ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মোস্তাফিজ এবার আইপিএলকে বয়কট করলেন


মোস্তাফিজ এবার আইপিএলকে বয়কট করলেন

আইপিএলে গত নিলামে মোস্তাফিজুর রহমান রেকর্ড দামে একটি দলের সদস্য হয়েছিলেন। তবে রাজনৈতিক কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা হয়নি তার। এর ফলে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছিল। এবার মোস্তাফিজ নিজেই আইপিএলকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।

আইপিএলের পরবর্তী আসরের জন্য মিনি নিলামে নাম লেখানো ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের নাম নেই।

শেষ নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে দলে নিয়েছিল। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে ফ্র্যাঞ্চাইজিটি শেষ পর্যন্ত এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয়।

আরও পড়ুন: বাংলাদেশ সেঞ্চুরিয়ান টেস্টে ইনিংস ও ২১৯ রানে পরাজিত

এই ঘটনার প্রভাব আরও বিস্তৃত হয়। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানায় বাংলাদেশ। ফলে, টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি দলটি।

এবারের আইপিএলের নিলামে নাম লেখানো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আরেকজনের অনুপস্থিতি লক্ষ্যণীয়। তিনি হলেন নাহিদ রানা। ভারত সফরে তার ব্যাপারে ব্যাপক আলোচনা হয়েছিল। কিন্তু তিনিও এবার এই নিলামে নাম লেখাননি।

নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত আছেন। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। বিদেশি খেলোয়াড়দের জন্য ২৫টি জায়গা নির্ধারিত রয়েছে।

আরও পড়ুন: পিটি ঊষা অলিম্পিক নির্বাচনে অংশ নিচ্ছেন না

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ই-ফ্রাংকিংয়ে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি ৬০ লাখ টাকায় পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


ই-ফ্রাংকিংয়ে ডাক বিভাগের রাজস্ব ৫০ কোটি ৬০ লাখ টাকায় পৌঁছেছে

॥ আব্দুর রউফ ॥

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ডাক বিভাগ ডিজিটাল মাশুল আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা ডাকটিকিটের ঐতিহ্যবাহী যুগের গণ্ডি অতিক্রম করেছে। স্মার্ট পোস্টেজ বা ই-ফ্রাংকিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ৫০ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব সংগ্রহ করেছে। এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মাত্র ১১ মাসের মধ্যে মাসিক রাজস্ব আদায় প্রায় ৪৯ গুণ বৃদ্ধি পেয়েছে।

ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সীমিত পরিসরে পরীক্ষামূলক কার্যক্রম শেষে ২০২৫ সালের অক্টোবর মাস থেকে ই-ফ্রাংকিং ব্যবস্থা সম্পূর্ণরূপে কার্যকর হয়েছে। পরীক্ষামূলক সময়ের আয়সহ চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত এই ব্যবস্থায় মোট ৫০ কোটি ৬০ লাখ টাকা মাশুল জমা হয়েছে। বিশেষ করে গত ছয় মাস ধরে প্রতি মাসে গড়ে ৫ কোটি টাকার বেশি রাজস্ব আদায় হচ্ছে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানিয়েছেন, নতুন এই পদ্ধতির সূচনা থেকে মাশুল আদায়ে অভূতপূর্ব গতি দেখা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে রাজস্ব আদায়ের যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, তা সত্যিই সন্তোষজনক। এ ধারাবাহিকতা বজায় রেখে আগামী দুই বছরে ই-ফ্রাংকিংয়ের মাধ্যমে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

জানা গেছে, স্মার্ট পোস্টেজ ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতিতে চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্যের ডাক মাশুল গ্রহণ করা হচ্ছে। গ্রাহক যখন মাশুল পরিশোধ করেন, তখন একটি বারকোডযুক্ত আঠালো লেবেল ছাপা হয়, যা পরবর্তীতে ডাকপণ্যের গায়ে লাগানো হয়। প্রতিটি লেবেলের খরচ মাত্র ৫০ পয়সা। বর্তমানে দেশের সব জেলা শহরের একাধিক ডাকঘরসহ প্রায় ২০০টি ডাকঘরে এই সেবা চালু রয়েছে।

বেড়েছে মাসিক বুকিং ও আদায়

ডাক বিভাগের মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের অক্টোবরে মাত্র তিনটি বুকিংয়ের বিপরীতে ডাক মাশুল আদায় হয়েছিল ৫৮ টাকা। পরবর্তী মাস নভেম্বরে ৫১৮টি বুকিংয়ে আদায় হয় ১৫ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা। চলতি বছরের অক্টোবরে বুকিং বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৯৯১টিতে, আর আদায় হয়েছে ৭ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৫৬১ টাকা। অর্থাৎ ১১ মাসের ব্যবধানে মাসিক বুকিং বেড়েছে প্রায় ৪৪ গুণ এবং আদায় বেড়েছে প্রায় ৪৯ গুণ।

শুরুর দিকে প্রবৃদ্ধির গতি ছিল তুলনামূলক ধীর। ২০২৫ সালের ডিসেম্বরে ২ হাজার ৩১৯টি বুকিংয়ে আদায় হয় ৮৬ লাখ ৬৮ হাজার ৫১৩ টাকা। চলতি বছরের জানুয়ারিতে মাসিক আদায় প্রথমবারের মতো কোটি টাকা ছাড়িয়ে দাঁড়ায়- ১ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৭৭৮ টাকায়। ফেব্রুয়ারিতে তা বেড়ে ২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৪৮৮ টাকা হয়। মার্চে আদায় কিছুটা কমে ১ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৭৭২ টাকায় নামে এবং এপ্রিলে ২ কোটি ৭ লাখ ১২ হাজার ৯৭২ টাকা আদায় হয়।

বড় উল্লম্ফন আসে মে মাসে। ওই মাসে বুকিং আগের মাসের দ্বিগুণের বেশি বেড়ে ৮ হাজার ৬৩১টিতে দাঁড়ায়, আদায় হয় ৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৬৩০ টাকা। জুনে ৪ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৫৯৯ টাকা আদায়ের পর জুলাইয়ে প্রথমবারের মতো মাসিক আদায় ৫ কোটি টাকা ছাড়িয়ে যায়, যা দাঁড়ায় ৫ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকায়। আগস্টে ২০ হাজার ৫৬৩টি বুকিংয়ে আদায় হয় ৬ কোটি ৩২ লাখ ৬৪ হাজার ৪২৯ টাকা। সেপ্টেম্বরে ২১ হাজার ৩৬২টি বুকিংয়ে আসে এ পর্যন্ত এক মাসের সর্বোচ্চ ৭ কোটি ৮৪ লাখ ২৭ হাজার ১০১ টাকা।

হিসাব বলছে, মে থেকে অক্টোবর এই ৬ মাসে আদায় হয়েছে প্রায় ৩৫ কোটি ৫২ লাখ টাকা, যা মাসে গড়ে প্রায় ৫ কোটি ৯২ লাখ টাকা। মাসভিত্তিক হিসাবে অক্টোবর পর্যন্ত মোট আদায়ের প্রায় ৮০ শতাংশই এসেছে এই ৬ মাসে।

তিন খাতে কমছে খরচ

ডাক অধিদপ্তরের অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. শাহ আলম ভূঁইয়া বাসসকে জানান, এতদিন চিঠি ও পার্সেলের মাশুল দিতে ডাকটিকিট বা ফ্রাংকিং মেশিনই ছিল ভরসা। বিদেশগামী ইএমএস ও পার্সেলে বেশি মূল্যের ডাকটিকিট লাগলেও শ্রেণি অনুযায়ী মজুত সীমার কারণে উপজেলার অনেক ডাকঘরে তা পাওয়া যেত না। পথে কাগজের ডাকটিকিট খুলে পড়ার ঝুঁকিও ছিল। অন্যদিকে ফ্রাংকিং মেশিনের সংখ্যা কম থাকায়, রক্ষণাবেক্ষণ খরচ এবং ডলারের দাম বাড়ায় আমদানি করা কালিতে বাড়তি ব্যয় হতো।

সাশ্রয়ের বিষয়ে অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ঠিক কত টাকা সাশ্রয় হচ্ছে তা হিসাব করা কঠিন। কারণ আগে খরচ হতো তিনভাবে- ডাকটিকিট তৈরি, ফ্রাংকিং মেশিন কেনা ও রক্ষণাবেক্ষণ এবং মেশিনের কালিতে। বর্তমানে এই তিন খাতেই খরচ সাশ্রয় হচ্ছে।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বাসসকে বলেন, ডাক মাশুল আদায়ের স্বচ্ছ ও জবাবদিহিমূলক এই পদ্ধতিটি যেকোনো ধরনের ক্ষয়ক্ষতি ও জালিয়াতি রোধের পাশাপাশি এ খাতে ডাক বিভাগের পরিচালন ব্যয় কমাবে। সর্বোপরি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসে এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ডাক বিভাগের রাজস্ব আয় বাড়বে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের ফলে সনাতন পদ্ধতির দীর্ঘসূত্রতা ও গ্রাহক ভোগান্তি অনেকটাই কমেছে। ইউনিট পর্যায়ের কর্মকর্তারা এখন কেন্দ্রীয়ভাবে প্রতিটি ডাকঘরের রাজস্ব আদায় সরাসরি দেখতে পারছেন। ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।

নিশ্চিত হচ্ছে লেনদেনের নিরাপত্তা

সরকারি রাজস্বের সুরক্ষা নিশ্চিতে ই-ফ্রাংকিংয়ের প্রতিটি লেবেলে যুক্ত করা হয়েছে প্রযুক্তিগত নিরাপত্তা বলয়। মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, স্মার্ট পোস্টেজ সিস্টেমে ডাক মাশুলের যে স্টিকারটি প্রিন্ট হয়, তার গায়ে একটি স্বতন্ত্র ১৩ অঙ্কের বারকোড থাকে। ডাকপণ্য বুকিংয়ের সময় এই বারকোডটি স্ক্যান করে যাচাই করা হয়। ফলে স্টিকারটি কোন ব্যবহারকারী প্রিন্ট করেছেন এবং কোন প্রিন্টার থেকে বুকিং সম্পন্ন হয়েছে, তা সহজেই শনাক্ত করা যায়।

লেনদেনে শতভাগ জবাবদিহিতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া সংশ্লিষ্ট ডাকঘরের কোনো কর্মচারীই এই সিস্টেমে প্রবেশ করতে পারেন না। এমনকি দিন শেষে প্রতিদিনের লেনদেনের পূর্ণাঙ্গ হিসাবও যথাযথ কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে হয়, যার ফলে রাজস্ব ফাঁকি কিংবা জালিয়াতির ঝুঁকি অনেকাংশে কমে এসেছে।

ঘরে বসেই অগ্রিম মাশুল

ই-ফ্রাংকিংয়ের আরেকটি বড় সুবিধা হলো প্রি-পেইড পদ্ধতি। এতে সাধারণ গ্রাহক, ই-কমার্স উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ডাকঘরে না গিয়েও অনলাইনে অগ্রিম মাশুল জমা দিতে পারেন।

প্রক্রিয়াটি তুলে ধরে শাহ আলম ভূঁইয়া বলেন, গ্রাহক নিজের মোবাইলের আর্থিক সেবা বা ব্যাংক হিসাব থেকে এ-চালানের মাধ্যমে ডাক মাশুল পরিশোধ করে প্রি-পেইড ব্যালেন্স নিতে পারেন। পরে ডাক বিভাগের ডিজিটাল মেইল সিস্টেম (ডিএমএস) ব্যবহার করে অনলাইনে চিঠি, পার্সেল, স্পিড পোস্ট ও ই-কমার্স পণ্য প্রি-বুকিং করা যায়। এরপর ডাকপণ্য কাউন্টারে তা জমা দিলে, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত বুকিং সম্পন্ন হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিয়মিত বেশি পরিমাণে পার্সেল পাঠানো প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যবস্থাপনা ব্যয় কমাতে স্মার্ট পোস্টেজ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ই-কমার্স উদ্যোক্তাদের জন্য অগ্রিম মাশুল পরিশোধ ও অনলাইনে বুকিংয়ের সুবিধা ডাকসেবা ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ

ডাক অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ৯ হাজারের বেশি ডাকঘর থাকলেও রাজস্ব অফিস ১ হাজার ৫০০টি। বাকিগুলো অবিভাগীয় গ্রামীণ শাখা ডাকঘর। সে হিসাবে রাজস্ব অফিসের প্রায় ১৩ শতাংশে বর্তমানে ই-ফ্রাংকিং ব্যবস্থা চালু রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মহাপরিচালক আসাদুল ইসলাম জানান, পর্যায়ক্রমে রাজস্ব অফিসগুলোতে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ের ডাকঘরগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ইতোমধ্যে বেশ কিছু উপজেলা ডাকঘরে এটি চালু হয়েছে। অন্যান্যগুলোতেও ধাপে ধাপে চালু করা হবে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।

গ্রামীণ ডাকঘরগুলোতে একযোগে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি ডাক বিভাগ যে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালু করেছে, তাতেও ই-ফ্রাংকিং সুবিধা রাখা হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ পর্যায়েও এ ব্যবস্থা সম্প্রসারণ করা সম্ভব হবে।

এ বিষয়ে অতিরিক্ত জেনারেল ম্যানেজার শাহ আলম ভূঁইয়া বাসসকে বলেন, প্রথম পর্যায়ে উপজেলা ডাকঘরসহ রাজস্ব অফিসগুলোতে এ ব্যবস্থা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ডাকঘর যুক্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তিনির্ভর ডাকসেবা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাক অধিদপ্তরের ‘মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ’ প্রকল্পের আওতায় ই-ফ্রাংকিং চালু করা হয়েছে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদন পাওয়া ‘ডাকসেবা অধ্যাদেশ, ২০২৬’ এ প্রচলিত ডাকটিকিটের পাশাপাশি ডিজিটাল ডাকটিকিট বা ই-স্ট্যাম্পিং চালুর বিধান রাখা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী, অনলাইনে মাশুল পরিশোধ করে পাওয়া বারকোড বা কিউআর কোড বৈধ ডাকটিকিটের সমান আইনি স্বীকৃতি পাবে।

সব মিলিয়ে, ই-কমার্সের দ্রুত প্রসারে পার্সেল ও লজিস্টিক সেবার চাহিদা যখন দিন দিন বাড়ছে, তখন ই-ফ্রাংকিং ব্যবস্থাকে শুধুমাত্র মাশুল আদায়ের বিকল্প পদ্ধতি হিসেবে নয়, ডাক বিভাগের সামগ্রিক ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিবকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিবকে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব সরকার প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে, যাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ২৩ নভেম্বর এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), উপসচিব কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং উপসচিব মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)।

তারা সকলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে উপসচিব মো. তোফায়েল হোসেনকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।

অন্যদিকে, উপসচিব কাজী আরিফুর রহমান এবং উপসচিব মোছা. ফুয়ারা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা সচিবালয়ে কর্মরত অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

তবে, মোবাইল কোর্ট পরিচালনার পূর্বে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন।

এছাড়া, মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় পুলিশ হত্যায় ৬ গ্রেফতার, গুলিবিদ্ধ ডেভিড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


ফতুল্লায় পুলিশ হত্যায় ৬ গ্রেফতার, গুলিবিদ্ধ ডেভিড

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ হত্যা মামলার তদন্তে রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া এক ব্যক্তির দৌড়ানোর সময় পুলিশের গুলিতে আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সোয়া নয়টায় অভিযানে অংশগ্রহণকারী অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ এবং সহযোগী সামাদসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিড পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়, যা তাঁর পায়ে লাগে।

এছাড়াও, এসআরবির একটি পৃথক দলের সদস্যরা আদর ও আজাদ নামের আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান উল্লেখ করেন।

তিনি আরও জানান, পুলিশ এবং এসআরবির যৌথ অভিযানে মোট ছয়জনকে আটক করা হয়েছে। আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং অন্যান্যদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার পরে সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেবেন বলে জানান।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ হত্যা ছাড়াও মাদক এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২) নিহত হন। আনোয়ার ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওতিনিন মোল্লার ছেলে এবং তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠোর অভিবাসন নীতির জন্য সমালোচিত ডেনমার্কের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


কঠোর অভিবাসন নীতির জন্য সমালোচিত ডেনমার্কের প্রধানমন্ত্রী

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন কঠোর অভিবাসন নীতি এবং জাতীয় পরিচয় ও সংস্কৃতি রক্ষার বিষয়ে তাঁর মন্তব্যের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন। অভিযোগ উঠেছে যে, তাঁর বক্তব্য উগ্র ডানপন্থীদের প্রচারিত ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ (মহা প্রতিস্থাপন) তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে ফ্রেডেরিকসেন এ তত্ত্বের সমর্থক নন বলে দাবি করেছেন এবং তাঁকে উগ্র ডানপন্থীদের সঙ্গে এক কাতারে না ফেলার আহ্বান জানানো হয়েছে।

ফ্রেডেরিকসেন ১৭ নভেম্বর ‘বর্ডারলিগ ট্যাবলয়েড’ নামের একটি পডকাস্টে সাক্ষাৎকারে বলেন, তিনি ‘জনসংখ্যার গ্রেট রিপ্লেসমেন্টের’ সমর্থক নন। তিনি ডেনমার্কের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও সংখ্যাগরিষ্ঠ জনগণের সংস্কৃতি রক্ষা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

‘গ্রেট রিপ্লেসমেন্ট’ একটি ষড়যন্ত্রতত্ত্ব যা উগ্র ডানপন্থীদের দ্বারা প্রচারিত হয়। এই তত্ত্বের দাবি, পশ্চিমা দেশগুলোতে শ্বেতাঙ্গ জনগণকে পরিকল্পিতভাবে অশ্বেতাঙ্গ অভিবাসীদের মাধ্যমে প্রতিস্থাপন করা হচ্ছে। ফ্রেডেরিকসেনের বক্তব্যে এই তত্ত্বের ভাষা ও ধারণার প্রতিফলন রয়েছে বলে সমালোচকেরা অভিযোগ করেছেন।

ডেনমার্কের প্রধানমন্ত্রী পডকাস্টে বলেন, ‘আমরা একটি ডেনিশ সমাজ। আমাদের উৎপত্তি ও বংশপরিচয় জাতিগতভাবে ডেনিশ। এখানে মানুষ আসার ফলে এই বাস্তবতায় পরিবর্তন আসে। তবে ভবিষ্যতেও ডেনমার্কে একটি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতি থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি ডেনিশ এবং ইউরোপীয়। আমি ডেনিশ ও ইউরোপীয় মূল্যবোধে বিশ্বাস করি এবং এগুলোর সঙ্গে কোনো আপস করতে চাই না।’

সমালোচনার জবাবে ফ্রেডেরিকসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে উল্লেখ করেন, নিজের ভালোবাসার দেশকে ধরে রাখতে চাওয়ার মধ্যে কোনো ভুল নেই। তবে তিনি ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসী, উগ্র ডানপন্থী চরমপন্থী কিংবা ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে তাঁকে এক করে দেখার বিরোধিতা করেন।

ডেনমার্কের সরকার সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করে আসছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর মধ্যে ডেনমার্কে আশ্রয় মঞ্জুরের সংখ্যা সবচেয়ে কম পর্যায়ে রয়েছে। এই কারণে দেশটির অভিবাসন নীতি নিয়ে ইউরোপজুড়ে বিতর্ক চলছে।

ফ্রেডেরিকসেনের পডকাস্টে দেওয়া বক্তব্যের এক দিন আগে রুয়ান্ডায় ইউরোপীয় অভিবাসীদের বহিষ্কারের জন্য একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা প্রকাশ করা হয়। জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, ডেনমার্ক ও নেদারল্যান্ডস এ উদ্যোগে সম্মত হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী কয়েক বছর ধরে এ ধরনের পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে কেন্দ্রটি চালু করার লক্ষ্য রয়েছে। এটি হবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর জন্য জোটের বাইরে বহিষ্কার কার্যক্রম পরিচালনার প্রথম কেন্দ্র। এই উদ্যোগকে যুক্তরাজ্যের সাবেক কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা পরিকল্পনার সঙ্গে তুলনা করা হচ্ছে।

মানবাধিকারসংক্রান্ত উদ্বেগের কারণে আদালতের বাধার পর ২০২৪ সালে ক্ষমতায় আসা লেবার সরকার ওই পরিকল্পনা বাতিল করে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের আগের প্রকল্পের আওতায় রুয়ান্ডায় নির্মিত প্রায় অব্যবহৃত স্থাপনাগুলো নতুন উদ্যোগে ব্যবহার করা হতে পারে।

যুক্তরাজ্য রুয়ান্ডাকে প্রায় ২৯ কোটি পাউন্ড অর্থনৈতিক সহায়তা দিয়েছিল। প্রকল্পটিতে ব্রিটিশ করদাতাদের মোট ব্যয় হয়েছিল প্রায় ৭০ কোটি পাউন্ড।

ফ্রেডেরিকসেন ২০১৫ সাল থেকে ডেনমার্কের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব দিচ্ছেন। ২০১৯ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। ২০১৮ সাল থেকেই আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পক্ষে অবস্থান জানিয়ে আসছেন তিনি।

এদিকে ফ্রেডেরিকসেনের অভিবাসন নীতি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা করতে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের সোশ্যালিস্টস অ্যান্ড ডেমোক্র্যাটস গ্রুপ। সোমবারের এক বৈঠকে ডেনমার্কসহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের রাজনীতিকেরা তাঁর অবস্থান নিয়ে উদ্বেগ জানানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেনমার্কের গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দল রেড-গ্রিন অ্যালায়েন্সের মুখপাত্র পেল্লে ড্র্যাগস্টেড বলেন, ইউরোপের উগ্র ডানপন্থী ও তাদের মতাদর্শের ডেনমার্কে কোনো জায়গা নেই। তিনি আশা করেন, দেশটির কোনো প্রধানমন্ত্রীর মুখে ভবিষ্যতে আর এ ধরনের বক্তব্য শুনতে হবে না।

ফ্রেডেরিকসেনের বক্তব্যের সমালোচনা করেছেন নরওয়ের ২০১১ সালের উটোয়া দ্বীপে সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়া তারজেই জেনসেন বিচও। ওই হামলায় এক উগ্র ডানপন্থী বন্দুকধারীর গুলিতে ৭৭ জন নিহত হয়েছিলেন, যাঁদের অধিকাংশই ছিলেন কিশোর-কিশোরী।

ডেনমার্কের সংবাদপত্র পলিটিকেনে লেখা এক নিবন্ধে বিচ বলেন, কোনো ইউরোপীয় নেতার, বিশেষ করে একজন সমাজতান্ত্রিক নেতার মুখে ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ তত্ত্বের ভাষা শুনতে হবে, তা তিনি কখনো ভাবেননি। তাঁর মতে, এ ধরনের বক্তব্যের শিকড় ষড়যন্ত্রতত্ত্বে রয়েছে। ঘৃণা ও চরমপন্থার বিরুদ্ধে প্রতিদিন লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি শব্দ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি।

জার্মানি ও পর্তুগালের রাজনীতিকেরাও ফ্রেডেরিকসেনের বক্তব্যের বিরোধিতা করেছেন। এর আগে স্পেনের সেউটা অঞ্চলে অভিবাসনসংকটের পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে চিঠি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ফ্রেডেরিকসেনসহ কয়েকজন নেতা।

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%