প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দালালচক্র সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ট্রলারে ৭২ জনকে নিয়ে যায়। পরে চার দিন বঙ্গোপসাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।
শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে পুলিশ ২৮ জনকে উদ্ধার করে। বাকিরা সৈকত থেকে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশ রোহিঙ্গা নাগরিক। তারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে দালালদের ১০ থেকে ১৫ হাজার টাকা করে দিয়েছিলেন বলে জানা গেছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা যায়, সোমবার টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট কয়েকটি মাছ ধরার নৌকায় তাদের গভীর সাগরে নিয়ে গিয়ে একটি বড় কাঠের ট্রলারে তুলে দেওয়া হয়। ওই দিন রাতে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের কাছে উপকূলে অবস্থান নেয়।
এদিকে, বৃহস্পতিবার রাতে যাত্রীদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার ব্যাপারে ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিবাদ শুরু হয়। পরবর্তীতে শুক্রবার রাতে মাঝিমাল্লারা ট্রলারটি কক্সবাজার সৈকতে নিয়ে আসেন। তারা যাত্রীদের পানিতে নেমে পালিয়ে যেতে বলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ট্রলারটি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে ভিড়লে হৈচৈ শুরু হয়। এ সময় ট্রলারে থাকা নারী-পুরুষরা কোমরসমান পানিতে ঝাঁপ দিয়ে বালুচরে উঠতে থাকেন। কেউ কেউ পাশের ঝাউবাগানে ঢুকে পড়েন। নারী-পুরুষের কয়েকটি দল শহরের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৮ জনকে উদ্ধার করে। ট্রলারটি সৈকতে রেখেই মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যরা পালিয়ে যান।
উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বাসিন্দা মো. ইলিয়াছ জানান, ১৬ নভেম্বর সন্ধ্যায় টেকনাফ সৈকতের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে তাকে ও আরো ১৬ জনকে ছোট একটি নৌকায় তুলে গভীর সাগরে নিয়ে বড় আকৃতির আরেকটি ট্রলারে তুলে দেওয়া হয়। ওই ট্রলারে আগে থেকেই ৪০ জনের বেশি নারী-পুরুষ ছিলেন।
তিনি আরও জানান, ওই দিন রাতে ৭২ জন যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। সেন্ট মার্টিনের কাছাকাছি গিয়ে ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এর ফলে শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজার সৈকতে ভিড়ে। ট্রলারে ১৭ জন মাঝিমাল্লা ও দালাল ছিলেন বলেও জানান তারা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, টেকনাফ থেকে ট্রলারে তুলে যাত্রীদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু বিরোধের কারণে দালাল চক্র গভীর রাতে তাদের কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সৈকত এলাকা থেকে ২৮ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু। তাদের অধিকাংশ রোহিঙ্গা। বাকিরা কক্সবাজারের টেকনাফ, বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ২৮ জনের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরে রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে এবং বাংলাদেশিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাচার কাজে ব্যবহৃত জব্দ ট্রলারটি কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। পালিয়ে যাওয়া দালালদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা কয়েকজন দালালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন