শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৬ পি.এম
এশিয়ার অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহে ফিলিপাইনে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া জিরো এমিশন কমিউনিটির (এজেডইসি) সম্মেলনে অংশগ্রহণ করবেন জাপানের শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায়, এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছে টোকিও।
শুক্রবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আকাজাওয়া জানান, তিনি আগামী ১৬ ও ১৭ নভেম্বর ফিলিপাইন সফর করবেন। সফরের সময় তিনি গত মাসে ম্যানিলায় অনুষ্ঠিত এজেডইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফলাফল তুলে ধরবেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।
আকাজাওয়া উল্লেখ করেন, অক্টোবরে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এবারের সম্মেলনে আরও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তবে অন্যান্য দেশের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন থাকায় তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে চাননি।
জাপানের শিল্পমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহব্যবস্থা প্রভাবিত হচ্ছে। এ পরিস্থিতিতে জ্বালানির নিরাপদ সরবরাহ নিশ্চিত করা এবং সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা আগের তুলনায় অধিক জরুরি হয়ে উঠেছে।
এদিকে, জাপানের অর্থনৈতিক দৈনিক নিক্কেই বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৭ সালের শুরুতে আসিয়ানভুক্ত দেশগুলো যৌথভাবে জ্বালানি তেলজাত পণ্য মজুদের ব্যবস্থা চালু করতে পারে। এ লক্ষ্যে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মজুদকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। জরুরি পরিস্থিতিতে সদস্য দেশগুলো যেন একে অপরের সঙ্গে জ্বালানি মজুদ ভাগ করে নিতে পারে, সে উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
আকাজাওয়া আরও জানান, বিদ্যুৎ ও গ্যাসের বিলের চাপ কমানোর জন্য জাপান সরকার ৫২১ দশমিক ৯ বিলিয়ন ইয়েন বা প্রায় ৩৩০ কোটি ডলার ভর্তুকি প্রদান করবে। সরকারের সংরক্ষিত তহবিল থেকে দেওয়া এ সুবিধা আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
এ ছাড়া, উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও কেরোসিন ব্যবহারকারীদের সহায়তার জন্য স্থানীয় সরকারগুলোকে আরও ১৩০ বিলিয়ন ইয়েন অনুদান প্রদান করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের প্রশাসনিক ও রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটেছে। কালিয়াকৈর উপজেলার তিন কৃতি সন্তান জেলা উন্নয়ন ও নীতিনির্ধারণী তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। এই তিনজন হলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।
কালিয়াকৈরের তিনজনের এই সাফল্যে পুরো উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। চায়ের দোকান, হাটবাজার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে, গাজীপুর-১ আসনের আওতাভুক্ত বাকি তিনটি মেট্রো থানা- বাসন, কোনাবাড়ী ও কাশিমপুরের বাসিন্দাদের মধ্যে উন্নয়নবঞ্চিত হওয়ার কিছুটা শঙ্কা দেখা দিলেও তিন শীর্ষ নেতার আশ্বাসে তা কাটতে শুরু করেছে।
সংসদ সদস্য মো. মজিবুর রহমান: গাজীপুর-১ আসন গঠিত হয়েছে কালিয়াকৈর, বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানা নিয়ে। কালিয়াকৈরের বাসিন্দা মো. মজিবুর রহমান আইন প্রণয়ন, উন্নয়ন বরাদ্দ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বলেন, “আমি শুধু কালিয়াকৈরের এমপি নই; চার থানারই এমপি। কেউ উপেক্ষিত থাকবে না, উন্নয়নে কোনো বৈষম্য হবে না।”
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল: নগর পরিকল্পনা, ভূমি ব্যবহার, সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও শিল্প এলাকার আধুনিকায়নের দায়িত্ব গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের হাতে। নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল কালিয়াকৈরের বাসিন্দা। উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “গাজীপুরের উন্নয়নের মানচিত্র শুধু কালিয়াকৈর থেকে নয়, পুরো জেলা থেকেই আঁকা হবে। কোনাবাড়ীর যানজট, কাশিমপুরের জলাবদ্ধতা ও বাসনের ভাঙা রাস্তা-সবই আমার মাথায় আছে।”
জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী: জেলা পরিষদের ভূমিকা গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারের সমন্বয়ে গুরুত্বপূর্ণ। কালিয়াকৈরের আরেক সন্তান ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী এই পদে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “আমার বাড়ি কালিয়াকৈর হতে পারে, কিন্তু দায়িত্ব পুরো গাজীপুর জেলার। কোনো এলাকাকে বঞ্চিত করে কালিয়াকৈরকে এগিয়ে নেওয়া হবে না। সবাই সমান সুবিধা পাবে।”
সুষম উন্নয়ন ও শ্রমিকদের দাবি
গাজীপুর-১ আসনের চার থানার যাতায়াত ও অর্থনীতির প্রাণকেন্দ্র ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং কোনাবাড়ী-কাশিমপুর-বাসন সড়ক। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা ও বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, "তিনটি বড় পদ কালিয়াকৈরের হাতে যাওয়া গর্বের বিষয়। তবে এই গর্ব তখনই সার্থক হবে, যখন কোনাবাড়ীর ভাঙা রাস্তা সংস্কার হবে, কাশিমপুরের জলাবদ্ধতা দূর হবে, বাসনের যানজট কমবে এবং কালিয়াকৈরের মহাসড়ক নিরাপদ হবে।" তিনি তিন শীর্ষ নেতাকে পরিবহন শ্রমিকদের সঙ্গে বসে সড়ক, স্ট্যান্ড ও যাত্রী নিরাপত্তায় একটি সুষম পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান।
কালিয়াকৈরের এক প্রবীণ বাসিন্দা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “একসময় কালিয়কৈরকে পিছিয়ে পড়া এলাকা বলা হতো। আজ জেলার তিনটি বড় দায়িত্ব এলাকার সন্তানদের হাতে- এটি পরম গর্বের।” তবে পোশাকশিল্প অধ্যুষিত কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন মেট্রো থানার বাসিন্দাদের কণ্ঠে শোনা গেছে সমান উন্নয়নের দাবি।
কোনাবাড়ীর এক বাসিন্দা বলেন, “সব নেতা কালিয়াকৈরের হওয়ায় তাঁদের এলাকার রাস্তা, জলাবদ্ধতা, যানজট ও গ্যাস-পানির সমস্যার সমাধানে সমান গুরুত্ব দেওয়া জরুরি।” কাশিমপুর ও বাসনের বাসিন্দারাও এলাকাভিত্তিক উন্নয়নের পরিবর্তে পুরো আসনের সমন্বিত উন্নয়নের দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, তিনটি শীর্ষ পদ একই উপজেলায় আসা কালিয়াকৈরের জন্য যেমন গর্বের, তেমনি এই তিন নেতার জন্য একটি বড় পরীক্ষাও। কাজের মাধ্যমেই তাঁদের প্রমাণ করতে হবে যে তাঁরা কেবল কালিয়াকৈরের নন, পুরো গাজীপুর-১ আসনের অভিভাবক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলা শহরটি মৌসুমী সবজি চাষে বরাবরই জেলার শীর্ষস্থান দখল করে আছে। ফুলকপি, বাধাকপি, শিম, গাজর, মুলা, করলা, বরবটি, পটল, ঝিঙে, কাকরোল, পেঁয়াজ, পেঁপে, লালশাক, পুঁইশাক সহ মৌসুমী সবজির ক্ষেত্রে এ অঞ্চলের কৃষকেরা নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। কৃষকদের কর্মযজ্ঞ শুরু হয় কাক ডাকা ভোর থেকে। এই কর্মযজ্ঞের জন্য প্রতিদিন বাড়তি শ্রমিকের প্রয়োজন হয়। তবে স্থানীয় শ্রমিক দিয়ে এই চাহিদা পূরণ করা সম্ভব হয় না। এ কারণে পার্শ্ববর্তী জেলা নাটোরের লালপুর এবং স্থানীয় কৃষকদের সমন্বয়ে জমজমাট শ্রমিক বিক্রির হাট বসে। গৃহস্থরা এখানে দরকষাকষির মাধ্যমে তাদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক নিতে পারেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের রেলওয়ে গেট, সাঁকড়েগাড়ী, বড়ইচরা এবং ভাড়ইমারী আনন্দ বজারে এই শ্রমিক কেনা-বেচার হাট বসে। প্রতিদিন ভোর ৫ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত এখানে কয়েক হাজার শ্রমিক কেনা-বেচা হয়ে থাকে। কাজের প্রকারভেদ অনুযায়ী শ্রমিকদের শ্রমমূল্য নির্ধারণ করেন শ্রমিক এবং গৃহস্থ উভয়েই। এসব হাটে প্রতিদিন বিক্রি হয় কয়েক হাজার শ্রমিক।
শ্রম বাজার থেকে শ্রমিক (দিন মজুর) নিতে আসা কৃষক লুৎফর বিশ্বাস জানান, "মাঠে আমাদের নানা জাতীয় ফসল রয়েছে। এই ফসলের ঠিকঠাক পরিচর্যা করতে প্রত্যহ প্রয়োজন হয় শ্রমিকের। আমাদের এলাকাতে শ্রমিকের সংকট থাকায় আমরা এই বাজার থেকে প্রয়োজন অনুসারে শ্রমিক নিয়ে যাই।"
কৃষক মাহমুদ প্রামানিক বলেন, "এলাকার শ্রমিকদের থেকে শ্রম বাজারে শ্রমিক পাওয়া যায় তুলনামূলক কম দামে। শুধু তাই নয়, এখান থেকে চাহিদা অনুসারে দেখে শুনে শ্রমিক নেয়া যায়। প্রত্যহ পাওয়া যায় বলে চাষাবাদে আমাদের নির্ভরতা বেড়েছে বহুগুণে।"
কাজে আসা শ্রমিক বাবুল আক্তার বলেন, "আমাদের এলাকায় (নাটোর-লালপুর) কাজ কম থাকায় আমরা ঈশ্বরদীতে চলে আসি। হাজিরা প্রতিদিন পরিবর্তন হলেও এখানে প্রতিদিনই কাজ মেলে। গৃহস্থরা খেতে দেন বলে খাবার নিয়েও চিন্তা করতে হয়না।"
শ্রমিক সিরাজুল ইসলাম জানান, "এই বাজারে শ্রম বিক্রির জন্য আমরা বাড়ি থেকে রওনা দেই শেষ রাতের দিকে। এজন্য আমরা রাত ৩ টা থেকেই প্রস্তুতি শুরু করে দিই। সকালে খাবার জন্য চিড়া মুড়ি সঙ্গে নিয়ে বাইসাইকেল যোগে আমরা এখানকার শ্রমিকের বাজারে এসে হাজির হই ভোর ৫ টার সময়।"
শ্রমিক আবু বক্কর বলেন, "কতদিন সন্তান গুলোরে দৌঁড়াতে দেখিনি। কারণ কামের জন্য সেই ভোর রাতে যখন রওনা দেই তখন বাচ্চারা ঘুমায়ে থাকে। আবার সন্ধ্যায় কাম শ্যাষ করে যখন বাড়িতে যাই তখনও তারা ঘুমিয়ে পরে।"
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, "সকালের শ্রমিকদের এই হাট নিঃসন্দেহে অত্র আঞ্চলের কৃষকদের জন্য আর্শিবাদ স্বরূপ। কেকনা শ্রমিক সংকটের এই বাজারে অন্য জেলার শ্রমিকদের সমন্বয়ে বসা এই হাটের জন্য আমাদের এলাকার কৃষক ভাইয়েরা সহজেই কাজের জন্য শ্রমিক পাচ্ছে। যেটা তাদের ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ছোট পর্দার অভিনেত্রী দীপা খন্দকারের অভিনয়জীবনে নতুন নতুন অভিজ্ঞতার সংযোজন ঘটছে। ইতিবাচক চরিত্রের পাশাপাশি নেতিবাচক চরিত্রেও তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিচ্ছেন। সম্প্রতি, এমন একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা অর্জন করেছেন দীপা।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এ রুকাইয়া নামের নেতিবাচক চরিত্রে দীপা অভিনয় করছেন। এই চরিত্রের মাধ্যমে তিনি দর্শকের সামনে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন। নেতিবাচক চরিত্র হওয়ায় প্রথমে দর্শকের প্রতিক্রিয়া নিয়ে কিছুটা উদ্বেগ ছিল, তবে নাটকটি প্রচারের পর সেই আশঙ্কা অনেকটাই দূর হয়ে গেছে।
দীপা জানান, চরিত্রটির নেতিবাচক দিক নিয়ে দর্শকের কাছ থেকে খুব বেশি সমালোচনা আসছে না। বরং, তাঁর অভিনয় দর্শকের কাছে প্রশংসিত হচ্ছে। চরিত্রের ধরন নিয়ে প্রথমে কিছুটা চিন্তিত থাকলেও দর্শকের ইতিবাচক সাড়া তাঁকে স্বস্তি দিয়েছে।
এর আগে, একই পরিচালকের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে দীপা ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই চরিত্রের জনপ্রিয়তা তাঁর অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করেছে।
এদিকে, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় নতুন একটি একক নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। পাশাপাশি মহিদুল মহিমের ‘কেমন আছো’ এবং চয়নিকা চৌধুরীর ‘জোছনায় ফেরা’ নাটকেও অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন এই অভিনেত্রী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিবেশ সম্পূর্ণরূপে শান্ত এবং স্বাভাবিক অবস্থায় রয়েছে। অধিকাংশ কারখানা বন্ধ থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় যথেষ্ট সতর্কতা বজায় রাখা হয়েছে। তবে, কিছু নির্দিষ্ট কারখানা আজ খোলা রয়েছে এবং সেখানে শ্রমিকরা স্বাভাবিক নিয়মে কাজ করে যাচ্ছেন।
অন্যদিকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৬টি কারখানার মূল ফটকে আজ সকালে কিছু শ্রমিক উপস্থিত ছিলেন। ছুটির দিন হওয়ায় বা নোটিশের বিষয়টি আগে পুরোপুরি জানা না থাকায় তারা সকালে কারখানার গেটে আসেন। কিন্তু গেটে ঝুলানো অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে তারা হতাশা ও উদ্বেগের মধ্যে ফিরে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, যেসব কারখানায় অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলোর মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে অভ্যন্তরীণ সমস্যা, উৎপাদন সংকট কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা উল্লেখ রয়েছে। সকালে শ্রমিকরা এসে যখন জানতে পারেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, তখন তাদের মধ্যে ভবিষ্যৎ কর্মসংস্থান ও বকেয়া বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা দেখা যায়। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, "আজ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন। বেশিরভাগ কারখানায় বন্ধ। দুই একটা কারখানা যেগুলো খোলা রয়েছে, সেসব কারখানায় স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে। কোন সমস্যা নেই।"
শিল্প পুলিশ জানায়, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। খোলা থাকা কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে, আর বন্ধ থাকা কারখানাগুলোর মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা করে উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ