প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির গাড়িবহরে হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় পুলিশ তিন নেতাকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য হিসেবে তাঁদের চিহ্নিত করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান ওরফে নান্টু কাজী (৬২), এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাশা (৪৮) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য হানজালা (৩৮)।
পুলিশের সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি গণসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটে। হামলার সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয় এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। নান্টু কাজীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলাকালে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন এবং কার্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। কামাল পাশাকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি ধুনট শহরের ডাইম ভবন এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৯ ফেব্রুয়ারি যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবালসহ ৯৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। হানজালাকে চিকাশী ইউনিয়নের সুলতানহাটা মফিজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, পৃথক তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আজ আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন