প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উজানে ফারাক্কা বাঁধ চালুর পূর্ববর্তী অবস্থার তুলনায় বর্তমানে পদ্মার পানির প্রবাহ ৮০ শতাংশ কমে গেছে। প্রায় মৃত দশটি নদীও রয়েছে। নদী বিষয়ক কাজ করা সংগঠন রিভারাইন পিপলের গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদে আন্তঃসীমান্ত নদীর গতিপথে নির্মিত ফারাক্কা বাঁধ পদ্মা এবং এর শাখা নদ-নদীর ওপর বিরূপ প্রভাব ফেলেছে। ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি সরিয়ে নেয়ায় পদ্মায় চর জেগেছে। শুকিয়ে মৃত হয়ে গেছে নদীর উৎস থেকে উৎপন্ন পাগলা, মহানন্দা, পুনর্ভবা ও বড়াল নদী। কপোতাক্ষ, ভৈরব, মাথাভাঙ্গা ও কুমার নদও মৃতপ্রায় অবস্থায় রয়েছে। কপোতাক্ষ নদীর কোথাও হাঁটু পানি দেখা যায়, কোথাও পানিই নেই। যে হাঁটু পানি দেখা যায়, তা বৃষ্টির পানি, গঙ্গা থেকে আর আসে না।
পানি সংকটের কারণে পদ্মার শাখা নদীগুলোর মধ্যে একটি বড়াল। রাজশাহী থেকে ভাটিতে চারঘাটে বড়াল নদীর উৎসমুখ রয়েছে। বড়ালের উৎসমুখে বিশাল চর জেগেছে, যেখানে পানির প্রবাহ নেই। বড়ালের দুই পাশে চর পড়ে উঁচু হয়ে গেছে এবং মাঝখানে সরু নালার মতো অবস্থায় রয়েছে।
পদ্মা থেকে রাজশাহী, নাটোর হয়ে বড়াল নদীর গতিপথ যমুনা পর্যন্ত বিস্তৃত। এ নদীর জীবন-মৃত্যুর সাক্ষী চারঘাট এলাকার শিক্ষক মোহাম্মদ রেজাউল করীম। তিনি জানান, এ নদীতে বড় বড় নৌকা চলতে দেখেছেন।
নদী গবেষকরা বলছেন, বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মার গতিপথ এবং এর শাখা নদনদীর প্রবাহে মারাত্মক ক্ষতি করেছে ফারাক্কা বাঁধ।
পানি বিশেষজ্ঞদের মতে, ফারাক্কা বাঁধের নির্মাণকাজ ১৯৬১ সালে শুরু হয়ে ১৯৭৫ সালে শেষ হয়। ২ হাজার ২৪০ মিটার দীর্ঘ এ বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক পরিবেশগত ও সামাজিক পরিবর্তন ঘটেছে। বিতর্কিত এ বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে এবং বাংলাদেশের কিছু অংশে এর বিরুদ্ধে জোরালো বিরোধিতা রয়েছে।
অর্ধশতাব্দী ধরে ফারাক্কা নিয়ে বাংলাদেশের প্রধান অভিযোগ হলো—এ বাঁধের কারণে প্রমত্তা পদ্মার বুকে বিশাল চর জেগেছে। সংকীর্ণ হয়ে গেছে নদীর গতিপথ। শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে ভারত পানি সরিয়ে নেয়ায় পদ্মায় মারাত্মক পানি সংকট তৈরি হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের প্রধান এ নদী অস্তিত্ব সংকটে পড়েছে।
অন্যদিকে ভারত বরাবর যুক্তি দিয়ে এসেছে, কলকাতা বন্দরকে রক্ষার জন্য ফারাক্কা ছাড়া কোনো উপায় ছিল না। কয়েক বছর আগে বিহার সরকার ফারাক্কা ব্যারাজ ভেঙে দেয়ার দাবি তুলেছিল। রাজ্যটির অভিযোগ, ফারাক্কার কারণে প্রতি বছর তাদের বন্যায় ভুগতে হয়। ফারাক্কার উজানে ও ভাটিতে গঙ্গার ভাঙনও ওই এলাকার মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
স্প্রিঙ্গার নেচারের ডিসকাভার ওয়াটার জার্নালে প্রকাশিত মো. ইমরান হোসেনের (জুন ২০২৬) গবেষণায় বলা হয়েছে, উজানের পানি প্রত্যাহার বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ডের কৃষি কার্যক্রম, মাটির উর্বরতা ও মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বৃহত্তর কৃষি খাতে বছরে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির একটি হিসাব এতে উল্লেখ করা হলেও, এর পুরোটাই এককভাবে ফারাক্কার কারণে ঘটছে এমন নয়, এর সঙ্গে অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবও জড়িত।
এছাড়া নিউজিল্যান্ডের গবেষক এম এম কিউ মির্জার (১৯৯৮) গবেষণায় গঙ্গার পানি প্রত্যাহারের ফলে গড়াই অববাহিকায় লবণাক্ততা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছিল। গবেষণার সূত্রে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের পানি আগ্রাসন ও ফারাক্কা বাঁধের কারণে লবণাক্ততায় ধানের আঞ্চলিক ফলন সর্বোচ্চ হ্রাস পেয়েছে বোরো ৮৬% এবং আমন ৭১%।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ১৯৭১-৭২ অর্থবছরে দেশে ধান উৎপাদন ছিল প্রায় ১ কোটি ২৫ লাখ থেকে ১ কোটি ৫৯ লাখ টন, যা পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে প্রায় ৪ কোটি ৬ লাখ টনে উন্নীত হয়েছে। এর অর্থ হলো, দেশের সামগ্রিক ধান উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। আধুনিক বীজ, সার ও সেচ ব্যবস্থার কারণে এ উৎপাদন বেড়েছে।
তবে গবেষকদের মতে, মূল প্রশ্নটি তা নয়, বরং উজানের পানিপ্রবাহের অস্বাভাবিক হ্রাস ও লবণাক্ততা না ঘটলে এই উৎপাদন আরও কত বেশি হতে পারত, সেই সম্ভাবনাময় ঘাটতির বিষয়টি।
এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউট এবং জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান অধ্যাপক নজরুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, এ যাবৎ অভিন্ন নদ-নদী নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে আলোচনা হয়েছে, তা নদ-নদীর প্রতি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির আলোকে হয়েছে। এ দৃষ্টিভঙ্গিতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকা গুরুত্ব পায় না। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বিপরীত হলো নদ-নদীর প্রতি প্রকৃতিসহায়ক দৃষ্টিভঙ্গি। এতে নদ-নদীর প্রাকৃতিক ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
দ্বিতীয় হলো, প্রতিটি নদ-নদী স্বীয় উপত্যকায় একটি নিজস্ব বাস্তুতন্ত্রের জন্ম দেয় এবং তাকে জায়মান রাখে। সামগ্রিকভাবে পৃথিবীর বাস্তুতান্ত্রিক ভারসাম্যের জন্য এই উভয় ভূমিকা অপরিহার্য। অভিজ্ঞতা দেখায়, বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি অদূরদর্শী। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকা ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘ মেয়াদে নদ-নদীর বাণিজ্যিক ও অর্থনৈতিক ভূমিকাও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে প্রকৃতিভিত্তিক দৃষ্টিভঙ্গি দূরদর্শী। কারণ, নদীর প্রাকৃতিক ভূমিকার সুরক্ষা করা গেলে নদী তার অর্থনৈতিক ভূমিকাও পালন করতে সক্ষম থাকে।
পদ্মা নদী তীরবর্তী অঞ্চলের প্রবীণদের ভাষ্য, আগে নদীতে অনেক স্রোত ছিল, নদী ছিল বড়। এখন তো পুরো চর। যখন বাঁধ ছিল না তখন পানির খুব বেগ, ক্ষমতা আর স্রোত ছিল। এ নদীর একটি পাড়ে নৌকা ভেড়াতে চারজন লোকও ঘাবড়ে যেতেন। কারণ পানির তীব্র স্রোত ছিল। এখন তো শুধু ডাঙা।
পদ্মায় জেলেদের অভিযোগ, নদীর পানি কমে যাওয়ায় মাছও আগের মতো পাওয়া যায় না। এমনকি অতীতে তারা যেসব মাছ পেতেন, এখন আর তা ধরা পড়ে না। অনেকে তাই মাছ ধরা পেশা ছেড়ে দিয়েছেন।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, গড়াই নদী পদ্মার অন্যতম গুরুত্বপূর্ণ শাখানদী। এ নদী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদী ও সুন্দরবনে মিঠাপানির প্রবাহ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা আরও বলেন, আমাদের গড়াই নদীতে টোটাল ৪৪ কিলোমিটার চর পড়ে গিয়েছিল। বর্তমানে আমরা গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে সচল রাখছি। আর আমাদের কুষ্টিয়ায় ১১টি নদী আছে। এই নদীগুলো পদ্মা এবং গড়াই নদীর সঙ্গে লিংকআপ (যুক্ত)। এখন যদি টোট্যালি পদ্মায় পানি না পাওয়া যায় তাহলে এই নদীগুলো মৃতপ্রায় হয়ে যাবে।
নদ-নদীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের একটি বড় দুশ্চিন্তা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় এই সেচ প্রকল্প সম্পূর্ণ পদ্মার পানির ওপর নির্ভরশীল। চারটি জেলার প্রায় এক লাখ হেক্টর জমিতে সেচের জন্য ষাটের দশকে এই সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়। ফারাক্কা বাঁধের কারণে বিভিন্ন সময়ে পানি সংকটে সেচ প্রকল্প বন্ধ রাখতে হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন