমঝোতায় পৌঁছাতে জোট সরকারের অংশীদারদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: হজযাত্রীদের টিকা নেওয়ার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

চলতি মাসের শুরুতে জোটের শরিকদের মধ্যে সমঝোতা না হওয়ায় তিনি পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন।

তবে বেলজিয়ামের রাজা ফিলিপ তার পদত্যাগ গ্রহণ করেননি। বরং সংকট সমাধানের জন্য তাকে আরও সময় দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গল গ্রহে বরফের বুকে রহস্যময় ‘গাছের বন’!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


মঙ্গল গ্রহে বরফের বুকে রহস্যময় ‘গাছের বন’!

মঙ্গলের লাল গ্রহে বরফে ঢাকা বিস্তৃত অঞ্চলে গাছের মতো অদ্ভুত নকশার অস্তিত্ব দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয়, বরফের চাদরে ঢাকা কোনো এলাকায় ঘন বন গড়ে উঠেছে। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, এগুলো আসলে গাছ নয়। বরং বরফে ঢাকা বালুর স্তূপের ওপর কালো রেখা ও শাখা-প্রশাখার মতো আকৃতির সৃষ্টি হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (নাসা) মার্স রিকনাইস্যান্স অরবিটার মহাকাশযানের ক্যামেরায় এই বিস্ময়কর দৃশ্যটি ধরা পড়েছে। ছবিটি মঙ্গলের উত্তর মেরুর কাছাকাছি একটি এলাকায় তোলা হয়েছে। সেখানে বরফে ঢাকা বালুর স্তূপের ওপর অসংখ্য গাঢ় রঙের রেখা ছড়িয়ে রয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের শীতকালে কার্বন ডাই-অক্সাইডের বরফে ঢেকে যায় বালুর স্তূপগুলো। বসন্ত আসলে সূর্যের আলোতে সেই বরফ উত্তপ্ত হতে শুরু করে। তবে এটি পৃথিবীর মতো গলে পানিতে পরিণত হয় না। বরং সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসে রূপান্তরিত হয়। বিজ্ঞানের ভাষায় এ প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলা হয়।

এ সময় বরফের নিচে গ্যাস জমতে থাকায় চাপ বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে বরফের উপরিভাগে ফাটল তৈরি হয়। সেই ফাটল দিয়ে গ্যাসের সঙ্গে বেরিয়ে আসে নিচে জমে থাকা কালো বালু। পরবর্তীতে বালুগুলো ঢাল বেয়ে নিচে নেমে আসে। এইভাবে বরফের ওপর গাছের শাখা-প্রশাখার মতো অদ্ভুত নকশা তৈরি হয়।

নাসার প্রকাশিত ছবিতে একটি বালুর স্তূপ থেকে ধুলার মেঘও ওপরে উঠতে দেখা গেছে। বিজ্ঞানীদের ধারণা, হঠাৎ করে বালু ঢাল বেয়ে নিচে নেমে আসার কারণেই এই ধুলার মেঘ তৈরি হয়েছে।

গবেষণায় দেখা গেছে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মঙ্গলের এসব বালুর স্তূপের আকৃতিও পরিবর্তিত হয়। কিছু স্তূপের নিচের অংশ এক মঙ্গলবর্ষে সর্বোচ্চ ৪ দশমিক ৭ মিটার পর্যন্ত এগিয়ে যেতে পারে।

অর্থাৎ দূর থেকে গাছের বন মনে হলেও মঙ্গলের বরফে ঢাকা এই রহস্যময় দৃশ্যের পেছনে রয়েছে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়া। নাসার এই পর্যবেক্ষণ লাল গ্রহের আবহাওয়া, বরফ এবং বালুর গতিবিধি সম্পর্কে নতুন ধারণা প্রদান করছে।

তথ্যসূত্র: সামা টিভি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষায় জালিয়াতির ঘটনায় পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


পরীক্ষায় জালিয়াতির ঘটনায় পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিও-জিন পদত্যাগ করেছেন, কারণ তিনি পরীক্ষায় জালিয়াতি করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ঘটনায় তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।

গত সপ্তাহে, দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পূর্বে এই জালিয়াতির ঘটনা প্রকাশ পায়।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, গত রোববার জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেছেন যে, তিনি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে প্রায় পূর্ণ নম্বর অর্জন করেছেন।

‘সুনেউং’ নামক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাত্র চার দিন আগে এই ঘটনা সামনে আসায়, দেশজুড়ে এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা ছড়িয়ে পড়ে।

প্রতিবছর অনুষ্ঠিত নয় ঘণ্টার এই সুনেউং পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই পরীক্ষার ফলাফল দেশটিতে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি, এমনকি ভালো জীবনসঙ্গী পাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

জালিয়াতির ঘটনা প্রকাশ পাওয়ার পর, পরীক্ষায় অসদুপায় ঠেকাতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে উন্মুক্ত ওয়াই-ফাই সংযোগ বন্ধ করা এবং পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো পদক্ষেপ নেওয়া হয়।

তবে, এসব উদ্যোগের পরও জনমনে আস্থা ফিরিয়ে আনতে পারেননি শিক্ষামন্ত্রী চোই কিও-জিন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চোই লিখেছেন, ‘কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগে থেকে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে জনগণের সমালোচনা থেকে নিজেকে দায়মুক্ত মনে করি না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করে পদত্যাগের প্রস্তাব দিচ্ছি।’

প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।

এর আগে, সোমবার পার্লামেন্টের এক শুনানিতে, পরীক্ষার দিন সম্ভাব্য জালিয়াতদের শনাক্ত করতে কর্তৃপক্ষ সক্ষম কি না, এমন প্রশ্ন করা হয় ৭২ বছর বয়সী শিক্ষামন্ত্রীকে।

জবাবে তিনি বলেন, ‘আমার বয়সের কারণে আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী নই।’

তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারের পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়া নেওয়ার কথা বলে ২৮ জনকে কক্সবাজারে ফেলে পালালো দালালরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


মালয়েশিয়া নেওয়ার কথা বলে ২৮ জনকে কক্সবাজারে ফেলে পালালো দালালরা

দালালচক্র সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ট্রলারে ৭২ জনকে নিয়ে যায়। পরে চার দিন বঙ্গোপসাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে পুলিশ ২৮ জনকে উদ্ধার করে। বাকিরা সৈকত থেকে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশ রোহিঙ্গা নাগরিক। তারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে দালালদের ১০ থেকে ১৫ হাজার টাকা করে দিয়েছিলেন বলে জানা গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা যায়, সোমবার টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট কয়েকটি মাছ ধরার নৌকায় তাদের গভীর সাগরে নিয়ে গিয়ে একটি বড় কাঠের ট্রলারে তুলে দেওয়া হয়। ওই দিন রাতে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের কাছে উপকূলে অবস্থান নেয়।

এদিকে, বৃহস্পতিবার রাতে যাত্রীদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার ব্যাপারে ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিবাদ শুরু হয়। পরবর্তীতে শুক্রবার রাতে মাঝিমাল্লারা ট্রলারটি কক্সবাজার সৈকতে নিয়ে আসেন। তারা যাত্রীদের পানিতে নেমে পালিয়ে যেতে বলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ট্রলারটি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে ভিড়লে হৈচৈ শুরু হয়। এ সময় ট্রলারে থাকা নারী-পুরুষরা কোমরসমান পানিতে ঝাঁপ দিয়ে বালুচরে উঠতে থাকেন। কেউ কেউ পাশের ঝাউবাগানে ঢুকে পড়েন। নারী-পুরুষের কয়েকটি দল শহরের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৮ জনকে উদ্ধার করে। ট্রলারটি সৈকতে রেখেই মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যরা পালিয়ে যান।

উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বাসিন্দা মো. ইলিয়াছ জানান, ১৬ নভেম্বর সন্ধ্যায় টেকনাফ সৈকতের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে তাকে ও আরো ১৬ জনকে ছোট একটি নৌকায় তুলে গভীর সাগরে নিয়ে বড় আকৃতির আরেকটি ট্রলারে তুলে দেওয়া হয়। ওই ট্রলারে আগে থেকেই ৪০ জনের বেশি নারী-পুরুষ ছিলেন।

তিনি আরও জানান, ওই দিন রাতে ৭২ জন যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সেন্ট মার্টিনের কাছাকাছি গিয়ে ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এর ফলে শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজার সৈকতে ভিড়ে। ট্রলারে ১৭ জন মাঝিমাল্লা ও দালাল ছিলেন বলেও জানান তারা।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, টেকনাফ থেকে ট্রলারে তুলে যাত্রীদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু বিরোধের কারণে দালাল চক্র গভীর রাতে তাদের কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সৈকত এলাকা থেকে ২৮ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু। তাদের অধিকাংশ রোহিঙ্গা। বাকিরা কক্সবাজারের টেকনাফ, বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ২৮ জনের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরে রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে এবং বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাচার কাজে ব্যবহৃত জব্দ ট্রলারটি কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। পালিয়ে যাওয়া দালালদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা কয়েকজন দালালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার সামরিক অভিযান সত্ত্বেও ভারতের ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


গাজার সামরিক অভিযান সত্ত্বেও ভারতের ইসরাইলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল গান্ধী

গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও গণহত্যা নিয়ে বিশ্বজুড়ে চলমান সমালোচনার মধ্যেও ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ইসরাইলের সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, ইসরাইলের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখা উচিত। তার মতে, পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে অন্য দেশের স্বার্থের চেয়ে ভারতের নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক বিশ্লেষক রবার্ট পেপের সঙ্গে আলোচনার সময় রাহুল গান্ধী এসব মন্তব্য করেন। তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করেন।

আলোচনায় রাহুল গান্ধী বলেন, ‘ইসরাইলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি। আমি ইসরাইলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়টিকে পুরোপুরি সমর্থন করি।’ তিনি আরও বলেন, ভারতের সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র কোথা থেকে কেনা হবে, সেটি নির্ধারণের স্বাধীনতা নয়াদিল্লির থাকা উচিত। তার যুক্তি, অন্য কোনো দেশের রাজনৈতিক অগ্রাধিকার কিংবা পররাষ্ট্রনীতির চাপে পড়ে ভারতের অস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করলেও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়টি উল্লেখ করেন রাহুল। তিনি বলেন, বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের জনসংখ্যা প্রায় ১৫০ কোটি উল্লেখ করে কংগ্রেস নেতা বলেন, ‘আমরা অনেক বড় একটি দেশ। আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত আমাদের জন্য কোনটি ভালো, তার ভিত্তিতে; অন্যদের জন্য কোনটি ভালো, তার ভিত্তিতে নয়।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই আলোচনার ভিডিও প্রকাশ করেন রাহুল গান্ধী। সেখানে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নিজস্ব স্বার্থকে প্রাধান্য দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন।

একই দিনে ইসরাইলের সঙ্গে চুক্তি

রাহুল গান্ধীর বক্তব্যের দিনেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরাইলের সঙ্গে নতুন সামরিক চুক্তির ঘোষণা দেয়। নয়াদিল্লি ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তি করেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ হাজার ৫৮০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

চুক্তিটি গত ১৮ নভেম্বর সই হয়। এর আওতায় ভারতীয় নৌবাহিনীর জাহাজে স্থাপিত বারাক পয়েন্ট ডিফেন্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উন্নয়ন করা হবে। এতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার হার্ডওয়্যার ও সফটওয়্যার হালনাগাদের পাশাপাশি পুরোনো যন্ত্রাংশ ব্যবস্থাপনার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

রাহুল গান্ধীর বক্তব্য এবং একই সময়ে ইসরাইলের সঙ্গে ভারতের নতুন প্রতিরক্ষা চুক্তি দুই দেশের দীর্ঘদিনের সামরিক ও নিরাপত্তা সহযোগিতার বিষয়টি আবারও সামনে এনেছে।

এর আগে চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরাইলি নজরদারি প্রযুক্তি প্রতিষ্ঠান সেলিব্রাইটের কাছ থেকে মোবাইল ফোনের লক খোলার প্রযুক্তি কেনার অনুমোদন দিয়েছেন। অধিকারকর্মীরা ভারতের বিভিন্ন রাজ্যে কংগ্রেসশাসিত সরকারগুলোর বিরুদ্ধেও ইসরাইলি ফোন থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনার অভিযোগ তুলেছেন।

এদিকে রাহুল গান্ধীর বক্তব্যের সমালোচনা করেছেন ভারতের একাধিক অধিকারকর্মী ও শিক্ষাবিদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় অধিকারকর্মী মিডল ইস্ট আইকে বলেন, রাহুল গান্ধী নিজের বক্তব্যের মধ্যেই স্ববিরোধিতা তৈরি করেছেন। তার ভাষ্য, একদিকে রাহুল বলছেন, ভারতের পররাষ্ট্রনীতি দেশের স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। অন্যদিকে তিনি ইসরাইলের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে কথা বলছেন। অথচ গত তিন বছরে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের চিত্র আন্তর্জাতিকভাবে স্পষ্ট হয়েছে।

ওই অধিকারকর্মীর মতে, ভারতের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা ইসরাইলের প্রয়োজন, ভারতের নয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হয়ে উঠেছে নয়াদিল্লি। সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক বিস্তৃত হয়েছে।

২০২৬ সালের শুরুর দিকে ইসরাইল সফর করেন নরেন্দ্র মোদি। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর কিছুদিন আগে তার এই সফর অনুষ্ঠিত হয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময় ভারতের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার মুখে পড়লেও ভারতে দেশটির প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, আন্তর্জাতিকভাবে ইসরাইলকে বৈধতা দেওয়ার বিষয়ে বিরোধিতা বাড়লেও ভারতে দেশটির প্রতি সমর্থন অত্যন্ত বেশি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত জুলাইয়ের এক প্রতিবেদনে ভারতের সঙ্গে ইসরাইলের অস্ত্র বাণিজ্যের বিস্তারিত তথ্য উঠে আসে। সংস্থাটির অনুসন্ধান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরাইলে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের বিভিন্ন যন্ত্রাংশ পাঠানো হয়েছে।

এসব চালানের মধ্যে ছিল কামানের গোলা, মেশিনগানের যন্ত্রাংশ, বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যান তৈরির বিভিন্ন উপকরণ।

প্রতিবেদনে বলা হয়, গাজায় আন্তর্জাতিক অপরাধ সংঘটনের অভিযোগ ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সামনে আসার পরও ইসরাইলকে সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখায় আন্তর্জাতিক আইনের আওতায় ভারতের দায়বদ্ধতার প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে এসব সরঞ্জাম যুদ্ধাপরাধ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে ব্যবহৃত হলে তা নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিষয়ে কংগ্রেসের কয়েকজন নেতা মোদি সরকারের অবস্থানের সমালোচনা করলেও দলটি এখন পর্যন্ত ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানায়নি। এমনকি দক্ষিণ আফ্রিকার করা ইসরাইলবিরোধী গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ভারতের যুক্ত হওয়ার দাবিও তোলেনি দলটি।

কংগ্রেস আমলেই শুরু ইসরাইলের সঙ্গে সম্পর্ক

ভারত ও ইসরাইলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালের জানুয়ারিতে। তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময় দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

তবে এর ভিত্তি তৈরি হয়েছিল আরও আগে। রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৮০-এর দশকে ইসরাইলের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নেওয়া হয়।

১৯৮৫ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেন রাজীব গান্ধী। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার আগে এটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক যোগাযোগ হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া রাহুল গান্ধীর দাদি ইন্দিরা গান্ধীর শাসনামলে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%