ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী


২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অবিস্মরণীয় অধ্যায়।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

আজ দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন, যা আগামীকাল ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে।

আরও পড়ুন: ভূমি সচিবের নির্দেশ, এসিল্যান্ডদের জন্য স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করতে হবে

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটি সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অনন্য, গৌরবময় এবং ঐতিহাসিক ঘটনা।

তারেক রহমান বলেন, ‘২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।’

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ দিন। তাই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। এই দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে গঠিত জাতির এক গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। ‘৭১ এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে।

আরও পড়ুন: তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

তারেক রহমান বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছে। শান্তিরক্ষায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভূমিকাকে শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। আমি আশা করি ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে। দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনীতে পরিণত করেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল। উন্নত বিশ্বের সাথে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে একটি প্রযুক্তি নির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার বিস্তারিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।

তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করতে বিভিন্ন সময়ে অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাফল্য যাত্রা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই নয় ২০২৪ সালে ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ এবং জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের এই স্বীকৃতি জাতির জন্য গৌরবের এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

আরও পড়ুন: কাপাসিয়ায় বিএনপির আওয়ামী লীগের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সবশেষে আমি মুক্তিযুদ্ধে নিজের জীবনদানকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

প্রধানমন্ত্রী বলেন, আমি ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, ১৩ জন অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, ১৩ জন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রে নাইকি ও ক্রোকসের জুতাসহ বিভিন্ন পণ্যের চুরির অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এই চুরির ঘটনায় চুরি হওয়া পণ্যের বাজারমূল্য ২ কোটি ২০ লাখ ডলারের (২২ মিলিয়ন ডলার) বেশি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত একটি ফেডারেল অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, অভিযুক্তরা লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবাহিত ৩৬টির বেশি পণ্যবাহী ট্রেনকে লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচন করেছিল। এসব ট্রেনে জনপ্রিয় জুতা, বিদ্যুৎচালিত সরঞ্জাম এবং অন্যান্য ভোগ্যপণ্য পরিবহন করা হতো।

অভিযোগে বলা হয়েছে, পরিকল্পিতভাবে ট্রেনের ব্রেক নষ্ট করে সেটিকে থামানো হতো। এরপর ট্রেনের বগি থেকে পণ্য নামিয়ে ট্রাকে তোলা হতো। পরবর্তীতে একটি প্রতিষ্ঠানের কাছে এসব চোরাই পণ্য বিক্রি করা হতো, যারা সেগুলো আবার বাজারে বিক্রি করত।

অভিযুক্তরা নিজেদের চুরির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেন। তাঁদের বিরুদ্ধে সংঘবদ্ধ চুরি ও আন্তরাজ্য রেলপথে পরিবহন করা পণ্য চুরির অভিযোগ আনা হয়েছে। যদি দোষী প্রমাণিত হন, তাহলে তাঁদের পাঁচ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সূত্র: এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


যেভাবে এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়ের পর বাংলাদেশ দলের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন অনেকটাই কঠিন হয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে টাইগাররা প্রতিপক্ষকে একটি বড় লক্ষ্য দিতে ব্যর্থ হয়। ফলে সিরিজে পিছিয়ে পড়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও চাপের মুখে পড়েছে বাংলাদেশ।

এই জয়টি দক্ষিণ আফ্রিকার জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করার সুযোগ এনে দিয়েছে। তারা আট ম্যাচে ছয় জয় নিয়ে ৭৫ শতাংশ পয়েন্ট পার্সেন্টেজ (পিসিটি) অর্জন করেছে। এর আগে শীর্ষে থাকা নিউজিল্যান্ড ৭২.২২ শতাংশ পিসিটি নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে।

তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও ভারত। অস্ট্রেলিয়ার পিসিটি ৬৯.২৩ শতাংশ, আর ভারতের পিসিটি ৫১.৫২ শতাংশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর বাংলাদেশের পিসিটি কমে ৪০.৭৪ শতাংশে দাঁড়িয়েছে। যদিও তারা পঞ্চম স্থানে রয়েছে, তবে ৩৮.৫৪ শতাংশ পিসিটি নিয়ে ষষ্ঠ স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান এখন খুব বেশি নয়।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের সিরিজের ফলাফল পয়েন্ট তালিকায় নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে এখন অনেক কঠিন পথ অতিক্রম করতে হবে।

একসময় বাংলাদেশ দলের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার ভালো সম্ভাবনা ছিল। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্টে জয় পাওয়ার পর সেই আশা আরও জোরালো হয়েছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে ড্রয়ের ফলে তারা গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের সামনে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের পর তারা দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে।

ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা ধরে রাখতে হলে বাংলাদেশকে বাকি দুই ম্যাচেই ভালো ফলাফল করতে হবে। সেইসঙ্গে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দলগুলোর ম্যাচের ফলাফলও বাংলাদেশের পক্ষে আসতে হবে। অর্থাৎ নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি টাইগারদের এখন অন্য দলগুলোর দিকেও নজর রাখতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় বোমা হামলা, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় বোমা হামলা, তদন্ত চলছে

রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় লক্ষ্য করে দুর্বৃত্তদের দ্বারা দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পেট্রোল বোমা দুটি ব্যাংকের জানালার ওপর আছড়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। তবে পুলিশ জানায়, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শুক্রবার দিবাগত রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখার দিকে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। ব্যাংকের জানালার ওপর পড়ে বোমা দুটি বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত আনুমানিক ১টার দিকে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি। ব্যাংকটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের উদ্দেশ্য এবং দোষীদের শনাক্ত করা নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা

জেন্ডার বৈষম্য এবং প্রচলিত সামাজিক ধারণা বা স্টেরিওটাইপের বিরুদ্ধে লড়াই করে সমতার বার্তা ছড়িয়ে দেওয়ার স্বীকৃতি হিসেবে ‘জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন পাঁচজন কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সার।

জাগো ফাউন্ডেশন ট্রাস্টের নেতৃত্বে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই পুরস্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার তেজগাঁওয়ের আলোকিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘সমতায় তারুণ্য: ইউথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রকল্পটি ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাধ্যমে।

জাতীয় পর্যায়ের ইনফ্লুয়েন্সার বিভাগে পুরস্কার পেয়েছেন মাইশা মাহজাবীন প্রিয়তী। অনুপ্রেরণামূলক কনটেন্ট নির্মাতা বিভাগে পুরস্কার অর্জন করেছেন মো. মেহেদী হাসান নূর। উদীয়মান কনটেন্ট নির্মাতা বিভাগের পুরুষ ও নারী শাখায় পুরস্কার পেয়েছেন যথাক্রমে হাসিবুল ইসলাম বাপ্পী ও আপুসি চৌধুরী। এছাড়া বিচারকমণ্ডলীর বিশেষ স্বীকৃতি লাভ করেছেন তারগিভ সানান রোহাম।

আয়োজকেরা জানিয়েছেন, বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র অনুসারীর সংখ্যা বিবেচনা করা হয়নি। কনটেন্টের মান এবং জেন্ডার সমতার সঙ্গে এর প্রাসঙ্গিকতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকল্পের বাইরের বিচারকদের নিয়ে গঠিত জুরি বোর্ড কনটেন্টের গল্প বলার ধরন, নৈতিক যোগাযোগ ও অন্তর্ভুক্তির বিষয়গুলোকে মূল্যায়ন করেছে। পাশাপাশি ক্ষতিকর সামাজিক রীতিনীতিকে কনটেন্টের মাধ্যমে কতটা প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে।

উদীয়মান কনটেন্ট নির্মাতা বিভাগে শুধুমাত্র প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পাওয়া নির্মাতারাই অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রকল্পের আওতায় দেশের আট বিভাগের ২৪৬ জন তরুণ কনটেন্ট নির্মাতাকে জেন্ডার সমতা, নৈতিক গল্প বলা ও দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল।

প্রধান অতিথির বক্তব্যে রওনক জাহান বলেন, ‘ডিজিটাল জগৎ এখন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে। কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা প্রায়ই দেখতে পাই জেন্ডার স্টেরিওটাইপ, আক্রমণাত্মক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য, যা নারীর অগ্রযাত্রার পথকে রুদ্ধ করে এবং গোটা সমাজকেই পিছিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘এই আয়োজন কেবল একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়; এটি একটি আন্দোলনের সূচনা: বৈষম্যহীন, সমতামূলক এবং জেন্ডার সংবেদনশীল সমাজ গড়ার আন্দোলন।’ সমতাভিত্তিক সমাজ গঠনে নিমকো জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল বলেন, ‘জেন্ডার সংবেদনশীল কনটেন্ট তৈরি মানে শুধু ক্ষতি এড়ানো নয়। এর মানে প্রশ্ন করা, এই আলোচনায় কাদের কণ্ঠ অনুপস্থিত।’

তিনি আরও বলেন, ‘সত্যিকারের পরিবর্তন আনতে সবচেয়ে বড় প্ল্যাটফর্মের দরকার নেই। দরকার একটি সৎ গল্প, দায়িত্ববোধ এবং নিজের কণ্ঠকে ভালো কাজে ব্যবহারের ইচ্ছা।’

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন জাগো ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাকসান্দ। তিনি জানান, গত তিন বছরে প্রকল্পটি দেশের আট বিভাগের ৬৪ জেলায় তরুণ, যুব নেতৃত্বাধীন সংগঠন ও সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়েছে।

করভি রাকসান্দ বলেন, ‘বাংলাদেশে জেন্ডার সমতা নিয়ে কথা বলা কঠিন, কিন্তু তরুণেরা আমাদের সঙ্গে ছিলেন। হয়তো এই প্রকল্প শেষ হবে, কিন্তু যারা প্রশিক্ষণ পেয়েছেন, যারা ভিন্নভাবে কথা বলতে শিখেছেন, তারা থেকে যাবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%