১০:৪৭ পি.এম
রাজশাহীর আদালত চত্বরে আসামিদের হামলার ফলে গুরুতর জখম হয়েছেন ইয়ামিন আলী নামের একজন আইনজীবী। রোববার (১৫ নভেম্বর) দুপুরের দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনার সময় উপস্থিত লোকজন চার হামলাকারীকে আটক করে তাদেরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
আহত আইনজীবীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামের হত্যা মামলার পলাতক আসামী মো. রামিম কক্সবাজারে গ্রেফতার
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, জমিজমাসংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামের বাসিন্দা আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষের বিরোধ চলছিল। কিছুদিন আগে প্রতিপক্ষের লোকজন ইয়ামিন আলীর হাত ভেঙে দিলে তিনি তাদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেন। রোববার দুপুরে ওই মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামিন পাওয়ার পর আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে অপেক্ষা করছিলেন। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ইয়ামিন আলীকে ঘিরে ধরেন এবং সংঘবদ্ধভাবে হামলা চালান। কিল-ঘুসি, লাথি ও ইটের আঘাতে ইয়ামিন আলীর মাথা ফেটে রক্ত বের হতে থাকে। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত আইনজীবী সহকারী ও সাধারণ মানুষ চারজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবী ইয়ামিন আলী অভিযোগ করেন, "আগের মামলায় জামিন পেয়ে আসামিরা আমাকে মারার জন্য আদালত চত্বরে অপেক্ষা করছিলেন। ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আমার ওপর অতর্কিত হামলা চালান।" তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী এ বিষয়ে মন্তব্য করে বলেন, "এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এতে আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিষয়টি আমরা হালকাভাবে নিচ্ছি না; প্রয়োজনে সমিতির পক্ষ থেকে মামলা করা হবে।"
আরও পড়ুন: জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে: আইনমন্ত্রী
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর সন্ধ্যার পর জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেফতার দেখানো হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন