প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এশিয়ার অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহে ফিলিপাইনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া জিরো এমিশন কমিউনিটির (এজেডইসি) সম্মেলনে অংশগ্রহণ করবেন জাপানের শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায়, এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছে টোকিও।
শুক্রবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকাজাওয়া জানান, তিনি আগামী ১৬ ও ১৭ নভেম্বর ফিলিপাইন সফর করবেন। সফরের সময় তিনি গত মাসে ম্যানিলায় অনুষ্ঠিত এজেডইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফলাফল তুলে ধরবেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।
আকাজাওয়া উল্লেখ করেন, অক্টোবরে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এবারের সম্মেলনে আরও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তবে অন্যান্য দেশের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন থাকায় তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে চাননি।
জাপানের শিল্পমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহব্যবস্থা প্রভাবিত হচ্ছে। এ পরিস্থিতিতে জ্বালানির নিরাপদ সরবরাহ নিশ্চিত করা এবং সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা আগের তুলনায় অধিক জরুরি হয়ে উঠেছে।
এদিকে, জাপানের অর্থনৈতিক দৈনিক নিক্কেই বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৭ সালের শুরুতে আসিয়ানভুক্ত দেশগুলো যৌথভাবে জ্বালানি তেলজাত পণ্য মজুদের ব্যবস্থা চালু করতে পারে। এ লক্ষ্যে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মজুদকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। জরুরি পরিস্থিতিতে সদস্য দেশগুলো যেন একে অপরের সঙ্গে জ্বালানি মজুদ ভাগ করে নিতে পারে, সে উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
আকাজাওয়া আরও জানান, বিদ্যুৎ ও গ্যাসের বিলের চাপ কমানোর জন্য জাপান সরকার ৫২১ দশমিক ৯ বিলিয়ন ইয়েন বা প্রায় ৩৩০ কোটি ডলার ভর্তুকি প্রদান করবে। সরকারের সংরক্ষিত তহবিল থেকে দেওয়া এ সুবিধা আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
এ ছাড়া, উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও কেরোসিন ব্যবহারকারীদের সহায়তার জন্য স্থানীয় সরকারগুলোকে আরও ১৩০ বিলিয়ন ইয়েন অনুদান প্রদান করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন