প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশে জমি নিয়ে বিরোধ, জাল দলিল তৈরি, ভুয়া খতিয়ান এবং প্রতারণার মাধ্যমে সম্পত্তি দখলের ঘটনা প্রায়ই ঘটছে। অনেক ক্ষেত্রে প্রকৃত মালিকানা থাকা সত্ত্বেও অনেককে দীর্ঘ আইনি লড়াইয়ের সম্মুখীন হতে হয় জমি ফিরে পাওয়ার জন্য। তবে জমি জালিয়াতি ও অবৈধ দখলের বিরুদ্ধে আইনি প্রতিকারের সুযোগ রয়েছে। এই প্রেক্ষিতে দেওয়ানি এবং ফৌজদারি— দুই ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর মাধ্যমে জমিসংক্রান্ত অপরাধ প্রতিরোধের জন্য একটি আইনি কাঠামো গঠন করা হয়েছে এবং ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর আওতায়ও সংশ্লিষ্ট অপরাধ ও বিরোধের প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।
জমি দখলের জন্য একটি চক্র কখনো জাল দলিল তৈরি করে, আবার কখনো ভুয়া খতিয়ান বা প্রতারণার মাধ্যমে নামজারি করিয়ে নেয়। যদি এসব কাগজের ভিত্তিতে সম্পত্তির মালিকানা দাবি করা হয়, তবে প্রকৃত মালিক আইনের আশ্রয় নিতে পারেন।
এ ক্ষেত্রে দেওয়ানি আদালতে মামলা করে জাল দলিল বা অবৈধ হস্তান্তর বাতিলের আবেদন করা যেতে পারে। একই সঙ্গে ভুয়া নামজারি ও রেকর্ডের বৈধতা চ্যালেঞ্জ করে প্রকৃত মালিকানার স্বপক্ষে প্রয়োজনীয় প্রতিকার চাওয়া সম্ভব।
অবৈধভাবে দখল হওয়া জমি উদ্ধারের সুযোগ
যদি জোরপূর্বক কিংবা প্রতারণার মাধ্যমে কারও জমি দখল করা হয়, তবে ভুক্তভোগী আইনি ব্যবস্থা নিতে পারেন। পরিস্থিতি অনুযায়ী জমির দখল ফিরে পেতে দেওয়ানি মামলা এবং অপরাধের ধরন অনুসারে ফৌজদারি অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় ভূমিসংক্রান্ত নির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে কোন ধরনের মামলা করতে হবে, তা জমির মালিকানা, দখলের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অপরাধের প্রমাণের ওপর নির্ভর করবে।
প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ করা জরুরি, যাতে জমি জালিয়াতি বা বেদখলের ঘটনা জানার পর দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া যায়। কারণ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দখলদার ভুয়া কাগজপত্র তৈরি করতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে জমির মূল দলিল, খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদসহ মালিকানাসংক্রান্ত সব নথি নিরাপদে রাখতে হবে। পাশাপাশি জাল দলিল বা ভুয়া রেকর্ডের কপি সংগ্রহ করা গেলে তা সংরক্ষণ করা উচিত।
জমির প্রকৃত দখল কার কাছে ছিল এবং কীভাবে বেদখল করা হয়েছে, তার প্রমাণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মালিকের অজান্তে কোনো নামজারি বা জমি হস্তান্তরের ঘটনা ঘটে, তবে সংশ্লিষ্ট নথি সংগ্রহ করে আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মামলা করতে যেসব নথি প্রয়োজন হতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে— জমির মূল মালিকানা দলিল ও সংশ্লিষ্ট রেকর্ড;
জাল দলিল বা ভুয়া খতিয়ানের অনুলিপি;
জমির দখল ও বেদখল হওয়ার প্রমাণ;
নামজারি ও ভূমি হস্তান্তরসংক্রান্ত নথি; জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের পক্ষে অন্যান্য প্রমাণ।
জমির মালিকানা, জাল দলিল এবং অবৈধ দখলসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। মামলার ধরন, প্রমাণের পরিমাণ, আদালতের কার্যক্রম এবং বিরোধের জটিলতার ওপর সময় নির্ভর করে।
এ ধরনের মামলায় জমির বর্তমান অবস্থা পরিবর্তন ঠেকাতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। প্রয়োজন অনুযায়ী আদালতের কাছে জমির ওপর অবৈধ হস্তান্তর বা দখল পরিবর্তন বন্ধ রাখার আবেদন করা যেতে পারে।
আইনজীবীদের মতে, জমি জালিয়াতি বা বেদখলের ঘটনা ঘটলে দেরি না করে প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এতে প্রকৃত মালিকানার দাবি প্রতিষ্ঠা এবং সম্পত্তি উদ্ধারের আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া সহজ হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন