মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২৫ পি.এম
বগুড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পুলিশ প্রশাসনের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। তিনি বক্তব্যে উল্লেখ করেন, কিশোর গ্যাং তৈরি হওয়াটা পুলিশের দোষ নয়, বরং স্থানীয়দের এ বিষয়ে সচেতন হতে হবে। পারিবারিক শিক্ষা প্রদান, কমিউনিটি পুলিশিং কার্যক্রম বৃদ্ধি করা এবং পেটের দায়ে অপরাধ ও নেশার কারণে অপরাধের বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। বগুড়া জেলার ৪৫ লক্ষ জনগণের নিরাপত্তার জন্য ২২০০ পুলিশ কাজ করছে। তিনি বলেন, সাংবাদিক ও পুলিশ একসঙ্গে সমন্বিতভাবে কাজ করলে সমাজের নানা অপরাধ, অনিয়ম ও অসংগতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক ও তথ্য আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও দায়িত্বশীল পুলিশিং একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
সভায় উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মীরজা সায়েম মাহমুদ, পিবিআই পুলিশ সুপার মমিরুজ্জামান, সিআইডি পুলিশ সুপার মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান ও দৈনিক বাংলাদেশ সমাচারের যুগ্ম সম্পাদক মমিনুর রশীদ শাইন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বিএফইউজে নেতা মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সবুর শাহ লোটাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, সুমন সরদার, হায়দার মিঠু, ববিন রহমান, প্রতীক হোসেন, ইকবাল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।
মতবিনিময় সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির গাড়িবহরে হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় পুলিশ তিন নেতাকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য হিসেবে তাঁদের চিহ্নিত করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান ওরফে নান্টু কাজী (৬২), এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাশা (৪৮) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য হানজালা (৩৮)।
পুলিশের সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি গণসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটে। হামলার সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। নান্টু কাজীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলাকালে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন এবং কার্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। কামাল পাশাকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি ধুনট শহরের ডাইম ভবন এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৯ ফেব্রুয়ারি যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবালসহ ৯৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। হানজালাকে চিকাশী ইউনিয়নের সুলতানহাটা মফিজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, পৃথক তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আজ আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সি এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল দৈনিক ইনকিলাব পত্রিকার সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় যৌন হয়রানির সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী ৯ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ৮ নভেম্বর একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে প্রাথমিকভাবে অভিযোগের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা সমীচীন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের টিফিনের সময় শিক্ষার্থীকে লাইব্রেরিতে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের লাইব্রেরিতে নিয়ে শিক্ষক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জড়িয়ে ধরে আটকে রাখেন। এ ঘটনায় শিশুটির মা ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ওই সময় তিনি জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র পাল আগে দাবি করেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল এবং তিনি তা থেকে অব্যাহতি পেয়েছেন।
এদিকে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও বিদ্যালয়ে অনিয়ম ও প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রিনফোর্স বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল ইসলাম এর আগে বলেছিলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে শিশুর নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ জারির পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলছেন, শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ে শিশুদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
অপরদিকে ৬০নং পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানের বিরুদ্ধে একই স্কুলের সহকারী শিক্ষিকার সাথে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় বিষয়টি বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ও বিরূপ পরিস্থিতির সৃষ্টি করায় সরকারি চাকরি আইন ও বিধিমালা অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুর রহমান জানান, আমরা দুটি অভিযোগ পেয়েছিলাম তদন্ত প্রতিবেদন দাখিল করলে জেলা শিক্ষা কর্মকর্তার মহোদয়ের কার্যালয় থেকে অফিস আদেশের মাধ্যমে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, অভিযোগগুলো প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় ওই দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শিক্ষার পরিবেশ ঠিক রাখতে প্রশাসন যে কোন অপরাধের বিষয় আরো কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, মস্কোর বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্ষতি হয়েছে ট্রিলিয়ন ডলার। তবে রাশিয়ার ওপর এর কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি, বরং তারা বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশের বাজারে নিজেদের ব্যবসা সফলভাবে সম্প্রসারিত করেছে।
রুশ সংবাদমাধ্যম 'কোমারসান্ট'-এ প্রকাশিত "আন্তর্জাতিক নিরাপত্তায় বৈশ্বিক অর্থনীতির প্রভাব" শীর্ষক নিবন্ধে লাভরভ মন্তব্য করেন, "ইউরোপীয় ইউনিয়ন একসময় রাশিয়ার প্রধান অর্থনৈতিক অংশীদার ছিল, যা আমাদের বৈদেশিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ পূরণ করত। কিন্তু ব্রাসেলস আমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় এবং তা করেছে তাদের সদস্য দেশগুলোর দীর্ঘমেয়াদী চুক্তিগুলো লঙ্ঘন করেই।"
নিষেধাজ্ঞার প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে লাভরভ আরও বলেন, এই নীতি রাশিয়ার ক্ষতি করার চেয়ে ইউরোপের অর্থনীতির ওপর বেশি ক্ষতিকর প্রভাব ফেলেছে। তিনি যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধির কথা উল্লেখ করেন এবং বলেন যে, ইউরোপের অনেক দেশের জীবনযাত্রার মান কমে গেছে—যার ফলে বর্তমানে পুরো ইইউ জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ বৃদ্ধি পাচ্ছে। অথচ ইউরোপীয় অভিজাতরা তাদের এই 'রুসোফোবিয়া' (রুশ-বিদ্বেষ) এর বিশাল অর্থনৈতিক মূল্য সম্পর্কে চুপ রয়েছে।
রাশিয়ার বাণিজ্যনীতির পরিবর্তন সম্পর্কেও তিনি জানান, পশ্চিমা বাজার থেকে সরে এসে রাশিয়া তাদের রপ্তানি বাণিজ্য 'গ্লোবাল মেজরিটি' বা বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশের বাজারের দিকে ঘুরিয়ে দিয়েছে। বর্তমানে রাশিয়ার মোট রপ্তানির ৮০ শতাংশ এবং এশিয়ায় ৭০ শতাংশ পণ্য এসব বাজারে সরবরাহ করা হচ্ছে।
শক্তি সম্পদ সরবরাহ প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, রাশিয়া সবসময়ই একটি দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ। ২০২২ সাল থেকে রাশিয়া ইউরোপে প্রায় ৩২০ বিলিয়ন ডলার মূল্যের শক্তি বা জ্বালানি সম্পদ সরবরাহ করেছে। তিনি জোর দিয়ে বলেন, তার দেশ প্রতিপ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনটি সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে কার্যক্রম শুরু করে। এই অধিবেশন সরকারি ছুটির দিন বাদে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট আট কার্যদিবস চলবে।
এবারের অধিবেশন সংক্ষিপ্ত সময়ের জন্য ডাকা হলেও এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। এর মধ্যে তিনটি অধ্যাদেশ উপস্থাপন, সংসদ সদস্যদের প্রশ্নোত্তর এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও উপস্থিত ছিলেন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির গত ১৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়। এই বাধ্যবাধকতা পূরণ করতেই মূলত এ অধিবেশন ডাকা হয়েছে। জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের প্রয়োজন থাকায় এবারের অধিবেশন সংক্ষিপ্ত রাখা হয়েছে।
অধিবেশনের শুরুতে স্পিকারের স্বাগত বক্তব্যের পর চলতি অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহাজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর তালিকার ক্রমানুসারে সদস্যরা অধিবেশনে সভাপতিত্ব করবেন।
এরপর সাবেক চার সংসদ সদস্য, একজন গণপরিষদ সদস্যসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। প্রয়াত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতও করা হয়।
যাঁদের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়েছে, তাঁরা হলেন সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিম, বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
এছাড়া কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও শোক জানানো হয়।
শোকপ্রস্তাবের পর সংসদে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর এবং চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকার তিনটি অধ্যাদেশ জারি করেছে। এগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। অধিবেশনের কার্যসূচিতে অধ্যাদেশগুলো উপস্থাপনের বিষয় রয়েছে।
এ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিলও পাওয়া গেছে।
সংসদে জমা পড়েছে ৩ হাজার ৭৫১টি প্রশ্ন। চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ১৭৪টি প্রশ্ন জমা পড়েছে। অন্য মন্ত্রীদের জন্য পাওয়া গেছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন। সব মিলিয়ে সংসদ সদস্যদের মোট প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি।
এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে চতুর্থ অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা এতে অংশ নেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন বসবে। ১৮ নভেম্বর অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণসহ বিভিন্ন কার্যক্রমের প্রেক্ষাপটে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়। তবে সংসদ অধিবেশনের ক্ষেত্রে মূল বাধ্যবাধকতা হচ্ছে সংবিধানের নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ