ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আদিবাসী সুধিনী মান্দা


দুর্গাপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আদিবাসী সুধিনী মান্দা

নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘ সময় ধরে গৃহহীন জীবনযাপন শেষে অবশেষে আদিবাসী নারী সুধিনী মান্ডা একটি ঘর লাভ করলেন। মাথা গোঁজার নিরাপদ আশ্রয় পেয়ে তাঁর মুখে এসেছে আনন্দ ও স্বস্তির হাসি। দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন পূরণ হওয়ায় তিনি আনন্দিত।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে দুর্গাপুর পৌর শহরের পরাভিটা এলাকায় উন্নয়ন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি সুধিনী মান্ডার হাতে তুলে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

ঘর পেয়ে আবেগে আপ্লুত সুধিনী মান্ডা আনন্দ প্রকাশ করে বলেন, "আমি আজ অনেক খুশি, আমার অনেক আনন্দ। আমার নিজের কোনো ঘর ছিল না। অনেক কষ্টে দিন কাটিয়েছি। আমি দিন আনি দিন খাই। নিজের সামর্থ্য না থাকায় একটি ঘর তৈরি করতে পারিনি। আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। এতে আমি অনেক খুশি, আমার অনেক আনন্দ। তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"

আরও পড়ুন: মন্ত্রী আরিফের চমক, ২০ হাজার নেতাকর্মী নিয়ে নৈরাজ্য বিরোধী বিক্ষোভে শরীক হলেন

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, "গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলে গারো, হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। তাঁরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সুধিনী মান্ডার কোনো ঘর ছিল না। আমরা চেষ্টা করছি, প্রকৃত অর্থে যাঁরা গৃহহীন, তাঁদের জন্য ঘরের ব্যবস্থা করতে।"

তিনি আরও বলেন, "এ এলাকার মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছেন। সেই প্রকল্পের অংশ হিসেবে দুর্গাপুর ও কলমাকান্দায় গৃহহীন মানুষের জন্য ঘর দেওয়া হচ্ছে।"

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাতক্ষীরা ও খুলনায় মানবপাচার রোধে সাংবাদিকদের কর্মশালা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ৬৭টি ইউনিয়নের নির্বাচন ৫ ধাপে অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ এম


মুন্সীগঞ্জে ৬৭টি ইউনিয়নের নির্বাচন ৫ ধাপে অনুষ্ঠিত হবে

মুন্সীগঞ্জ, ২৪ নভেম্বর, ২০২৬ : জেলা নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তফসিল অনুযায়ী, ৬৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। মুন্সীগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার সংখ্যা মোট ১৩,৩৯,৩২৯ জন।

জেলা নির্বাচন অফিসের সূত্রে জানা গেছে, ২০২৭ সালের ২১ জানুয়ারি ১ম ধাপে সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২,৫৫,০৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৩৩,৯৩০, মহিলা ১,২১,১৩৫ এবং তৃতীয় লিঙ্গের ১ জন রয়েছে।

দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি গজারিয়ার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা ১,৫৫,০০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৯,৬৭৫ জন এবং মহিলা ভোটার ৭৫,৩৩২ জন।

তৃতীয় ধাপে ২৯ এপ্রিল টঙ্গিবাড়ী ও লৌহজংয়ের ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। টঙ্গিবাড়ীতে ভোটার সংখ্যা ২,০৩,০১৭ জন, যেখানে পুরুষ ১,০৫,১৯৩ এবং মহিলা ৯৭,৮২৪ জন। লৌহজংয়ে মোট ভোটার ১,৭৭,৮২১ জন, এর মধ্যে পুরুষ ৯১,০২৬ এবং মহিলা ৮৬,৭৯৫ জন।

চতুর্থ ধাপে ১৩ মে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রীনগরে মোট ভোটার সংখ্যা ২,৭২,৭৬৩ জন, যেখানে পুরুষ ১,৪০,২৫৪ এবং মহিলা ১,৩২,৫০৮ জন, তৃতীয় লিঙ্গের ১ জন।

৫ম ধাপে ২৭ মে সিরাজদিখানের ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সিরাজদিখানে মোট ভোটার সংখ্যা ২,৭৫,৬৫৫ জন, এর মধ্যে পুরুষ ১,৪২,৩১৯ এবং মহিলা ১,৩৩,৩৩৬ জন।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বাসস’কে জানিয়েছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের তালিকা তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর পুনরায় চালু হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ এম


জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ ১৫ বছর পর পুনরায় চালু হচ্ছে

পলিয়ার ওয়াহিদ

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বিকেল গড়িয়ে দুপুরের আলো ছড়িয়ে পড়েছে শাহবাগের বুকে জাতীয় জাদুঘরের ছায়ায়। জাদুঘরের সামনে এসে দাঁড়িয়ে তৃতীয় তলায় পৌঁছানো হলো। সেখানে ৩৭ নং গ্যালারিতে রয়েছে ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম: বাঙালি, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ’ শিরোনামের প্রদর্শনী।

গ্যালারির ডানপাশের দেয়ালে দেখা যাচ্ছে তরুণ রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি নজরুলের দুটি সাদাকালো ছবি। রবীন্দ্রনাথের ছবির পাশে লেখা রয়েছে বাংলা ১৩০২ সনে ‘বঙ্গমাতা’ এবং নজরুলের ছবির পাশে রয়েছে ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতা। নজরুলের ডেস্কটি খালি থাকলেও রবীন্দ্রনাথের ডেস্কে রয়েছে আবক্ষ মূর্তি। সামনের ২৯ নং গ্যালারিতে নজরুলকে বিশাল তানপুরা বাজাতে দেখা যাচ্ছে, যা আগে শুধুমাত্র ছবিতে দেখা গিয়েছিল।

এছাড়া, জাদুঘরের বিশ্রামাগারের একটি তাকেও রাখা হয়েছে নজরুলের কয়েকটি বই।

এসব স্মৃতিচিহ্ন দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় জাদুঘরের স্বতন্ত্র কর্নারটি কোথায়? যা ‘নজরুল কর্নার’ নামে পরিচিত। খোঁজ নিয়ে জানা গেল, এটি ১৫ বছর ধরে বন্ধ রয়েছে। অবিশ্বাস্য মনে হলেও, বিগত ১৫ বছর ধরে জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ বন্ধ রাখা হয়েছে। নজরুলের অমূল্য স্মৃতিচিহ্নগুলো এখন স্টোররুমে রাখা হয়েছে। তবে দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে কর্নারটি আবার চালুর উদ্যোগ নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।

কেন এত বছর ধরে ‘নজরুল কর্নার’ বন্ধ রাখা হয়েছিল? কেন কর্নারের অধিকাংশ স্মৃতিচিহ্ন জাদুঘরের স্টোরে ছিল? এসব প্রসঙ্গ জানতে প্রথমে কথা হয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের পরিচালক মনিরুল হকের সঙ্গে। তিনি জানান, ‘জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের সিদ্ধান্তে ১৭৫৭ সালের পলাশী থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ইতিহাসের ধারাবাহিকতা রক্ষায় ২০১১ সালে তৎকালীন সরকার ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। সেই কমিটির অন্য সদস্যরা ছিলেন মুনতাসীর মামুন, আবু দেলওয়ার, ফিরোজ মাহমুদ (বর্তমানে বাকপ্রতিবন্ধী) ও পিডি জাহাঙ্গীর হোসেন। ফলে সেই কমিটির সিদ্ধান্তে নজরুল ও রোকেয়া কর্নার সরিয়ে ফেলা হয়।’

কোথায় সরিয়ে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘নজরুল-রোকেয়ার সামান্য কিছু স্মৃতি রেখে সব ব্যবহার্য জিনিসপত্র স্টোরে রাখা হয়। জায়গা না থাকার কারণে কর্নার আর রাখা সম্ভব হয় না।’

জাতীয় জাদুঘর সূত্রে জানা গেছে, সাবেক মহাপরিচালক, গবেষক ও ফোকলোরবিদ শামসুজ্জামান খান ২০০১ সালে ‘নজরুল কর্নার’ চালু করেছিলেন। কিন্তু ২০০৯-২০১০ সালের দিকে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন ট্রাস্টি বোর্ড গঠনের পর, গ্যালারিতে বাংলাদেশের ইতিহাস—বিশেষ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী ৭৫ সালের সময়কালের ঐতিহাসিক আলোকচিত্র, দলিল ও স্মারকগুলোর বিন্যাস আরও নিখুঁত ও আধুনিক করার সিদ্ধান্ত হয়। সে সময় মহাপরিচালকের দায়িত্বে ছিলেন প্রকাশ চন্দ্র দাশ।

উচ্চ পর্যায়ের কমিটির প্রধান অধ্যাপক নজরুল ইসলামকে ফোন করলে তিনি জানান, ‘আমার শরীর ভালো না, কানেও শুনি না। অনেক আগের কথা এখন কিছু বলতে পারব না।’

ওই কমিটির প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রায় ১৫ বছর আগের ঘটনা। যতটুকু মনে পড়ে ঐ গ্যালারিগুলো ছিল ইতিহাস বিভাগের। আর গ্যালারিগুলো খালি করে আমাকে কমিটির মাধ্যমে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল দুটি বিষয়ভিত্তিক প্রদর্শনী উপস্থাপনার জন্য। আমরা ১৭৫৭ সাল থেকে ধারাবাহিকভাবে ইতিহাস উপস্থাপন করেছি। এই ধারণার সাথে কোনো কর্নার কনসেপ্ট যায় না।’

উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ১৫ বছর আগের কথা ঠিক মনে করতে পারছি না। তবে জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ছিলাম। সেই কমিটির কোনো মিটিংও হয়েছিল কি না সন্দেহ।’

বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও গবেষক সুজিত মোস্তফা বলেন, ‘জাতীয় কবির নামে কর্নার হওয়া ছিল খুবই আনন্দের। কিন্তু একটা মহল নিশ্চয়ই নজরুলকে অবহেলা করেছে। নজরুল যতটা বড় ঠিক সেই বড়ত্ব ধারণ করা হয়নি। সেটা আমাদের পাঠ্য ও বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস দেখলেই বোঝা যায়। নজরুলকে মেনে নিতে কিছু কিছু মহলের আপত্তির কারণে হয়তো নজরুল কর্নার বন্ধ করা হয়েছিল।’

জাতীয় কবির নাতনি ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী বলেন, ‘যখন এটা উদ্বোধন করা হয় তখন আমি উপস্থিত ছিলাম। খুবই খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে জাতীয় কবির নামের এ কর্নার বন্ধ হয়ে যাওয়া তো ভালো লক্ষণ না। নজরুল কর্নার কেন বন্ধ হয়ে গিয়েছিল সেটা জানি না।’

কবি, প্রাবন্ধিক, নজরুল গবেষক ও নজরুলের জীবনীভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’ এর লেখক কবি মজিদ মাহমুদ বলেন, ‘জাতীয় জাদুঘরে নজরুল কর্নার করার পরে সরিয়ে নেয়া মোটও ভালো লক্ষণ নয়। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা অবজ্ঞা রয়েছে। তবে যে কারণেই কর্নারটি সরানো হয়ে থাকুক, দ্রুত তা পুনঃস্থাপন করা প্রয়োজন। কোন সিদ্ধান্তে এটি সরানো হয়েছিল, কারা সেই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। একজন নজরুল গবেষক ও লেখক হিসেবে আমি মনে করি, জাতীয় জাদুঘরে নজরুলের জন্য স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ স্থায়ী প্রদর্শনব্যবস্থা থাকা অপরিহার্য।’

জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘নজরুল কর্নার ছিল এটা মনে পড়ে না। ২০১৮ সাল পর্যন্ত কোন কর্নার ছিল না।’

এদিকে জাতীয় কবির স্মৃতি ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আবারও ‘নজরুল কর্নার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

জাদুঘরের বর্তমান মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার নামে জাদুঘরে যা কিছু করা হয়েছে, তার পেছনে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তা না হলে নজরুলের ব্যবহার্য অমূল্য সামগ্রী স্টোরে পড়ে থাকবে কেন?

তিনি জানান, সরকার নজরুল বর্ষ ঘোষণা করার পর ‘গাহি সাম্যের গান’ শিরোনামে নজরুল কর্নারের স্মারকসামগ্রী নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আশা করছি, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে নতুন আঙ্গিকে ‘নজরুল কর্নার’ চালু করতে পারব।

দীর্ঘদিন পর নজরুল কর্নার পুনরায় চালুর উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে শুধু একটি কর্নার চালু করাই যথেষ্ট নয়, কবির ব্যবহৃত সামগ্রী, দুর্লভ বই, আলোকচিত্র ও অন্যান্য স্মারকের যথাযথ সংরক্ষণ এবং সেগুলো নিয়ে গবেষণার সুযোগ নিশ্চিত করাও জরুরি। জাতীয় জাদুঘরে নজরুলের জন্য একটি স্থায়ী ও সমৃদ্ধ প্রদর্শনব্যবস্থা গড়ে উঠুক এমন প্রত্যাশা সকল নজরুল প্রেমীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিকনারের বদলে নিউজিল্যান্ড দলে অন্তর্ভুক্ত হলেন ফিশার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ এম


টিকনারের বদলে নিউজিল্যান্ড দলে অন্তর্ভুক্ত হলেন ফিশার

ইনজুরির কারণে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার। তার পরিবর্তে ব্ল্যাকক্যাপসরা দলে অন্তর্ভুক্ত করেছে ম্যাথিউ ফিশারকে।

প্রথম টেস্টের দলে থাকা সত্ত্বেও টিকনার খেলতে পারেননি। অনুশীলনের সময় তিনি চোট পান। দেশের জার্সিতে ৬টি টেস্ট খেলা এই পেসার চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরে সর্বশেষ খেলেছিলেন।

টিকনার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। নিউজিল্যান্ড ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তার মাঠের বাইরে থাকার সময়কাল নির্ধারণের জন্য আরও কিছু পরীক্ষা করা হবে।

অন্যদিকে, দলে ডাক পাওয়া ফিশারের টেস্ট অভিষেক ২০২৫ সালের আগস্টে হয়েছে। এরপর তিনি নিউজিল্যান্ডের হয়ে কোনো প্রথম শ্রেণির বা লাল বলের ক্রিকেট খেলেননি। তবে চলতি সফরে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চারটি এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে অংশগ্রহণ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ পঞ্চম অবস্থানে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ এম


২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ পঞ্চম অবস্থানে

বহু বছর ধরে ধর্মের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী খ্রিষ্টান সম্প্রদায়। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার পূর্বাভাস দিয়েছে যে, ২০৩৫ সালের মধ্যে এই চিত্রে পরিবর্তন আসতে পারে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নয় বছরের মধ্যে মুসলমানেরা জনসংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে শীর্ষে চলে আসবেন। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’ শীর্ষক গবেষণায় এ পূর্বাভাস উঠে এসেছে।

এতে উল্লেখ করা হয়েছে, ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে, যেখানে খ্রিষ্টান জনগণের সংখ্যা ৩০০ কোটির কিছু কম হতে পারে। গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস রয়েছে। পূর্বাভাসটি তৈরি করা হয়েছে বর্তমান বিশ্বে জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা বিবেচনায় নিয়ে।

প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে। গোষ্ঠীগুলো হলো মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন না এমন মানুষদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্বের মুসলিম জনসংখ্যা কত বাড়বে?

পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত জনমিতিক পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হবে। এতে বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় ২০৭০ সালে মুসলিমদের সংখ্যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পাবে এবং ২০৭০ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা প্রায় ৩৬০ কোটিতে দাঁড়াবে। তরুণ জনগণের আধিক্য এবং উচ্চ জন্মহারের কারণে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে আসবে পাকিস্তান। ২০৭০ সালে পাকিস্তানের মুসলিমদের সংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে। এ সময়ে মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় এবং নাইজেরিয়া তৃতীয় অবস্থানে পৌঁছাতে পারে। চতুর্থ অবস্থানে থাকতে পারে ইন্দোনেশিয়া এবং পঞ্চম অবস্থানে বাংলাদেশ।

২০২০ সালের হিসাব অনুযায়ী সারাবিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল ৫৩টি। গবেষণা অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ আইভরি কোস্ট নতুন করে যুক্ত হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৫৪টিতে দাঁড়াবে। ২০৭০ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৪টি দেশের মধ্যে মাত্র আটটির জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হবে - পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিসর, সুদান এবং তুরস্ক।

২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হবে কম বয়সি জনসংখ্যা কাঠামো ও উচ্চ জন্মহারজনিত স্বাভাবিক বৃদ্ধি। গবেষণা পূর্বাভাসে বলা হয়েছে, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়বে এবং ২০৪০ সালের মধ্যে তারা ধর্মীয় পরিচয়হীন মানুষদের ছাড়িয়ে এ অঞ্চলের বৃহত্তম জনগোষ্ঠী হয়ে উঠতে পারেন।

২০৭০ সালে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোট জনসংখ্যার ৩৭ শতাংশ মুসলমান হবে এবং মুসলিমদের সংখ্যা দাঁড়াতে পারে ১৮০ কোটিতে। ২০২০ সালে এ অঞ্চলে মুসলিমদের সংখ্যা ছিল ২৬ শতাংশ। এই অঞ্চলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী পাঁচটি দেশের মধ্যে চারটি - পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ।

তবে ইউরোপ ও উত্তর আমেরিকায় স্বাভাবিক বৃদ্ধির তুলনায় অভিবাসনের মাধ্যমে মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে। গবেষণা প্রতিবেদন বলছে, এই সময়ের মধ্যে উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা তিন গুণের বেশি বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা প্রায় ৯০ লাখ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অভিবাসনের বড় ভূমিকা থাকবে।

বাংলাদেশ ও ভারত নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, গবেষণায় ভারত ও বাংলাদেশ - এই দুই দেশে মুসলিম জনসংখ্যা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দুই দেশের ধর্মীয় জনসংখ্যার অনুপাত ও পরিবর্তনের ধরন এক নয়। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হবে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। এতে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৬৩ লাখ। এর ৯১ দশমিক এক শতাংশ ছিলেন মুসলিম। ২০৭০ সালে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে ২৩ কোটি ৭২ লাখে দাঁড়াতে পারে। মুসলিমদের অংশ বেড়ে তখন দাঁড়াবে ৯২ শতাংশ।

অন্যদিকে, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু জনগণের সংখ্যা ছিল সাত দশমিক নয় শতাংশ। আর ২০৭০ সালে সেটি কমে ছয় দশমিক আট শতাংশ হতে পারে। তবে অনুপাত কমলেও তাদের মোট সংখ্যা বাড়বে। গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু ছিলেন প্রায় এক কোটি ৩১ লাখ। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় এক কোটি ৬১ লাখ হতে পারে। অর্থাৎ এ দেশে ধর্মীয় জনসংখ্যার অনুপাত কিছুটা বদলালেও মুসলিম ও হিন্দু - উভয় জনগণের মোট সংখ্যাই বাড়বে।

এদিকে, আগামী দশকগুলোতে ভারতে এবং সামগ্রিকভাবে বিশ্বে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় পিছিয়ে থাকবে। গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৩০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। অন্যদিকে, ভারতের হিন্দু জনসংখ্যাও বাড়বে। তবে মোট জনসংখ্যার তুলনায় হিন্দুদের অনুপাত কমবে। পূর্বাভাসে বলা হয়েছে, ৫০ বছরে ভারতের জনসংখ্যায় মুসলিমদের অনুপাত চার দশমিক চার শতাংশ বাড়তে পারে। বিপরীতে হিন্দুদের অনুপাত কমতে পারে তিন দশমিক ছয় শতাংশ। তবে ২০৭০ সালেও ভারতের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি হিন্দু জনগণ থাকবে বলে এই প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০৭০ সালের মধ্যে ভারতে হিন্দু জনগণের জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়বে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ভারতে হিন্দু জনসংখ্যা ছিল ১০০ কোটির বেশি। আগামী ৫০ বছরে এই সংখ্যা আরও বাড়বে। কিন্তু একই সময়ে দেশটিতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বাড়বে বলে হিন্দুদের মোট জনসংখ্যায় অংশ কমে যাবে।

খ্রিষ্টধর্মের জনসংখ্যা কেমন হবে?

বর্তমান পরিসংখ্যান অনুযায়ী খ্রিষ্টধর্ম পৃথিবীর বৃহত্তম ধর্ম। ২০২০ সালের হিসাব অনুযায়ী সারাবিশ্বে খ্রিষ্টধর্মের অনুসারী ২৩০ কোটি মানুষ। এ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে অনেক দেশের জনসংখ্যার অনুপাতে খ্রিস্টানদের সংখ্যা হ্রাস পাবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে ৬১টি দেশে বাসিন্দাদের অংশ হিসাবে খ্রিস্ট ধর্মের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। মাত্র চারটি দেশে জনসংখ্যার দশমিক পাঁচ শতাংশ বা তার বেশি বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে খ্রিস্টান ধর্মের জনসংখ্যা ৬৮ কোটি ৭০ লাখ বৃদ্ধি পেতে পারে। তবে, খ্রিস্টান জনসংখ্যা বাড়লেও বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় তাদের বৃদ্ধির হার খুব বেশি হবে না। গবেষণাটির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, আগামী কয়েক দশকে খ্রিস্টানদের মোট জনসংখ্যা বাড়লেও বিশ্বে সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে তাদের অবস্থান হারানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, খ্রিস্টান জনসংখ্যার ভৌগোলিক অবস্থানেও বড় পরিবর্তন আসবে। ইউরোপ ও আমেরিকার পরিবর্তে আফ্রিকা হয়ে উঠবে বিশ্বের খ্রিস্টান জনসংখ্যার প্রধান কেন্দ্র। খ্রিষ্টানদের জনসংখ্যা পরিবর্তনের ক্ষেত্রেও স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি ছিল সবচেয়ে বড় কারণ। গবেষণায় উঠে এসেছে, ইউরোপীয়দের মধ্যে খ্রিস্টানদের হার ১৫ শতাংশ হ্রাস পাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%