ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, অভিযোগ অপমান ও হেনস্তার


এনসিপি থেকে পদত্যাগ করলেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, অভিযোগ অপমান ও হেনস্তার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, যিনি দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক। তিনি শুধু দলের পদ থেকে নয়, বরং দলের সঙ্গে সম্পর্কিত সব ধরনের দায়িত্ব ও সম্পৃক্ততা থেকেও সরে দাঁড়িয়েছেন। পদত্যাগের ঘোষণা দিয়ে দেওয়া এক বিবৃতিতে এনসিপির দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন জাকারিয়া। একই সঙ্গে তিনি দলের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের প্রতিকার না করার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে পদত্যাগের সিদ্ধান্ত জানান সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়াচ্ছেন।"

বিবৃতিতে নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে জাকারিয়া জানান, তিনি সরাসরি রাজনীতির মানুষ ছিলেন না। তবে জুলাইয়ের আগে বাংলাদেশের কঠিন সময়ে দেশের পক্ষে কাজ করেছেন। জুলাই-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের সংগঠিত করতে সহায়তার লক্ষ্য নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন: কেরাণীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তিন হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা

দলটির প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদের সদস্য এবং বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া নোয়াখালী-২ আসনে এনসিপির প্রার্থী হিসেবেও কাজ করেছেন। দলের ২৪ দফার রাজনৈতিক ম্যানিফেস্টোসহ বিভিন্ন সাংগঠনিক দলিল তৈরিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন।

জাকারিয়ার অভিযোগ, শুরু থেকেই দলের অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে দলীয় ফোরাম এবং নেতৃত্বকে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছিলেন। তবে দলের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি। তারপরও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে অভিজ্ঞতা অর্জন করবে— এমন আশায় ধৈর্য ধরেছিলেন তিনি।

পদত্যাগের অন্যতম কারণ হিসেবে নোয়াখালীতে দলীয় কর্মসূচি ঘিরে অপমান ও হেনস্তার অভিযোগ তুলেছেন এই নেতা। তাঁর দাবি, চলতি বছরের জুলাইয়ে নোয়াখালীতে এনসিপির একটি কর্মসূচি চলাকালে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদের অনুসারীরা বিনা উসকানিতে তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং অপমান-অপদস্থ করেন।

জাকারিয়ার অভিযোগ, নোয়াখালীর রাজনীতিতে প্রচলিত গ্রুপিং, মাস্তানি, টেন্ডারবাজি ও দুর্বৃত্তপনার রাজনীতির পথে তার উপস্থিতি সংশ্লিষ্টদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। বিষয়টি তিনি একাধিকবার দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছিলেন।

আরও পড়ুন: গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিযোগিতাকে একপর্যায়ে ব্যক্তিগত আক্রমণ, গালাগালি ও হুমকির পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এসব ঘটনার প্রতিকার চেয়ে নিয়ম মেনে দলের শৃঙ্খলা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন তিনি। পাশাপাশি দলের আহ্বায়কসহ দায়িত্বশীল নেতাদের একাধিকবার বিষয়টি অবহিত করেন।

কিন্তু প্রায় পাঁচ মাস অপেক্ষা এবং বারবার তাগাদা দেওয়ার পরও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেছেন জাকারিয়া। উল্টো অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগেই অভিযুক্তদের কয়েকজনকে দলের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ পরিস্থিতিতে তার সামনে দুটি পথ খোলা ছিল বলে বিবৃতিতে জানান জাকারিয়া। একটি হলো হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচলিত অসৎ রাজনীতিতে জড়িয়ে পড়া, অন্যটি সম্মানের সঙ্গে দল ছেড়ে চলে যাওয়া। তিনি দ্বিতীয় পথটিই বেছে নিয়েছেন।

নিজের আত্মমর্যাদার প্রসঙ্গ তুলে জাকারিয়া বলেন, ব্যক্তিজীবনে তিনি সব সময় সম্মান ও মর্যাদা নিয়ে চলেছেন। আত্মমর্যাদা ও জবাবদিহির প্রশ্নে আপস করে বিশেষ কোনো অর্জন তার কাম্য নয়।

আরও পড়ুন: দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে দুদক

তবে পদত্যাগ করলেও এনসিপির প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। দলটিকে নিজের জাতীয় রাজনীতির প্রথম দল এবং প্রথম প্রেমের মতো উল্লেখ করে জাকারিয়া বলেন, "এই ইতিহাস আমি কখনো অস্বীকার করব না।"

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে প্রতিভাবান ও সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে অভিহিত করে তাদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান তিনি। দলের অনেক সহকর্মীর মধ্যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম অঙ্গীকার ও আত্মত্যাগের প্রস্তুতি দেখেছেন বলেও উল্লেখ করেন।

একই সঙ্গে এনসিপিকে নিজেদের পরিশুদ্ধ রাখার এবং জবাবদিহির প্রশ্নে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান জাকারিয়া। তার আশঙ্কা, দল বড় হওয়ার সঙ্গে সঙ্গে হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের মতো রাজনৈতিক চরিত্রের মানুষের সংখ্যা বাড়তে পারে।

পদত্যাগের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি জানান, এখনো তার পরবর্তী কোনো রাজনৈতিক গন্তব্য ঠিক হয়নি। তবে বাংলাদেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও দলীয় পরিচয়ের বাইরে থেকে কাজ করে যাওয়ার ইচ্ছা রয়েছে।

আরও পড়ুন: দুদকের মামলায় সাবেক এমপি লতিফের বিরুদ্ধে ৬.৬৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে, এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

একইসাথে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে যে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস হিসেবে রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি. মি. থাকবে। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেটে ৪৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শন

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ সামরিক মহড়া পরিদর্শন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পৌঁছেছেন। সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে আয়োজিত এই মহড়াটি তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁও থেকে হেলিকপ্টারে করে পৌঁছান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সেখানে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গঠন করা হয়েছে। সফরের সময় তিনি ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক বিশেষ যৌথ সামরিক মহড়াটি প্রত্যক্ষ করবেন।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের মহড়ার আয়োজন করা হচ্ছে, যেখানে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো সমন্বিতভাবে অংশ নিচ্ছে। এতে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে।

মহড়া পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখবেন। এই সময় তিনি মহড়ায় অংশগ্রহণকারী তিন বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

মহড়া শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এই ছবিটি মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তোলা: শাহরিয়ার নাজিম জয়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


এই ছবিটি মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তোলা: শাহরিয়ার নাজিম জয়

অভিনেতা সোহেল খান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ‘নসিব’ সিনেমার শুটিং করতে গিয়ে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শোক প্রকাশ করে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক পেজে লিখেছেন, "একসাথে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হলো। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো।"

তিনি আরও উল্লেখ করেন, "রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯ টার দিকে ব্রেকফাস্টে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া।"

তার ভাষায়, "তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। এই ছবিটা মৃত্যুর কিছু ঘণ্টা আগের। আমার চোখের সামনে সোহেল খান এবং মুকির জাকারিয়া।"

সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন।

আজ মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন।

এ সময়, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।

২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ গ্রহণের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগেরও বেশি সময়ে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। আর সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%