মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৫০ এম
পলিয়ার ওয়াহিদ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বিকেল গড়িয়ে দুপুরের আলো ছড়িয়ে পড়েছে শাহবাগের বুকে জাতীয় জাদুঘরের ছায়ায়। জাদুঘরের সামনে এসে দাঁড়িয়ে তৃতীয় তলায় পৌঁছানো হলো। সেখানে ৩৭ নং গ্যালারিতে রয়েছে ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম: বাঙালি, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ’ শিরোনামের প্রদর্শনী।
গ্যালারির ডানপাশের দেয়ালে দেখা যাচ্ছে তরুণ রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি নজরুলের দুটি সাদাকালো ছবি। রবীন্দ্রনাথের ছবির পাশে লেখা রয়েছে বাংলা ১৩০২ সনে ‘বঙ্গমাতা’ এবং নজরুলের ছবির পাশে রয়েছে ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতা। নজরুলের ডেস্কটি খালি থাকলেও রবীন্দ্রনাথের ডেস্কে রয়েছে আবক্ষ মূর্তি। সামনের ২৯ নং গ্যালারিতে নজরুলকে বিশাল তানপুরা বাজাতে দেখা যাচ্ছে, যা আগে শুধুমাত্র ছবিতে দেখা গিয়েছিল।
এছাড়া, জাদুঘরের বিশ্রামাগারের একটি তাকেও রাখা হয়েছে নজরুলের কয়েকটি বই।
এসব স্মৃতিচিহ্ন দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত জাতীয় জাদুঘরের স্বতন্ত্র কর্নারটি কোথায়? যা ‘নজরুল কর্নার’ নামে পরিচিত। খোঁজ নিয়ে জানা গেল, এটি ১৫ বছর ধরে বন্ধ রয়েছে। অবিশ্বাস্য মনে হলেও, বিগত ১৫ বছর ধরে জাতীয় জাদুঘরের ‘নজরুল কর্নার’ বন্ধ রাখা হয়েছে। নজরুলের অমূল্য স্মৃতিচিহ্নগুলো এখন স্টোররুমে রাখা হয়েছে। তবে দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে কর্নারটি আবার চালুর উদ্যোগ নিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।
কেন এত বছর ধরে ‘নজরুল কর্নার’ বন্ধ রাখা হয়েছিল? কেন কর্নারের অধিকাংশ স্মৃতিচিহ্ন জাদুঘরের স্টোরে ছিল? এসব প্রসঙ্গ জানতে প্রথমে কথা হয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের পরিচালক মনিরুল হকের সঙ্গে। তিনি জানান, ‘জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের সিদ্ধান্তে ১৭৫৭ সালের পলাশী থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ইতিহাসের ধারাবাহিকতা রক্ষায় ২০১১ সালে তৎকালীন সরকার ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। সেই কমিটির অন্য সদস্যরা ছিলেন মুনতাসীর মামুন, আবু দেলওয়ার, ফিরোজ মাহমুদ (বর্তমানে বাকপ্রতিবন্ধী) ও পিডি জাহাঙ্গীর হোসেন। ফলে সেই কমিটির সিদ্ধান্তে নজরুল ও রোকেয়া কর্নার সরিয়ে ফেলা হয়।’
কোথায় সরিয়ে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘নজরুল-রোকেয়ার সামান্য কিছু স্মৃতি রেখে সব ব্যবহার্য জিনিসপত্র স্টোরে রাখা হয়। জায়গা না থাকার কারণে কর্নার আর রাখা সম্ভব হয় না।’
জাতীয় জাদুঘর সূত্রে জানা গেছে, সাবেক মহাপরিচালক, গবেষক ও ফোকলোরবিদ শামসুজ্জামান খান ২০০১ সালে ‘নজরুল কর্নার’ চালু করেছিলেন। কিন্তু ২০০৯-২০১০ সালের দিকে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন ট্রাস্টি বোর্ড গঠনের পর, গ্যালারিতে বাংলাদেশের ইতিহাস—বিশেষ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী ৭৫ সালের সময়কালের ঐতিহাসিক আলোকচিত্র, দলিল ও স্মারকগুলোর বিন্যাস আরও নিখুঁত ও আধুনিক করার সিদ্ধান্ত হয়। সে সময় মহাপরিচালকের দায়িত্বে ছিলেন প্রকাশ চন্দ্র দাশ।
উচ্চ পর্যায়ের কমিটির প্রধান অধ্যাপক নজরুল ইসলামকে ফোন করলে তিনি জানান, ‘আমার শরীর ভালো না, কানেও শুনি না। অনেক আগের কথা এখন কিছু বলতে পারব না।’
ওই কমিটির প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রায় ১৫ বছর আগের ঘটনা। যতটুকু মনে পড়ে ঐ গ্যালারিগুলো ছিল ইতিহাস বিভাগের। আর গ্যালারিগুলো খালি করে আমাকে কমিটির মাধ্যমে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল দুটি বিষয়ভিত্তিক প্রদর্শনী উপস্থাপনার জন্য। আমরা ১৭৫৭ সাল থেকে ধারাবাহিকভাবে ইতিহাস উপস্থাপন করেছি। এই ধারণার সাথে কোনো কর্নার কনসেপ্ট যায় না।’
উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। ১৫ বছর আগের কথা ঠিক মনে করতে পারছি না। তবে জাদুঘরের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ছিলাম। সেই কমিটির কোনো মিটিংও হয়েছিল কি না সন্দেহ।’
বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও গবেষক সুজিত মোস্তফা বলেন, ‘জাতীয় কবির নামে কর্নার হওয়া ছিল খুবই আনন্দের। কিন্তু একটা মহল নিশ্চয়ই নজরুলকে অবহেলা করেছে। নজরুল যতটা বড় ঠিক সেই বড়ত্ব ধারণ করা হয়নি। সেটা আমাদের পাঠ্য ও বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস দেখলেই বোঝা যায়। নজরুলকে মেনে নিতে কিছু কিছু মহলের আপত্তির কারণে হয়তো নজরুল কর্নার বন্ধ করা হয়েছিল।’
জাতীয় কবির নাতনি ও নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী বলেন, ‘যখন এটা উদ্বোধন করা হয় তখন আমি উপস্থিত ছিলাম। খুবই খুশি হয়েছিলাম। কিন্তু হঠাৎ করে জাতীয় কবির নামের এ কর্নার বন্ধ হয়ে যাওয়া তো ভালো লক্ষণ না। নজরুল কর্নার কেন বন্ধ হয়ে গিয়েছিল সেটা জানি না।’
কবি, প্রাবন্ধিক, নজরুল গবেষক ও নজরুলের জীবনীভিত্তিক উপন্যাস ‘তুমি শুনিতে চেয়ো না’ এর লেখক কবি মজিদ মাহমুদ বলেন, ‘জাতীয় জাদুঘরে নজরুল কর্নার করার পরে সরিয়ে নেয়া মোটও ভালো লক্ষণ নয়। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা অবজ্ঞা রয়েছে। তবে যে কারণেই কর্নারটি সরানো হয়ে থাকুক, দ্রুত তা পুনঃস্থাপন করা প্রয়োজন। কোন সিদ্ধান্তে এটি সরানো হয়েছিল, কারা সেই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ছিলেন তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। একজন নজরুল গবেষক ও লেখক হিসেবে আমি মনে করি, জাতীয় জাদুঘরে নজরুলের জন্য স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ স্থায়ী প্রদর্শনব্যবস্থা থাকা অপরিহার্য।’
জাদুঘরের সাবেক মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, ‘নজরুল কর্নার ছিল এটা মনে পড়ে না। ২০১৮ সাল পর্যন্ত কোন কর্নার ছিল না।’
এদিকে জাতীয় কবির স্মৃতি ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আবারও ‘নজরুল কর্নার’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
জাদুঘরের বর্তমান মহাপরিচালক তানজিম ওয়াহাব বলেন, ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার নামে জাদুঘরে যা কিছু করা হয়েছে, তার পেছনে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। তা না হলে নজরুলের ব্যবহার্য অমূল্য সামগ্রী স্টোরে পড়ে থাকবে কেন?
তিনি জানান, সরকার নজরুল বর্ষ ঘোষণা করার পর ‘গাহি সাম্যের গান’ শিরোনামে নজরুল কর্নারের স্মারকসামগ্রী নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আশা করছি, ডিসেম্বর কিংবা জানুয়ারিতে নতুন আঙ্গিকে ‘নজরুল কর্নার’ চালু করতে পারব।
দীর্ঘদিন পর নজরুল কর্নার পুনরায় চালুর উদ্যোগ নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে শুধু একটি কর্নার চালু করাই যথেষ্ট নয়, কবির ব্যবহৃত সামগ্রী, দুর্লভ বই, আলোকচিত্র ও অন্যান্য স্মারকের যথাযথ সংরক্ষণ এবং সেগুলো নিয়ে গবেষণার সুযোগ নিশ্চিত করাও জরুরি। জাতীয় জাদুঘরে নজরুলের জন্য একটি স্থায়ী ও সমৃদ্ধ প্রদর্শনব্যবস্থা গড়ে উঠুক এমন প্রত্যাশা সকল নজরুল প্রেমীর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার। তার পরিবর্তে ব্ল্যাকক্যাপসরা দলে অন্তর্ভুক্ত করেছে ম্যাথিউ ফিশারকে।
প্রথম টেস্টের দলে থাকা সত্ত্বেও টিকনার খেলতে পারেননি। অনুশীলনের সময় তিনি চোট পান। দেশের জার্সিতে ৬টি টেস্ট খেলা এই পেসার চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরে সর্বশেষ খেলেছিলেন।
টিকনার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। নিউজিল্যান্ড ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তার মাঠের বাইরে থাকার সময়কাল নির্ধারণের জন্য আরও কিছু পরীক্ষা করা হবে।
অন্যদিকে, দলে ডাক পাওয়া ফিশারের টেস্ট অভিষেক ২০২৫ সালের আগস্টে হয়েছে। এরপর তিনি নিউজিল্যান্ডের হয়ে কোনো প্রথম শ্রেণির বা লাল বলের ক্রিকেট খেলেননি। তবে চলতি সফরে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চারটি এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বহু বছর ধরে ধর্মের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী খ্রিষ্টান সম্প্রদায়। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার পূর্বাভাস দিয়েছে যে, ২০৩৫ সালের মধ্যে এই চিত্রে পরিবর্তন আসতে পারে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নয় বছরের মধ্যে মুসলমানেরা জনসংখ্যার দিক থেকে খ্রিষ্টানদের ছাড়িয়ে শীর্ষে চলে আসবেন। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’ শীর্ষক গবেষণায় এ পূর্বাভাস উঠে এসেছে।
এতে উল্লেখ করা হয়েছে, ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে, যেখানে খ্রিষ্টান জনগণের সংখ্যা ৩০০ কোটির কিছু কম হতে পারে। গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের বসবাস রয়েছে। পূর্বাভাসটি তৈরি করা হয়েছে বর্তমান বিশ্বে জন্মহার, মৃত্যুহার এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা বিবেচনায় নিয়ে।
প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন তুলে ধরা হয়েছে। গোষ্ঠীগুলো হলো মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করেন না এমন মানুষদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্বের মুসলিম জনসংখ্যা কত বাড়বে?
পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত জনমিতিক পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হবে। এতে বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় ২০৭০ সালে মুসলিমদের সংখ্যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পাবে এবং ২০৭০ সাল নাগাদ মুসলিম জনসংখ্যা প্রায় ৩৬০ কোটিতে দাঁড়াবে। তরুণ জনগণের আধিক্য এবং উচ্চ জন্মহারের কারণে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাবে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে আসবে পাকিস্তান। ২০৭০ সালে পাকিস্তানের মুসলিমদের সংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে দাঁড়াতে পারে। এ সময়ে মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত দ্বিতীয় এবং নাইজেরিয়া তৃতীয় অবস্থানে পৌঁছাতে পারে। চতুর্থ অবস্থানে থাকতে পারে ইন্দোনেশিয়া এবং পঞ্চম অবস্থানে বাংলাদেশ।
২০২০ সালের হিসাব অনুযায়ী সারাবিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল ৫৩টি। গবেষণা অনুযায়ী, ২০৭০ সাল নাগাদ আইভরি কোস্ট নতুন করে যুক্ত হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৫৪টিতে দাঁড়াবে। ২০৭০ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ৫৪টি দেশের মধ্যে মাত্র আটটির জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হবে - পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিসর, সুদান এবং তুরস্ক।
২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান চালিকাশক্তি হবে কম বয়সি জনসংখ্যা কাঠামো ও উচ্চ জন্মহারজনিত স্বাভাবিক বৃদ্ধি। গবেষণা পূর্বাভাসে বলা হয়েছে, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়বে এবং ২০৪০ সালের মধ্যে তারা ধর্মীয় পরিচয়হীন মানুষদের ছাড়িয়ে এ অঞ্চলের বৃহত্তম জনগোষ্ঠী হয়ে উঠতে পারেন।
২০৭০ সালে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোট জনসংখ্যার ৩৭ শতাংশ মুসলমান হবে এবং মুসলিমদের সংখ্যা দাঁড়াতে পারে ১৮০ কোটিতে। ২০২০ সালে এ অঞ্চলে মুসলিমদের সংখ্যা ছিল ২৬ শতাংশ। এই অঞ্চলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী পাঁচটি দেশের মধ্যে চারটি - পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ।
তবে ইউরোপ ও উত্তর আমেরিকায় স্বাভাবিক বৃদ্ধির তুলনায় অভিবাসনের মাধ্যমে মুসলিম জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে। গবেষণা প্রতিবেদন বলছে, এই সময়ের মধ্যে উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা তিন গুণের বেশি বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা প্রায় ৯০ লাখ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অভিবাসনের বড় ভূমিকা থাকবে।
বাংলাদেশ ও ভারত নিয়ে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, গবেষণায় ভারত ও বাংলাদেশ - এই দুই দেশে মুসলিম জনসংখ্যা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দুই দেশের ধর্মীয় জনসংখ্যার অনুপাত ও পরিবর্তনের ধরন এক নয়। পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হবে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। এতে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৬৩ লাখ। এর ৯১ দশমিক এক শতাংশ ছিলেন মুসলিম। ২০৭০ সালে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে ২৩ কোটি ৭২ লাখে দাঁড়াতে পারে। মুসলিমদের অংশ বেড়ে তখন দাঁড়াবে ৯২ শতাংশ।
অন্যদিকে, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু জনগণের সংখ্যা ছিল সাত দশমিক নয় শতাংশ। আর ২০৭০ সালে সেটি কমে ছয় দশমিক আট শতাংশ হতে পারে। তবে অনুপাত কমলেও তাদের মোট সংখ্যা বাড়বে। গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশে হিন্দু ছিলেন প্রায় এক কোটি ৩১ লাখ। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় এক কোটি ৬১ লাখ হতে পারে। অর্থাৎ এ দেশে ধর্মীয় জনসংখ্যার অনুপাত কিছুটা বদলালেও মুসলিম ও হিন্দু - উভয় জনগণের মোট সংখ্যাই বাড়বে।
এদিকে, আগামী দশকগুলোতে ভারতে এবং সামগ্রিকভাবে বিশ্বে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় পিছিয়ে থাকবে। গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৩০ লাখ। ২০৭০ সালে তা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। অন্যদিকে, ভারতের হিন্দু জনসংখ্যাও বাড়বে। তবে মোট জনসংখ্যার তুলনায় হিন্দুদের অনুপাত কমবে। পূর্বাভাসে বলা হয়েছে, ৫০ বছরে ভারতের জনসংখ্যায় মুসলিমদের অনুপাত চার দশমিক চার শতাংশ বাড়তে পারে। বিপরীতে হিন্দুদের অনুপাত কমতে পারে তিন দশমিক ছয় শতাংশ। তবে ২০৭০ সালেও ভারতের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি হিন্দু জনগণ থাকবে বলে এই প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সাল থেকে ২০৭০ সালের মধ্যে ভারতে হিন্দু জনগণের জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়বে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ভারতে হিন্দু জনসংখ্যা ছিল ১০০ কোটির বেশি। আগামী ৫০ বছরে এই সংখ্যা আরও বাড়বে। কিন্তু একই সময়ে দেশটিতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক দ্রুত বাড়বে বলে হিন্দুদের মোট জনসংখ্যায় অংশ কমে যাবে।
খ্রিষ্টধর্মের জনসংখ্যা কেমন হবে?
বর্তমান পরিসংখ্যান অনুযায়ী খ্রিষ্টধর্ম পৃথিবীর বৃহত্তম ধর্ম। ২০২০ সালের হিসাব অনুযায়ী সারাবিশ্বে খ্রিষ্টধর্মের অনুসারী ২৩০ কোটি মানুষ। এ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে অনেক দেশের জনসংখ্যার অনুপাতে খ্রিস্টানদের সংখ্যা হ্রাস পাবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে ৬১টি দেশে বাসিন্দাদের অংশ হিসাবে খ্রিস্ট ধর্মের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। মাত্র চারটি দেশে জনসংখ্যার দশমিক পাঁচ শতাংশ বা তার বেশি বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে খ্রিস্টান ধর্মের জনসংখ্যা ৬৮ কোটি ৭০ লাখ বৃদ্ধি পেতে পারে। তবে, খ্রিস্টান জনসংখ্যা বাড়লেও বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় তাদের বৃদ্ধির হার খুব বেশি হবে না। গবেষণাটির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, আগামী কয়েক দশকে খ্রিস্টানদের মোট জনসংখ্যা বাড়লেও বিশ্বে সবচেয়ে বড় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে তাদের অবস্থান হারানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, খ্রিস্টান জনসংখ্যার ভৌগোলিক অবস্থানেও বড় পরিবর্তন আসবে। ইউরোপ ও আমেরিকার পরিবর্তে আফ্রিকা হয়ে উঠবে বিশ্বের খ্রিস্টান জনসংখ্যার প্রধান কেন্দ্র। খ্রিষ্টানদের জনসংখ্যা পরিবর্তনের ক্ষেত্রেও স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি ছিল সবচেয়ে বড় কারণ। গবেষণায় উঠে এসেছে, ইউরোপীয়দের মধ্যে খ্রিস্টানদের হার ১৫ শতাংশ হ্রাস পাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পুনর্বহালের সিদ্ধান্তে নিজের হস্তক্ষেপের কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দূর করার লক্ষ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে কথা বলেছেন।
সোমবার (২৩ নভেম্বর) সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন যে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে তার আলোচনা হয়েছিল। তিনি হুয়াংকে পুনরায় নেতৃত্বে ফিরিয়ে আনার বিষয়ে জোরালো সমর্থন প্রদান করেছিলেন। ট্রাম্পের মতে, এনভিডিয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান।
ট্রাম্প বলেন, "আমি সরাসরি ও পরোক্ষভাবে পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে আমার অবস্থান ছিল অত্যন্ত দৃঢ়।"
তিনি আরও বলেন, দেশের জন্য এনভিডিয়ার গুরুত্ব বিবেচনা করে হুয়াংয়ের প্রত্যাবর্তনের বিষয়ে তার সমর্থন বৃদ্ধি পায়। ট্রাম্প জানান, সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেওয়ার পর হুয়াংয়ের সঙ্গেও যোগাযোগ করেন।
সিএনবিসিকে ট্রাম্প বলেন, "আমি তাকে ফোন করে বলেছিলাম, জেনসেন, তোমার কাছে আমার একটাই অনুরোধ—কঠোর পরিশ্রম করো।"
এর আগে সোমবার এনভিডিয়া জানায়, হুয়াংকে পুনরায় সিইও করার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মতামত নেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ মনে করে, হুয়াংয়ের প্রত্যাবর্তনে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।
চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে থাকা এক নারীর সঙ্গে হুয়াংয়ের কথিত সম্পর্ক নিয়ে অভিযোগ ওঠার পরও ট্রাম্প প্রশাসন কোম্পানিটিকে আশ্বস্ত করেছে যে, হুয়াং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নন।
এ বিষয়ে ট্রাম্প বলেন, "পরিচালনা পর্ষদের অন্যতম উদ্বেগ ছিল, জাতীয় নিরাপত্তার কোনো সমস্যা আছে কি না। অনেক যাচাই-বাছাইয়ের পর আমরা জানিয়েছি, না, এতে কোনো সমস্যা নেই।"
হুয়াং আবারও দায়িত্বে ফিরতে পারতেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমি বিশ্বাস করি, আমার হস্তক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।"
ট্রাম্পের দাবি, এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে আগের অবস্থান থেকে সরে আসতে তিনি রাজি করিয়েছেন। এ বিতর্কের কারণে কোম্পানিটির শেয়ারের দাম কমে যাওয়ায় চাপের মুখেও ছিল প্রতিষ্ঠানটি।
তিনি বলেন, "আমি তাদের সঙ্গে কথা বলেছি। সহজভাবে বললে, আমি তাদের রাজি করিয়েছি।"
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, দেড় সপ্তাহ আগের তুলনায় এবার পরিচালনা পর্ষদের সদস্যরা তার যুক্তি শোনার বিষয়ে বেশি আগ্রহী ছিলেন।
শেয়ারবাজারে দরপতনও তার চিন্তাভাবনায় প্রভাব ফেলেছিল বলে স্বীকার করেন ট্রাম্প। তবে তার মতে, এনভিডিয়ার দীর্ঘমেয়াদি গুরুত্বই ছিল সবচেয়ে বড় বিবেচ্য বিষয়।
ট্রাম্প জানান, শুরুতে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুককে এনভিডিয়ার দায়িত্ব দেওয়ার সম্ভাবনাকেও তিনি সমর্থন করেছিলেন। তবে পরে হুয়াংকে ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নেন।
তিনি বলেন, "আমার মনে হয়, টিম কুক এনভিডিয়ার শেয়ারের দাম পুনরুদ্ধারে সহায়তা করতে পারতেন। তবে বর্তমানে যেভাবে শেয়ারের দাম ঘুরে দাঁড়াচ্ছে, সেভাবে আর কেউ তা করতে পারতেন বলে আমার মনে হয় না।"
ট্রাম্পের আশঙ্কা, হুয়াংকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলে চীন তাকে নিজেদের দেশে নিয়ে যাওয়ার সুযোগ নিতে পারত।
তিনি বলেন, "আমরা যদি এটি না করতাম, তাহলে আমি কল্পনা করতে পারি, চীন জেনসেনের কাছে গিয়ে বলত—আপনি কি চীনে আসতে চান?"
তথ্যসূত্র: সামা টিভি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের আবেদন করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে ঢাকায় ফিরতে চান।
শেখ হাসিনা কেন রাষ্ট্রীয় বিমান চাইলেন, এ বিষয়ে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে একটি বিবৃতিতে ব্যাখ্যা প্রদান করেছেন।
সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চেয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি প্রথমবারের মতো শেখ হাসিনা দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন। তার এই ঘোষণার ফলে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং দেশে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও চলছে।
এদিকে, চলতি মাসের শুরুতে শেখ হাসিনা নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন করেছেন। পাসপোর্টের পাশাপাশি দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করারও তিনি আবেদন জানিয়েছেন।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর দাবি, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই বিজয় দিবসে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে। তিনি বলেন, "মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে।" এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসিত করা হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।
গত রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ