ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২২ বছর বয়সী যুবকের মৃত্যু


চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ২২ বছর বয়সী যুবকের মৃত্যু

চাঁদপুরে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ২২ বছর বয়সী যুবক মেহেদীর মর্মান্তিক মৃত্যু ঘটে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সোয়া ৫টার সময় মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করার সময় শহরের দর্জিঘাট এলাকার পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, ফজরের নামাজ শেষে তারা সকালে হাঁটতে বের হন। তখন মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছু সময় পরে দর্জিঘাট এলাকার পূর্ব পাশে কয়েকজন লোকের জটলা দেখতে পান। পরে সেখানে গিয়ে তারা ওই যুবকের মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারের পর্যটনে নতুন সংযোজন আধুনিক রিভার ক্রুজ উদ্বোধন

দুর্ঘটনাস্থলের পাশে মৃত মেহেদীর ব্যবহৃত একটি মুঠোফোন পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি চাঁদপুর রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ফোন থেকে নম্বর সংগ্রহ করে পরিবারের সদস্যদের খবর দেয়।

মৃত মেহেদী পেশায় একটি বেকারির কর্মচারী ছিলেন। তার বাবার নাম সুমন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তবে তিনি শহরের ৭ নম্বর ওয়ার্ডের যমুনা রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

মরদেহ সুরতহালের জন্য নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের সদস্যরা এসে পৌঁছালে মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

আরও পড়ুন: শেরপুরে নিম্নমানের ধানবীজ ফেলে কৃষকদের প্রতিবাদ, ক্ষতিপূরণ দাবি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রিয় অভিনেতা সোহেল খান বগুড়ায় ইন্তেকাল করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


জনপ্রিয় অভিনেতা সোহেল খান বগুড়ায় ইন্তেকাল করেছেন

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : টেলিভিশন ও চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা সোহেল খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়ার পর তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স ছিল ৬৬ বছর।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং প্রযোজক আরশাদ আদনান গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

হাসপাতালের মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে যে, তার মৃত্যুর কারণ ছিল ‘কার্ডিয়াক অ্যারেস্ট’। তিনি ‘নসিব’ সিনেমার শুটিংয়ের জন্য বগুড়ায় অবস্থান করছিলেন।

জানা গেছে, সোহেল খান ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন। আগামীকাল বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে ইউনিটের এক সদস্য তাকে ডাকতে গিয়ে হোটেলের কক্ষে বিছানায় পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে তিনি অন্যদের খবর দেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে সোহেল খান পর্দায় যাত্রা শুরু করেন। তিনি একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেছেন। চলচ্চিত্রেও তিনি তার অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর গ্রামে সোহেল খানের পৈতৃক বাড়ি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণপাড়ায় নির্মাণের তিন মাসের মধ্যেই ড্রেনের স্ল্যাব ভেঙে পড়ে দুর্ঘটনার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


ব্রাহ্মণপাড়ায় নির্মাণের তিন মাসের মধ্যেই ড্রেনের স্ল্যাব ভেঙে পড়ে দুর্ঘটনার শঙ্কা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্মাণের মাত্র তিন মাসের মধ্যে নবনির্মিত একটি ড্রেনের বেশ কয়েকটি স্ল্যাব ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। কুমিল্লা-মিরপুর সড়কের দক্ষিণ বাজার কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন ব্যস্ততম সড়কের ড্রেনের অন্তত কয়েকটি স্ল্যাব ভেঙে যাওয়ার কারণে পথচারী ও যানবাহন চালকদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, এই ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করে। আশপাশের বেশ কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও নিয়মিত এই পথ ব্যবহার করেন। প্রায় তিন মাস আগে সড়কটির সিসি ঢালাই ও পাশের ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়। তবে কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় কবরস্থানের পাশের অংশে ড্রেনের স্ল্যাবগুলো ভেঙে ভেতরে ঢুকে গেছে। ভাঙা অংশগুলো উন্মুক্ত থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী গাজী মোস্তফা কামাল ক্ষোভ প্রকাশ করে বলেন, "মাত্র তিন মাস আগে লাখ লাখ টাকা ব্যয়ে এই সড়ক ও ড্রেনের কাজ করা হয়েছে। কিন্তু তদারকি ও জবাবদিহির অভাবে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। ফলে তিন মাস না যেতেই স্ল্যাবগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে।"

পথচারী মিজানুর রহমান জানান, "এই সড়ক দিয়ে প্রতিদিন বহু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। ড্রেনের দুই অংশের স্ল্যাব ভেঙে যাওয়ায় তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিষয়টি দ্রুত সংস্কার করা জরুরি।"

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, "ড্রেনের ওপরের স্ল্যাব ভেঙে যাওয়ার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে দ্রুত এগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, অভিযোগ অপমান ও হেনস্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, অভিযোগ অপমান ও হেনস্তার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, যিনি দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক। তিনি শুধু দলের পদ থেকে নয়, বরং দলের সঙ্গে সম্পর্কিত সব ধরনের দায়িত্ব ও সম্পৃক্ততা থেকেও সরে দাঁড়িয়েছেন। পদত্যাগের ঘোষণা দিয়ে দেওয়া এক বিবৃতিতে এনসিপির দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন জাকারিয়া। একই সঙ্গে তিনি দলের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের প্রতিকার না করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে পদত্যাগের সিদ্ধান্ত জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়াচ্ছেন।"

বিবৃতিতে নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে জাকারিয়া জানান, তিনি সরাসরি রাজনীতির মানুষ ছিলেন না। তবে জুলাইয়ের আগে বাংলাদেশের কঠিন সময়ে দেশের পক্ষে কাজ করেছেন। জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের সংগঠিত করতে সহায়তার লক্ষ্য নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন।

দলটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া নোয়াখালী-২ আসনে এনসিপির প্রার্থী হিসেবেও কাজ করেছেন। দলের ২৪ দফার রাজনৈতিক ম্যানিফেস্টোসহ বিভিন্ন সাংগঠনিক দলিল তৈরিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন।

জাকারিয়ার অভিযোগ, শুরু থেকেই দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে দলীয় ফোরাম এবং নেতৃত্বকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছিলেন। তবে দলের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। তারপরও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে অভিজ্ঞতা অর্জন করবে— এমন আশায় ধৈর্য ধরেছিলেন তিনি।

পদত্যাগের অন্যতম কারণ হিসেবে নোয়াখালীতে দলীয় কর্মসূচি ঘিরে অপমান ও হেনস্তার অভিযোগ তুলেছেন এই নেতা। তাঁর দাবি, চলতি বছরের জুলাইয়ে নোয়াখালীতে এনসিপির একটি কর্মসূচি চলাকালে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদের অনুসারীরা বিনা উসকানিতে তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং অপমান-অপদস্থ করেন।

জাকারিয়ার অভিযোগ, নোয়াখালীর রাজনীতিতে প্রচলিত গ্রুপিং, মাস্তানি, টেন্ডারবাজি ও দুর্বৃত্তপনার রাজনীতির পথে তার উপস্থিতি সংশ্লিষ্টদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। বিষয়টি তিনি একাধিকবার দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতাকে একপর্যায়ে ব্যক্তিগত আক্রমণ, গালাগালি ও হুমকির পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনার প্রতিকার চেয়ে নিয়ম মেনে দলের শৃঙ্খলা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন তিনি। পাশাপাশি দলের আহ্বায়কসহ দায়িত্বশীল নেতাদের একাধিকবার বিষয়টি অবহিত করেন।

কিন্তু প্রায় পাঁচ মাস অপেক্ষা এবং বারবার তাগাদা দেওয়ার পরও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন জাকারিয়া। উল্টো অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগেই অভিযুক্তদের কয়েকজনকে দলের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ পরিস্থিতিতে তার সামনে দুটি পথ খোলা ছিল বলে বিবৃতিতে জানান জাকারিয়া। একটি হলো হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচলিত অসৎ রাজনীতিতে জড়িয়ে পড়া, অন্যটি সম্মানের সঙ্গে দল ছেড়ে চলে যাওয়া। তিনি দ্বিতীয় পথটিই বেছে নিয়েছেন।

নিজের আত্মমর্যাদার প্রসঙ্গ তুলে জাকারিয়া বলেন, ব্যক্তিজীবনে তিনি সব সময় সম্মান ও মর্যাদা নিয়ে চলেছেন। আত্মমর্যাদা ও জবাবদিহির প্রশ্নে আপস করে বিশেষ কোনো অর্জন তার কাম্য নয়।

তবে পদত্যাগ করলেও এনসিপির প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। দলটিকে নিজের জাতীয় রাজনীতির প্রথম দল এবং প্রথম প্রেমের মতো উল্লেখ করে জাকারিয়া বলেন, "এই ইতিহাস আমি কখনো অস্বীকার করব না।"

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে প্রতিভাবান ও সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে অভিহিত করে তাদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান তিনি। দলের অনেক সহকর্মীর মধ্যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম অঙ্গীকার ও আত্মত্যাগের প্রস্তুতি দেখেছেন বলেও উল্লেখ করেন।

একই সঙ্গে এনসিপিকে নিজেদের পরিশুদ্ধ রাখার এবং জবাবদিহির প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান জাকারিয়া। তার আশঙ্কা, দল বড় হওয়ার সঙ্গে সঙ্গে হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের মতো রাজনৈতিক চরিত্রের মানুষের সংখ্যা বাড়তে পারে।

পদত্যাগের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, এখনো তার পরবর্তী কোনো রাজনৈতিক গন্তব্য ঠিক হয়নি। তবে বাংলাদেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও দলীয় পরিচয়ের বাইরে থেকে কাজ করে যাওয়ার ইচ্ছা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে, এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

একইসাথে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে যে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি. মি. থাকবে। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটে ৪৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%