ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভূমিদস্যু মজিবরের বিরুদ্ধে দুদকের অভিযান দাবি ভুক্তভোগীদের


ভূমিদস্যু মজিবরের বিরুদ্ধে দুদকের অভিযান দাবি ভুক্তভোগীদের

আড়াইহাজার উপজেলার দিঘির পাড়ে অবস্থিত সফরআলী সরকারি কলেজের পাশে রয়েছে একটি আবাসিক এলাকা। সেখানে সারি সারি ভবন দেখা যায়। গলির ভেতরে ঢুকলে কর্ণারে বেশ কয়েকটি অট্টালিকা চোখে পড়ে। একটি ভবনের তিন তলায় ঝুলছে ‘ইনফরমেশন টেকনিক্যাল ভিশন সোসাইটি (আইটিভিএস)’ সাইনবোর্ড। নিচতলায় রয়েছে ‘জাতীয় মহিলা সংস্থা’র সাইনবোর্ড। এসব ভবন ভাড়া দিয়ে রাখা হয়েছে।

‘ভবনগুলো কার?’ প্রশ্ন করলেই যে কেউ বলে দেন যে, এগুলো মজিবরের বাড়ি। তবে নিছক ‘মজিবরের বাড়ি’ বললে পাড়া-প্রতিবেশীরা বিভ্রান্ত হন। সহজে চেনার জন্য একটি বিশেষণ রয়েছে তার। সেটি হচ্ছে ‘মাইগ্যা’। ‘মাইগ্যা মজিব’ বললে মানুষ দ্রুত চেনে। এক সময় মেয়েদের মতোই ছিলো তার হাঁটা-চলা, লাইফস্টাইল। নেহায়েত প্রান্তিক জনপদের হতদরিদ্র পরিবারের এই মজিবরকে দিয়ে স্থানীয় বিত্তশালীরা ফুট-ফরমায়েশ খাটাতো। সেই মজিবরের হাতে এখন ‘আলাদীনের চেরাগ’। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ-১ আসন) এর আ’লীগ নেতা গাজী গোলাম দস্তগীর তার হাতে তুলে দেন এই চেরাগ। মাত্র এক দশকে দরিদ্র পরিবারের ‘মাইগ্যা মজিব’ হয়ে ওঠেন ‘মজিবর সাহেব’! বর্তমানে তিনি নারায়ণগঞ্জ, কাচপুর সার্কেলস্থ সাদীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা বা ‘নায়েব’। এর আগে ছিলেন রূপগঞ্জ ভূমি অফিসে। আওয়ামী এমপি গাজী গোলাম দস্তগীরের জবরদখলকৃত সম্পত্তি ও গ্রাসকৃত সরকারি সম্পত্তির বৈধতা দেয়াই ছিলো তার মূল কাজ। শিল্পএলাকা হওয়ায় রূপগঞ্জের এক শতক জমি যেন হীরার টুকরো। সে হিসেবে সেখানে মজিবরের ‘রেট’ও অনেক বেশি। মূলত: রূপগঞ্জে দায়িত্ব পালনকালেই তিনি নামে-বেনামে গড়ে তোলেন শত কোটি টাকার সম্পদ। হয়েছেন গাড়ি-বাড়ি, ফ্ল্যাট ও প্লটের মালিক।

তবে ভূমি অফিসে আসা ভুক্তভোগীদের কাছে এসবের কোনো আপত্তি নেই। কষ্টটা হচ্ছে, নিষ্কন্টক এক শতাংশ জমির নামজারি করতে এসে সার্ভে রিপোর্টে তিনি যখন লিখে দেন-‘আবেদনকারীর জমির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি!’ কিংবা ‘জমিটিতে ওয়ারিশ দাবিদার রয়েছে!’ তখন ভুক্তভোগীদের মাথায় বাজ পড়ে। মজিবর এ ধরনের প্রতিবেদন এসি (ল্যান্ড) অফিসে পাঠান কোনো ধরনের নজরানা না দিলেই। ঘুষ না দেয়া পর্যন্ত সাধারণ একটি নামজারিতে অকারণ হয়রানি, দুর্ব্যবহারসহ সৃষ্টি করেন কৃত্রিম জটিলতা। ফলে তার হয়রানি, জালিয়াতি আর দুর্নীতিতে অতিষ্ঠ স্থানীয় ভুক্তভোগীদের দুর্ভোগের অন্ত থাকে না।

আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, জমির নাম জারি ও খাজনা পরিশোধসহ ভূমি সংক্রান্ত কোনো প্রয়োজনে তার কাছে গেলে টাকা ছাড়া মজিবরের কাছ থেকে কোনো সেবা পাওয়া যায় না। টাকা না দিয়ে তার সঙ্গে কথা বললে দুর্ব্যবহার করেন। অনলাইনে নামজারির আবেদন করা হলেও মেলে না প্রতিকার। আবেদন দীর্ঘদিন ‘পেন্ডিং’ থাকলে ভুক্তভোগীদের সশরীরে তার সামনে হাজির হতেই হয়। মজিবরের লোকের সঙ্গে যোগাযোগ করে চাহিদামাফিক টাকা না দিলে নামজারির আবেদন নামঞ্জুরের প্রার্থনা করে এসি (ল্যান্ড) বরাবর নেতিবাচক মন্তব্য লিখে প্রতিবেদন পাঠিয়ে দেন।

মজিবর ভাতের চেয়ে বেশি খান ঘুষ। ঘুষ গ্রহণ করেন অত্যন্ত সতর্কতার সঙ্গে। ঘুষের দরদাম করে টাকা বুঝে নেয়ার জন্য রয়েছেন তার এক ভাতিজা। এ ছাড়া বিশ্বস্ত কয়েকজন বহিরাগতও রয়েছেন, যাদের দেখলে মনে হয়, এরা এই ভূমি অফিসেরই হর্তাকর্তা।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, নিষ্কণ্টক ১ থেকে ৩০ শতাংশ জমির নাম জারির আবেদন উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠানোর শতাংশপ্রতি ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত মজিবরকে দিতে হয়। জমির পরিমাণ বেশি হলে বাড়ে ঘুষের পরিমাণও। ‘খ’ তফসিল ভুক্ত জমির নাম জারির আবেদনের জন্য শতাংশ প্রতি তাকে দিতে হয় কমপক্ষে ৫ হাজার টাকা।

কাচপুর ইউনিয়নের বাঘুরি গ্রামের আব্দুল মালেকের আবেদনের (নং-৫৮০৮৩৭৮) নামজারি মামলা নং-৭৫৬৮/২২-২৩, খতিয়ান নম্বর ১৪২৮ এ ভুল করার কারণে পর পর তিনবার প্রতিবেদন পাঠাতে হয়। বিনিময়ে তাকে প্রতিবার গুনতে হয় ৬ হাজার করে মোট ১৮ হাজার টাকা।

আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন

সাদিপুর ইউনিয়নের নানাখি গ্রামের আব্দুল মতিন, পিতা ক্বারী দীন মুহাম্মদ, নামজারি আবেদন নাম্বার ১১৬৮৮০৬৩৭, মিউটেশন নং- ৩১১৬/২৫-২৬-এর প্রতিবেদন পাঠাতে মজিবরকে দিতে হয় ২২ হাজার টাকা।

চলতি বছর জানুয়ারিতে নামজারি মামলা নং- ৮৩৭৮/২৫-২৬, ৮৩৮২/২৫-২৬, এবং ৮৩৮৩/২৫-২৬ নামজারি প্রস্তাব পাঠানোর জন্য মজিবরের চাহিদামাফিক টাকা না দেয়ায় প্রস্তাবে নেতিবাচক মন্তব্য লিখে আবেদন নামঞ্জুরের সুপারিশ করেন। পরবর্তীতে অভিন্ন ভুক্তভোগীগণ গত ১২ সেপ্টেম্বর পুনরায় নামজারির আবেদন করেন। মামলা নম্বর যথাক্রমে: ৩৪৭৭/২৬-২৭, ৩৪৫৬/২৬-২৭, ৩৪৬৪/২৬২৭। মজিবর রহমান সেগুলোও ‘নামঞ্জুর’ করে এসি(ল্যান্ড) অফিসে প্রতিবেদন পাঠান। ভুক্তভোগীরা সরাসরি এসি(ল্যান্ড)র সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই প্রস্তাব মজিবরের কাছে ফেরত পাঠান। মজিবর যথারীতি ‘আর এস ১৬২৪ দাগে কোনো জমি খালি নাই’ মর্মে নেতিবাচক মন্তব্য লিখে এসিল্যান্ড’র কাছে পাঠিয়ে দেন। পরবর্তীতে ভুক্তভোগীরা এই দাগের সমস্ত নামজারির খসড়া কপি উত্তোলন করে দেখতে পান যে, জমির পরিমাণ সঠিক রয়েছে। বালাম বহিতে অতিরিক্ত ‘মাইনাস’ দেখিয়ে ‘জমি নাই’ উল্লেখ করা হয়েছে। এটি মজিবরের পয়সা হাতিয়ে নেয়ার কৌশল। খতিয়ান থেকে অতিরিক্ত জমি ‘মাইনাস’ দেখিয়ে বলা হয়, এই খতিয়ানে কোনো খালি জমি নাই। এসব বিষয়ে এসি (ল্যান্ড)কে জানালে তিনি আবারো আবেদন ফেরত পাঠান। এতে আরো বেশি ক্ষিপ্ত হন মজিবুর। আর তখন একদাগের জমি অন্যজনের নামে সুপারিশ দিয়ে প্রতিবেদন পাঠান। সেটির ভিত্তিতে এসি(ল্যান্ড) নামজারি করে দেন। এ ধরনের ঘটনায় ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, গত ১২/০৯/২৬ তারিখের আবেদন নং ১৬৯৫১৬২৫, মিউটেশন মামলা নং-৩৪৭৭/২৬-২৭ নামজারি খতিয়ান নং ২০২৬১০০৩৭০ এর নামজারি সম্পন্ন হয় গত ১২/১১/২৬ তারিখ। কপি হাতে পেয়ে দেখতে পাই যে, নামজারির আবেদনে আমার (শহিদুল ইসলাম) নামে ৪৯.০৯ শতাংশ এবং আমার আম্মা লুৎফুন নাহারের নামে ৫ শতাংশ, চারটি দাগ মোট ৫৪.০৯ শতাংশ জমির জন্য আবেদন করি। আবেদনকৃত আর এস ১৬২৪ দাগের ১৯.৩৪ শতাংশ জমি নামজারি থেকে বাদ দেয়া হয়। অথচ বন্টননামা দলিল অনুযায়ী লুৎফুন্নাহারের ৫ শতাংশ জমি আর এস ১৬২৪ নং দাগে। যে ৩টি দাগের নাম জারি দেয়া হয়েছে, সেখানে লুৎফুন নাহারের কোনো অংশ নেই। উল্লেখিত নাম জারিতে লুৎফুন নাহারের নাম থাকলেও প্রকৃতপক্ষে এখানে তার কোনো মালিকানা নেই। অপরদিকে নামজারি আবেদন নং ১৬৯৪৬২৮৯ তারিখ ১১/০৯/২৬ মিউটেশন মামলা (নং ৩৪৫৬/২৬-২৭) এ আবেদন করা হয় ১৪ শতাংশ জমির নামজারির জন্য। কিন্তু নামজারি করা হয়েছে ১৩.২২ শতাংশ। এখানেও দশমিক ৭৮ শতাংশ কম দেয়া হয়েছে। নায়েব মজিবরকে ঘুষ না দেয়ায় উল্টাপাল্টা প্রতিবেদন দিয়ে আমার নামজারি আরো জটিল করে দিয়েছেন। জানি না এই সমস্যার কীভাবে সমাধান হবে!

তথ্যানুসন্ধানে জানা যায়, এভাবে একজনের জমি অন্যজনকে দিয়ে কৃত্রিম জটিলতা সৃষ্টি করে নায়েব মজিবর দু’হাতে লুটে নিচ্ছেন অর্থ। নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। গ্রামের বাড়িতে গড়ে তুলেছেন বহুতল ভবন। আত্মীয়-স্বজনের নামেও গড়েছেন সম্পত্তি। অর্থ-সম্পদের তথ্য গোপন করতে নিজের সম্পত্তির ওপর লাগিয়ে রাখছেন নিকটাত্মীয় অন্য কারো সাইনবোর্ড। তবে স্থানীয় সবাই জানেন, এটি মজিবরেরই সম্পত্তি। নিজ এলাকা নারায়ণগঞ্জের আড়াই হাজার সরকারি সফর আলী কলেজের পাশে দিঘির পাড়ে রয়েছে ৩টি পাঁচ তলা বাড়ি। নারায়ণগঞ্জ শহরে আছে একাধিক বাড়ি। ঢাকার গুলশানে রয়েছে ফ্ল্যাট। ভগ্নিপতির নাম সামনে রেখে চালিয়ে যাচ্ছেন গার্মেন্টস ব্যবসা। মজিবুর যে ব্যক্তিগত গাড়িটিতে চড়ে ভূমি অফিসে আসেন, এটির রেজিস্ট্রেশনও তার এক আত্মীয়ের নামে। ফলে ধূর্ত মজিবরকে কাগজ-কলমে প্রমাণ করা দু:সাধ্য।

টাকা ছাড়া একটি নামজারি প্রস্তাবও মজিবর এসি (ল্যান্ড) অফিসে পাঠান না। এ নীতি তার চাকরির সূচনালগ্ন থেকেই। ঘুষ গ্রহণের সর্বোচ্চ শাস্তি এই দেশে কি হতে পারে-মজিবরের সেটি জানা। সর্বোচ্চ কাছাকাছি অন্য আরেকটি ইউনিয়ন ভূমি অফিসে বদলি। টাকার কাছে সবাই পদানত। জায়গা মতো টাকা ঢাললে চাকরিচ্যুতির আদেশ দানের কলমও ভোতা হয়ে যায় এই দেশে। এসবই জানেন ‘ম্যানেজ মাস্টার’ মজিবর। আর এ কারণেই তিনি ঘুষ গ্রহণে এতোটা অকুতোভয় আর নির্ভীক। রূপগঞ্জ মুড়াপাড়া ভূমি অফিসে থাকতে সেখানকার তৎকালিন আ’লীগ এমপি ও ভূমিদস্যু গোলাম দস্তগীর গাজীর (তৎকালিন পাট ও বস্ত্রমন্ত্রী) ভূমি সংক্রান্ত জাল-জালিয়াতি মজিবর ‘জায়েজ’ করে দিতেন। এ কারণে গাজীর সঙ্গে তার গড়ে ওঠে ব্যক্তিগত সম্পর্ক। গাজীর ঢাকার বাসায়ও ছিলো অবাধ যাতায়াত। ফলে সাধারণ কোনো ভুক্তভোগী তাকে ফোনে না পাওয়ার কথা জানালে মজিবরের ঝাঁঝালো উত্তর, ‘রাখেন মিয়া! মন্ত্রী-এমপি’র ফোন ধরারই টাইম পাই না..!’ আর কাউরে গোনার টাইম আছে?

আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলাধীন কাঁচপুর সার্কেল একটি শিল্পাঞ্চল। যারা নতুন শিল্প স্থাপন করেন তাদের কাছে ঘুষের এই টাকা ‘হাতের ময়লা’। কিন্তু যারা নিম্ন আয়ের শ্রমজীবী ও পৈত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিক, তাদের কাছে অন্যায্য এ অর্থ পাহাড় সমান বোঝা। তারা এই বোঝা আর বহন করতে পারছেন না। কিন্তু জমির মালিকমাত্রই তার কাছে ‘ধরা’-এই বিবেচনায় অনেক ভুক্তভোগী নাম প্রকাশও করতে চান না। মজিবরের পোষা দালালচক্রের মাধ্যমে কাজ না করালে আরো বেশি অর্থ খরচ, আরো বেশি হয়রানিতে পড়ার ঝুঁকি রয়েছে। রূপগঞ্জে দায়িত্ব পালনকালেই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিকবার অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অজ্ঞাতকারণে ওই অভিযোগের কোনো অনুসন্ধান হয়নি। দুদকে অভিযোগ করেও কোনো কাজ হয় না-এমন একটি ধারণা থেকে নতুন করে হয়রানির ভয়ে এখন আর কেউ সনামে মজিবরের বিরুদ্ধে অভিযোগ দিতে চান না। তবে মজিবুরের দুর্নীতিতে অতিষ্ঠ ভুক্তভোগীরা মনে-প্রাণে চান কাচপুর সার্কেল সাদীপুর ভূমি অফিসটিতে দুদক টাস্কফোর্স ঝটিকা অভিযান পরিচালনা করুক। সেই সঙ্গে মজিবরের দুর্নীতি এবং নামে-বেনামে গড়ে তোলা অবৈধ সম্পদের তদন্ত করে তাকে আইনে আওতায় আনা হোক।

এদিকে ঘুষ, দুর্নীতি ও কৃত্রিম জটিলতা সৃষ্টি করে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ সম্পর্কে জানতে আজ (রোববার) যোগাযোগ করা হয় সাদীপুর ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মজিবরের সঙ্গে। তাকে একাধিকবার কল করা হয়। যোগাযোগের জন্য এসএমএস দেয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ইউনুস মণ্ডলের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ইউনুস মণ্ডলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে আদালত। রোববার (১৫ নভেম্বর) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় প্রদান করেন।

দণ্ডিতের নাম মো. ইউনুস মণ্ডল (২৫)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মির্জাপুরের জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন এবং নিহত ফুলমালা বেগমের পুত্র।

টাঙ্গাইলের সরকারি কৌশুলি (পিপি) মো: শফিকুল ইসলাম রিপন জানান, নিহত ফুলমালা বেগম তার ছোট ছেলে ইউনুস মণ্ডলের সাথে একই বাড়িতে বসবাস করতেন এবং তিনি কৃষিকাজ করতেন। আসামি প্রায়শই তার মাকে বিভিন্ন বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। ঘটনার দিন (২৫ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় আসামি তার মাকে গালিগালাজ করেন। একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মা অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন।

ঘটনার পর নিহত ফুলমালা বেগমের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরদিন পুলিশ আসামিকে গ্রেপ্তার করে এবং তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করা হয়। বিচার চলাকালীন অভিযোগ গঠনের সময়ও তিনি আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি আরও জানান, সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্তের রিপোর্ট এবং আসামির দোষ স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত আসামি ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে রশিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


আড়াইহাজারে ১৯ বেসরকারি হাসপাতালের ১৫টিরই লাইসেন্স নবায়ন হয়নি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৯টি বেসরকারি হাসপাতালের মধ্যে ১৫টির লাইসেন্স নবায়ন হয়নি। নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রস্তুত করা তালিকায় উপজেলায় ১৫টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ৪টি প্যাথলজি বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠানকে লাইসেন্সধারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তালিকায় অন্তর্ভুক্ত একাধিক প্রতিষ্ঠানের সর্বশেষ লাইসেন্স নবায়নের বছর ২০২২-২৩, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ উল্লেখ করা রয়েছে।

এদিকে, ২০২৬ সালের ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, এই আদেশ অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী কঠোর প্রশাসনিক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আড়াইহাজার উপজেলার যে সকল হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণের তালিকায় রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- এ টু জেড ডিজিটাল হাসপাতাল সর্বশেষ লাইসেন্স (২০২৩-২০২৪), আই হসপিটাল এন্ড ফ্যাকো সেন্টার (২০২০-২০২১), মা ও শিশু হাসপাতাল (২০২১-২০২২), সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (২০২৩-২০২৪), ফয়সাল হাসপাতাল (২০২৩-২০২৪), জনসেবা হাসপাতাল এন্ড ল্যাব (২০২২-২০২৩), নুরজাহান হাসপাতাল (২০২৩-২০২৪), পপুলেশন হেলথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সোসাইটি ক্লিনিক (২০২৩-২০২৪), প্রবাসী হাসপাতাল (২০২৪-২০২৫), কনফিডেন্ট মেডিক্যাল সেন্টার (২০২৩-২০২৪), আড়াইহাজার পপুলার হাসপাতাল এবং আড়াইহাজার ইসলামিয়া কেয়ার হাসপাতাল।

এদিকে, তালিকার বাইরে আড়াইহাজার উপজেলা এলাকার প্রবাসী কল্যাণ হাসপাতালের কোনো লাইসেন্স বা অনুমোদনের তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি এই হাসপাতালটিতে চিকিৎসায় অবহেলার অভিযোগও সামনে এসেছে। গত ৫ অক্টোবর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে নারগিস আক্তার (৩৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছিল। পরিবারের অভিযোগ ছিলো, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু ঘটে।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) আরিফুল ইসলাম জানিয়েছেন, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রমের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রতিটি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এবং সরকারি বিধিবিধান প্রতিপালনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন বলেছেন, নারায়ণগঞ্জের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে স্বাস্থ্য অধিদপ্তরের বিধি-বিধান মেনে পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, প্রযোজ্য অনুমোদন কিংবা ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্স না থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পরিদর্শনের মাধ্যমে অনিয়ম শনাক্ত করে প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদের নির্দেশনা দেওয়া হচ্ছে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে। রবিবার শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়। আইন বিভাগ ও হিসাব বিজ্ঞান বিভাগের ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এদিন সকালে পরীক্ষার্থীদের হাসি মুখে পরীক্ষার হলে প্রবেশ করতে দেখা যায়। উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী জানান, আগামী ০৩ ডিসেম্বর ফাইনাল পরীক্ষা শেষে ২০ কার্যদিবসের মধ্যে প্রথমবারের মতো কোডিং পদ্ধতিতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী বলেন, "সারা দেশের মধ্যে আমরা মাত্র ৩ মাস ১০ দিনে একটি পূর্ণাঙ্গ সেমিস্টারের পাঠদান শেষ করে নির্ধারিত সময়ে চূড়ান্ত পরীক্ষা আয়োজন করতে পেরেছি।" তিনি উল্লেখ করেন, এমন অর্জন নিঃসন্দেহে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি প্রশংসা ও গৌরবের। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ই প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করতে সক্ষম হয়েছে। এটি শৃঙ্খলিত শিক্ষা কার্যক্রমের এক অনন্য অর্জন।

এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়; বরং সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলার ফল। উপাচার্য শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন, যাঁরা নির্ধারিত রুটিন অনুসরণ করে প্রতিটি ক্লাস যথাসময়ে গ্রহণ করেছেন এবং পাঠদান কার্যক্রম এগিয়ে নিতে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ কৃতিত্ব শিক্ষার্থীদের অর্জন। নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি, প্রেজেন্টেশন, ক্লাস টেস্টে অংশগ্রহণ এবং একাডেমিক কার্যক্রমে সক্রিয় সহযোগিতা তাদের এই লক্ষ্য অর্জনকে সহজ করেছে। উপাচার্য উল্লেখ করেন, "শিক্ষার্থীদের আন্তরিকতা ও দায়িত্বশীল অংশগ্রহণ ছাড়া এত অল্প সময়ে সেমিস্টার সম্পন্ন করা সম্ভব হতো না।"

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমে নিয়ম ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষা কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ, সব ক্ষেত্রেই নির্ধারিত নিয়ম, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায়। ভিসি বলেন, "আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি শুধু অবকাঠামো কিংবা প্রাতিষ্ঠানিক আয়তনে নয়; বরং সময়ানুবর্তিতা, একাডেমিক উৎকর্ষ, নিয়মতান্ত্রিকতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠার মধ্যেই নিহিত।" তিনি যোগ করেন, "শৃঙ্খলাই সফলতা অর্জনের মূল চাবিকাঠি।"

এই বিশ্বাসকে ধারণ করেই নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত, আধুনিক ও গবেষণাধর্মী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের সার্বিক সহযোগিতায় সবার সম্মিলিত প্রচেষ্টায় নওগাঁ বিশ্ববিদ্যালয় বীরদর্পে নানা কৃতিত্ব অর্জনের মাধ্যমে এগিয়ে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদা না পেয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে যুবদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


চাঁদা না পেয়ে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে যুবদল নেতা

ফেনীর পরশুরাম উপজেলায় চাঁদা না দেওয়ার কারণে দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের অভিযোগে যুবদল নেতা রাজীব রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ অন্যান্য সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আল ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রাজীব রাজু মির্জানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। তাকে যুবদল থেকে অব্যাহতি দেওয়ার কারণ হিসেবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, শনিবার (১৪ নভেম্বর) সকালে পরশুরাম উত্তর বাজারের ডাকঘর স্টিল ব্রিজ সংলগ্ন আমিনুল ইসলাম মিন্টুর দোকানে লাঠি হাতে প্রবেশ করেন রাজীব রাজু। তিনি মিন্টুর কাছে চাঁদা দাবি করেন এবং চাঁদার দাবি পূরণ না হওয়ায় লাঠি দিয়ে দোকানের আসবাবপত্র ও বিভিন্ন নিত্যপণ্য ভাঙচুর শুরু করেন।

অভিযোগ রয়েছে, রাজীব রাজু ওই সময় দোকানদার মিন্টুকে লাঠি দিয়ে আঘাত করেন এবং ক্যাশ বাক্সে থাকা নগদ অর্থ লুটে নেন। পরে স্থানীয় লোকজন ব্যবসায়ী মিন্টুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টু বাদী হয়ে শনিবার বিকেলে পরশুরাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজুকে গ্রেপ্তার করে। পরে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম মিন্টু বলেন, "আমার অল্প একটু পৈতৃক জমি ছিল। সেটা বিক্রি করে স্টিল ব্রিজসংলগ্ন স্থানে একটি মুদি দোকান দিই। গত কয়েকদিন ধরে রাজু মোবাইলফোনে টাকা দাবি করে আসছিল। কিন্তু টাকা দিতে না পারায় শনিবার সকালে দোকানে ঢুকে ‍সে ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশবাক্স থেকে নগদ টাকা নিয়ে চলে যায়।"

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার, সদস্য সচিব নাঈম উল্লাহ চৌধুরী বরাত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল) রাজুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দলের সুনাম ক্ষুণ্ন করার অপরাধ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তাকে দল থেকে অব্যাহতি দেন।

পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন গণমাধ্যমকে জানান, রাজীব রাজু বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। তাকে দল থেকে বহিষ্কারের জন্য গত জেলা যুবদলের কাছে চিঠি দেওয়া হয়েছিল। যার প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিন্টু বাদী হয়ে রাজীব রাজুর বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%