মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪০ পি.এম
শ্রম-কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক মিছিলে চমক দেখিয়েছেন। তার নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী সিলেট নগরীর ঐতিহাসিক রেজিষ্ট্রী মাঠের দিকে ছুটে গেছেন। আজ বিকেলে সেখানে অনুষ্ঠিত হবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল।
দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ইতিমধ্যে মাঠে জড়ো হয়েছেন। মন্ত্রী আরিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নিতে বিকেল ৩ টায় আলীয়া মাদ্রাসা ময়দানে দলে দলে নেতাকর্মীরা জড়ো হন। তার উপস্থিতির পর নেতাকর্মীরা নৈরাজ্য বিরোধী স্লোগান দিতে দিতে রেজিস্ট্রি মাঠের দিকে রওয়ানা হন। নেতৃত্বে রয়েছেন আরিফুল হক চৌধুরী।
এ সময় নগরবাসী তাকে হাত নেড়ে সমর্থন জানান। পূর্ব নির্ধারিত এই বিক্ষোভ মিছিল ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। গত ২২ নভেম্বর, এই বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিয়ে এক সভায় মিলিত হন মন্ত্রী। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিএনপি সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবে কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নেন। এক পর্যায়ে তারা ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।
জানা গেছে, মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এই খবরের পর ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
বিক্ষুব্ধ শ্রমিকেরা এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে জরুন আঞ্চলিক সড়কে অবস্থান নেন। দুপুর পৌনে ১২টার দিকে তারা ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুই মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ সময় পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। অবরোধের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, ‘শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।’
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ‘টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মাধ্যমে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং শিশু বিশেষজ্ঞ ডা. অঞ্জলি টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার সবসময় নিজের ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে আনার পরিবর্তে গোপন রাখতে পছন্দ করেন।
মুম্বাইয়ে জন্মগ্রহণ করা সারা ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি শচীন টেন্ডুলকার ফাউন্ডেশনের পরিচালকের দায়িত্বও পালন করছেন।
সম্প্রতি, ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের সঙ্গে সম্পর্ক ভাঙার পর গুঞ্জন উঠেছে যে সারা টেন্ডুলকার অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে, তার ঘনিষ্ঠ একটি সূত্র এই খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
সারা মাঝে মাঝে সামাজিক মাধ্যমে নিজের জীবনের কিছু মুহূর্ত শেয়ার করেন। সম্প্রতি বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হওয়ার পর, ‘ভোগ ইন্ডিয়া’-র সঙ্গে তার পূর্ববর্তী এক সাক্ষাৎকারে ভালোবাসা, সম্পর্ক ও বিয়ে সম্পর্কে তার চিন্তাভাবনা নতুন করে আলোচনায় এসেছে। সেখানে তিনি বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
সাক্ষাৎকারে সারা জেন-জি প্রজন্মের কমিটমেন্টের ধরন এবং সম্পর্ক থেকে সরে আসার ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন। ভাই অর্জুনের সানিয়া চান্ধোকের বিয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার মনে হয় এটি আমার জন্য দারুণ এক মহড়ার মতো ছিল। এখন আমি বুঝি আমার কী চাই আর কী চাই না।’
তিনি সময়ের সঙ্গে নিজের স্বপ্নের বিয়ের ধারণা কীভাবে পরিবর্তিত হয়েছে, সেটাও তুলে ধরেন। একসময় তিনি জাঁকজমকপূর্ণ বিয়ের স্বপ্ন দেখতেন এবং প্যাস্টেল রঙের কনে সাজবেন বলে নিশ্চিত ছিলেন, কিন্তু এখন তিনি ছোট পরিসরের বিয়ের প্রতি আগ্রহী। ঐতিহ্যবাহী লাল রঙের কনে সাজার কথাও ভাবছেন। মজার ছলে তিনি বলেন, ‘আমি তুলা রাশির জাতক, খুবই দ্বিধাগ্রস্ত। কে জানে, হয়তো সবুজ রঙও বেছে নিতে পারি!’
সম্পর্ক ও বিয়ে নিয়ে জেন-জি ভাবনা
সারা সম্পর্ক ও বিয়ের ক্ষেত্রে জেন-জি প্রজন্মের দৃষ্টিভঙ্গি নিয়েও তার মতামত প্রকাশ করেন। তার মতে, এই প্রজন্ম কমিটমেন্টকে গুরুত্ব দেয়, তবে সম্পর্ক ঠিক না মনে হলে তা থেকে সরে আসার ব্যাপারে তারা অনেক বেশি প্রস্তুত।
শচীনকন্যা বলেন, ‘আমি দেখেছি অনেকেই বাগদান সেরে ফেলেন, কিন্তু বিয়ের আগে গিয়ে সঙ্গী বা তার পরিবারের আসল রূপ বুঝতে পেরে ভাবেন, ‘‘আমি আর পারছি না’’। ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও বড় কোনো যাত্রায় নামার চেয়ে মাঝপথে সরে আসাই ভালো। বিয়ের আগেই সরে দাঁড়ানোকে আমি দারুণ একটি পদক্ষেপ মনে করি।’
তিনি আরও বলেন, ‘আগের প্রজন্মগুলো নিজেদের পক্ষে দাঁড়াতে বেশি ভয় পেত, অন্যদিকে জেন-জি প্রজন্ম কোনো বিষয় খারাপ দিকে যাচ্ছে আঁচ করতে পারলে সিদ্ধান্ত গ্রহণে অনেক বেশি আত্মবিশ্বাসী ও সাহসী থাকে।’
সোলমেট মানে শুধুই রোমান্স নয়
‘সোলমেট’ ধারণাটি তার কাছে কী অর্থ বহন করে? রোমান্টিক সোলমেটের অস্তিত্বে বিশ্বাস করার ইচ্ছা থাকলেও, তিনি মনে করেন যে এই শব্দটিকে কেবল প্রেম বা রোমান্টিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।
তিনি তিন ও পাঁচ বছর বয়স থেকে যাদের চেনেন, সেই ঘনিষ্ঠ বন্ধুদেরকেই নিজের আসল সোলমেট মনে করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোমান্টিক সোলমেট আছে বলে বিশ্বাস করতে ভালো লাগে, কিন্তু আমার সবচেয়ে কাছের বন্ধুরাই শতভাগ আমার সোলমেট।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই ফিরতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, "১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।"
আজ জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতির ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা কার্যকর করা হবে। বাংলাদেশের আইনকে সবার শ্রদ্ধা করতে হবে এবং সব দেশের আইনকেও সংশ্লিষ্ট দেশগুলোর শ্রদ্ধা করা উচিত।
ময়মনসিংহের সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ময়মনসিংহের উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে সবাইকে অন্তর্ভুক্ত করে একটি বৃহৎ সাংবাদিক পরিবার গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়নে ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের কথা জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনাগত ধাপ অতিক্রম করতে হয়। ইতোমধ্যে পরিকল্পনা টিম প্রাথমিক ধাপ পেরিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে।
তিনি বলেন, ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের সড়ক, সেতু এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এসব এলাকার উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। সরকারের লক্ষ্য শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করা।
সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের আর্থিক অসচ্ছলতা ও অসুস্থতাসহ বিভিন্ন সংকটে সহায়তা দেওয়া হয়। এই খাতে অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন।
ঢাকা শহরের যানজট পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগে যেখানে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার ছিল, বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। তাদের আগুন সন্ত্রাসের রাজনীতি আবারও ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। এ ধরনের অপতৎপরতা রুখতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক লুৎফুল বারী হামিম, দৈনিক আজকের খবরের সম্পাদক মোশারফ হোসেন, মোহনা টেলিভিশনের হেড অব নিউজ রাশেদুল হক, সাংবাদিক বাদল সরকার, সৌরভ জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, সামছুর রহমান শামস ও দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব গোলাম কিবরিয়া।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : খাদ্য মন্ত্রণালয় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের প্রস্তাব করেছে। সংশোধনী প্রস্তাব অনুযায়ী, কোনো অভিযোগের ভিত্তিতে অথবা কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে যে, আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। একইসঙ্গে তিনি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইনকে আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথা উল্লেখ করেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করে জনগণ, দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা প্রদান করেন। তিনি কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বৈঠকে জানানো হয়, সারাদেশের খাদ্যগুদামসমূহের মজুদ ধারণক্ষমতা বর্তমানে ২২ লাখ ৯৩ হাজার টন থেকে বৃদ্ধি করে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। কমিটির পক্ষ থেকে বর্তমানে সারাদেশের খাদ্যগুদামসমূহের প্রকৃত চিত্র তুলে ধরার সুপারিশ করা হয়। যে সব খাদ্যগুদাম অনেক পুরনো এবং ব্যবহার উপযোগী নয় সেগুলো সরেজমিনে পরিদর্শনপূর্বক বাতিল করে প্রয়োজনে নতুন খাদ্যগুদাম স্থাপনের পরামর্শ প্রদান করা হয়। খাদ্যগুদামসমূহে পোকামাকড় নিয়ন্ত্রণ এবং ছত্রাক ঝুঁকি হ্রাসে সঠিক আদ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিকাল ভেন্টিলেশন সিস্টেম স্থাপনের বিষয়েও আলোচনা হয়। খাদ্যগুদাম নির্মাণের ক্ষেত্রে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি ফেব্রিকেটেড স্ট্রাকচারে নির্মাণের বিষয়েও পর্যালোচনা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে বিগত প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং প্রথম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দকৃত চাল বিতরণে বিশৃঙ্খলা পরিহারের লক্ষ্যে সংশোধিত নীতিমালায় পূর্বের প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলারের পরিবর্তে প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে একজন করে ডিলার নিয়োগের বিধান করা হয়েছে বলে জানানো হয়।
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ সৃষ্টির লক্ষ্যে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে বলে জানানো হয়। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে বলে তথ্য দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম এবং শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থাসমূহের প্রধানগণ, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ