প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের হাজী হোসেন পাইকারি মার্কেটের দখল ও সম্পত্তির বিরোধের কারণে ব্যবসায়ীদের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও মানবপাচারের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে। ব্যবসায়ীরা এসব মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে আবুল কালাম আজাদ এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ উল্লেখ করেন, বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের শ্বশুরবাড়ি গাজীপুরের চৌরাস্তায় এবং স্থায়ী বাড়ি সিরাজগঞ্জে অবস্থিত। শ্বশুরবাড়ির সম্পত্তির বিরোধের কারণে তার স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীম হাজী হোসেন মার্কেটের মালিকানা দাবি করছেন। এ প্রেক্ষিতে আরিফুল ইসলাম একাধিকবার মার্কেটটি দখল করার চেষ্টা করেছেন। একইসাথে ব্যবসায়ীদের জামানতের টাকা ফেরত না দিয়ে নতুন ব্যবসায়ীদের দোকানে বসানোর চেষ্টা করা হয়েছে।
আবুল কালাম আজাদ আরও অভিযোগ করেন, মার্কেটের বৈধ মালিক তৌহিদুল ইসলাম মুজিবের ওপর অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করার কারণে আরিফুল ইসলাম তাদের ওপর ক্ষুব্ধ হন। এরপর থেকে দেশের বিভিন্ন জেলায় একের পর এক মামলা করা শুরু হয়।
তিনি জানান, তার বয়স বিবেচনায় না নিয়েই যশোরের কোতোয়ালি থানায় ২০২৬ সালের ৫ জুলাই করা একটি ধর্ষণ মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়েছে। অথচ এর আগের দিন ৪ জুলাই স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমানের উপস্থিতিতে মার্কেটের ভেতরে বিরোধ নিষ্পত্তির জন্য আপস-মীমাংসার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকের সিসিটিভি ফুটেজও রয়েছে বলে তিনি দাবি করেন।
আবুল কালাম আজাদ আরও বলেন, অজ্ঞাতপরিচয় এক তরুণীকে বাদী করে ধর্ষণ মামলাটি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, তিনি বাদীকে খুঁজে পাচ্ছেন না। জমিজমার বিরোধকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে বলেও তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মার্কেটের ব্যবসায়ী ও মালিকের বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় চাঁদাবাজি ও মানবপাচারের মামলা করা হয়েছে। এসব মামলার বেশিরভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে এবং আদালত সেগুলোতে রায় দিয়েছেন বলে আবুল কালাম আজাদ দাবি করেন।
মার্কেট দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, আরিফুল ইসলামের লোকজন মার্কেটে প্রবেশ করে একটি অংশ দখলে নেন। এ সময় বাধা দিতে গেলে ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়। এতে অনেকে আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে তারা আরিফুল ইসলাম ও তার ভাই কনস্টেবল মেহেদীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে বিচারক পরিচয় দেওয়ার পর তারা ছাড়া পেয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, আরিফুল ইসলাম ও তার স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীম একজন নারী ব্যবসায়ীকে জোরপূর্বক মার্কেট থেকে বের করে দিচ্ছেন, এমন একটি ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে। ওই ঘটনায় আরিফুল ইসলাম ‘রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার’ হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, হয়রানিমূলক মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মার্কেটের ব্যবসায়ীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন