ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব শুরু, নিরাপত্তায় ৮০ পুলিশ সদস্য মোতায়েন


কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস উৎসব শুরু, নিরাপত্তায় ৮০ পুলিশ সদস্য মোতায়েন

দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির, যা উপমহাদেশের অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন হিসেবে পরিচিত, ২৭৪ বছরের ঐতিহ্য ধারণ করে। মন্দির প্রাঙ্গণে মাসব্যাপী রাস উৎসব শুরু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর আরাধনায় দেশ-বিদেশের ভক্ত, পুণ্যার্থী ও পর্যটকরা মন্দির এলাকা মুখরিত করে তুলেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন। এরপর থেকেই উৎসবের আমেজ মন্দির ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

মহারাজা প্রাণনাথের সময় থেকে চলে আসা এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ১৭৫২ সালে মন্দির নির্মাণ সম্পন্ন হওয়ার পর থেকে রাজবংশের ধর্মীয় রীতি অনুযায়ী রাস উৎসব পালিত হয়ে আসছে।

আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা

উৎসবে আসা পুণ্যার্থী রীতা রানী জানান, তিনি সময় পেলেই রাসমেলায় কান্তজিউ মন্দিরে আসেন। তাঁর বিশ্বাস, এখানে মানত করলে মনের আশা পূরণ হয়। এবারে তিনি পরিবারের সদস্যদের নিয়ে এসে সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন।

দিনাজপুর রাজদেবোত্তর স্টেটের এজেন্ট রনজিৎ সিং বলেন, রাজপ্রথা অনুসারে ২৭৪ বছর ধরে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের নিরাপত্তার জন্য ৮০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও স্বেচ্ছাসেবকদের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে পূজা-অর্চনা ও মেলা উপভোগ করতে পারেন।

এর আগে গত রোববার (২২ নভেম্বর) বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। কঠোর নিরাপত্তার মধ্যে পালকিতে শ্রীশ্রী রুক্মিণী-কান্তজিউ যুগলবিগ্রহ নিয়ে আসা হয় কান্তনগর মন্দিরে।

পোড়ামাটির দৃষ্টিনন্দন কারুকাজ ও অপূর্ব স্থাপত্যশৈলীর জন্য কান্তজিউ মন্দির বছরজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। রাস উৎসবের কারণে এবারও মন্দির প্রাঙ্গণ ধর্মীয় আবহ, ঐতিহ্য ও লোকজ উৎসবের মিলনমেলা হয়ে উঠেছে।

আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এই মোতায়েনের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন বিজিবি সদস্য উপস্থিত রয়েছে।

এছাড়া, চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করছেন।

জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সক্রিয় রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

এই লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ জাহাজে হামলায় আহত লিবিয়ার দুই নৌসদস্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


রুশ জাহাজে হামলায় আহত লিবিয়ার দুই নৌসদস্যের মৃত্যু

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : লিবিয়ার বেনগাজির নিকটবর্তী একটি রুশ জাহাজে হামলার ফলে আহত হওয়া দেশটির নৌবাহিনীর দুই সদস্য মৃত্যুবরণ করেছেন। হামলার দায় ইউক্রেন কর্তৃপক্ষ গ্রহণ করেছে।

মঙ্গলবার রাতে পূর্ব লিবিয়ার প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন।

এএফপি সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা গেছে।

নিহত দুই সেনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পূর্ব লিবিয়ার প্রশাসনের ওই কর্মকর্তা ও সামরিক কমান্ডার মার্শাল খলিফা হাফতারের পুত্র সাদ্দাম হাফতার বলেন, ‘গভীর শোক ও গর্বের সঙ্গে আজ আমি আমাদের নৌবাহিনীর দুই বীর সদস্যের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।’

এটি উল্লেখ্য যে, জাতিসংঘ-স্বীকৃত লিবিয়া সরকারের প্রতিদ্বন্দ্বী প্রশাসন পূর্বাঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। মার্শাল খলিফা হাফতার ওই প্রশাসনের সামরিক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিয়ামেন এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে ৫০টি ৭৩৭-৮ উড়োজাহাজ কিনছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


সিয়ামেন এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে ৫০টি ৭৩৭-৮ উড়োজাহাজ কিনছে

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : চীনের সিয়ামেন এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে ৫০টি ৭৩৭-৮ মডেলের উড়োজাহাজ কেনার জন্য একটি চুক্তি সম্পন্ন করেছে। উল্লেখ্য, সিয়ামেন এয়ারলাইন্স চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান। মঙ্গলবার চায়না সাউদার্ন এয়ারলাইন্স এই তথ্য প্রকাশ করেছে।

এএফপি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, চীনা প্রতিষ্ঠানটি চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করেনি। তবে, উড়োজাহাজগুলোর তালিকামূল্য অনুযায়ী মোট দাম প্রায় ৭৪০ কোটি ডলার হতে পারে, কিন্তু প্রকৃত চুক্তিমূল্য এই পরিমাণের চেয়ে কম হবে বলে জানা গেছে।

একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘প্রকৃত ক্রয়চুক্তিতে বোয়িং সিয়ামেন এয়ারলাইন্সকে উল্লেখযোগ্য পরিমাণ মূল্যছাড় দিয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, চুক্তিটি কার্যকর হওয়ার জন্য সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।

এদিকে, সাংহাই স্টক এক্সচেঞ্জে চায়না সাউদার্ন এয়ারলাইন্স একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া শেয়ারহোল্ডারদের সভায় এয়ারবাসের এ৩২০নিও পরিবারের ১৩৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল: অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইল: অ্যামনেস্টি

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে যে, গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ইসরাইল।

এছাড়া, সংস্থাটির প্রধান আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য ‘গণহত্যার অপরাধ’ সংঘটনের বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের ফলে গাজার নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সন্তান ধারণ ও জন্মদানের সক্ষমতার ওপর ভয়াবহ প্রভাব পড়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ইসরাইলের কর্মকাণ্ডের কারণে গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসা গ্রহণের সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। গর্ভাবস্থায় নানা জটিলতা বেড়ে গেছে, যার মধ্যে গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এসব পরিস্থিতির পেছনে ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ রয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো অবস্থানে অ্যামনেস্টি নেই বলেও স্বীকার করেছে সংস্থাটি।

এ বিষয়ে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়গুলো দেখভালের দায়িত্বে থাকা ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোঅর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট) অ্যামনেস্টির বিরুদ্ধে ‘হামাসের মিথ্যা বয়ানকে সমর্থন করার’ অভিযোগ তোলে।

সংস্থাটি জানায়, ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ২৭ হাজার টনের বেশি চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রবেশ করেছে। এ ছাড়া সেখানে ৩৫টি হাসপাতাল চালু রয়েছে, যার মধ্যে নারীদের স্বাস্থ্যসেবা ও বন্ধ্যাত্বের চিকিৎসার সুবিধাও রয়েছে।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চিকিৎসাসেবা নিতে গিয়ে কিংবা প্রসূতি ওয়ার্ডে অবস্থানকালে ইসরাইলি হামলায় অনেক নারী ও কিশোরী নিহত বা আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অব্যাহত বোমাবর্ষণের মধ্যেও অনেক নারী আহত অবস্থায় গর্ভাবস্থা পার করেছেন কিংবা নিজেদের নবজাতক শিশুর দেখাশোনা করেছেন।

অ্যামনেস্টির মতে, চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর চিকিৎসাসেবা এবং গর্ভকালীন জটিলতা শনাক্ত করার কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এ ছাড়া প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করার জন্য প্রয়োজনীয় অবেদনকারী ওষুধ ও অন্যান্য চিকিৎসাসামগ্রীর সংকট অনেক ক্ষেত্রে প্রাণহানির কারণ হয়েছে।

অ্যামনেস্টি এসব সংকটের জন্য মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের বিধিনিষেধকে দায়ী করেছে। সংস্থাটির মতে, এসব বিধিনিষেধের কারণে মা ও নবজাতকের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে।

প্রতিবেদনের এসব পর্যবেক্ষণের ভিত্তিতে অ্যামনেস্টির মহাসচিব ক্যালামার্ড আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি কর্মকর্তাদের দ্বারা ‘গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে কি না’, তা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আদালতের তদন্তে ‘লিঙ্গভিত্তিক অপরাধ ও প্রজননস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের বিষয়গুলো’ অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের মধ্যে সন্তান জন্মদান বন্ধ বা বাধাগ্রস্ত করার পদক্ষেপ গণহত্যার একটি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

চিকিৎসার কোনো সুযোগ নেই

প্রতিবেদন তৈরির জন্য নেওয়া ২২৮টি সাক্ষাৎকারের মধ্যে দুজন প্যারামেডিক অ্যামনেস্টিকে ২০২৬ সালের শুরুর দিকে ঘটে যাওয়া দুটি ঘটনার কথা জানিয়েছেন। ঘটনাগুলো গাজা উপত্যকায় ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিতকারী তথাকথিত ‘ইয়েলো লাইন’ থেকে কয়েক শ মিটার দূরে ঘটেছিল।

তাদের ভাষ্য অনুযায়ী, উভয় ঘটনায় সন্তান জন্মদানের অপেক্ষায় থাকা এক নারী এবং তাকে হাসপাতালে নিতে পাঠানো অ্যাম্বুলেন্স গুলির মুখে পড়ে।

প্রতিবেদনে ২০২৫ সালে মারা যাওয়া ২০ দিন বয়সী এক শিশুর ঘটনাও উল্লেখ করা হয়েছে। অসুস্থ আরেক শিশুর সঙ্গে একই ইনকিউবেটরে থাকার পর সংক্রমণে শিশুটির মৃত্যু হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর থেকে গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি হামাসের অধীনে পরিচালিত হলেও তাদের প্রকাশিত পরিসংখ্যানকে জাতিসংঘ নির্ভরযোগ্য বলে মনে করে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে গাজায় জীবিত শিশুর জন্মের সংখ্যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় ৪১ শতাংশ কমেছে। জাতিসংঘের তথ্যেও দেখা গেছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সন্তান প্রসবের সংখ্যা কমেছে।

অ্যামনেস্টি আরও জানিয়েছে, গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করেছে—এমন কিছু প্রমাণ তারা পেয়েছে। বিশেষ করে জিম্মিদের আটকে রাখা কিংবা ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের ক্ষেত্রে হাসপাতাল ব্যবহারের তথ্য রয়েছে। তবে হাসপাতালগুলো হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হতো—ইসরাইলের এমন অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পায়নি সংস্থাটি।

যুদ্ধ শুরুর আগে গাজায় ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) বা কৃত্রিম উপায়ে সন্তান ধারণের চিকিৎসা দেওয়া হতো এমন অন্তত নয়টি ক্লিনিক ছিল। কিন্তু বর্তমানে এসব ক্লিনিকের কোনোটিতেই এ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে অ্যামনেস্টি।

সংস্থাটি বলেছে, সংরক্ষণ করে রাখা হাজার হাজার ভ্রƒণ, শুক্রাণু ও ডিম্বাণু ধ্বংস হয়ে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%