প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সি এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল দৈনিক ইনকিলাব পত্রিকার সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় যৌন হয়রানির সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) ধারা অনুযায়ী ৯ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়, সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ৮ নভেম্বর একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে প্রাথমিকভাবে অভিযোগের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা সমীচীন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ৪ নভেম্বর বিদ্যালয়ের টিফিনের সময় শিক্ষার্থীকে লাইব্রেরিতে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের লাইব্রেরিতে নিয়ে শিক্ষক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জড়িয়ে ধরে আটকে রাখেন। এ ঘটনায় শিশুটির মা ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ওই সময় তিনি জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক লিটন চন্দ্র পাল আগে দাবি করেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল এবং তিনি তা থেকে অব্যাহতি পেয়েছেন।
এদিকে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও বিদ্যালয়ে অনিয়ম ও প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রিনফোর্স বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল ইসলাম এর আগে বলেছিলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে শিশুর নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
শিক্ষককে সাময়িক বরখাস্তের আদেশ জারির পর স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলছেন, শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ে শিশুদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
অপরদিকে ৬০নং পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানের বিরুদ্ধে একই স্কুলের সহকারী শিক্ষিকার সাথে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় বিষয়টি বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ও বিরূপ পরিস্থিতির সৃষ্টি করায় সরকারি চাকরি আইন ও বিধিমালা অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুর রহমান জানান, আমরা দুটি অভিযোগ পেয়েছিলাম তদন্ত প্রতিবেদন দাখিল করলে জেলা শিক্ষা কর্মকর্তার মহোদয়ের কার্যালয় থেকে অফিস আদেশের মাধ্যমে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, অভিযোগগুলো প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় ওই দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শিক্ষার পরিবেশ ঠিক রাখতে প্রশাসন যে কোন অপরাধের বিষয় আরো কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন