প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে একটি ট্রাকের নিয়ন্ত্রণ হারানোর ফলে ২৩টি যানবাহনের মধ্যে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। নিহতদের মধ্যে স্থানীয় আমিরাতের নাগরিকদের পাশাপাশি বিদেশিরাও অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফুজাইরাহ পুলিশ দুর্ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করে। বুধবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে শেখ খলিফা বিন জায়েদ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ধীরগতির যানবাহনের মধ্যে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা দেন। এরপর ট্রাকটি উল্টে গিয়ে সামনে থেমে থাকা বা ধীরগতিতে চলা অন্যান্য কয়েকটি যানবাহনে আঘাত করে।
দুর্ঘটনায় মোট ২৩টি যানবাহন জড়িত ছিল, যার মধ্যে ১৮টি গাড়ি এবং পাঁচটি ট্রাক অন্তর্ভুক্ত। সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়, যা পরে আশপাশের কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে। এই ঘটনার ফলে প্রাণহানির ঘটনা ঘটে।
ফুজাইরাহ পুলিশ জানায়, আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গেছেন, আর বাকি ১৫ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে আমিরাতের নাগরিক রয়েছে। অন্য কয়েকজনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ভারতের কনস্যুলেট জানায়, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহায়তা প্রদান করা হচ্ছে বলেও কনস্যুলেট জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান এবং মিসরের নাগরিকরা রয়েছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে কর্তৃপক্ষ। তথ্যসূত্র: রয়টার্স, আল-জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন