ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আল্লামা আযহার মাদানী কক্সবাজারে জামিয়াতুল ইমাম মুসলিমে সংবর্ধিত


আল্লামা আযহার মাদানী কক্সবাজারে জামিয়াতুল ইমাম মুসলিমে সংবর্ধিত

জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর উদ্যোগে কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম আল্লামা সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর দৌহিত্র আল্লামা সাইয়্যেদ আযহার মাদানীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ জোহর শহরের ইমাম বুখারী মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবর্ধনা ও দ্বীনি আলোচনা সভায় তিনি ইসলাম, ঈমান ও ইহসানের মৌলিক শিক্ষা এবং মানবজীবনে এর গুরুত্ব সম্পর্কে হাদিসে জিবরাইলের আলোকে আলোচনা করেন।

এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ হাফেজ সালাহুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

আলোচনায় আল্লামা আযহার মাদানী সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে উল্লেখিত হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিসে জিবরাইলের ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, "এ হাদিসে ইসলামের পাঁচটি স্তম্ভ, ঈমানের ছয়টি মৌলিক বিষয় এবং ইহসানের প্রকৃত তাৎপর্য সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে।"

হাদিসের আলোকে আল্লামা আযহার ব্যাখ্যা করেন যে, আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, রাসুল, আখিরাত এবং তাকদিরের ভালো-মন্দের প্রতি বিশ্বাস ঈমানের মৌলিক ভিত্তি। অপরদিকে, ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভ হলো কালিমা, নামাজ, জাকাত, রমজানের রোজা এবং সামর্থ্যবান ব্যক্তির হজ।

ইহসানের ব্যাখ্যায় তিনি রাসুলুল্লাহ (সা.)-এর বাণী উল্লেখ করে বলেন, "এমনভাবে আল্লাহর ইবাদত করতে হবে, যেন তাঁকে দেখা যাচ্ছে।" যদিও তাঁকে দেখা সম্ভব নয়, তবুও এই বিশ্বাস রাখতে হবে যে, তিনি সবকিছু দেখছেন। এই উপলব্ধি মানুষের মধ্যে আল্লাহভীতি, আত্মশুদ্ধি, ইবাদতে একনিষ্ঠতা ও নৈতিক দায়িত্ববোধ সৃষ্টি করে।

হাদিসের অপর অংশে কিয়ামতের সময় ও আলামত সম্পর্কে জিবরাইল (আ.)-এর প্রশ্নের প্রসঙ্গও আলোচনা করা হয়। হাদিসের শেষাংশে রাসুলুল্লাহ (সা.) জানান, দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই ফেরেশতা জিবরাইল (আ.) এভাবে প্রশ্ন করেছিলেন।

আরও পড়ুন: নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল স্বপদে ফিরলেন

আলোচনায় ইসলাম, ঈমান ও ইহসানের সমন্বিত শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিশুদ্ধ আকিদা, শুদ্ধ আমল ও উত্তম চরিত্র গঠনে দ্বীনি জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, বিশিষ্ট এই আলেমের শুভাগমন ও জ্ঞানগর্ভ আলোচনা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আয়োজন হয়ে থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ ৮০ শতাংশ কম, মৃতপ্রায় ১০ নদী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ ৮০ শতাংশ কম, মৃতপ্রায় ১০ নদী

উজানে ফারাক্কা বাঁধ চালুর পূর্ববর্তী অবস্থার তুলনায় বর্তমানে পদ্মার পানির প্রবাহ ৮০ শতাংশ কমে গেছে। প্রায় মৃত দশটি নদীও রয়েছে। নদী বিষয়ক কাজ করা সংগঠন রিভারাইন পিপলের গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে আন্তঃসীমান্ত নদীর গতিপথে নির্মিত ফারাক্কা বাঁধ পদ্মা এবং এর শাখা নদ-নদীর ওপর বিরূপ প্রভাব ফেলেছে। ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি সরিয়ে নেয়ায় পদ্মায় চর জেগেছে। শুকিয়ে মৃত হয়ে গেছে নদীর উৎস থেকে উৎপন্ন পাগলা, মহানন্দা, পুনর্ভবা ও বড়াল নদী। কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা ও কুমার নদও মৃতপ্রায় অবস্থায় রয়েছে। কপোতাক্ষ নদীর কোথাও হাঁটু পানি দেখা যায়, কোথাও পানিই নেই। যে হাঁটু পানি দেখা যায়, তা বৃষ্টির পানি, গঙ্গা থেকে আর আসে না।

পানি সংকটের কারণে পদ্মার শাখা নদীগুলোর মধ্যে একটি বড়াল। রাজশাহী থেকে ভাটিতে চারঘাটে বড়াল নদীর উৎসমুখ রয়েছে। বড়ালের উৎসমুখে বিশাল চর জেগেছে, যেখানে পানির প্রবাহ নেই। বড়ালের দুই পাশে চর পড়ে উঁচু হয়ে গেছে এবং মাঝখানে সরু নালার মতো অবস্থায় রয়েছে।

পদ্মা থেকে রাজশাহী, নাটোর হয়ে বড়াল নদীর গতিপথ যমুনা পর্যন্ত বিস্তৃত। এ নদীর জীবন-মৃত্যুর সাক্ষী চারঘাট এলাকার শিক্ষক মোহাম্মদ রেজাউল করীম। তিনি জানান, এ নদীতে বড় বড় নৌকা চলতে দেখেছেন।

নদী গবেষকরা বলছেন, বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মার গতিপথ এবং এর শাখা নদনদীর প্রবাহে মারাত্মক ক্ষতি করেছে ফারাক্কা বাঁধ।

পানি বিশেষজ্ঞদের মতে, ফারাক্কা বাঁধের নির্মাণকাজ ১৯৬১ সালে শুরু হয়ে ১৯৭৫ সালে শেষ হয়। ২ হাজার ২৪০ মিটার দীর্ঘ এ বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক পরিবেশগত ও সামাজিক পরিবর্তন ঘটেছে। বিতর্কিত এ বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে এবং বাংলাদেশের কিছু অংশে এর বিরুদ্ধে জোরালো বিরোধিতা রয়েছে।

অর্ধশতাব্দী ধরে ফারাক্কা নিয়ে বাংলাদেশের প্রধান অভিযোগ হলো—এ বাঁধের কারণে প্রমত্তা পদ্মার বুকে বিশাল চর জেগেছে। সংকীর্ণ হয়ে গেছে নদীর গতিপথ। শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে ভারত পানি সরিয়ে নেয়ায় পদ্মায় মারাত্মক পানি সংকট তৈরি হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের প্রধান এ নদী অস্তিত্ব সংকটে পড়েছে।

অন্যদিকে ভারত বরাবর যুক্তি দিয়ে এসেছে, কলকাতা বন্দরকে রক্ষার জন্য ফারাক্কা ছাড়া কোনো উপায় ছিল না। কয়েক বছর আগে বিহার সরকার ফারাক্কা ব্যারাজ ভেঙে দেয়ার দাবি তুলেছিল। রাজ্যটির অভিযোগ, ফারাক্কার কারণে প্রতি বছর তাদের বন্যায় ভুগতে হয়। ফারাক্কার উজানে ও ভাটিতে গঙ্গার ভাঙনও ওই এলাকার মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

স্প্রিঙ্গার নেচারের ডিসকাভার ওয়াটার জার্নালে প্রকাশিত মো. ইমরান হোসেনের (জুন ২০২৬) গবেষণায় বলা হয়েছে, উজানের পানি প্রত্যাহার বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ডের কৃষি কার্যক্রম, মাটির উর্বরতা ও মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বৃহত্তর কৃষি খাতে বছরে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির একটি হিসাব এতে উল্লেখ করা হলেও, এর পুরোটাই এককভাবে ফারাক্কার কারণে ঘটছে এমন নয়, এর সঙ্গে অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও জড়িত।

এছাড়া নিউজিল্যান্ডের গবেষক এম এম কিউ মির্জার (১৯৯৮) গবেষণায় গঙ্গার পানি প্রত্যাহারের ফলে গড়াই অববাহিকায় লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছিল। গবেষণার সূত্রে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের পানি আগ্রাসন ও ফারাক্কা বাঁধের কারণে লবণাক্ততায় ধানের আঞ্চলিক ফলন সর্বোচ্চ হ্রাস পেয়েছে বোরো ৮৬% এবং আমন ৭১%।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১৯৭১-৭২ অর্থবছরে দেশে ধান উৎপাদন ছিল প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে ১ কোটি ৫৯ লাখ টন, যা পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে প্রায় ৪ কোটি ৬ লাখ টনে উন্নীত হয়েছে। এর অর্থ হলো, দেশের সামগ্রিক ধান উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। আধুনিক বীজ, সার ও সেচ ব্যবস্থার কারণে এ উৎপাদন বেড়েছে।

তবে গবেষকদের মতে, মূল প্রশ্নটি তা নয়, বরং উজানের পানিপ্রবাহের অস্বাভাবিক হ্রাস ও লবণাক্ততা না ঘটলে এই উৎপাদন আরও কত বেশি হতে পারত, সেই সম্ভাবনাময় ঘাটতির বিষয়টি।

এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউট এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান অধ্যাপক নজরুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, এ যাবৎ অভিন্ন নদ-নদী নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে আলোচনা হয়েছে, তা নদ-নদীর প্রতি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির আলোকে হয়েছে। এ দৃষ্টিভঙ্গিতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকা গুরুত্ব পায় না। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বিপরীত হলো নদ-নদীর প্রতি প্রকৃতিসহায়ক দৃষ্টিভঙ্গি। এতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

দ্বিতীয় হলো, প্রতিটি নদ-নদী স্বীয় উপত্যকায় একটি নিজস্ব বাস্তুতন্ত্রের জন্ম দেয় এবং তাকে জায়মান রাখে। সামগ্রিকভাবে পৃথিবীর বাস্তুতান্ত্রিক ভারসাম্যের জন্য এই উভয় ভূমিকা অপরিহার্য। অভিজ্ঞতা দেখায়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি অদূরদর্শী। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকা ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘ মেয়াদে নদ-নদীর বাণিজ্যিক ও অর্থনৈতিক ভূমিকাও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে প্রকৃতিভিত্তিক দৃষ্টিভঙ্গি দূরদর্শী। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকার সুরক্ষা করা গেলে নদী তার অর্থনৈতিক ভূমিকাও পালন করতে সক্ষম থাকে।

পদ্মা নদী তীরবর্তী অঞ্চলের প্রবীণদের ভাষ্য, আগে নদীতে অনেক স্রোত ছিল, নদী ছিল বড়। এখন তো পুরো চর। যখন বাঁধ ছিল না তখন পানির খুব বেগ, ক্ষমতা আর স্রোত ছিল। এ নদীর একটি পাড়ে নৌকা ভেড়াতে চারজন লোকও ঘাবড়ে যেতেন। কারণ পানির তীব্র স্রোত ছিল। এখন তো শুধু ডাঙা।

পদ্মায় জেলেদের অভিযোগ, নদীর পানি কমে যাওয়ায় মাছও আগের মতো পাওয়া যায় না। এমনকি অতীতে তারা যেসব মাছ পেতেন, এখন আর তা ধরা পড়ে না। অনেকে তাই মাছ ধরা পেশা ছেড়ে দিয়েছেন।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গড়াই নদী পদ্মার অন্যতম গুরুত্বপূর্ণ শাখানদী। এ নদী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদী ও সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা আরও বলেন, আমাদের গড়াই নদীতে টোটাল ৪৪ কিলোমিটার চর পড়ে গিয়েছিল। বর্তমানে আমরা গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে সচল রাখছি। আর আমাদের কুষ্টিয়ায় ১১টি নদী আছে। এই নদীগুলো পদ্মা এবং গড়াই নদীর সঙ্গে লিংকআপ (যুক্ত)। এখন যদি টোট্যালি পদ্মায় পানি না পাওয়া যায় তাহলে এই নদীগুলো মৃতপ্রায় হয়ে যাবে।

নদ-নদীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের একটি বড় দুশ্চিন্তা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় এই সেচ প্রকল্প সম্পূর্ণ পদ্মার পানির ওপর নির্ভরশীল। চারটি জেলার প্রায় এক লাখ হেক্টর জমিতে সেচের জন্য ষাটের দশকে এই সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়। ফারাক্কা বাঁধের কারণে বিভিন্ন সময়ে পানি সংকটে সেচ প্রকল্প বন্ধ রাখতে হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১৭ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


আশুলিয়ায় ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১৭ জন আটক

আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতি চলাকালে ১৭ জনকে আটক করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ১৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।

এর আগে আজ বেলা ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়ার বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং মাঠ থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়ার বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং মাঠে ২০/২৫ জনের একটি দল জড়ো হয়। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় ছাত্রদল নেতারা তাদের আটক করেন। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি ব্যানার ও লাঠিসোঁটা জব্দ করা হয়।

আশুলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, "কিছু পোলাপান জোরপূর্বক হাউজিংয়ের ভিতর গাড়ি ঢোকানোর চেষ্টা করছিল। আমাদের দেখে অনেকে পালিয়ে যায়। ওরা ২০/২৫ জন ছিল। তাদের মোবাইল চেক করার পর দেখি, ‘দুর্দিনের সৈনিক লীগ’ এ ধরনের বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপ পাই। সবগুলোর নাম আমার মনে নেই। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন দিই। সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী আসে। এ সময় তাদের হেফাজত থেকে ব্যানার, এক ব্যাগ লাঠি পাওয়া যায়। লাঠির ওপর লেখা ‘জিরাবো’।"

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, "ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৭ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। আটকদের মধ্যে কিছু কম বয়সী তরুণও রয়েছে। সার্বিক বিষয় খতিয়ে দেখে এবং যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


পীরগঞ্জে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

রংপুরের পীরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানের মাধ্যমে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় ইটভাটা দুটির মালিককে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নে এ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ধ্বংস করা ইটভাটা দুটি হলো ফারুক মিয়ার এফএমএফ (FMF) এবং মোয়াজ্জেম হোসেনের এমইউএন (MUN) ইটভাটা।

এ অভিযানটি পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, উক্ত ইটভাটাগুলোতে পরিবেশ আইন লঙ্ঘন করে কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছিল। এছাড়া, ইটভাটা পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন ছিল না। প্রায় ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনিবিশিষ্ট উক্ত ইটভাটাগুলোর স্থাপনা অভিযান চালিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় মালিকদের মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এদিকে, স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ রয়েছে যে, পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে প্রায় ৩৮টি অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। এসব ইটভাটার মালিকরা একটি প্রভাবশালী দালালচক্রের মাধ্যমে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত অর্থ প্রদান করে ইটভাটা চালানোর সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়নে ১০টি এবং কুমেদপুর ইউনিয়নে ৮টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার অধিকাংশের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন নেই বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, শুধুমাত্র দু-একটি ইটভাটায় অভিযান চালিয়ে দায়িত্ব শেষ না করে, উপজেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি অবৈধ ইটভাটা পরিচালনায় সহযোগিতার অভিযোগে জড়িত কর্মকর্তা-কর্মচারী ও দালালচক্রকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় গৃহবধূ আঁখি আক্তারের মরদেহ উদ্ধার, স্বামী আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


ভালুকায় গৃহবধূ আঁখি আক্তারের মরদেহ উদ্ধার, স্বামী আটক

ময়মনসিংহের ভালুকায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে, যার নাম আঁখি আক্তার (১৯)। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার স্বামী জাহিদুলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পুলিশ জাহিদুলের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত আঁখি আক্তার উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামের চাঁন মিয়ার কন্যা। তিনি একই ইউনিয়নের বহুলী আকন্দবাড়ি এলাকার আলাউদ্দিনের ছেলে জাহিদুল ইসলামের স্ত্রী ছিলেন।

ভালুকা মডেল থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আঁখি আক্তার এক বছর আগে ধীতপুর ইউনিয়নের বহুলি গ্রামের আলাউদ্দিনের ছেলে জাহিদুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আঁখি উপজেলার ভরাডোবা এলাকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার সকালে স্বামীর বাড়ি থেকে কল করে আঁখির মৃত্যুর খবর তার বাবার বাড়িতে জানানো হয়। পরে খবর পেয়ে থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

মরদেহ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই মুহাম্মদ ওয়াছিম উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%