শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:০৭ পি.এম
বাগেরহাট, ২০ নভেম্বর, ২০২৬ : সদর উপজেলার খানপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কাছারিবাড়ি এলাকায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত খানপুর ইউনিয়নের কাছারিবাড়ি এলাকায় অবস্থিত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জড়িত রয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বাসসকে জানিয়েছেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উপাচার্যের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধনের সময়সীমা ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে, নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিতে প্রতিবেদন উপস্থাপনের শর্তে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।
নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে এ তথ্য প্রচারের জন্য আইসিটি সেল ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, বিজ্ঞপ্তির অনুলিপি দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে গঠিত নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, জকসু, ক্রিয়াশীল ছাত্রসংগঠনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাকরিজীবনে পদোন্নতি প্রত্যাশা করে প্রত্যেক কর্মী। তবে পদোন্নতি নিশ্চিত করতে শুধুমাত্র কাজের দক্ষতা বা অভিজ্ঞতা যথেষ্ট নয়। কর্মক্ষেত্রে আচরণ, দায়িত্ব পালনের মানসিকতা, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং কর্তৃপক্ষের আস্থা, এসব বিষয় পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দীর্ঘ কর্মজীবনে পদোন্নতি কমিটিতে সদস্য ও প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে একজন অভিজ্ঞ কর্মকর্তা সাতটি কারণ তুলে ধরেছেন। তার মতে, এসব দুর্বলতা একজন দক্ষ কর্মীরও পদোন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
১. দক্ষতা থাকলেও আচরণে সমস্যা
কর্মক্ষেত্রে দক্ষতা গুরুত্বপূর্ণ, কিন্তু ভালো আচরণের গুরুত্বও কম নয়। অনেক কর্মী কাজের ক্ষেত্রে পারদর্শী হলেও সহকর্মী ও অধস্তনদের সঙ্গে আচরণে ইতিবাচক নন। এ কারণে কর্তৃপক্ষ তাদের উচ্চপদে দায়িত্ব দিতে আগ্রহী হয় না।
কারণ, পদ যত বড় হয়, মানুষের সঙ্গে কাজ করার দায়িত্বও তত বাড়ে। একজন কর্মকর্তার খারাপ আচরণ পুরো প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই শুধু কাজের দক্ষতা নয়, ভালো ব্যবহারও পদোন্নতির অন্যতম শর্ত।
২. অফিস পলিটিক্সে জড়িয়ে পড়া
কর্মক্ষেত্রে দলাদলি ও অফিস পলিটিক্স একজন কর্মীর ক্যারিয়ারের জন্য বড় বাধা হতে পারে। এসব কর্মকাণ্ডে জড়িয়ে কেউ কেউ সাময়িক সুবিধা পেলেও দীর্ঘ মেয়াদে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিশেষ কোনো গোষ্ঠী বা প্রভাবশালী ব্যক্তির ওপর নির্ভর করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি বদলানোর সঙ্গে সঙ্গে সেই সুবিধাও হারিয়ে যেতে পারে। এমনকি চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হয়। তাই অফিস পলিটিক্সের পরিবর্তে নিজের কাজ ও পেশাগত যোগ্যতার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।
৩. বাড়তি দায়িত্ব নিতে অনীহা
চাকরির ক্ষেত্রে নির্ধারিত দায়িত্বের বাইরেও অনেক সময় প্রতিষ্ঠানের প্রয়োজনে বাড়তি কাজ করতে হয়। কিন্তু কিছু কর্মী অতিরিক্ত দায়িত্ব নিতে চান না বা বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যান।
এ ধরনের মানসিকতা পদোন্নতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। কারণ, কর্তৃপক্ষ সাধারণত এমন কর্মীকেই উচ্চপদে দেখতে চান, যিনি প্রয়োজনে বাড়তি দায়িত্ব নিতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।
৪. সিদ্ধান্ত নিতে দ্বিধা করা
উচ্চপদে দায়িত্ব পালনের জন্য দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক কর্মী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অযথা দ্বিধা করেন কিংবা দায়িত্ব এড়িয়ে চলেন। এতে কাজ জমে থাকে এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অভিজ্ঞতায়, তার এক সাবেক বস নিজের টেবিল সব সময় ফাইলমুক্ত রাখার বিষয়টি নিয়ে গর্ব করতেন। কিন্তু পরে জানা যায়, তিনি কোনো ফাইলে সহজে সিদ্ধান্ত দিতেন না। ফলে তার সহকারীর টেবিলে ফাইল জমে থাকত। শেষ পর্যন্ত সিদ্ধান্তহীনতার কারণেই তিনি পদোন্নতির বিবেচনায় পিছিয়ে পড়েন।
৫. ব্যক্তিগত পক্ষপাত ও আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থতা
কর্মক্ষেত্রে আবেগ থাকা স্বাভাবিক। তবে দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত আবেগ ও পেশাগত সিদ্ধান্তের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। বিশেষ করে উচ্চপদে দায়িত্ব পালন করতে হলে অনেক ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে ন্যায়সংগত সিদ্ধান্ত নিতে হয়।
যারা ব্যক্তিগত সম্পর্ক বা পক্ষপাতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, তাদের ওপর কর্তৃপক্ষের আস্থা কমে যেতে পারে। এতে প্রতিষ্ঠানের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই পদোন্নতির ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ, নিরপেক্ষতা ও পেশাদার আচরণ গুরুত্বপূর্ণ।
৬. নতুন কিছু শেখার আগ্রহ না থাকা
প্রযুক্তি ও কর্মপরিবেশ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সেই সঙ্গে বদলে যাচ্ছে অফিস পরিচালনা, কাজের ধরন এবং ব্যবস্থাপনার পদ্ধতি। এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নিয়মিত নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হয়।
যেসব কর্মী পুরোনো পদ্ধতি আঁকড়ে ধরে থাকেন এবং নতুন কিছু শিখতে আগ্রহী নন, তারা সময়ের সঙ্গে পিছিয়ে পড়েন। ফলে উচ্চপদে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের পদোন্নতি আটকে যেতে পারে।
৭. কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে না পারা
পদোন্নতির ক্ষেত্রে কর্তৃপক্ষের আস্থা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। একজন কর্মী যতই দক্ষ হোন না কেন, তার সততা, বিশ্বস্ততা ও দায়িত্বশীলতা নিয়ে কর্তৃপক্ষের মনে প্রশ্ন থাকলে পদোন্নতির সুযোগ কমে যায়।
সাধারণত কর্তৃপক্ষ এমন কর্মীদের উচ্চপদে দায়িত্ব দিতে চান, যাদের ওপর নির্ভর করা যায়। এ জন্য কাজের দক্ষতার পাশাপাশি সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের মাধ্যমে আস্থা অর্জন করতে হয়।
তবে কর্তৃপক্ষের আস্থাভাজন হওয়ার অর্থ অন্ধ আনুগত্য নয়। বরং অন্যায়কে সমর্থন না করে সততা ও পেশাদারিত্ব বজায় রাখাই একজন কর্মীর প্রকৃত যোগ্যতা।
সব মিলিয়ে, পদোন্নতি কেবল কাজের দক্ষতা কিংবা চাকরির অভিজ্ঞতার ওপর নির্ভর করে না। ব্যক্তিত্ব, আচরণ, দায়িত্বশীলতা, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং শেখার মানসিকতাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বিষয়ে সচেতন থাকলে কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ বাড়তে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাঙামাটি, ২০ নভেম্বর, ২০২৬ : সুবর্ণজয়ন্তী ও কঠিন চীবর দানোৎসব উপলক্ষে রাজবন বিহার, বৌদ্ধ ধর্মালম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, পরিদর্শন করেন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।
আজ শুক্রবার সকালে, তিনি রাজবন বিহারের প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তিনি সদর জোনের পক্ষ থেকে বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরের কাছে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং উপস্থিত পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং রাজবন বিহার পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবন বিহার পরিদর্শন শেষে জোন কমান্ডার জানান, "রাঙামাটি সদর জোন ধর্ম-বর্ণ নির্বিশেষে পার্বত্য অঞ্চলের সকল মানুষের কল্যাণ ও নিরাপত্তায় সর্বদা কাজ করে যাচ্ছে।"
তিনি আরও জানান, রাজবন বিহারের ঐতিহ্যবাহী কঠিন চীবর দানোৎসব যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে সদর জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জোন কমান্ডারের পরিদর্শনকালে কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উৎসবে প্রায় ১০ থেকে ১২ হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থীর সমাগম ঘটে। এ সময় পুরো বিহার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
আজ সন্ধ্যায় রাজবন বিহারে ফানুস উড়ানোর মাধ্যমে শেষ হবে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ, তাদের প্রাক্তন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক সংগঠন ‘দ্য গ্রেগরিয়ান সোসাইটি’ (টিজিএস)-এর সহযোগিতায় ঢাকার লক্ষ্মীবাজার ক্যাম্পাসে ‘গ্রেগরিয়ান মিউজিয়াম’ উদ্বোধন করেছে। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির ১৪৪ বছরের ইতিহাস ও ঐতিহ্য একটি স্থায়ী ঠিকানা লাভ করেছে।
জাদুঘরটি মূল ভবনের পঞ্চম তলায় অবস্থিত, যেখানে ১৮৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির যাত্রাপথ তুলে ধরা হয়েছে। এখানে সংরক্ষিত ঐতিহাসিক নথিপত্র, আলোকচিত্র, বিভিন্ন নিদর্শন ও স্মারকসামগ্রী প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রেগরিয়ানদের (সেন্ট গ্রেগরিসের প্রাক্তন শিক্ষার্থীদের) অবদানকে সমাজে ফুটিয়ে তোলে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় অতিথিদের অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর অনুষ্ঠানের সূচনা, জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর্ব অনুষ্ঠিত হয়। টিজিএসের সহসভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী (গ্রেগরিয়ান) শাকিল কাসেম স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টিজিএসের প্রধান পৃষ্ঠপোষক এবং সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেভারেন্ড ব্রাদার প্লাসিড পিটার রিবেইরো, সিএসসি।
টিজিএস সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী ইউসুফ রহমান জাদুঘরটির পেছনের লক্ষ্য ও দর্শন তুলে ধরেন; এরপর প্রকল্পটির ওপর একটি ভিডিও উপস্থাপনা দেখানো হয়। অনুষ্ঠানে বিশিষ্ট গ্রেগরিয়ানদের মধ্যে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ড. রুমি আলী, ড. তাহমিদ আহমেদ, মাহফুজ আনাম, কামরান টি. রহমান, সি আর আবরার এবং মাসরুর মামুন উপস্থিত ছিলেন।
সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ড. রুমি আলী, ড. তাহমিদ আহমেদ এবং কামরান টি. রহমান টিজিএসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ড. রুমি আলী এই উদ্যোগ সম্পর্কে তার ভাবনা ব্যক্ত করেন। এ ছাড়া ড. তাহমিদ আহমেদ, মাহফুজ আনাম, সি আর আবরার এবং মাসরুর মামুনও অনুষ্ঠানে বক্তব্য দেন। টিজিএসের (TGS) ভাইস-প্রেসিডেন্ট গ্রেগোরিয়ান রিজওয়ান খায়ের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এরপর অতিথিরা জাদুঘরটি ঘুরে দেখেন এবং তাঁদের আপ্যায়নের জন্য জলখাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, কর্মী, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং টিজিএস সদস্যরা উপস্থিত ছিলেন। উদযাপনের অংশ হিসেবে গ্রেগরিয়ান, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত সম্মিলনী আয়োজন করা হয় এবং সন্ধ্যায় নিজস্ব ব্যান্ড ‘ব্যান্ডউইডথ’ (Bandwidth)-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ