প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসরায়েল কর্তৃপক্ষ ফ্রান্সের কট্টর বামপন্থী ও ইসরায়েলবিরোধী প্রেসিডেন্ট পদপ্রার্থী জ্যঁ-লুক মেলাঁশোঁ এবং তার দল ‘লা ফ্রান্স ইনসুমিস’ (ফ্রান্স আনবাউন্ড)-এর আরেক শীর্ষ নেতাকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেল আবিবের এই সিদ্ধান্তকে ‘জনতুষ্টিবাদী’ (ডেমাগগিক) আখ্যা দিয়ে প্যারিস এর তীব্র সমালোচনা করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘লা ফ্রান্স ইনসুমিস’ দলের চরম ইসরায়েলবিরোধী অবস্থান এবং এর নেতাদের আপত্তিকর মন্তব্যের কারণে মেলাঁশোঁ এবং দলটির সংসদীয় গ্রুপের চেয়ারম্যান মাতিল্ড পানোকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইসরায়েলের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো মন্তব্য করেছেন, ‘আন্তর্জাতিক আইন বারবার লঙ্ঘনকারী একটি সরকারের নেওয়া এই জনতুষ্টিবাদী সিদ্ধান্ত মূলত তাদেরই হাতকে শক্তিশালী করবে, যারা লা ফ্রান্স ইনসুমিসের মতো ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে পুঁজি করে ফায়দা লুটতে চায়।’
তিনি আরও যোগ করেন, ‘ফ্রান্স দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবে।’
এর আগে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা হয়, মেলাঁশোঁ ও পানো উভয়েই ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষমূলক অপপ্রচার চালিয়েছেন। বিশেষ করে মেলাঁশোঁ গাজা অভিমুখী অবৈধ নৌবহরগুলোকে ফরাসি জাহাজের মাধ্যমে নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বলে দাবি করে তেল আবিব।
বিবৃতিতে ইসরায়েল জানায়, যারা ইসরায়েলের ক্ষতি করতে চায় এবং এর নাগরিকদের বিরুদ্ধে উসকানি দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
অন্যদিকে, ইসরায়েলের এই নিষেধাজ্ঞার বিষয়ে ফরাসি বেতার ‘ফ্রান্সইনফো’-কে মেলাঁশোঁ বলেন, ‘আমি এমন এক ভূখণ্ডে প্রবেশের নিষেধাজ্ঞা পেলাম, যেখানে যাওয়ার জন্য আমি কখনো আবেদনই করিনি। ইসরায়েল সরকার যেভাবে আমার পেছনে লেগেছে, তা সত্যিই দুঃখজনক।’
উল্লেখ্য, গত শনিবার এক নির্বাচনী প্রচারণায় মেলাঁশোঁ স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হলে গাজা উপত্যকায় জোরপূর্বক ত্রাণ পৌঁছাতে আগ্রহী আন্দোলনকারীদের বহনকারী নৌযানগুলোকে ফরাসি জাহাজ পাহারা দিয়ে নিয়ে যাবে। সূত্র: রয়টার্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন