প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুরের পীরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানের মাধ্যমে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের সময় ইটভাটা দুটির মালিককে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নে এ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ধ্বংস করা ইটভাটা দুটি হলো ফারুক মিয়ার এফএমএফ (FMF) এবং মোয়াজ্জেম হোসেনের এমইউএন (MUN) ইটভাটা।
এ অভিযানটি পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, উক্ত ইটভাটাগুলোতে পরিবেশ আইন লঙ্ঘন করে কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছিল। এছাড়া, ইটভাটা পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন ছিল না। প্রায় ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনিবিশিষ্ট উক্ত ইটভাটাগুলোর স্থাপনা অভিযান চালিয়ে ভেঙে ফেলা হয়। এ সময় মালিকদের মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এদিকে, স্থানীয় একাধিক সূত্রের অভিযোগ রয়েছে যে, পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে প্রায় ৩৮টি অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। এসব ইটভাটার মালিকরা একটি প্রভাবশালী দালালচক্রের মাধ্যমে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত অর্থ প্রদান করে ইটভাটা চালানোর সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়নে ১০টি এবং কুমেদপুর ইউনিয়নে ৮টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার অধিকাংশের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনুমোদন নেই বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, শুধুমাত্র দু-একটি ইটভাটায় অভিযান চালিয়ে দায়িত্ব শেষ না করে, উপজেলার সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি অবৈধ ইটভাটা পরিচালনায় সহযোগিতার অভিযোগে জড়িত কর্মকর্তা-কর্মচারী ও দালালচক্রকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন