১০:৪৮ পি.এম
রাজধানীর শ্যামলীতে অনুরাগ ফার্মেসি ও রেস্তোরাঁয় ৫০ লাখ টাকা চাঁদা চাওয়ার পর ঘটে যাওয়া গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী পাপ্পু, যিনি কিলার পাপ্পু নামে পরিচিত, এর সহযোগী সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে লালমাটিয়া এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১১টার সময় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত শ্যামলীর হৃদরোগ হাসপাতালের বিপরীতে অবস্থিত অনুরাগ ফার্মেসির কর্মচারীদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। গুলির ফলে ফার্মেসির কাঁচ ভেঙে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য জানায়, অনুরাগ রেস্তোরাঁ ও ফার্মেসির ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। রাষ্ট্রন বর্তমানে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিদেশে অবস্থান করছেন। তার ভাই জুয়েল তালুকদার উক্ত ব্যবসাপ্রতিষ্ঠান দুটি পরিচালনা করছেন। এর আগে প্রতিষ্ঠানটির সামনে দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, গুলির ঘটনার পূর্বে মোবাইল ফোনে রাষ্ট্রনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ফোনে শীর্ষ সন্ত্রাসী কিলার পাপ্পু ও তার প্রধান সহযোগী বাদল, যিনি কাইল্লা বাদল নামে পরিচিত, তাদের পরিচয় দেওয়া হয়। টাকা না দিলে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।
রাষ্ট্রন যুগান্তরকে জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে তাকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ফোনে বলা হয়, ‘গতকাল তোর বাসার সামনে ককটেল বিস্ফোরণ করা হইছে, সেটা শুনোস নাই? টাকা না দিলে তোর পুরো বাড়ি জ্বালাইয়া দিমু।’ এর আগে ৫ নভেম্বর রাতে দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর ৭ নভেম্বর রাতেও সেখানে ককটেল বিস্ফোরণ করা হয়। সর্বশেষ ১৩ নভেম্বর রাতে মোটরসাইকেলে আসা তিনজন কর্মচারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনার পর তারা মামলা দায়ের করেছেন।
অনুরাগ ফার্মেসির ম্যানেজার মো. রাশেদ তালুকদার বাদী হয়ে শনিবার রাতে মোহাম্মদপুর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ শরিফ যুগান্তরকে জানান, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম
মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম যুগান্তরকে বলেন, গ্রেফতার সাব্বিরের বিরুদ্ধে মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। গুলির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
ওসি আরও জানান, রাষ্ট্রনের কাছে যে মোবাইল নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করা হয়েছিল, সেটি শনাক্ত করা হয়েছে। ওই নম্বরের ব্যবহারকারীকে গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তে বেরিয়ে আসবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন