০৫:৪১ পি.এম
ঝিনাইদহ, ২১ নভেম্বর ২০২৬ : মহেশপুর ৫৮ বিজিবি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করে বিগত আড়াই মাসে ১৭৫ জনকে আটক করেছে। একই সময়ে আনুমানিক ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করেছে।
আজ শনিবার (২১ নভেম্বর) বেলা দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ানের সহকারী পরিচালক ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অবিরাম প্রচেষ্টার মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা থেকে গত আড়াই মাসে প্রায় ৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। একই সাথে সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে অন্তত ১৭৫ জনকে আটক করেছে বিজিবি।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
গত ১ সেপ্টেম্বর থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীনে সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। বিজিবির বিশেষ অভিযানে ৫৭৫ দশমিক ৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুর ৫৮ বিজিবির পৃথক টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত আড়াই মাসে ১ হাজার ২৫২ বোতল বিদেশি মদ জব্দ করেছে। এই সময়ে ৫ হাজার ৯৫৭ বোতল ভারতীয় নেশা জাতীয় নিষিদ্ধ সিরাপ, ৬ হাজার ৭৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ কেজি ৭২ গ্রাম গাঁজা ও ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, "সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ চিহ্নিত করে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।" তিনি আরও জানান, "সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।" লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, "সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।"
আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন