প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দৈনন্দিন খাদ্যাভ্যাস মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা এবং সামগ্রিক ব্রেন হেলথ ভালো রাখতে কোন খাবারগুলো খাওয়া উচিত, তা সম্প্রতি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠি তুলে ধরেছেন।
ডা. শেঠির মতে, কিছু সাধারণ খাবারে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, কোলিন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার এবং বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
তালিকার প্রথম খাবার হলো আখরোট। এতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বিদ্যমান। ডা. শেঠি বলেন, এই উপাদানগুলো অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের প্রভাব থেকে মস্তিষ্কের নিউরনকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। এর ফলে স্মৃতিশক্তি এবং কগনিটিভ ফাংশন বা চিন্তাভাবনার ক্ষমতার জন্য এটি উপকারী হতে পারে।
দ্বিতীয় খাবার হিসেবে উল্লেখ করা হয়েছে ডিম। ডিমে প্রোটিনের পাশাপাশি কোলিনও রয়েছে। এই পুষ্টি উপাদানটি অ্যাসিটাইলকোলিন নামক নিউরোট্রান্সমিটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মৃতি, শেখার ক্ষমতা এবং মস্তিষ্কের কোষগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখতে এই নিউরোট্রান্সমিটার অপরিহার্য।
তৃতীয় স্থানে রয়েছে স্যালমনের মতো ফ্যাটযুক্ত মাছ। এই ধরনের মাছে ডিএইচএ এবং ইপিএসহ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড বিদ্যমান। বিশেষ করে ডিএইচএ মস্তিষ্কের কোষের ঝিল্লির একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং নিউরনের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে।
কুমড়ার বীজও ডা. শেঠির তালিকায় স্থান পেয়েছে। এতে ম্যাগনেশিয়াম, জিঙ্ক এবং কপার রয়েছে। জিঙ্ক স্নায়ুর সংকেত আদান-প্রদানে সাহায্য করে। অন্যদিকে, ম্যাগনেশিয়াম মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত।
সবশেষে রয়েছে বেরি জাতীয় ফল। এতে উপস্থিত পলিফেনল ও অ্যান্থোসায়ানিন অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। বয়সের সঙ্গে কগনিটিভ ক্ষমতা কমে যাওয়ার গতিও কিছু ক্ষেত্রে ধীর করতে পারে এসব উপাদান।
তবে, শুধুমাত্র এই পাঁচটি খাবার খেলে স্মৃতিশক্তি বাড়বে, এমন দাবি করা যায় না। সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা এবং মানসিক সক্রিয়তাও মস্তিষ্ককে সুস্থ রাখার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। সূত্র: দ্য ওয়াল
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন