০৩:০৫ পি.এম
এএফসি এশিয়ান কাপ হচ্ছে এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা। সৌদি আরব ২০২৭ সালের আসরের আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে এই টুর্নামেন্টটি প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
আগের পরিকল্পনা অনুযায়ী, এশিয়ান কাপ ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সময়সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি শুরু হবে ২০২৭ সালের ২৩ ডিসেম্বর এবং শেষ হবে ২০২৮ সালের ২১ জানুয়ারি।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাদের এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং এর ফলে উদ্ভূত লজিস্টিক জটিলতা ও যাতায়াতের বিঘ্নের কারণে সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: আফ্রিদির উদ্যোগে ৭৫০ পরিবার পেল নিরাপদ আশ্রয়
বিবৃতিতে এএফসি উল্লেখ করেছে, অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতির কারণে উদ্ভূত বিশেষ পরিস্থিতি, বিশেষ করে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা ও যাতায়াতের বিঘ্নের বিষয়টি বিবেচনা করেই টুর্নামেন্টের সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুমোদনের জন্য ফিফার কাছে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতির প্রভাব সৌদি আরবের অন্যান্য ক্রীড়া আয়োজনেও পড়ছে। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টেনিসের প্রদর্শনীমূলক টুর্নামেন্ট ‘সিক্স কিংস স্ল্যাম’, যা বাতিল করা হয়েছে।
এশিয়ান কাপের সূচি পরিবর্তনের ফলে অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি, ভ্রমণ ও আবাসনের পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হবে। এতে আয়োজকদের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে।
তবে ২০২৭ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। বাছাইপর্বে সিঙ্গাপুর, হংকং ও ভারতের সঙ্গে ‘সি’ গ্রুপে খেলেছিল হামজা চৌধুরীদের দল। ছয় ম্যাচে এক জয়, দুই ড্র ও তিন হারে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বাংলাদেশের অভিযান শেষ হয়েছে।
আরও পড়ুন: আফগান প্রিমিয়ার লিগে সাকিব ও নাহিদ পেলেন নতুন দল
অন্যদিকে, গ্রুপের অপরাজিত দল হিসেবে ১৪ পয়েন্ট নিয়ে সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে সিঙ্গাপুর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন