প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর উদ্যোগে কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত আলেম শায়খুল ইসলাম আল্লামা সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর দৌহিত্র আল্লামা সাইয়্যেদ আযহার মাদানীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ জোহর শহরের ইমাম বুখারী মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবর্ধনা ও দ্বীনি আলোচনা সভায় তিনি ইসলাম, ঈমান ও ইহসানের মৌলিক শিক্ষা এবং মানবজীবনে এর গুরুত্ব সম্পর্কে হাদিসে জিবরাইলের আলোকে আলোচনা করেন।
এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.)-এর প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ হাফেজ সালাহুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় আল্লামা আযহার মাদানী সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে উল্লেখিত হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিসে জিবরাইলের ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, "এ হাদিসে ইসলামের পাঁচটি স্তম্ভ, ঈমানের ছয়টি মৌলিক বিষয় এবং ইহসানের প্রকৃত তাৎপর্য সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে।"
হাদিসের আলোকে আল্লামা আযহার ব্যাখ্যা করেন যে, আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, রাসুল, আখিরাত এবং তাকদিরের ভালো-মন্দের প্রতি বিশ্বাস ঈমানের মৌলিক ভিত্তি। অপরদিকে, ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভ হলো কালিমা, নামাজ, জাকাত, রমজানের রোজা এবং সামর্থ্যবান ব্যক্তির হজ।
ইহসানের ব্যাখ্যায় তিনি রাসুলুল্লাহ (সা.)-এর বাণী উল্লেখ করে বলেন, "এমনভাবে আল্লাহর ইবাদত করতে হবে, যেন তাঁকে দেখা যাচ্ছে।" যদিও তাঁকে দেখা সম্ভব নয়, তবুও এই বিশ্বাস রাখতে হবে যে, তিনি সবকিছু দেখছেন। এই উপলব্ধি মানুষের মধ্যে আল্লাহভীতি, আত্মশুদ্ধি, ইবাদতে একনিষ্ঠতা ও নৈতিক দায়িত্ববোধ সৃষ্টি করে।
হাদিসের অপর অংশে কিয়ামতের সময় ও আলামত সম্পর্কে জিবরাইল (আ.)-এর প্রশ্নের প্রসঙ্গও আলোচনা করা হয়। হাদিসের শেষাংশে রাসুলুল্লাহ (সা.) জানান, দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই ফেরেশতা জিবরাইল (আ.) এভাবে প্রশ্ন করেছিলেন।
আলোচনায় ইসলাম, ঈমান ও ইহসানের সমন্বিত শিক্ষা ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিশুদ্ধ আকিদা, শুদ্ধ আমল ও উত্তম চরিত্র গঠনে দ্বীনি জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, বিশিষ্ট এই আলেমের শুভাগমন ও জ্ঞানগর্ভ আলোচনা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আয়োজন হয়ে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন