মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫৬ পি.এম
কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৮১ জনকে আটক করা হয়েছে, এর মধ্যে নিষিদ্ধ সংগঠনের ৩০ নেতাকর্মীও রয়েছেন।
আটককৃতদের মধ্যে যাচাই-বাছাইয়ের পর ১২১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানার পুলিশ যৌথভাবে জেলার একাধিক স্থানে এই অভিযান পরিচালনা করেছে। মূলত কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতেই এই বিশেষ তৎপরতা চালানো হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে উঠতি বয়সের বিপথগামী কিশোরদের অপরাধপ্রবণতা থেকে সরিয়ে পড়াশোনা ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই কারণেই যাচাই-বাছাই শেষে ৬০ জনকে সংশোধনের সুযোগ দিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, "কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে আমাদের লক্ষ্য শুধু অপরাধীদের আইনের আওতায় আনা নয়, বরং বিপথগামী কিশোরদের সংশোধনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।"
অভিযানে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার আরও জানান, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই প্রতিটি অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপদ ও অপরাধমুক্ত কুমিল্লা গড়তে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ বর্তমানে তীব্র খাদ্যসংকটে রয়েছে। সুদান, দক্ষিণ সুদান এবং সোমালিয়ার কিছু অঞ্চলে দুর্ভিক্ষের ঝুঁকি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে, বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে যুদ্ধ ও সংঘাতের কারণে খাদ্য ও কৃষি উপকরণের সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে খাদ্য ও মানবিক সহায়তার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে যে, যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে ৭৩ লাখ মানুষের খাদ্যসহায়তা ঝুঁকিতে পড়তে পারে।
ডব্লিউএফপির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এই সতর্কবার্তা প্রদান করেন। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি এবং কৃষ্ণসাগরে সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে খাদ্যশস্য রপ্তানি এবং কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উপকরণের সরবরাহে বিঘ্ন ঘটছে। বিশ্বজুড়ে সংঘাত বৃদ্ধি এবং এল নিনোর মতো জলবায়ুগত বিপর্যয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যা খাদ্য উৎপাদন ও দামে প্রভাব ফেলছে।
লিন্ডবার্গ জানান, যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত ডব্লিউএফপির অতিরিক্ত ৭২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হতে পারে। এতে ৭৩ লাখ মানুষের জন্য খাদ্যসহায়তা কার্যক্রম ঝুঁকিতে পড়বে। বাড়তি পরিবহন ও খাদ্য ব্যয়ের কারণে সংস্থাটির বরাদ্দ অর্থ কমে যাচ্ছে, ফলে কমসংখ্যক মানুষকে আগের তুলনায় কম পরিমাণ সহায়তা দিতে হবে।
বিশ্বের মোট সার সরবরাহের প্রায় ৩০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তাই, এই নৌপথে অচলাবস্থা সৃষ্টি হলে কৃষি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ উপকরণের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়বে।
অন্যদিকে, কৃষ্ণসাগর বিভিন্ন দেশের জন্য শস্য সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। সোমালিয়া ও ইয়েমেনের মতো দেশগুলো এই অঞ্চলের শস্যের ওপর নির্ভরশীল। ইয়েমেন তার মোট খাদ্য চাহিদার প্রায় ৯০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে।
এছাড়া, বাব আল-মান্দেব প্রণালিতে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এই তিনটি নৌপথের সংকটের কারণে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর ব্যয় বৃদ্ধি পাচ্ছে।
সুদানে খাদ্যসংকটের পরিস্থিতি উদ্বেগজনক। দেশটিতে একটি সাধারণ খাদ্যতালিকার ব্যয় গত ফেব্রুয়ারির তুলনায় ১৩০ শতাংশ বেড়ে গেছে।
লিন্ডবার্গ জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি তিনটি বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বে আর কোনো দুর্ভিক্ষ হতে দেওয়া যাবে না, খাদ্যকে কখনোই যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না এবং মানবিক সহায়তাকর্মীদের ওপর কোনো হামলা চালানো যাবে না।
এই তিনটি বিষয়কে ‘তিনটি লাল রেখা’ হিসেবে উল্লেখ করে তিনি সদস্যদেশগুলোকে এগুলো মেনে চলার আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর অবদানের বিষয়টি তুলে ধরেছেন। তিনি এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার নিউইয়র্কে বাংলাদেশের ৫৬তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এই শ্রদ্ধা জানান। আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইরিন খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বিত অভিযানের কথা স্মরণ করেন এবং স্বাধীনতাসংগ্রামে তাদের সম্মিলিত প্রচেষ্টাকে বিশেষভাবে উল্লেখ করেন। তিনি এই যৌথ প্রচেষ্টাকে মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে অভিহিত করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘকালীন অবদান সম্পর্কে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশি শান্তিরক্ষীদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, "অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশি শান্তিরক্ষীরা ঝুঁকিতে থাকা জনগণের সুরক্ষা দিচ্ছেন।" একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, তারা দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
আইরিন খান দেশের অভ্যন্তরে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা প্রদান এবং অবকাঠামোগত উন্নয়নে সশস্ত্র বাহিনীর অবদানের কথাও তুলে ধরেন।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রেখেছেন। পাশাপাশি শান্তি, মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক সংহতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা, সামরিক প্রতিনিধি এবং অন্যান্য কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যে ফ্লুর সংক্রমণের মাত্রা ‘অতি উচ্চ’ পর্যায়ে পৌঁছেছে। দক্ষিণ ক্যারোলাইনাতেও ফ্লুর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সেখানে গত পাঁচ বছরের গড়ের তুলনায় ফ্লুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রে অন্তত ৩৭ লাখ মানুষ ফ্লুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের ভর্তি হয়েছেন ৫০ হাজার এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০০ জন। বিশেষভাবে শিশু, ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বাদের জন্য ফ্লু অধিক ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞদের পরামর্শ হলো, ছয় মাসের বেশি বয়সী সকলকে ফ্লুর টিকা গ্রহণ করা উচিত। শিশুদের জন্য নিয়মিত হাত ধোয়া, কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা এবং অসুস্থ হলে অন্যদের থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুদের জন্য উপযোগী জ্বরের ওষুধ দেওয়া এবং পর্যাপ্ত পানি পান করানো অত্যন্ত জরুরি।
যদি শিশুর বয়স এক বছরের কম হয় কিংবা হাঁপানি, ক্যানসার ও ফুসফুসের রোগের মতো জটিলতা থাকে, তাহলে অসুস্থতার লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বিশেষজ্ঞরা নির্দেশনা দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোরের হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ প্রদান করেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক সাঈদ খোকনের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানির সময় বেলা আড়াইটার দিকে তাকে এজলাসে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে রিমান্ডে চাওয়ার কারণ উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত তার এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৭ নভেম্বর এই মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকালে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে থাকা আবদুল মোতালিব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবর্তীতে ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলায় সাঈদ খোকন এজাহার নামীয় ২৯ নম্বর আসামি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ