প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জ মহানগরীর ৮ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের শান্তিবাগ এলাকায় একটি টিনশেড বাড়িতে গ্যাসের লাইন লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এই বিস্ফোরণের ফলে পাশের দুটি কক্ষের দুটি পরিবারের নারী ও শিশুসহ মোট ৮ জন দগ্ধ হয়েছেন।
গুরুতর দগ্ধদের মধ্যে রয়েছেন রিকশাচালক মো. হান্নান (৫৫), তার পোশাককর্মী স্ত্রী নুরজাহান আক্তার লাকী (৩২), তাদের ছেলে সাব্বির (১২), মেয়ে সামিয়া (১০) এবং জান্নাত (৩)। অপর পরিবারের সদস্য মোঃ সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম (২২) এবং তাদের একমাত্র মেয়ে সুমাইয়া (১৬ মাস) দগ্ধ হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও বাড়ির লোকজন দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধ নারী-শিশুসহ ৮ জনকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক এবং চিকিৎসা চলছে। তিনি আরও বলেন, "কাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা পরে জানানো হবে।"
সোমবার সকালে গোদনাইলের শান্তিবাগের মোঃ ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িটিতে ৮টি কক্ষ রয়েছে। বাম দিকে ৫টি এবং ডান দিকে ৩টি কক্ষ অবস্থিত। বিস্ফোরণের ঘটনা ঘটে বাম পাশে দ্বিতীয় ও তৃতীয় কক্ষে। দ্বিতীয় কক্ষটিতে বসবাস করছিলেন মোঃ সোহাগ তার স্ত্রী ও কন্যাসহ, আর তৃতীয় কক্ষে বসবাস করতেন মোঃ হান্নান তার পরিবার নিয়ে।
সোহাগের কক্ষের বিপরীত দিকের কক্ষের ভাড়াটিয়া মোসা সাবিনা ইয়াসমিন জানান, রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত আড়াইটার দিকে দুই কক্ষ থেকে ডাকচিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন, হান্নান ও তার পরিবার শরীরে আগুন নিয়ে চিৎকার করছেন। তখন তিনি দেখেন, তাদের ঘর এবং সোহাগের ঘরে আগুন জ্বলছে। বাড়ির সবাই সোহাগের ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করেন এবং বালতির সাহায্যে আগুন নিভানোর চেষ্টা করেন।
আরেক ভাড়াটিয়া মোঃ আলমগীর হোসেন বলেন, "আমি ঘুমিয়ে ছিলাম, আগুনের ডাক শুনে জেগে উঠি। দেখি হান্নান ও তার পরিবার ঘর থেকে বের হয়ে আসছে। তখন ঘরের মধ্যে আগুন জ্বলছিল।" তিনি জানান, সোহাগের কক্ষেও আগুন ছিল এবং ডাকচিৎকারের শব্দ শুনে তারা সোহাগের ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দা মোঃ বাবুল বলেন, "আমরা ডাকচিৎকার শুনে ওই বাড়িতে গিয়ে দেখি দুটি কক্ষে আগুন জ্বলছে এবং অগ্নিদগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠাই।" অনেক চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হন।
হান্নানের স্ত্রীর বোন আফসানা জানান, "সকলের অবস্থা আশঙ্কাজনক।" সোমবার দুপুরে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মামুনার রশীদ এবং ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মাদ ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তারা ওই বাড়ির গ্যাসের লাইন ডিভাই দিয়ে পরীক্ষা করে সোহাগের ও হান্নানের ঘরের মেঝের নিচে গ্যাসের লিকেজ দেখতে পান। উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মামুনার রশীদ বলেন, "এই বাড়িতে অবৈধ গ্যাসের রাইজার রয়েছে।" তিনি জানান, ফ্লোরের মধ্যে দিয়ে জিআই পাইপের মাধ্যমে গ্যাস লাইনটি টানা হয়েছে এবং সেখানে চেকিং করে গ্যাসের লিকেজ থাকার বিষয়টি নিশ্চিত হন। তিনি বলেন, "গ্যাসের লিকেজ থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন