শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৪ পি.এম
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার জন্য সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেছেন।
তিনি উল্লেখ করেন, "সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।" সংবাদ পরিবেশনের ক্ষেত্রে প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য হচ্ছে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখা।
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক সেমিনার ও কর্মশালায় তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিল কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একেএম আব্দুল হাকিম।
আলোচক হিসেবে আরও ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ, সদস্য মো. শহিদুল ইসলাম, সচিব মো. আব্দুস সবুর এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।
সেমিনারে অন্যান্য বক্তারা মন্তব্য করেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মূল ভিত্তি হলো সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। যাচাই না করে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। হলুদ সাংবাদিকতা শুধু একজন সাংবাদিকের ভাবমূর্তিই নষ্ট করে না, পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট করে।’
কর্মশালায় ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সাব এডিটরস কাউন্সিলের সদস্যরা অংশ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রদীপ সরকারকে দেখতে গিয়ে তার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কচুয়া উপজেলা শাখার নেতাকর্মীরা। এ সময় দলের নেতারা প্রদীপকে আর্থিক সহায়তা প্রদানসহ ভবিষ্যতে স্বাবলম্বী হতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে এনসিপি কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক ডা. আরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোয়াটি গ্রামের বাসিন্দা আহত প্রদীপ সরকারের বাড়িতে যান। সেখানে তারা তার সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার পর থেকে তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
ডা. আরিফুল ইসলাম প্রদীপ সরকারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। তিনি বলেন, "ভবিষ্যতে যদি তিনি স্বাবলম্বী হতে চান, তবে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।"
এনসিপি কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক ডা. আরিফুল ইসলাম উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "বিশেষ করে অসহায়, দরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের বিপদে-আপদে পাশে থাকার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কচুয়া উপজেলা শাখার সদস্য সচিব আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম গাজী এবং কচুয়া উপজেলা ছাত্রশক্তি ও যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, প্রায় এক মাস আগে উপজেলার দোয়াটি গ্রামের মবিনের দোকানের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রদীপ সরকার। দুর্ঘটনার পর তার অসহায় জীবনযাপন ও শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে আরটিভিতে সংবাদ প্রকাশিত হলে তা এনসিপি নেতা ডা. আরিফুল ইসলামের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার তিনি নেতাকর্মীদের নিয়ে প্রদীপ সরকারের বাড়িতে গিয়ে তার পাশে দাঁড়ান এবং সার্বিক খোঁজখবর নেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দৈনন্দিন খাদ্যাভ্যাস মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা এবং সামগ্রিক ব্রেন হেলথ ভালো রাখতে কোন খাবারগুলো খাওয়া উচিত, তা সম্প্রতি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠি তুলে ধরেছেন।
ডা. শেঠির মতে, কিছু সাধারণ খাবারে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, কোলিন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার এবং বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
তালিকার প্রথম খাবার হলো আখরোট। এতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বিদ্যমান। ডা. শেঠি বলেন, এই উপাদানগুলো অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের প্রভাব থেকে মস্তিষ্কের নিউরনকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। এর ফলে স্মৃতিশক্তি এবং কগনিটিভ ফাংশন বা চিন্তাভাবনার ক্ষমতার জন্য এটি উপকারী হতে পারে।
দ্বিতীয় খাবার হিসেবে উল্লেখ করা হয়েছে ডিম। ডিমে প্রোটিনের পাশাপাশি কোলিনও রয়েছে। এই পুষ্টি উপাদানটি অ্যাসিটাইলকোলিন নামক নিউরোট্রান্সমিটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মৃতি, শেখার ক্ষমতা এবং মস্তিষ্কের কোষগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখতে এই নিউরোট্রান্সমিটার অপরিহার্য।
তৃতীয় স্থানে রয়েছে স্যালমনের মতো ফ্যাটযুক্ত মাছ। এই ধরনের মাছে ডিএইচএ এবং ইপিএসহ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বিদ্যমান। বিশেষ করে ডিএইচএ মস্তিষ্কের কোষের ঝিল্লির একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং নিউরনের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে।
কুমড়ার বীজও ডা. শেঠির তালিকায় স্থান পেয়েছে। এতে ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং কপার রয়েছে। জিঙ্ক স্নায়ুর সংকেত আদান-প্রদানে সাহায্য করে। অন্যদিকে, ম্যাগনেশিয়াম মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত।
সবশেষে রয়েছে বেরি জাতীয় ফল। এতে উপস্থিত পলিফেনল ও অ্যান্থোসায়ানিন অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। বয়সের সঙ্গে কগনিটিভ ক্ষমতা কমে যাওয়ার গতিও কিছু ক্ষেত্রে ধীর করতে পারে এসব উপাদান।
তবে, শুধুমাত্র এই পাঁচটি খাবার খেলে স্মৃতিশক্তি বাড়বে, এমন দাবি করা যায় না। সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা এবং মানসিক সক্রিয়তাও মস্তিষ্ককে সুস্থ রাখার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। সূত্র: দ্য ওয়াল
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসরায়েল কর্তৃপক্ষ ফ্রান্সের কট্টর বামপন্থী ও ইসরায়েলবিরোধী প্রেসিডেন্ট পদপ্রার্থী জ্যঁ-লুক মেলাঁশোঁ এবং তার দল ‘লা ফ্রান্স ইনসুমিস’ (ফ্রান্স আনবাউন্ড)-এর আরেক শীর্ষ নেতাকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেল আবিবের এই সিদ্ধান্তকে ‘জনতুষ্টিবাদী’ (ডেমাগগিক) আখ্যা দিয়ে প্যারিস এর তীব্র সমালোচনা করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘লা ফ্রান্স ইনসুমিস’ দলের চরম ইসরায়েলবিরোধী অবস্থান এবং এর নেতাদের আপত্তিকর মন্তব্যের কারণে মেলাঁশোঁ এবং দলটির সংসদীয় গ্রুপের চেয়ারম্যান মাতিল্ড পানোকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইসরায়েলের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো মন্তব্য করেছেন, ‘আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনকারী একটি সরকারের নেওয়া এই জনতুষ্টিবাদী সিদ্ধান্ত মূলত তাদেরই হাতকে শক্তিশালী করবে, যারা লা ফ্রান্স ইনসুমিসের মতো ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে পুঁজি করে ফায়দা লুটতে চায়।’
তিনি আরও যোগ করেন, ‘ফ্রান্স দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে।’
এর আগে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, মেলাঁশোঁ ও পানো উভয়েই ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষমূলক অপপ্রচার চালিয়েছেন। বিশেষ করে মেলাঁশোঁ গাজা অভিমুখী অবৈধ নৌবহরগুলোকে ফরাসি জাহাজের মাধ্যমে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বলে দাবি করে তেল আবিব।
বিবৃতিতে ইসরায়েল জানায়, যারা ইসরায়েলের ক্ষতি করতে চায় এবং এর নাগরিকদের বিরুদ্ধে উসকানি দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
অন্যদিকে, ইসরায়েলের এই নিষেধাজ্ঞার বিষয়ে ফরাসি বেতার ‘ফ্রান্সইনফো’-কে মেলাঁশোঁ বলেন, ‘আমি এমন এক ভূখণ্ডে প্রবেশের নিষেধাজ্ঞা পেলাম, যেখানে যাওয়ার জন্য আমি কখনো আবেদনই করিনি। ইসরায়েল সরকার যেভাবে আমার পেছনে লেগেছে, তা সত্যিই দুঃখজনক।’
উল্লেখ্য, গত শনিবার এক নির্বাচনী প্রচারণায় মেলাঁশোঁ স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলে গাজা উপত্যকায় জোরপূর্বক ত্রাণ পৌঁছাতে আগ্রহী আন্দোলনকারীদের বহনকারী নৌযানগুলোকে ফরাসি জাহাজ পাহারা দিয়ে নিয়ে যাবে। সূত্র: রয়টার্স।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অপরাধীদের আইনের আওতায় আনা, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়ন নিয়ে কোন ছাড় দেয়া হবে না। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে সাধারণ মানুষকে সাথে নিয়ে। রাজশাহী রেঞ্জ
রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম, আইনশৃঙ্খলা-সংক্রান্ত মতবিনিময় সভায় এ সব কথা বলেন। এই সভাটি রেঞ্জের সকল থানার অফিসার ইনচার্জদের সঙ্গে অনুষ্ঠিত হয়।
গত বুধবার অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং দমন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং থানা পর্যায়ে জনগণের পুলিশি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করা, অভিযোগের যথাযথ গুরুত্ব প্রদান এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে ডিআইজি অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ডিআইজি মীর আশরাফ আলী আরও উল্লেখ করেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও নগরায়ণের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা এবং পুলিশ ফাঁড়িগুলোকে স্বয়ংসম্পূর্ণ থানায় উন্নীত করা সময়ের দাবি। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি অভিভাবকদের সচেতনতা, পারিবারিক নজরদারি ও সামাজিক সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করে অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন। ডিআইজি আরও বলেন, মাদক প্রবাহ প্রতিরোধ ও মাদকাসক্তিজনিত অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে। একটি সুশৃঙ্খল, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে যথাযথ প্রশিক্ষণ, সঠিক নির্দেশনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ