মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৮ এম
প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে। এই নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করবে কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, ৬৪টি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কর্মী নিয়োগ। নিয়োগের আওতায় ষাঁড় রক্ষক, নৈশপ্রহরী, ইলেকট্রিশিয়ান, পাম্প ড্রাইভার, প্লাম্বার, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে।
অষ্টম শ্রেণি থেকে এসএসসি বা সমমান পাস প্রার্থীরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।
এক নজরে প্রাণিসম্পদ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: প্রাণিসম্পদ অধিদপ্তর।
চাকরির ধরন: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয়।
আবেদন শেষ: ২৩ ডিসেম্বর ২০২৬, বিকাল ৪টা।
পদের নাম ও পদসংখ্যা:
সারণি-ক: কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার ও রাজশাহী এবং ৬৪টি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠান
ষাঁড় রক্ষক (ক্যাটাগরি-৫): ১০২টি।
নৈশপ্রহরী (ক্যাটাগরি-৫): ৭৩টি।
সারণি-খ: কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, সাভার এবং আঞ্চলিক কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি, রাজাবাড়ীহাট, রাজশাহী
ইলেকট্রিশিয়ান (ক্যাটাগরি-১): ২টি।
পাম্প ড্রাইভার (ক্যাটাগরি-২): ২টি।
প্লাম্বার (ক্যাটাগরি-২): ২টি।
নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪টি।
পরিচ্ছন্নতা কর্মী (ক্যাটাগরি-৫): ৪টি।
মালি (ক্যাটাগরি-৫): ২টি।
সারণি-গ: ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নেত্রকোণা ও ডুমুরিয়া, খুলনা
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (ক্যাটাগরি-৫): ১০টি।
হোস্টেল অ্যাটেনডেন্ট (বালক) (ক্যাটাগরি-৫): ২টি।
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট (বালিকা) (ক্যাটাগরি-৫): ২টি।
মালি (ক্যাটাগরি-৫): ২টি।
বাবুর্চি (ক্যাটাগরি-৫): ২টি।
সহকারী বাবুর্চি (ক্যাটাগরি-৫): ২টি।
নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪টি।
পরিচ্ছন্নতা কর্মী (ক্যাটাগরি-৫): ৬টি।
শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী অষ্টম শ্রেণি, এসএসসি বা সমমান পাস হতে হবে।
অভিজ্ঞতা: সব পদের জন্য সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৬০ বছর।
সেবামূল্য: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫-এর তফসিল-খ অনুযায়ী সেবামূল্য নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সাদা কাগজে নিজের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, নিজ জেলা, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ উল্লেখ করে স্বহস্তে লিখিত অথবা টাইপকৃত জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করতে হবে। এই জীবনবৃত্তান্তই আবেদনপত্র হিসেবে গণ্য হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, প্রশিক্ষণ সনদের কপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্রের কপি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং নাগরিকত্ব সনদপত্র জমা দিতে হবে।
আবেদনপত্রের খামের ওপর প্রার্থীর পদের নাম, নিজ জেলা ও উপজেলার নাম উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: উপপরিচালক, প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা-১২১৫।
আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন .
সূত্র: প্রাণিসম্পদ অধিদপ্তর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘ সময় ধরে গৃহহীন জীবনযাপন শেষে অবশেষে আদিবাসী নারী সুধিনী মান্ডা একটি ঘর লাভ করলেন। মাথা গোঁজার নিরাপদ আশ্রয় পেয়ে তাঁর মুখে এসেছে আনন্দ ও স্বস্তির হাসি। দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন পূরণ হওয়ায় তিনি আনন্দিত।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দুর্গাপুর পৌর শহরের পরাভিটা এলাকায় উন্নয়ন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি সুধিনী মান্ডার হাতে তুলে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
ঘর পেয়ে আবেগে আপ্লুত সুধিনী মান্ডা আনন্দ প্রকাশ করে বলেন, "আমি আজ অনেক খুশি, আমার অনেক আনন্দ। আমার নিজের কোনো ঘর ছিল না। অনেক কষ্টে দিন কাটিয়েছি। আমি দিন আনি দিন খাই। নিজের সামর্থ্য না থাকায় একটি ঘর তৈরি করতে পারিনি। আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। এতে আমি অনেক খুশি, আমার অনেক আনন্দ। তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"
এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলে গারো, হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। তাঁরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সুধিনী মান্ডার কোনো ঘর ছিল না। আমরা চেষ্টা করছি, প্রকৃত অর্থে যাঁরা গৃহহীন, তাঁদের জন্য ঘরের ব্যবস্থা করতে।"
তিনি আরও বলেন, "এ এলাকার মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্পের অংশ হিসেবে দুর্গাপুর ও কলমাকান্দায় গৃহহীন মানুষের জন্য ঘর দেওয়া হচ্ছে।"
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জ, ২৪ নভেম্বর, ২০২৬ : জেলা নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তফসিল অনুযায়ী, ৬৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। মুন্সীগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা মোট ১৩,৩৯,৩২৯ জন।
জেলা নির্বাচন অফিসের সূত্রে জানা গেছে, ২০২৭ সালের ২১ জানুয়ারি ১ম ধাপে সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২,৫৫,০৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৩৩,৯৩০, মহিলা ১,২১,১৩৫ এবং তৃতীয় লিঙ্গের ১ জন রয়েছে।
দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি গজারিয়ার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা ১,৫৫,০০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯,৬৭৫ জন এবং মহিলা ভোটার ৭৫,৩৩২ জন।
তৃতীয় ধাপে ২৯ এপ্রিল টঙ্গিবাড়ী ও লৌহজংয়ের ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। টঙ্গিবাড়ীতে ভোটার সংখ্যা ২,০৩,০১৭ জন, যেখানে পুরুষ ১,০৫,১৯৩ এবং মহিলা ৯৭,৮২৪ জন। লৌহজংয়ে মোট ভোটার ১,৭৭,৮২১ জন, এর মধ্যে পুরুষ ৯১,০২৬ এবং মহিলা ৮৬,৭৯৫ জন।
চতুর্থ ধাপে ১৩ মে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রীনগরে মোট ভোটার সংখ্যা ২,৭২,৭৬৩ জন, যেখানে পুরুষ ১,৪০,২৫৪ এবং মহিলা ১,৩২,৫০৮ জন, তৃতীয় লিঙ্গের ১ জন।
৫ম ধাপে ২৭ মে সিরাজদিখানের ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সিরাজদিখানে মোট ভোটার সংখ্যা ২,৭৫,৬৫৫ জন, এর মধ্যে পুরুষ ১,৪২,৩১৯ এবং মহিলা ১,৩৩,৩৩৬ জন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বাসস’কে জানিয়েছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের তালিকা তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পলিয়ার ওয়াহিদ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বিকেল গড়িয়ে দুপুরের আলো ছড়িয়ে পড়েছে শাহবাগের বুকে জাতীয় জাদুঘরের ছায়ায়। জাদুঘরের সামনে এসে দাঁড়িয়ে তৃতীয় তলায় পৌঁছানো হলো। সেখানে ৩৭ নং গ্যালারিতে রয়েছে ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম: বাঙালি, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ’ শিরোনামের প্রদর্শনী।
গ্যালারির ডানপাশের দেয়ালে দেখা যাচ্ছে তরুণ রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি নজরুলের দুটি সাদাকালো ছবি। রবীন্দ্রনাথের ছবির পাশে লেখা রয়েছে বাংলা ১৩০২ সনে ‘বঙ্গমাতা’ এবং নজরুলের ছবির পাশে রয়েছে ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতা। নজরুলের ডেস্কটি খালি থাকলেও রবীন্দ্রনাথের ডেস্কে রয়েছে আবক্ষ মূর্তি। সামনের ২৯ নং গ্যালারিতে নজরুলকে বিশাল তানপুরা বাজাতে দেখা যাচ্ছে, যা আগে শুধুমাত্র ছবিতে দেখা গিয়েছিল।
এছাড়া, জাদুঘরের বিশ্রামাগারের একটি তাকেও রাখা হয়েছে নজরুলের কয়েকটি বই।
এসব স্মৃতিচিহ্ন দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় জাদুঘরের স্বতন্ত্র কর্নারটি কোথায়? যা ‘নজরুল কর্নার’ নামে পরিচিত। খোঁজ নিয়ে জানা গেল, এটি ১৫ বছর ধরে বন্ধ রয়েছে। অবিশ্বাস্য মনে হলেও, বিগত ১৫ বছর ধরে জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ বন্ধ রাখা হয়েছে। নজরুলের অমূল্য স্মৃতিচিহ্নগুলো এখন স্টোররুমে রাখা হয়েছে। তবে দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে কর্নারটি আবার চালুর উদ্যোগ নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।
কেন এত বছর ধরে ‘নজরুল কর্নার’ বন্ধ রাখা হয়েছিল? কেন কর্নারের অধিকাংশ স্মৃতিচিহ্ন জাদুঘরের স্টোরে ছিল? এসব প্রসঙ্গ জানতে প্রথমে কথা হয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের পরিচালক মনিরুল হকের সঙ্গে। তিনি জানান, ‘জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের সিদ্ধান্তে ১৭৫৭ সালের পলাশী থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ইতিহাসের ধারাবাহিকতা রক্ষায় ২০১১ সালে তৎকালীন সরকার ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। সেই কমিটির অন্য সদস্যরা ছিলেন মুনতাসীর মামুন, আবু দেলওয়ার, ফিরোজ মাহমুদ (বর্তমানে বাকপ্রতিবন্ধী) ও পিডি জাহাঙ্গীর হোসেন। ফলে সেই কমিটির সিদ্ধান্তে নজরুল ও রোকেয়া কর্নার সরিয়ে ফেলা হয়।’
কোথায় সরিয়ে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘নজরুল-রোকেয়ার সামান্য কিছু স্মৃতি রেখে সব ব্যবহার্য জিনিসপত্র স্টোরে রাখা হয়। জায়গা না থাকার কারণে কর্নার আর রাখা সম্ভব হয় না।’
জাতীয় জাদুঘর সূত্রে জানা গেছে, সাবেক মহাপরিচালক, গবেষক ও ফোকলোরবিদ শামসুজ্জামান খান ২০০১ সালে ‘নজরুল কর্নার’ চালু করেছিলেন। কিন্তু ২০০৯-২০১০ সালের দিকে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন ট্রাস্টি বোর্ড গঠনের পর, গ্যালারিতে বাংলাদেশের ইতিহাস—বিশেষ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী ৭৫ সালের সময়কালের ঐতিহাসিক আলোকচিত্র, দলিল ও স্মারকগুলোর বিন্যাস আরও নিখুঁত ও আধুনিক করার সিদ্ধান্ত হয়। সে সময় মহাপরিচালকের দায়িত্বে ছিলেন প্রকাশ চন্দ্র দাশ।
উচ্চ পর্যায়ের কমিটির প্রধান অধ্যাপক নজরুল ইসলামকে ফোন করলে তিনি জানান, ‘আমার শরীর ভালো না, কানেও শুনি না। অনেক আগের কথা এখন কিছু বলতে পারব না।’
ওই কমিটির প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রায় ১৫ বছর আগের ঘটনা। যতটুকু মনে পড়ে ঐ গ্যালারিগুলো ছিল ইতিহাস বিভাগের। আর গ্যালারিগুলো খালি করে আমাকে কমিটির মাধ্যমে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল দুটি বিষয়ভিত্তিক প্রদর্শনী উপস্থাপনার জন্য। আমরা ১৭৫৭ সাল থেকে ধারাবাহিকভাবে ইতিহাস উপস্থাপন করেছি। এই ধারণার সাথে কোনো কর্নার কনসেপ্ট যায় না।’
উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ১৫ বছর আগের কথা ঠিক মনে করতে পারছি না। তবে জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ছিলাম। সেই কমিটির কোনো মিটিংও হয়েছিল কি না সন্দেহ।’
বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও গবেষক সুজিত মোস্তফা বলেন, ‘জাতীয় কবির নামে কর্নার হওয়া ছিল খুবই আনন্দের। কিন্তু একটা মহল নিশ্চয়ই নজরুলকে অবহেলা করেছে। নজরুল যতটা বড় ঠিক সেই বড়ত্ব ধারণ করা হয়নি। সেটা আমাদের পাঠ্য ও বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস দেখলেই বোঝা যায়। নজরুলকে মেনে নিতে কিছু কিছু মহলের আপত্তির কারণে হয়তো নজরুল কর্নার বন্ধ করা হয়েছিল।’
জাতীয় কবির নাতনি ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী বলেন, ‘যখন এটা উদ্বোধন করা হয় তখন আমি উপস্থিত ছিলাম। খুবই খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে জাতীয় কবির নামের এ কর্নার বন্ধ হয়ে যাওয়া তো ভালো লক্ষণ না। নজরুল কর্নার কেন বন্ধ হয়ে গিয়েছিল সেটা জানি না।’
কবি, প্রাবন্ধিক, নজরুল গবেষক ও নজরুলের জীবনীভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’ এর লেখক কবি মজিদ মাহমুদ বলেন, ‘জাতীয় জাদুঘরে নজরুল কর্নার করার পরে সরিয়ে নেয়া মোটও ভালো লক্ষণ নয়। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা অবজ্ঞা রয়েছে। তবে যে কারণেই কর্নারটি সরানো হয়ে থাকুক, দ্রুত তা পুনঃস্থাপন করা প্রয়োজন। কোন সিদ্ধান্তে এটি সরানো হয়েছিল, কারা সেই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। একজন নজরুল গবেষক ও লেখক হিসেবে আমি মনে করি, জাতীয় জাদুঘরে নজরুলের জন্য স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ স্থায়ী প্রদর্শনব্যবস্থা থাকা অপরিহার্য।’
জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘নজরুল কর্নার ছিল এটা মনে পড়ে না। ২০১৮ সাল পর্যন্ত কোন কর্নার ছিল না।’
এদিকে জাতীয় কবির স্মৃতি ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আবারও ‘নজরুল কর্নার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জাদুঘরের বর্তমান মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার নামে জাদুঘরে যা কিছু করা হয়েছে, তার পেছনে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তা না হলে নজরুলের ব্যবহার্য অমূল্য সামগ্রী স্টোরে পড়ে থাকবে কেন?
তিনি জানান, সরকার নজরুল বর্ষ ঘোষণা করার পর ‘গাহি সাম্যের গান’ শিরোনামে নজরুল কর্নারের স্মারকসামগ্রী নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আশা করছি, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে নতুন আঙ্গিকে ‘নজরুল কর্নার’ চালু করতে পারব।
দীর্ঘদিন পর নজরুল কর্নার পুনরায় চালুর উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে শুধু একটি কর্নার চালু করাই যথেষ্ট নয়, কবির ব্যবহৃত সামগ্রী, দুর্লভ বই, আলোকচিত্র ও অন্যান্য স্মারকের যথাযথ সংরক্ষণ এবং সেগুলো নিয়ে গবেষণার সুযোগ নিশ্চিত করাও জরুরি। জাতীয় জাদুঘরে নজরুলের জন্য একটি স্থায়ী ও সমৃদ্ধ প্রদর্শনব্যবস্থা গড়ে উঠুক এমন প্রত্যাশা সকল নজরুল প্রেমীর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার। তার পরিবর্তে ব্ল্যাকক্যাপসরা দলে অন্তর্ভুক্ত করেছে ম্যাথিউ ফিশারকে।
প্রথম টেস্টের দলে থাকা সত্ত্বেও টিকনার খেলতে পারেননি। অনুশীলনের সময় তিনি চোট পান। দেশের জার্সিতে ৬টি টেস্ট খেলা এই পেসার চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরে সর্বশেষ খেলেছিলেন।
টিকনার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। নিউজিল্যান্ড ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তার মাঠের বাইরে থাকার সময়কাল নির্ধারণের জন্য আরও কিছু পরীক্ষা করা হবে।
অন্যদিকে, দলে ডাক পাওয়া ফিশারের টেস্ট অভিষেক ২০২৫ সালের আগস্টে হয়েছে। এরপর তিনি নিউজিল্যান্ডের হয়ে কোনো প্রথম শ্রেণির বা লাল বলের ক্রিকেট খেলেননি। তবে চলতি সফরে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চারটি এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ