প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং বাংলাদেশের ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি অত্যাধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করার পরিকল্পনা করেছে। এই উদ্যোগের ফলে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সানকো হোল্ডিংয়ের ডেনিম বিভাগ ইসকো-এর মাধ্যমে এই বিনিয়োগটি বাস্তবায়িত হবে। প্রস্তাবিত কারখানায় একটি সমন্বিত সুতা উৎপাদন (ইন্টিগ্রেটেড স্পিনিং) ইউনিটও থাকবে।
আজ বুধবার ইনভেস্ট বাংলাদেশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদল প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লুর নেতৃত্বে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে তারা প্রস্তাবিত ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রস্তাবিত রপ্তানিমুখী কারখানার মাসিক উৎপাদন সক্ষমতা প্রায় এক কোটি মিটার ডেনিম কাপড় হবে। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে এর বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ জানায়, এই বিনিয়োগ দেশের টেক্সটাইল খাতের পশ্চাৎ-সংযোগ (ব্যাকওয়ার্ড লিংকেজ) শিল্পকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, এটি তৈরি পোশাক শিল্পের কাঁচামালের স্থানীয় সরবরাহ সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি আয় বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পগোষ্ঠী। তাদের টেক্সটাইল ব্যবসার ইতিহাস ১৯০৪ সাল থেকে শুরু হয়েছে। বর্তমানে, তারা বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়নসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে।
প্রতিষ্ঠানের ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার এবং ৬০টিরও বেশি দেশে তাদের গ্রাহক রয়েছে। তাছাড়া, ইসকো তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে।
সানকোর প্রতিনিধিদলে আরও ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।
বাংলাদেশের যৌথ উদ্যোগের অংশীদার ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। এছাড়া, ইনভেস্ট বাংলাদেশের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রচি উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং ইনভেস্ট বাংলাদেশের ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনের অন্তর্ভুক্ত। নিয়মিত যোগাযোগ, ফলোআপ এবং বিনিয়োগকারী সহায়তার মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রাথমিক আগ্রহকে বর্তমান বিনিয়োগ প্রতিশ্রুতির পর্যায়ে এগিয়ে নিতে ইনভেস্ট বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন