ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দক্ষ শিক্ষকের অভাবে তৈরি হচ্ছে অদক্ষ চিকিৎসক


দক্ষ শিক্ষকের অভাবে তৈরি হচ্ছে অদক্ষ চিকিৎসক

দেশে দক্ষ শিক্ষকের অভাবে অদক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে। এই চিকিৎসকরা যথাযথ হাতে-কলমে শিক্ষা পাচ্ছে না। কিন্তু তারা ডাক্তারি পড়ার পর ডিগ্রি নিয়ে বের হচ্ছে। দেশের অনেক মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। এর ফলে কর্মজীবনে তারা মানুষের জন্য যথাযথ চিকিৎসা সেবা দিতে পারছে না। কারণ তারা অনেক কিছু শেখেনি। মূলত মেডিকেল কলেজগুলোতে দক্ষ শিক্ষকের অভাবের কারণেই দক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে না। আবার দক্ষ চিকিৎসক না হলে ভবিষ্যতে দক্ষ শিক্ষকও তৈরি হবে না। এর ফলে সাধারণ মানুষের চিকিৎসাসেবার ওপর সরাসরি প্রভাব পড়বে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন মেডিক্যাল কলেজের সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, দেশের ৩৭টি মেডিক্যাল কলেজে মাত্র একজন ফরেনসিক অধ্যাপক রয়েছেন। এছাড়া এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকও নেই। পাশাপাশি অবকাঠামোসহ নানা সংকটে দেশের পুরনো মেডিকেল কলেজগুলো কার্যক্রম চালাতে পারছে না। তবে সেখানে নতুন করে ৬টি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার অনুমোদনের পরিকল্পনা চলছে। বর্তমানে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের নিজস্ব কোনো শিক্ষণ হাসপাতাল নেই। বরং ক্লিনিক্যাল ক্লাস করার জন্য সপ্তাহে দুদিন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে। অর্থাৎ হাতে-কলমে চিকিৎসাশিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ধার করা অবকাঠামোয় চলছে। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাধিকবার আন্দোলন করলেও সমস্যার সমাধান হয়নি। অথচ এক বছরের মধ্যে হাসপাতাল চালুর আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। তাছাড়া নেত্রকোনা, নওগাঁ, নীলফামারী, মাগুরা, হবিগঞ্জ, চাঁদপুর ও রাঙামাটিতে প্রতিষ্ঠিত ৭টি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কয়েক বছর পরও নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল পায়নি। কক্সবাজার, পাবনা, যশোরসহ আরো কয়েকটি কলেজও হাসপাতাল সংকটে রয়েছে। অনেক কলেজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা পুরনো ভবনে কার্যক্রম চালাচ্ছে।

সূত্র জানাচ্ছে, শিক্ষক সংকটের কারণে দেশে প্রকৃত চিকিৎসা শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে শূন্যপ্রায় অর্ধেক শিক্ষক পদ রয়েছে। মৌলিক চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংকট আরো ভয়াবহ। ফরেনসিক মেডিসিনে দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজের জন্য অধ্যাপক আছেন মাত্র একজন। বাংলাদেশের চিকিৎসকদের জন্য স্বীকৃত ও বাধ্যতামূলক কন্টিনিউয়িং মেডিক্যাল এডুকেশন ব্যবস্থা নেই। ফলে অনেক চিকিৎসককে নতুন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ওপর নির্ভর করতে হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ। ফরেনসিক মেডিসিন দুর্বল হয়ে পড়লে শুধু চিকিৎসা শিক্ষা নয়, বিচারব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার মান কমে গেলে মানুষ সঠিক বিচার থেকে বঞ্চিত হতে পারে। বর্তমানে বাংলাদেশের শিক্ষানবিশ চিকিৎসকদের জরুরি চিকিৎসা দক্ষতা গড় মানেরও নিচে।

আরও পড়ুন: মদনে লাথির আঘাতে জুলাই আন্দোলনের যোদ্ধা আব্দুল বারেক নিহত

সূত্র আরো জানাচ্ছে, দেশে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মৌলিক ও ক্লিনিক্যাল বিষয়ে অনুমোদিত শিক্ষকের পদ ৭,৩৬টি। এর মধ্যে তিন হাজার ৫২টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ মোট পদের প্রায় ৪৩ শতাংশই খালি। মৌলিক বিষয়ে ২৫ শতাংশ এবং ক্লিনিক্যাল বিষয়ে ৪৮ শতাংশ শিক্ষক পদ শূন্য রয়েছে। ফরেনসিক মেডিসিন বিভাগে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। কারণ দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ফরেনসিক মেডিসিনে অধ্যাপক রয়েছেন মাত্র একজন, যিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে কর্মরত। মৌলিক বিষয়গুলোর মধ্যে অধ্যাপক পদের ৭২.৭২ শতাংশ, সহযোগী অধ্যাপক পদের ৫১.৬৯ শতাংশ এবং সহকারী অধ্যাপক পদের ২৯ শতাংশ পদ শূন্য রয়েছে। মেডিক্যাল শিক্ষার আটটি মৌলিক বিষয় হলো অঙ্গব্যবচ্ছেদবিদ্যা, শারীরবৃত্ত, প্রাণরসায়ন, কমিউনিটি মেডিসিন, ওষুধবিজ্ঞান, চিকিৎসা আইন (ফরেনসিক), রোগবিদ্যা ও অণুজীববিজ্ঞান।

এদিকে শিক্ষক ও অবকাঠামো সংকটের মধ্যেও সরকার ঠাকুরগাঁও ও নরসিংদীতে দুটি নতুন সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন দিয়েছে। ফলে দেশে সরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা ৩৯টিতে দাঁড়িয়েছে। তাছাড়া শেরপুর, লক্ষ্ণীপুর, নাটোর, ভোলা, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়াসহ আরো কয়েকটি জেলায় মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব মূল্যায়নাধীন রয়েছে। জয়পুরহাট ছাড়া বাকি সব প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা পড়ে। বিগত ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে আওয়ামী লীগ সরকার ২০টি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেছিল। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আরো এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছিল। তবে প্রয়োজনীয় শিক্ষক, অবকাঠামো ও ল্যাব সুবিধা ছাড়াই আসন বৃদ্ধির সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ২০২৪ সালের নভেম্বরে ১৪টি সরকারি মেডিক্যাল কলেজে ৩৫৫টি আসন কমিয়ে দেয়। যুক্তি ছিল, শিক্ষার মান বজায় রাখতে শিক্ষার্থীসংখ্যা যৌক্তিক পর্যায়ে আনতে হবে। বর্তমানে দেশে ৩৮টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। সব মিলিয়ে প্রতি বছর প্রায় ১১ হাজার শিক্ষার্থী ওসব প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পান।

অন্যদিকে এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মানবসম্পদ বিভাগের পরিচালক ডা. মো. মাছুদুর রহমান জানান, চিকিৎসকদের মধ্যে একাডেমিক পেশার প্রতি আগ্রহ কমে গেছে। বেশির ভাগই ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেতে চান। আগামী ২০৪০ সাল পর্যন্ত কোন বিষয়ে কত চিকিৎসক প্রয়োজন হবে সে বিষয়ে প্রজেকশন তৈরির কাজ শুরু হয়েছে। তাছাড়া সাত হাজার চিকিৎসককে সুপারনিউমারি পদোন্নতি দেয়া হলেও অনেককে প্রয়োজনীয় স্থানে পদায়ন করা যাচ্ছে না। কারণ অনেকেই ঢাকার বাইরে যেতে অনাগ্রহী। অনেক মেডিক্যাল কলেজে আধুনিক সিমুলেশন টেবিল, উন্নত মাইক্রোস্কোপ, পোস্টমর্টেম সুবিধা কিংবা পর্যাপ্ত মৃতদেহের মতো মৌলিক শিক্ষাসামগ্রীরও ঘাটতি রয়েছে। ফলে হাতে-কলমে শিক্ষার সুযোগ সীমিত হয়ে পড়ছে।

সার্বিক বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, সরকার চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। বর্তমানে ১৯টি ছাত্রাবাস নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। পুরনো মেডিক্যাল কলেজগুলোর অবকাঠামো সংস্কার এবং নতুন কলেজগুলোর নিজস্ব ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষক সংকট দূর করতে পদোন্নতি, পদায়ন ও প্রণোদনা কার্যক্রম চালু করা হচ্ছে। পাশাপাশি জাতীয় শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। যদিও বাংলাদেশের মেডিক্যাল শিক্ষা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। তবে সরকার পরিবর্তনের জন্য কাজ করছে। আশা করা যায় খুব শিগগিরই দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মৃত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, মৃত ১৩

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরে ইতিমধ্যে ১৩ জনের মৃত্যু ডেঙ্গুর কারণে ঘটেছে। আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ হাজার ৫১৫ জনে পৌঁছেছে। জুন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা গত মাসের তুলনায় প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে যে হারে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, তাতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা বাড়ছে। ডেঙ্গু এখন আর শুধু রাজধানী কেন্দ্রিক রোগ নয়, বরং এটি জেলা ও গ্রামীণ এলাকায়ও দ্রুত বিস্তার লাভ করছে। চলতি বছরের মোট ডেঙ্গু রোগীর প্রায় ৭৮ শতাংশই ঢাকার বাইরের বাসিন্দা। বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে, যেখানে এখন পর্যন্ত এক হাজার ৪৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বিশেষ করে পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠিতে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রের মতে, এডিস মশার প্রজনন বর্ষা মৌসুম শুরু হওয়ায় ক্রমাগত বাড়ছে। মূলত অপরিকল্পিত নগরায়ণ, নির্মাণাধীন স্থাপনায় পানি জমে থাকা এবং পর্যাপ্ত মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের অভাবে দেশের ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। যদিও সরকারের জনস্বাস্থ্য বিভাগ ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে তৎপর রয়েছে। এ লক্ষ্যে সরকার সম্প্রতি ১৯ সদস্যের উচ্চপর্যায়ের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। এই টাস্কফোর্স মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। টাস্কফোর্সের প্রধান কার্যপরিধির মধ্যে রয়েছে জাতীয় কমিটির সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং মাঠ পর্যায়ের অগ্রগতি নিয়মিতভাবে জাতীয় কমিটিকে অবহিত করা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীসহ সারাদেশে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।

সূত্র জানায়, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, কার্যকর মশানাশক ব্যবহার এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। যাতে রাজধানী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত সমন্বিত মশক নিধন অভিযান পরিচালনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ডেঙ্গু টিকা চালু এবং বছরজুড়ে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এটি সরকারের একার পক্ষে সম্ভব নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরের মে মাসে যেখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৭১৪ জন, জুন মাসে তা বেড়ে দুই হাজার ১২০ জনে দাঁড়িয়েছে। যা প্রায় তিনগুণ বৃদ্ধি। একই সঙ্গে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৩ জনের মৃত্যুর মধ্যে জুন মাসেই অধিকাংশ রোগী মারা গেছেন।

সূত্র আরো জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫ হাজার ৫১৫ জন। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু ঘটেছে। ২০২৫ সালের ওই সময়ে ভর্তি হয়েছিল ৮ হাজার ৮৭০ জন এবং মৃত্যু হয়েছিল ৩৬ জনের। ওই তুলনায় ডেঙ্গু নিয়ে এবার হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। জানুয়ারি মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় ১ হাজার ৪১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন, মে মাসে ৭১৪ জন এবং জুনের ২৫ তারিখ পর্যন্ত ২ হাজার ৩১৮ জন ভর্তি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের ২৫ দিনে যেখানে হাসপাতালে ভর্তি হয় ৬০৯ জন, সেখানে জুন মাসের ২৫ দিনে ভর্তি হয় ২ হাজার ৩১৮ জন। এক মাসের ব্যবধানে ভর্তি রোগীর সংখ্যা ২৮১ শতাংশ বেড়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন ভর্তি হয়েছেন। তাছাড়া ২৪ ঘণ্টায় ১৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন এবং জুনে ৮ জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গুর আগাম প্রস্তুতি এবার ভালো। সচেতনতা কিছুটা বাড়ায় এখনো আক্রান্ত কম। তবে এবার মাসিক বৃদ্ধির হার বেশি। এভাবে বাড়তে থাকলে একটা সময় পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। সেজন্য যেসব জায়গায় রোগী বেশি, সেসব এলাকায় ব্যাপকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রকোপ ঠেকানো জরুরি। ডেঙ্গু কীভাবে প্রতিরোধ করতে হয় তা সবারই জানা। মূলত ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিশ মশা নিয়ন্ত্রণ করতে হবে। যদি মশার বিস্তার আটকানো না যায়, তাহলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমানো যাবে না।

অন্যদিকে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে গত ২৩ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। টাস্কফোর্সটি মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি, প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। সভায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতায় পদত্যাগ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতায় পদত্যাগ করেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যেখানে শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। স্পিকার পরে জানান যে, তিনি পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

জাতীয় সংসদ ভবনে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুরুতর অসুস্থতা এবং বিভিন্ন রোগের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালনে মো. সাহাবুদ্দিন নিজেকে অসমর্থ মনে করেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগপত্র বঙ্গভবন থেকে তাঁর সামরিক সচিব সংসদ সচিবালয়ে নিয়ে যান। পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে যে, মো. সাহাবুদ্দিন হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছিল। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় অটোনোমিক নিউরোপ্যাথি শনাক্ত হওয়ার কথাও পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে। এ কারণে মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন বলেও জানানো হয়েছে।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেছেন যে, এসব রোগের প্রাদুর্ভাব এবং শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তাঁর পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।

তাঁর দায়িত্বকালে দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠন এবং পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের রাজনৈতিক পালাবদলের গুরুত্বপূর্ণ সময় রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন মো. সাহাবুদ্দিন।

গণঅভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাঁর পদত্যাগের দাবি ওঠে। বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয় তাঁকে অপসারণের দাবিতে। তবে সে সময়ের অন্তর্বর্তী সরকার তাঁকে সরানোর কোনো উদ্যোগ নেয়নি।

পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। সরকার পরিবর্তনের পরও রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরের প্রেক্ষিতে তাঁর পদত্যাগের আলোচনা আরও জোরালো হয়ে ওঠে।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার সেই দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ’: ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ’: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, নেতাকর্মীরাও মানুষ, তাই ভুলত্রুটি হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, অন্যায় ও জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামী ঢাকা জেলা আয়োজিত রুকন সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা মানুষ, আমাদেরও ভুল, অন্যায়, দোষ ও অপরাধ হতে পারে। যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা ধরিয়ে দিন। কথা দিচ্ছি, আমরা সংশোধন করব, ইনশাআল্লাহ।”

তিনি দলের নেতাকর্মীদের নৈতিকতার বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আরও বেশি যত্নশীল হতে হবে। ভেরি কেয়ারফুল! নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।”

ডা. শফিকুর রহমান বলেন, কোনো ভুল বা লঙ্ঘন সহনীয় মাত্রার হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে সংশোধনের মাধ্যমে আবারও দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হবে। তবে অপরাধ গুরুতর হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প থাকবে না।

তিনি বলেন, “সেই বার্তা আমিসহ আমাদের সবার জন্য, সচেতন ও সতর্ক থাকার। সাবধান, সবাই সাবধান।”

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রসঙ্গও আলোচনায় এসেছে। জামায়াত আমির মন্তব্য করেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় এ ধরনের সিদ্ধান্তের মাধ্যমে কঠোর বার্তা দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “অন্যায়ের সঙ্গে জামায়াতের কোনো আপস নেই।”

সম্মেলনে সংবিধান সংস্কার নিয়েও বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো সংসদে সমাধান না হলে রাজপথে কর্মসূচির মাধ্যমে তা আদায় করা হবে। জনগণ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, সংবিধান সংশোধনের নামে জনআকাঙ্ক্ষা উপেক্ষা করার জন্য নয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তাঁর দাবি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আওয়ামী লীগ সরকারের আমলে খুন ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার আহ্বানও জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশের আন্দোলনের প্রভাব অন্য দেশেও ছড়িয়ে পড়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। একইভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও অন্য কোনো দেশের হস্তক্ষেপ কাম্য নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০

দেশে হামের সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে ৯৫০ জনের শরীরে হামের উপসর্গ এবং ১৮৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৯৫ জন, এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭১৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের।

১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২২ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৯৪ জন।

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ১ হাজার ৫৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮৬৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।

হামের প্রাদুর্ভাবের সময় উপসর্গ নিয়ে মৃত্যুগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। রোগতত্ত্ববিদদের মতে, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলমান পরিস্থিতিতে ঢাকা বিভাগেই আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। নতুন করে আক্রান্ত ও মৃত্যুর ঘটনাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে হাম কিংবা হামের উপসর্গের ৪২ হাজার ১৭৪ জন রোগী শনাক্ত হয়েছিল। ওই সময়ে বিশ্বের অন্য কোনো দেশে এত বেশি রোগী পাওয়া যায়নি বলে সংস্থাটির তথ্যের বরাতে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%