মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৩২ পি.এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্মাণের মাত্র তিন মাসের মধ্যে নবনির্মিত একটি ড্রেনের বেশ কয়েকটি স্ল্যাব ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। কুমিল্লা-মিরপুর সড়কের দক্ষিণ বাজার কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন ব্যস্ততম সড়কের ড্রেনের অন্তত কয়েকটি স্ল্যাব ভেঙে যাওয়ার কারণে পথচারী ও যানবাহন চালকদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, এই ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করে। আশপাশের বেশ কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও নিয়মিত এই পথ ব্যবহার করেন। প্রায় তিন মাস আগে সড়কটির সিসি ঢালাই ও পাশের ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়। তবে কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় কবরস্থানের পাশের অংশে ড্রেনের স্ল্যাবগুলো ভেঙে ভেতরে ঢুকে গেছে। ভাঙা অংশগুলো উন্মুক্ত থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী গাজী মোস্তফা কামাল ক্ষোভ প্রকাশ করে বলেন, "মাত্র তিন মাস আগে লাখ লাখ টাকা ব্যয়ে এই সড়ক ও ড্রেনের কাজ করা হয়েছে। কিন্তু তদারকি ও জবাবদিহির অভাবে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। ফলে তিন মাস না যেতেই স্ল্যাবগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে।"
পথচারী মিজানুর রহমান জানান, "এই সড়ক দিয়ে প্রতিদিন বহু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। ড্রেনের দুই অংশের স্ল্যাব ভেঙে যাওয়ায় তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিষয়টি দ্রুত সংস্কার করা জরুরি।"
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, "ড্রেনের ওপরের স্ল্যাব ভেঙে যাওয়ার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে দ্রুত এগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, যিনি দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক। তিনি শুধু দলের পদ থেকে নয়, বরং দলের সঙ্গে সম্পর্কিত সব ধরনের দায়িত্ব ও সম্পৃক্ততা থেকেও সরে দাঁড়িয়েছেন। পদত্যাগের ঘোষণা দিয়ে দেওয়া এক বিবৃতিতে এনসিপির দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন জাকারিয়া। একই সঙ্গে তিনি দলের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের প্রতিকার না করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে পদত্যাগের সিদ্ধান্ত জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়াচ্ছেন।"
বিবৃতিতে নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে জাকারিয়া জানান, তিনি সরাসরি রাজনীতির মানুষ ছিলেন না। তবে জুলাইয়ের আগে বাংলাদেশের কঠিন সময়ে দেশের পক্ষে কাজ করেছেন। জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের সংগঠিত করতে সহায়তার লক্ষ্য নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন।
দলটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া নোয়াখালী-২ আসনে এনসিপির প্রার্থী হিসেবেও কাজ করেছেন। দলের ২৪ দফার রাজনৈতিক ম্যানিফেস্টোসহ বিভিন্ন সাংগঠনিক দলিল তৈরিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন।
জাকারিয়ার অভিযোগ, শুরু থেকেই দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে দলীয় ফোরাম এবং নেতৃত্বকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছিলেন। তবে দলের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। তারপরও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে অভিজ্ঞতা অর্জন করবে— এমন আশায় ধৈর্য ধরেছিলেন তিনি।
পদত্যাগের অন্যতম কারণ হিসেবে নোয়াখালীতে দলীয় কর্মসূচি ঘিরে অপমান ও হেনস্তার অভিযোগ তুলেছেন এই নেতা। তাঁর দাবি, চলতি বছরের জুলাইয়ে নোয়াখালীতে এনসিপির একটি কর্মসূচি চলাকালে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদের অনুসারীরা বিনা উসকানিতে তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং অপমান-অপদস্থ করেন।
জাকারিয়ার অভিযোগ, নোয়াখালীর রাজনীতিতে প্রচলিত গ্রুপিং, মাস্তানি, টেন্ডারবাজি ও দুর্বৃত্তপনার রাজনীতির পথে তার উপস্থিতি সংশ্লিষ্টদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। বিষয়টি তিনি একাধিকবার দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতাকে একপর্যায়ে ব্যক্তিগত আক্রমণ, গালাগালি ও হুমকির পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনার প্রতিকার চেয়ে নিয়ম মেনে দলের শৃঙ্খলা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন তিনি। পাশাপাশি দলের আহ্বায়কসহ দায়িত্বশীল নেতাদের একাধিকবার বিষয়টি অবহিত করেন।
কিন্তু প্রায় পাঁচ মাস অপেক্ষা এবং বারবার তাগাদা দেওয়ার পরও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন জাকারিয়া। উল্টো অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগেই অভিযুক্তদের কয়েকজনকে দলের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ পরিস্থিতিতে তার সামনে দুটি পথ খোলা ছিল বলে বিবৃতিতে জানান জাকারিয়া। একটি হলো হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচলিত অসৎ রাজনীতিতে জড়িয়ে পড়া, অন্যটি সম্মানের সঙ্গে দল ছেড়ে চলে যাওয়া। তিনি দ্বিতীয় পথটিই বেছে নিয়েছেন।
নিজের আত্মমর্যাদার প্রসঙ্গ তুলে জাকারিয়া বলেন, ব্যক্তিজীবনে তিনি সব সময় সম্মান ও মর্যাদা নিয়ে চলেছেন। আত্মমর্যাদা ও জবাবদিহির প্রশ্নে আপস করে বিশেষ কোনো অর্জন তার কাম্য নয়।
তবে পদত্যাগ করলেও এনসিপির প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। দলটিকে নিজের জাতীয় রাজনীতির প্রথম দল এবং প্রথম প্রেমের মতো উল্লেখ করে জাকারিয়া বলেন, "এই ইতিহাস আমি কখনো অস্বীকার করব না।"
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে প্রতিভাবান ও সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে অভিহিত করে তাদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান তিনি। দলের অনেক সহকর্মীর মধ্যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম অঙ্গীকার ও আত্মত্যাগের প্রস্তুতি দেখেছেন বলেও উল্লেখ করেন।
একই সঙ্গে এনসিপিকে নিজেদের পরিশুদ্ধ রাখার এবং জবাবদিহির প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান জাকারিয়া। তার আশঙ্কা, দল বড় হওয়ার সঙ্গে সঙ্গে হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের মতো রাজনৈতিক চরিত্রের মানুষের সংখ্যা বাড়তে পারে।
পদত্যাগের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, এখনো তার পরবর্তী কোনো রাজনৈতিক গন্তব্য ঠিক হয়নি। তবে বাংলাদেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও দলীয় পরিচয়ের বাইরে থেকে কাজ করে যাওয়ার ইচ্ছা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে, এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
একইসাথে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে যে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়েছে।
আজ ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি. মি. থাকবে। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।
আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটে ৪৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পৌঁছেছেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে আয়োজিত এই মহড়াটি তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁও থেকে হেলিকপ্টারে করে পৌঁছান।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সেখানে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গঠন করা হয়েছে। সফরের সময় তিনি ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক বিশেষ যৌথ সামরিক মহড়াটি প্রত্যক্ষ করবেন।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের মহড়ার আয়োজন করা হচ্ছে, যেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো সমন্বিতভাবে অংশ নিচ্ছে। এতে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে।
মহড়া পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখবেন। এই সময় তিনি মহড়ায় অংশগ্রহণকারী তিন বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
মহড়া শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অভিনেতা সোহেল খান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ‘নসিব’ সিনেমার শুটিং করতে গিয়ে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শোক প্রকাশ করে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক পেজে লিখেছেন, "একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো।"
তিনি আরও উল্লেখ করেন, "রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া।"
তার ভাষায়, "তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। এই ছবিটা মৃত্যুর কিছু ঘণ্টা আগের। আমার চোখের সামনে সোহেল খান এবং মুকির জাকারিয়া।"
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ