ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতির পদত্যাগ বিশ্ব সংবাদমাধ্যমের আলোচনায়


রাষ্ট্রপতির পদত্যাগ বিশ্ব সংবাদমাধ্যমের আলোচনায়

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্ব সহকারে উঠে এসেছে। রয়টার্স, বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট, ব্লুমবার্গ এর মতো প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ নিয়ে বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে।

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে রাষ্ট্রপতির বিদায়ের ব্যাপারটি মেয়াদ পূর্ণ হওয়ার আগেই হচ্ছে, এবং তার শারীরিক অসুস্থতার কথা উঠে এসেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, শুক্রবার(২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ২০২৩ সালের এপ্রিল থেকে দায়িত্ব পালন করা দেশের এই শীর্ষ সাংবিধানিক প্রধান এমন একটি সময় বিদায় নিচ্ছেন, যখন দেশে একটি রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। যদিও বাংলাদেশে রাষ্ট্রপতির পদটি মূলত অলঙ্কারিক, তবে নির্বাহী ক্ষমতার মূল চালিকাশক্তিটি প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণার পরপরই তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপর পদত্যাগের রাজনৈতিক চাপ সৃষ্টি হয়। বিবিসি বাংলার বরাতে বলা হয়েছে, ক্ষমতাসীন বিএনপি নেতাদের পক্ষ থেকেও ছিল পদত্যাগের জোর দাবি। ফলে আনুষ্ঠানিকভাবে অসুস্থতার কথা বলা হলেও, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনকেই এই পদত্যাগের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২৪ সালের আন্দোলনের প্রাণহানির ঘটনায় বিচারপ্রক্রিয়া এবং শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের পর রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন, যার ফলে রাষ্ট্রপতির অবস্থান বঙ্গভবনে আরও নড়বড়ে হয়ে পড়ে।

হংকংভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলমের বরাতে জানায়, অসুস্থতা ও বিশ্রামের প্রয়োজনীয়তার কারণে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে পদত্যাগ করেছেন। তবে তিনটি গোপন সূত্রের বরাতে তারা দাবি করেছে, রাজনৈতিক কৌশলগত কারণেই রাষ্ট্রপতির ওপর সরকারের তরফ থেকে পদত্যাগের পরোক্ষ চাপ সৃষ্টি হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, এই পদত্যাগের ফলে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করা শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের উচ্চপর্যায়ে তার শেষ সংবিধানসম্মত মিত্রকেও হারালেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এর প্রতিবেদনে বলা হয়, ২০২৮ সালের এপ্রিলে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, ৭৬ বছর বয়সী এই রাষ্ট্রপতির অসময়ে বিদায় বাংলাদেশে আরেকটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করল। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে সাহাবুদ্দিনই ছিলেন অন্যতম প্রধান সংবিধানসম্মত পথ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বাংলাদেশের সংবিধানের সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে জানিয়েছে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিলে তা কার্যকর হয়ে যায়। বিদেশে চিকিৎসাধীন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।

সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। সংসদে বর্তমানে ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেহেতু তাদের মনোনীত প্রার্থীই বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবনের অভিযোগে যুবকের তিন মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


মাদক সেবনের অভিযোগে যুবকের তিন মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক সেবনের অভিযোগে একটি যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে তাকে ৫০ টাকা অর্থদণ্ডও প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীনের নেতৃত্বে পৌরসভার স্লুইসগেট এলাকায় অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আব্দুল জিহাদ, বয়স ২১ বছর। তাকে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অভিযানে আব্দুল জিহাদের কাছ থেকে ২টি ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সেবনের সরঞ্জামও জব্দ করা হয়।

এ সময় জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাকিলসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, "সামাজিক পরিবেশকে মাদক মুক্ত রাখতে আমাদের এ বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।"

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে শনিবার সুনামগঞ্জের কারাগারে পাঠানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির চাকরির নতুন সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির চাকরির নতুন সম্ভাবনা

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থাইল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও থাইল্যান্ড।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনসহ দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকালে ব্যাংককে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বিজাবাত ইসারাভাকদির মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলোর উপর আলোচনা করা হয়।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সফর শেষে ব্যাংককে যাত্রাবিরতিকালে হুমায়ুন কবির এ বৈঠকটি করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও থাইল্যান্ডের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তারা দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, পর্যটন ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

বিশেষ করে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থাইল্যান্ডে প্রায় ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন।

জবাবে থাইল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে দেশটির গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা আরো গভীর করা এবং সদস্য দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ সেক্টরাল ডায়ালগ পার্টনারের মর্যাদা অর্জনে কাজ করে যাচ্ছে।

বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী

ঢাকা, ২৪ জুলাই, ২০২৬ : ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের আঘাত হানার এক মাস পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপ থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের গুজব দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভেনেজুয়েলার সিভিল প্রোটেকশন সংস্থা এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, জীবিত ব্যক্তিদের উদ্ধার হওয়ার দাবী করে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা।’

গত ২৪ জুন ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করার পর অনেক শোকাহত পরিবার এখনও ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া স্বজনদের খুঁজে ফিরছেন।

বার্তা সংস্থা এএফপি ভেনেজুয়েলার কারাবালেদা থেকে এই তথ্য জানিয়েছে।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর লা গুয়াইরার ওপিপি-২৬ আবাসন কমপ্লেক্স থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ বিভ্রান্তিকর তথ্য নিখোঁজ স্বজনদের পরিবারের জন্য এক কঠিন পরিস্থিতিকে আরও অসহনীয় করে তোলে। খবর শুনে আশায় বুক বেঁধে অনেকেই দ্রুত ঘটনাস্থলে চলে যান।

চোখের পানি মুছতে মুছতে নাইতি সারিয়া এএফপিকে বলেন, ‘এভাবে তথ্য বিকৃত করা উচিত নয়। কারণ এতে মানুষের মনে আশা জাগে। অথচ আপনি যেখানে জানেন, এমন ঘটা অসম্ভব।’

সারিয়া গত এক মাস ধরে তার ৭৪ বছর বয়সী শাশুড়ি ওলগা হার্নান্ডেজকে খুঁজছেন, যিনি ওপিপি-২৬ আবাসন কমপ্লেক্সের ১২ তলা একটি ভবনে বাস করতেন।

তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তার দ্বারা সব কিছুই সম্ভব। তারপরও এখানে যারা আছেন, তাদের অনুভূতি নিয়ে খেলা করা ঠিক নয়। এতে খুব কষ্ট বাড়ে।’

ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছেন প্রায় ১৭ হাজার। উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে ২৩ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ বিপর্যয়ের পর এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামান্য পাওনা টাকাই কাল হলো, ৪৯ হাজারের বিরোধে হত্যার রহস্য উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


সামান্য পাওনা টাকাই কাল হলো, ৪৯ হাজারের বিরোধে হত্যার রহস্য উন্মোচন

মাত্র ৪৯ হাজার টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মুন্সীগঞ্জের আরিফ হোসেনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে উঠে আসা তথ্যের ভিত্তিতে মামলার আরও এক আসামি রুবেল কাজী (৩১)-কে গ্রেফতার করেছে পিবিআই।

পিবিআই জানায়, শুক্রবার (২৪ জুলাই) ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমান্দি এলাকায় অভিযান চালিয়ে রুবেল কাজীকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত আরিফ হোসেনের ছোট ভাই আকাশ বেপারী কসাইয়ের কাজ করতেন। সেই সূত্রে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাসিন্দা নূর মোহাম্মদের কাছে তার প্রায় ৪৯ হাজার টাকা পাওনা ছিল। গত ১৩ জুন সকালে ওই টাকা চাইতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় নূর মোহাম্মদ টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে আরিফকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

এর পরদিন ১৪ জুন ভোরে মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জসিম নগর এলাকার একটি অনাবাদি জমি থেকে আরিফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা ফরিদা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তভার পাওয়ার পর পিবিআই আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। একপর্যায়ে মামলার প্রধান আসামি নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। পরে আদালতে দেওয়া তার ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দাবি করা হয়, রুবেল কাজীসহ ছয়জন পরিকল্পিতভাবে আরিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।

পিবিআই জানায়, নূর মোহাম্মদের দেওয়া জবানবন্দি এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে রুবেল কাজীর অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের ভূমিকা এবং ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%