সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪২ পি.এম
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সোমবার দুপুরে মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। তবে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম রয়েছে। "এটা অস্বীকার করার কিছু নেই। আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে।" এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সয়াবিন তেলের বর্তমান দাম বেশি হলেও পামওয়েল তেল সরকার নির্ধারিত দামের তুলনায় ২৫ টাকা কম দামে বিক্রি হচ্ছে। তিনি উল্লেখ করেন, "আমাদের মোট ভোজ্যতেলের ৬০ শতাংশ পামওয়েল।" বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে ও বেড়েছে। তিনি আশা প্রকাশ করেন যে সয়াবিন তেলের দামও কমে আসবে।
এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে পবিত্র রমজান মাসে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। তিনি বলেন, "আজ চারটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।" এই কার্যক্রম চলমান থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সোমবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার হাজদা লাহবিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সংঘাতে আটকে পড়া মানুষের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা প্রদানের ঘোষণা দেয়।
হাজদা লাহবিব সাক্ষাৎকারে বলেন, "এ অনুদান গত বছরের প্রাথমিক ইইউ অবদানের চেয়ে বেশি হলেও ক্যাম্পের মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি ঠেকানোর জন্য তা যথেষ্ট নয়, কারণ তহবিলের ঘাটতি ক্রমশ বাড়ছে।"
রোহিঙ্গা সংকটের প্রতি তার সরকারের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অধ্যাপক ইউনূস বলেন, "এটি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। বহু বছর ধরে এটা চলমান, কিন্তু এর সমাধানের কোনো তারিখ নেই।"
অধ্যাপক ইউনূস আরও বলেন, "আপনার বাংলাদেশ সফর আমাদের জন্য আনন্দের। জাতিসংঘের মহাসচিবও আসছেন। আমরা রোহিঙ্গা সংকটের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টা করছি।"
ইইউ কমিশনার মন্তব্য করেন, "এ সংকটের একমাত্র সমাধান হলো শান্তি। মানবসৃষ্ট দুর্যোগসহ সব ধরনের দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।" তিনি এ ধরনের দুর্যোগের মধ্যে ভুল তথ্য ছড়ানোর বিষয়টিও উল্লেখ করেন।
ঘণ্টাব্যাপী বৈঠকে তারা নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির সুযোগ, বন্যা ব্যবস্থাপনা, এই অঞ্চলে জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগসহ জ্বালানি সংযোগ নিয়ে আলোচনা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকার পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড’ (এনসিজি) হিসেবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম বোর্ড সভায় সোমবার এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার পর সংবাদ মাধ্যমের সামনে দুই পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্মাণাধীন স্টেডিয়ামের নকশা ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতীক নৌকার আকৃতিতে তৈরি করা হয়েছিল। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, নৌকার আকৃতিতে স্টেডিয়াম নির্মাণ করা হবে না।
মাঠের নকশা সম্পর্কে বিসিবি সভাপতি মন্তব্য করেন, "মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।" স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়ে তিনি আরও বলেন, "এটা ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।"
নতুন নামকরণের পর স্টেডিয়ামের নকশা কেমন হবে তা এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ২০৩১ বিশ্বকাপের আয়োজক। ওই টুর্নামেন্টের জন্য স্টেডিয়ামটির নির্মাণ সম্পন্ন করা প্রয়োজন। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন কাজ শুরু হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জ মহানগরীর ৮ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের শান্তিবাগ এলাকায় একটি টিনশেড বাড়িতে গ্যাসের লাইন লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এই বিস্ফোরণের ফলে পাশের দুটি কক্ষের দুটি পরিবারের নারী ও শিশুসহ মোট ৮ জন দগ্ধ হয়েছেন।
গুরুতর দগ্ধদের মধ্যে রয়েছেন রিকশাচালক মো. হান্নান (৫৫), তার পোশাককর্মী স্ত্রী নুরজাহান আক্তার লাকী (৩২), তাদের ছেলে সাব্বির (১২), মেয়ে সামিয়া (১০) এবং জান্নাত (৩)। অপর পরিবারের সদস্য মোঃ সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম (২২) এবং তাদের একমাত্র মেয়ে সুমাইয়া (১৬ মাস) দগ্ধ হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও বাড়ির লোকজন দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধ নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসা চলছে। তিনি আরও বলেন, "কাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরে জানানো হবে।"
সোমবার সকালে গোদনাইলের শান্তিবাগের মোঃ ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িটিতে ৮টি কক্ষ রয়েছে। বাম দিকে ৫টি এবং ডান দিকে ৩টি কক্ষ অবস্থিত। বিস্ফোরণের ঘটনা ঘটে বাম পাশে দ্বিতীয় ও তৃতীয় কক্ষে। দ্বিতীয় কক্ষটিতে বসবাস করছিলেন মোঃ সোহাগ তার স্ত্রী ও কন্যাসহ, আর তৃতীয় কক্ষে বসবাস করতেন মোঃ হান্নান তার পরিবার নিয়ে।
সোহাগের কক্ষের বিপরীত দিকের কক্ষের ভাড়াটিয়া মোসা সাবিনা ইয়াসমিন জানান, রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত আড়াইটার দিকে দুই কক্ষ থেকে ডাকচিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন, হান্নান ও তার পরিবার শরীরে আগুন নিয়ে চিৎকার করছেন। তখন তিনি দেখেন, তাদের ঘর এবং সোহাগের ঘরে আগুন জ্বলছে। বাড়ির সবাই সোহাগের ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করেন এবং বালতির সাহায্যে আগুন নিভানোর চেষ্টা করেন।
আরেক ভাড়াটিয়া মোঃ আলমগীর হোসেন বলেন, "আমি ঘুমিয়ে ছিলাম, আগুনের ডাক শুনে জেগে উঠি। দেখি হান্নান ও তার পরিবার ঘর থেকে বের হয়ে আসছে। তখন ঘরের মধ্যে আগুন জ্বলছিল।" তিনি জানান, সোহাগের কক্ষেও আগুন ছিল এবং ডাকচিৎকারের শব্দ শুনে তারা সোহাগের ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দা মোঃ বাবুল বলেন, "আমরা ডাকচিৎকার শুনে ওই বাড়িতে গিয়ে দেখি দুটি কক্ষে আগুন জ্বলছে এবং অগ্নিদগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠাই।" অনেক চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হন।
হান্নানের স্ত্রীর বোন আফসানা জানান, "সকলের অবস্থা আশঙ্কাজনক।" সোমবার দুপুরে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মামুনার রশীদ এবং ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মাদ ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তারা ওই বাড়ির গ্যাসের লাইন ডিভাই দিয়ে পরীক্ষা করে সোহাগের ও হান্নানের ঘরের মেঝের নিচে গ্যাসের লিকেজ দেখতে পান। উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মামুনার রশীদ বলেন, "এই বাড়িতে অবৈধ গ্যাসের রাইজার রয়েছে।" তিনি জানান, ফ্লোরের মধ্যে দিয়ে জিআই পাইপের মাধ্যমে গ্যাস লাইনটি টানা হয়েছে এবং সেখানে চেকিং করে গ্যাসের লিকেজ থাকার বিষয়টি নিশ্চিত হন। তিনি বলেন, "গ্যাসের লিকেজ থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার উদ্দেশ্যে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলারের প্রকল্পটি বাংলাদেশের দুই ব্যক্তির মালিকানাধীন সংস্থাকে দেয়ার অভিযোগটি সঠিক নয় বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়নে বাস্তবায়িত ২৯ মিলিয়ন ডলারের প্রকল্পটির নাম 'স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) ইন বাংলাদেশ'। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রকল্প সম্পর্কে কিছু তথ্য প্রদান করেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করেছে।
অনুসন্ধান থেকে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে ইউএসএআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে (ডিআই) এই প্রকল্প বাস্তবায়নের জন্য নির্বাচিত করে। প্রকল্প প্রস্তাবনার আহ্বানে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং ইউএসএআইডি একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। ২০১৭ সালের মার্চে চুক্তি স্বাক্ষরের পর ডিআই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে এবং পরবর্তীতে এর মেয়াদ বৃদ্ধি করা হয়, অর্থও ধাপে ধাপে আসে।
অনুসন্ধানে দেখা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে এসপিএল প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে। তাই বাংলাদেশের দুজন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে এই প্রকল্প প্রদান করার অভিযোগটি সত্য নয়। প্রকৃতপক্ষে, এ ধরনের প্রকল্পগুলো বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা চুক্তির মাধ্যমে বাস্তবায়িত হয়। এই ক্ষেত্রে ব্যক্তি বিশেষের কোনো ক্ষমতা নেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ