মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২৯ পি.এম
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনটি সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে কার্যক্রম শুরু করে। এই অধিবেশন সরকারি ছুটির দিন বাদে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট আট কার্যদিবস চলবে।
এবারের অধিবেশন সংক্ষিপ্ত সময়ের জন্য ডাকা হলেও এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। এর মধ্যে তিনটি অধ্যাদেশ উপস্থাপন, সংসদ সদস্যদের প্রশ্নোত্তর এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও উপস্থিত ছিলেন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির গত ১৪ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়। এই বাধ্যবাধকতা পূরণ করতেই মূলত এ অধিবেশন ডাকা হয়েছে। জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের প্রয়োজন থাকায় এবারের অধিবেশন সংক্ষিপ্ত রাখা হয়েছে।
অধিবেশনের শুরুতে স্পিকারের স্বাগত বক্তব্যের পর চলতি অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহাজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর তালিকার ক্রমানুসারে সদস্যরা অধিবেশনে সভাপতিত্ব করবেন।
এরপর সাবেক চার সংসদ সদস্য, একজন গণপরিষদ সদস্যসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। প্রয়াত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতও করা হয়।
যাঁদের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়েছে, তাঁরা হলেন সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিম, বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
এছাড়া কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও শোক জানানো হয়।
শোকপ্রস্তাবের পর সংসদে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর এবং চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকার তিনটি অধ্যাদেশ জারি করেছে। এগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। অধিবেশনের কার্যসূচিতে অধ্যাদেশগুলো উপস্থাপনের বিষয় রয়েছে।
এ অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিলও পাওয়া গেছে।
সংসদে জমা পড়েছে ৩ হাজার ৭৫১টি প্রশ্ন। চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ১৭৪টি প্রশ্ন জমা পড়েছে। অন্য মন্ত্রীদের জন্য পাওয়া গেছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন। সব মিলিয়ে সংসদ সদস্যদের মোট প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি।
এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে চতুর্থ অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা এতে অংশ নেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন বসবে। ১৮ নভেম্বর অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণসহ বিভিন্ন কার্যক্রমের প্রেক্ষাপটে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়। তবে সংসদ অধিবেশনের ক্ষেত্রে মূল বাধ্যবাধকতা হচ্ছে সংবিধানের নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে, যা শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করবে। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া ও কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার এবং চট্টগ্রামে একটি করে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, এসব হাসপাতালে শুধুমাত্র শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। হাসপাতালগুলো শ্রমিকদের জন্য নির্দিষ্ট থাকবে এবং এর নামকরণ ও নির্মাণ প্রক্রিয়া সে অনুযায়ী সাজানো হবে।
তিনি বলেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোকে বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে ছয়টি স্থান নির্বাচন করা হয়েছে। এসব হাসপাতালে শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়াই হবে মূল লক্ষ্য।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের জ্বালানি, শিল্প ও স্বাস্থ্য খাতের অতীত পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের জ্বালানি ব্যবস্থাকে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল এবং দেশীয় খনিজ সম্পদ যথাযথভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়নি।
তার ভাষ্যমতে, শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার নীতির কারণে দেশের শিল্প খাত প্রত্যাশিতভাবে এগোতে পারেনি এবং একই সময়ে চিকিৎসাব্যবস্থারও অবনতি ঘটেছে। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা আগের গণতান্ত্রিক সরকারের সময়ে যতটুকু গড়ে উঠেছিল, পরবর্তী সময়ে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষকে বিদেশে যেতে বাধ্য হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের ভোটে নির্বাচিত। তাই শ্রমিকসমাজসহ সব মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও সেই উদ্যোগের অংশ।
তিনি আরও বলেন, সংসদের আগের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে ৪ নভেম্বর শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সংকট নিরসনে আয়োজিত বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গাজীপুরের টঙ্গীতে ১০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। তিনি আরও বলেছিলেন, এক সপ্তাহের মধ্যে হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রক্রিয়াগত কাজ শুরু হবে। এবার সংসদে প্রধানমন্ত্রী ছয়টি শিল্পাঞ্চলে হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক বিরোধের কারণে গৃহবধূ জ্যোৎস্না বেগম (৩০) হত্যার ঘটনায় সাতজন আসামির বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছেন। একই সঙ্গে, প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অপর চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. জহির উদ্দীন এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন—আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাত আসামী আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়ায় রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। প্রতিবেশী কলি আক্তারের রান্নার চুলার ধোঁয়া হাবিবুর রহমানের বসতঘরে প্রবেশ করছিল। এ কারণে তাঁর স্ত্রী জ্যোৎস্না বেগম চুলাটি অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে আসামিরা জ্যোৎস্না বেগমের ওপর হামলা চালান।
আক্রমণের সময় তাঁকে লোহার রড, কাঠের বর্গা ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। জ্যোৎস্নাকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর আত্মীয় আয়শা আক্তারও হামলার শিকার হন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। জ্যোৎস্না বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ২টার দিকে তাঁর মৃত্যু ঘটে।
এই ঘটনার পর নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড এবং চার আসামিকে খালাসের আদেশ দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৬ষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পূর্ববর্তী বৈঠকের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন অডিট আপত্তি, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় অনিয়ম, রিজারভেশন ও প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেমের দুর্বলতা, রাজস্ব আদায়ে অনিয়ম এবং লোকসানি রুট পরিচালনার বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বিমানের ক্রয় নীতিমালায় পুরোনো উড়োজাহাজ ক্রয়ের সুযোগ না থাকা সত্ত্বেও লিজে নেয়া ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ লিজের মেয়াদ শেষে কিনে নেয়া এবং পরবর্তী সময়ে পরিচালন ব্যয়সহ সংশ্লিষ্ট কার্যক্রমে সরকারি অর্থের অপচয়ের বিষয়টি আলোচিত হয়। এ ক্রয় ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে সরকারি অর্থের অপচয়ের দায় নির্ধারণ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র্যাপিড সফটওয়্যারের দুর্বলতার কারণে অডিটে বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির তথ্য উঠে এসেছে। অডিটের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করে অর্থ আদায় করা হলেও তা বিমানের অ্যাকাউন্টিং সিস্টেমে জমা হয়নি। এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব তথ্য-উপাত্ত অডিটরদের সরবরাহের জন্য বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।
যথাযথ বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই ছাড়াই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বিভিন্ন রুট পরিচালনার ফলে আর্থিক ক্ষতির বিষয়টি অডিটে উঠে এসেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসংক্রান্ত নথি এবং প্রতিটি রুটের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্যসহ প্রতিবেদন কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান স্যাবর-এর সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী কার্যাদেশ সম্পূর্ণ সরবরাহ করা না হলেও সম্পূর্ণ অর্থ পরিশোধের বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও অডিট বিভাগকে যৌথভাবে আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।
লিজ করা দুটি উড়োজাহাজের বিপরীতে ব্যয়সংক্রান্ত চুক্তি ও বিলের নথিপত্র নিরীক্ষকদের কাছে উপস্থাপন করতে না পারার বিষয়টি বৈঠকে আলোচিত হয়। এ-সংক্রান্ত সব নথিপত্র আগামী ১৫ দিনের মধ্যে নিরীক্ষকদের কাছে উপস্থাপনের জন্য বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। বিমান কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র উপস্থাপনের অঙ্গীকার করে।
কোভিডকালীন সময়ে ঢাকা-গুয়াংজু রুটে পরিচালিত চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দেয়ার অভিযোগসংক্রান্ত অডিট আপত্তির বিষয়টি বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিটির কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩.৫০ কোটি টাকা জড়িত থাকার বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষের দাবি করা আটটি আপত্তির বিপরীতে অর্থ আদায়ের স্বপক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট উপস্থাপন করতে না পারায় অডিট বিভাগ তা গ্রহণ করেনি। এ ছাড়া অনাদায়ী অর্থের বিষয়টিও আলোচনায় আসে। এসব আপত্তি নিষ্পত্তি, অনাদায়ী অর্থ উদ্ধার এবং সংশ্লিষ্ট মামলা ও আইনি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সুনির্দিষ্ট সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনাসহ আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, অডিট আপত্তিসমূহ দ্রুত নিষ্পত্তি, অনাদায়ী রাজস্ব উদ্ধার এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত, প্রযুক্তিগতভাবে আধুনিক, দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
সভায় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সংসদ সচিবালয়, মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ালাইন্সের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাবনার চাটমোহরে হট্টগোল ও ভাঙচুরের মাধ্যমে গোডাউন থেকে ৬১১ বস্তা সার লুটের ঘটনায় পুলিশ জহুরুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জহুরুল ইসলাম (২৮) উপজেলার লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সার গোডাউন ভাঙচুর ও লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় সোমবার (৯ নভেম্বর) রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ বস্তা সার জব্দ করা হয়। এখন পর্যন্ত সব মিলিয়ে ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে। গ্রেফতার জহুরুলকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সার বিতরণ করছিলেন। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে ও দেরিতে সার দেয়া নিয়ে হট্টগোল শুরু হয়। এ সময় ছাইকোলা বাজারে আরও দুজন ডিলার সার বিতরণ করছিলেন।
কিন্তু ওই দুই ডিলার সার বিতরণ হঠাৎ করে বন্ধ করে দেয়ায় সবাই ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে কৃষকরা ক্ষিপ্ত হয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে এবং সার লুটপাট শুরু করে। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাইকিং করে কৃষকদের নেয়া সার ফেরত দেয়ার আহ্বান জানানো হয়।
সার লুটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।
সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য দুই সদস্য হলেন: পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান। অফিস আদেশে কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ