মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৫ এম
আইএলটি২০-তে অভিষেক ম্যাচে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। তার ৫১ বলে ৮৬ রানের চমৎকার ইনিংসের সাহায্যে সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ডেজার্ট ভাইপার্স শারজাহ ওয়ারিয়র্সকে ছয় উইকেটে পরাজিত করেছে।
মৌসুমের পঞ্চম আসরের নিলামে বাবরকে ৮০ হাজার মার্কিন ডলারে দলে অন্তর্ভুক্ত করা হয় এবং তিনি ম্যাচসেরা নির্বাচিত হন। তার ইনিংসে ছিল ১৩টি চার এবং দুটি ছক্কা।
আইএলটি২০ ইতিহাসে এক ইনিংসে ১৩টি চার মারার নতুন রেকর্ড গড়েছেন বাবর। বিষয়টি লিগ কর্তৃপক্ষও নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাবর তার প্রথম ম্যাচেই এই রেকর্ডটি স্থাপন করেন।
এর আগে, শারজাহর ওপেনার পল ওয়াল্টার ১১টি চার মেরে ২০২৪ সালে আলিশান শারাফুর গড়া রেকর্ড স্পর্শ করেছিলেন। তবে কয়েক ঘণ্টার মধ্যে বাবর সেই রেকর্ড ভেঙে দেন।
শারজাহ ওয়ারিয়র্সের হোম ভেন্যুতেও বাবরের জনপ্রিয়তা স্পষ্ট ছিল। দর্শকদের মধ্যে দুই ইনিংসেই তার নামের স্লোগান শোনা গেছে।
বাবরের দুটি ছক্কাও বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। ১২ ম্যাচ পর এবারই প্রথম তিনি ছক্কা হাঁকালেন। এর আগে, ইংল্যান্ড সফরে পাকিস্তানের তৃতীয় টেস্টে তার সর্বশেষ ছক্কাটি এসেছিল, যা ৯ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। এরপর পাকিস্তান এবং তার ঘরোয়া দল অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের হয়ে ৩৩৮ রান করলেও তিনি একটি ছক্কাও মারতে পারেননি।
অভিষেক ম্যাচে বাবর শতকের খুব কাছে পৌঁছেছিলেন। তবে ৮৬ রানে অ্যাডাম মিলনের বলে টাইমিংয়ে ভুল করে ক্যাচ দেন, যা তালুবন্দি করেন পল ওয়াল্টার।
শারজাহ ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৬ রানে অলআউট হয়। একসময় তারা বড় সংগ্রহের পথে থাকলেও ভাইপার্সের বোলাররা শেষদিকে দারুণভাবে ম্যাচে ফিরে আসে।
বাবর মাত্র ৩১ বলে ফিফটি পূর্ণ করেন। এরপর ক্লার্কের সঙ্গে তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৪ উইকেটে ১৬৭ রান তুলে ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ডেজার্ট ভাইপার্স।
এই জয়ের মাধ্যমে শিরোপাধারী ভাইপার্স চলতি আসরে প্রথম জয় পায়। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এমআই এমিরেটসের কাছে পরাজিত হয়েছিল তারা।
ভাইপার্স তাদের পরবর্তী ম্যাচে ২৫ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে।
সূত্র: গালফ নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আগামী ডিসেম্বর মাসে ভারত থেকে সীমান্ত পথে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাংলাদেশে প্রবেশের গুঞ্জন ও তৎপরতা ঘিরে সারা দেশের সীমান্ত এলাকায় নজিরবিহীন কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই প্রেক্ষিতে কুমিল্লা সদর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট বিবির বাজার স্থলবন্দরসহ ১০৬ কিলোমিটার সীমান্ত পথের অন্যান্য পয়েন্টে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে এসব সীমান্ত পথ ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যাতে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পাহারার মতোই সতর্ক অবস্থানে রয়েছেন।
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্তের সঙ্গে সংযুক্ত কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরটি ভৌগোলিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। সম্প্রতি ত্রিপুরার আগরতলা ও পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় পলাতক আওয়ামী লীগ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক ও সীমান্ত পর্যবেক্ষণের খবর প্রকাশ্যে আসার পর থেকে কুমিল্লা সেক্টরের অধীনস্থ এই স্থলবন্দরে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
কুমিল্লা জেলার সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রায় ১০৩ থেকে ১০৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা জেলার পাঁচটি উপজেলা- আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম জুড়ে বিস্তৃত। তবে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজারে আন্তর্জাতিক ইমিগ্রেশন ও বাণিজ্যিক স্থলবন্দর রয়েছে। এর পাশাপাশি স্থানীয় ও ঐতিহাসিকভাবে পরিচিত আরও পাঁচটি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট রয়েছে, যেগুলো মূলত বিজিবি বিওপি, স্থানীয় যাতায়াত বা সীমান্ত বাণিজ্য ও নজরদারির পয়েন্ট হিসেবে পরিচিত।
কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরের বিপরীত প্রান্তে রয়েছে ভারতের ত্রিপুরার সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর ও সোনামুড়া। বিবির বাজার স্থলবন্দরের খুব কাছেই অবস্থিত আদর্শ সদর উপজেলার কটকবাজার–গোলাবাড়ি সীমান্ত পথ। এটির বিপরীত প্রান্তে রয়েছে ভারতের বক্সনগর ও সোনামুড়া সংলগ্ন এলাকা। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত পথের বিপরীত প্রান্তে ভারতের ত্রিপুরার সিপাহীজলা জেলার সীমান্তবর্তী গ্রামসমূহ। বুড়িচং উপজেলার খারেরা–বাকশীমূল সীমান্ত পথের বিপরীত প্রান্তে রয়েছে ত্রিপুরার সিপাহীজলা অঞ্চলের সীমান্ত গ্রাম। চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি সীমান্ত পথটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্ট এবং কৌশলগতভাবে এলাকাটি অত্যন্ত সংবেদনশীল। চৌদ্দগ্রামের এ সীমান্তের বিপরীত প্রান্তে রয়েছে দক্ষিণ ত্রিপুরা ও সিপাহীজলা সংলগ্ন সীমান্ত এলাকা। চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় আরেকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা রয়েছে। এ সীমান্ত পথটি ফেনী সীমান্তের কাছাকাছি। এটি হচ্ছে আলকরা–বাগমারা সীমান্ত পথ। এ সীমান্ত পথের বিপরীত প্রান্তে রয়েছে ত্রিপুরার বিলোনিয়া ও রাজনগর সংলগ্ন এলাকা।
এদিকে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদর দপ্তর ও মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। রোববার (২২ নভেম্বর) কুমিল্লা সেক্টর সদর দপ্তর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। অবৈধ পথে কোনো ব্যক্তি যেন যাতায়াত না করতে পারেন, এদিক থেকে ওই দিকে যেতে না পারেন, ওই দিক থেকে এদিকে আসতে না পারেন-সব মিলিয়ে এটা নিশ্চিত করার দায়িত্ব বিজিবির। ডিসেম্বরকে ঘিরে সরকারের যে নির্দেশনা, সেটা পালন করতে এবং সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ সময় স্থানীয়দের সহযোগিতা চেয়ে বিজিবি মহাপরিচালক আরও বলেন, আপনারা স্থানীয় যাঁরা আছেন, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও আসার বা যাওয়ার, সেটা আমাদের জানাবেন। বিজিবিকে জানালে আমরা সেভাবে ব্যবস্থা নিয়ে অনুপ্রবেশ বন্ধ করা নিশ্চিত করতে পারব।
বিজিবি মহাপরিচালকের সফরের সময় কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান ও সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সীমান্ত সুরক্ষায় বিশেষ নির্দেশনা দেন। বর্তমানে বিবির বাজার ইমিগ্রেশন চেকপোস্ট এবং আশপাশের অরক্ষিত সীমান্ত এলাকাগুলোতে বিজিবি সদস্যদের ২৪ ঘণ্টার টহল ও তল্লাশি কার্যক্রম চোখে পড়ার মতো বাড়ানো হয়েছে।
অপরদিকে বিবির বাজার স্থলবন্দরটি কুমিল্লা সদর উপজেলায় অবস্থিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের কড়া নজরদারির পাশাপাশি কুমিল্লা সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সীমান্তবর্তী এলাকাগুলোতে খোঁজখবর রাখছেন।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল কাইয়ুম জানান, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমান্তের ওপার থেকে পলাতক আওয়ামী লীগ নেতারা অনুপ্রবেশের চেষ্টা করতে পারেন। তাই বিজিবির পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে দলের কর্মীরা ও সীমান্ত এলাকায় বসবাসকারী বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদেরও সীমান্তের খোঁজখবর রাখার এবং এ ব্যাপারে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য বলা হয়েছে।
বিবির বাজার সীমান্ত এলাকার বিএনপি নেতারা জানান, কুমিল্লার এই সীমান্ত পথ দিয়ে আওয়ামী লীগের যে বা যাঁরাই অবৈধভাবে প্রবেশের চেষ্টা করবেন, তাঁদের তাৎক্ষণিকভাবে প্রতিহত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
সীমান্ত এলাকায় বিজিবির কড়া নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রাজনৈতিক নেতা-কর্মীদের সরব উপস্থিতির কারণে বিবির বাজার ও আশপাশের গ্রামগুলোতে এক ধরনের থমথমে ও সতর্ক পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ও বিশৃঙ্খলা ঠেকাতে বিজিবি কর্মকর্তাদের এই কঠোর অবস্থানকে তাঁরা ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে সীমান্ত এলাকার স্বাভাবিক বাণিজ্য ও বৈধ পাসপোর্টধারী সাধারণ যাত্রীদের যাতায়াত যেন নির্বিঘ্ন থাকে, সেদিকেও নজর রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বন্দর নগরী চট্টগ্রামের অক্সিজেন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করেছে এসআরবি-৭।
সোমবার (২৩ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৭-র একটি আভিযানিক দল শেখ মোহাম্মদ আতাউর রহমানের বাসভবনে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে নিশ্চিত করেছেন এসআরবি-৭-র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।
তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে চট্টগ্রামের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশে জমি নিয়ে বিরোধ, জাল দলিল তৈরি, ভুয়া খতিয়ান এবং প্রতারণার মাধ্যমে সম্পত্তি দখলের ঘটনা প্রায়ই ঘটছে। অনেক ক্ষেত্রে প্রকৃত মালিকানা থাকা সত্ত্বেও অনেককে দীর্ঘ আইনি লড়াইয়ের সম্মুখীন হতে হয় জমি ফিরে পাওয়ার জন্য। তবে জমি জালিয়াতি ও অবৈধ দখলের বিরুদ্ধে আইনি প্রতিকারের সুযোগ রয়েছে। এই প্রেক্ষিতে দেওয়ানি এবং ফৌজদারি— দুই ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর মাধ্যমে জমিসংক্রান্ত অপরাধ প্রতিরোধের জন্য একটি আইনি কাঠামো গঠন করা হয়েছে এবং ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর আওতায়ও সংশ্লিষ্ট অপরাধ ও বিরোধের প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।
জমি দখলের জন্য একটি চক্র কখনো জাল দলিল তৈরি করে, আবার কখনো ভুয়া খতিয়ান বা প্রতারণার মাধ্যমে নামজারি করিয়ে নেয়। যদি এসব কাগজের ভিত্তিতে সম্পত্তির মালিকানা দাবি করা হয়, তবে প্রকৃত মালিক আইনের আশ্রয় নিতে পারেন।
এ ক্ষেত্রে দেওয়ানি আদালতে মামলা করে জাল দলিল বা অবৈধ হস্তান্তর বাতিলের আবেদন করা যেতে পারে। একই সঙ্গে ভুয়া নামজারি ও রেকর্ডের বৈধতা চ্যালেঞ্জ করে প্রকৃত মালিকানার স্বপক্ষে প্রয়োজনীয় প্রতিকার চাওয়া সম্ভব।
অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধারের সুযোগ
যদি জোরপূর্বক কিংবা প্রতারণার মাধ্যমে কারও জমি দখল করা হয়, তবে ভুক্তভোগী আইনি ব্যবস্থা নিতে পারেন। পরিস্থিতি অনুযায়ী জমির দখল ফিরে পেতে দেওয়ানি মামলা এবং অপরাধের ধরন অনুসারে ফৌজদারি অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় ভূমিসংক্রান্ত নির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে কোন ধরনের মামলা করতে হবে, তা জমির মালিকানা, দখলের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অপরাধের প্রমাণের ওপর নির্ভর করবে।
প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা জরুরি, যাতে জমি জালিয়াতি বা বেদখলের ঘটনা জানার পর দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া যায়। কারণ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দখলদার ভুয়া কাগজপত্র তৈরি করতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে জমির মূল দলিল, খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদসহ মালিকানাসংক্রান্ত সব নথি নিরাপদে রাখতে হবে। পাশাপাশি জাল দলিল বা ভুয়া রেকর্ডের কপি সংগ্রহ করা গেলে তা সংরক্ষণ করা উচিত।
জমির প্রকৃত দখল কার কাছে ছিল এবং কীভাবে বেদখল করা হয়েছে, তার প্রমাণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মালিকের অজান্তে কোনো নামজারি বা জমি হস্তান্তরের ঘটনা ঘটে, তবে সংশ্লিষ্ট নথি সংগ্রহ করে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মামলা করতে যেসব নথি প্রয়োজন হতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে— জমির মূল মালিকানা দলিল ও সংশ্লিষ্ট রেকর্ড;
জাল দলিল বা ভুয়া খতিয়ানের অনুলিপি;
জমির দখল ও বেদখল হওয়ার প্রমাণ;
নামজারি ও ভূমি হস্তান্তরসংক্রান্ত নথি; জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের পক্ষে অন্যান্য প্রমাণ।
জমির মালিকানা, জাল দলিল এবং অবৈধ দখলসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। মামলার ধরন, প্রমাণের পরিমাণ, আদালতের কার্যক্রম এবং বিরোধের জটিলতার ওপর সময় নির্ভর করে।
এ ধরনের মামলায় জমির বর্তমান অবস্থা পরিবর্তন ঠেকাতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। প্রয়োজন অনুযায়ী আদালতের কাছে জমির ওপর অবৈধ হস্তান্তর বা দখল পরিবর্তন বন্ধ রাখার আবেদন করা যেতে পারে।
আইনজীবীদের মতে, জমি জালিয়াতি বা বেদখলের ঘটনা ঘটলে দেরি না করে প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এতে প্রকৃত মালিকানার দাবি প্রতিষ্ঠা এবং সম্পত্তি উদ্ধারের আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া সহজ হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, রাশিয়ার একাধিক সামরিক বিমান দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে।
এর আগে জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল, উত্তর কোরিয়ার একটি বিমান ওই অঞ্চলে প্রবেশ করেছে। পরে সংশোধিত তথ্য অনুযায়ী, বিমানগুলো আসলে রাশিয়ার ছিল।
এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
উত্তর কোরিয়ার কোনো সামরিক বিমান যদি দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করত, তাহলে তা দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধি করতে পারত। উল্লেখ্য, দুই দেশ এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা শেষ করেনি।
সাম্প্রতিক সময়ে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে, দুই দেশের মধ্যবর্তী ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) একটি স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন।
এই ঘটনার পর মঙ্গলবার সকাল ৮টায় উত্তর গিয়ংসাং প্রদেশের উলেউংদো দ্বীপে জরুরি সতর্কবার্তা জারি করা হয়। সতর্কবার্তায় বলা হয়, ‘উত্তর কোরিয়ার সন্দেহভাজন একটি বিমান বিপৎসীমা অতিক্রম করে চলে গেছে।’
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ‘উলেউং কাউন্টির বিমান হামলার সতর্কতা সকাল ৭টা ৫৮ মিনিটে প্রত্যাহার করা হয়েছে। সবাইকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।’
প্রায় ৪০ মিনিট পর প্রাদেশিক কর্তৃপক্ষ পূর্বের তথ্য সংশোধন করে জানায়, ‘ওগুলো উত্তর কোরিয়ার নয়, রাশিয়ার বিমান ছিল। আমরা নিশ্চিত করছি, বিমানগুলো রাশিয়ার।’
তবে প্রথমে ভুল তথ্যের ভিত্তিতে সতর্কবার্তা জারির কারণ সম্পর্কে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা প্রদান করেনি।
দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি প্রধান সংবাদমাধ্যমও প্রাথমিক সতর্কবার্তার ভিত্তিতে ব্রেকিং নিউজ প্রকাশ করে, পরে তারা সংবাদ সংশোধন করে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পরে জানায়, রাশিয়ার বিমান দেশটির সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি। এ ঘটনায় উত্তর কোরিয়ার কোনো বিমান জড়িত ছিল না।
সামরিক বাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ‘উত্তর কোরিয়ার সন্দেহভাজন কোনো উড়োজাহাজ দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে—গণমাধ্যমের এমন কিছু প্রতিবেদন সঠিক নয়।’
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বিমানগুলো পূর্ব সাগরের ওপর দিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছিল। এই সাগর জাপান সাগর নামেও পরিচিত।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী যুদ্ধবিমান মোতায়েনসহ প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ গ্রহণের সময় রুশ বিমানগুলো ওই এলাকা ছেড়ে চলে যায়।
পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার সামরিক বিমানগুলো দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমার একেবারে কাছাকাছি চলে এসেছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জরুরি বার্তা জারি করা হয়েছিল।
ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকেলে রাশিয়ার প্রতিরক্ষা অ্যাটাশেকে তলব করার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র চুং বিনা সাংবাদিকদের বলেন, রাশিয়ার কাছে এ ঘটনার বিষয়ে ‘কড়া প্রতিবাদ’ জানানো হবে।
আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল কোনো দেশের সার্বভৌম আকাশসীমার অংশ নয়। এটি একটি নির্দিষ্ট আকাশসীমা, যেখানে নিরাপত্তার স্বার্থে কোনো দেশের দিকে এগিয়ে আসা উড়োজাহাজের পরিচয় শনাক্ত ও গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।
সাধারণত, কোনো দেশের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের আগে সামরিক বিমানগুলোকে সংশ্লিষ্ট দেশকে জানানোর প্রত্যাশা করা হয়। তবে আন্তর্জাতিক আইনে এ ধরনের আগাম জানানোর বাধ্যবাধকতা নেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ